Friday, September 4, 2020

ছেলের কান্না, বার্সার টানে বিতর্কের ইতি টানলেন মেসি স্বয়ং!
















দীপঙ্কর গুহঃ


মেসি আর বার্সেলোনা পর্ব এক লহমায় আমাদের অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখালো।  কিছু সিদ্ধান্ত প্রমাণ করলো-মন যা চায়, সবসময় তাই করা যায় না। বুঝিয়ে দিল মেসি স্বার্থপর নন। মেসি পরিবারকে বেশি ভালোবাসেন। নিজের মান-অপমানকে সরিয়ে শান্তি চান। ব‍্যাক্তির চেয়ে সংস্থা বা প্রতিষ্ঠান বড়- মেসি আরও একবার বুঝিয়ে দিলেন তা। আমরা দেখলাম 'মহান মেসি'র এক চমৎকার মনকে। 

বার্সেলোনা ছাড়ছেন না মেসি। এবছরও থাকছেন। কিন্তু কি কি সমঝোতায় গেলেন তিনি?
এক. ২০ বছরের সম্পর্ক ছাড়তে চেয়েছিলেন ক্লাব অফিশিয়াল আর ক্রমাগত দলের ব‍্যর্থতায়। তা আপাতত মেনে নিলেন।
দুই, এই কোভিড মহামারিতে সবচেয়ে বেশি ব‍্যক্তিগত সাহায্য তিনি করেছেন বার্সেলোনা শহরে। তাঁর প্রিয় শহর যে এটি। তাও কতো যন্ত্রনা নিয়ে তা ছাড়ার কথা ভেবেছেন।  
তিন, সারা মরশুম একটাও ট্রফি নেই বার্সায়। তার দায় শুধু মেসির! সারা বছর মেসিই শুধু দলকে টানবেন? দলনেতা তিনি। কিন্তু  তাঁর কথার কোনও গুরুত্ব থাকবে না! মেসির মনে রোজ যন্ত্রনার একটি -একটি পিন তাঁর হৃদয় রক্তাক্ত করেছে। সেসবও মেনে নিলেন মেসি। 
চার, ম‍্যান সিটি'র প্রস্তাব এমনই ছিল যা গ্রহন করলে ক্রীড়া বিশ্বে তিনিই হতেন সেই ফুটবলার যিনি দিনের হিসাবে পেতে পারতেন তাক লাগানো অর্থ। সেটা যে মেসির লক্ষ‍্য নয়- প্রমাণ হল। 

শত কষ্টেও মেসি চাননি তাঁর প্রিয় ক্লাবের সঙ্গে তাঁর লড়াইটা আদালতে যাক। যে প্রতিষ্ঠান তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে সেই বার্সাকে কোর্ট রুমে টেনে নিয়ে এমন লড়াইটাই চাইলেন না। জেতার ভাবনা তো দূরের কথা। 

আরও একবছর চুক্তি অনুযায়ী তিনি বার্সাতেই রইলেন। তাঁর মনের অতলে এখনকার ক্লাব-ক্লাবকর্তাদের নিয়ে অভিমান কি উবে যাবে? মেসিও মানুষ। যাবে না তা। 

তবু খেলার বাইরে তাঁর বাকি সময় পরিবার খুশিতে থাকবে এই স্পেনের শহরে- এটাই তাঁর কাছে প্রাধান্য পেল। মেসিও এক মহান মানুষ। মহান বাবা। মহান স্বামী। 

ভারতীয় সময় শুক্রবার রাতে মেসি প্রচারমাধ‍্যমের কাছে এই পর্বে প্রথমবার মুখ খুললেন। এক মুহূর্তে যাবতীয় বিতর্কের ইতি টানলেন। 

কি কি বললেন? 


তাঁর প্রিয় ক্লাবের সঙ্গে আইনি লড়ায়ে জড়াতে চাননি। তাই আরও এক মরশুম শৈশবের ক্লাবেই রয়ে যাচ্ছেন। তবে ক্লাব ছাড়া ইচ্ছেটা মোটেই মিথ‍্যে রটনা ছিল না। 
তিনি বার্সেলোনা ছাড়তে চান- খবরটি সহজে নিতে পারেনি মেসির পরিবার। তাঁর এমন সিদ্ধান্তে ভেঙে পড়েছিল পরিবারের সকলে। কান্নায় ভেঙে পড়েছিল বড় ছেলে থিয়াগো মেসি।

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন পুত্র- থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে বার্সেলোনাতে সুখের সংসার মেসির। তিন পুত্র বড় হচ্ছে স্পেনের বার্সেলোনা শহরে। জন্মের পর থেকে এখানকার আলোছায়াতেই বড় হয়েছে তারা । তবু পরিবার নিয়ে ভিন্ন শহরে পাড়ি জমানোর কঠিন সিদ্ধান্তটাই সব জেনে বুঝেও নিতে চেয়েছিলেন মেসি। কতো মানসিক যন্ত্রনা এই শিল্পী ফুটবলারটি বুকে বয়ে চলেছেন! 

মেসির পরিবার আবার অন‍্য কোথাও যাওয়াটা এত সহজে মেনে নিতে পারেনি। মেসির বড় ছেলে থিয়াগো টিভি দেখে বুঝতে পারছিল " তারকা বাবা"র ক্লাব ছাড়ার কথা। বাবার ক্লাব ছাড়া মানেই তো - থিয়াগোর নতুন করে স্কুলে ভর্তি হওয়া, নতুন বন্ধু তৈরি করা। প্রিয় শহর বার্সেলোনা যেমন মেসির সব, মেসির পরিবারের জন্য ঠিক তাই। এসব কথা বলে ফেললেন মেসি গোল ডট কমের সাক্ষাৎকারে। তিনি বলেছেন, ‘আমার বার্সেলোনা ছাড়ার ইচ্ছের কথাটি স্ত্রী ও বাচ্চাদের সামনে জানানোর ঘটনাটি ছিল ভয়ংকর এক নাটকের মতো। পুরো পরিবার কান্না শুরু করে। আমার বাচ্চারা বার্সেলোনা ছাড়তে চাইছিল না। ওরা স্কুলও বদলাতে চাইছিল না।’
বড় দুই ছেলের কথা বলতে গিয়ে সে সময়ের অসহায়ত্বের কথা জানিয়েছেন মেসি।  ‘মাতেও এখনো ছোট এবং সে বোঝে না অন্য কোথাও গিয়ে জীবন শুরু করার মানে কী। থিয়াগো তো বড়। সে টিভি থেকে শুনেছে, বুঝেছে এবং এরপর আমাকে জিজ্ঞেস করেছে এ ব্যাপারে। আমি চাইনি সে জানুক নতুন স্কুলে যেতে বা নতুন করে বন্ধুত্ব করতে তাদের যেতে বাধ্য করা হচ্ছে। সে কেঁদেছে, আমাকে সে বলছিল, “আমরা না গেলে হয় না।” সে বারবার একই কথা বলছিল।’
তবে মেসির জীবনের এই নিদারুণ কঠিন  সময়ে পাশে ছিলেন তাঁর স্ত্রী রোকুজ্জো। মেসি বলছিলেন, ‘এমন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল, খুবই কঠিন। আমি বুঝতে পারছিলাম। আমার সঙ্গেও তাই হচ্ছিল। আমার জন্য সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। আমার স্ত্রী, তাঁর মনে অনেক কষ্ট নিয়েও সে আমাকে সমর্থন দিয়েছিল।' 

মেসির এই বার্সা উপখ‍্যানে আমাদের শিক্ষনীয় অনেক কিছু। 
অতীতকে অস্বীকার না করা। 'ব‍্যাক্তি' মেসি বোঝালেন সব স্বার্থকে সরিয়ে ' প্রতিষ্ঠান' বার্সেলোনাকে বড় আসনে বসিয়ে সম্মান জানানো জরুরী। ব‍্যাক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। 
তাই লা লিগার মাঝপর্বে ১০ জুনের মধ‍্যে মেসি ক্লাব ছাড়ার আবেদনটা জানাতে চাননি। পাছে, দলের খেলায় তার বিরূপ প্রতিক্রিয়া হয়। এখানেও অনেক যন্ত্রনা বুকে চেপে রেখে প্রতি ম‍্যাচে মাঠে নেমেছেন মহান মেসি। মরশুম শেষ হতে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু বার্সার প্রেসিডেন্ট- লা লিগার কর্তারা " মেসি" নামক আলাদিনের আশ্চর্য প্রদীপটা হাতছাড়া করতে চায়নি। স্পনসরদের ভীড়, মোটা টাকার টিভি স্বত্ব  সব নিমেষে চলে যেত মেসি বিদায়ে। তার থেকেও মেসি আপাতত সকলকে রেহাই দিলেন। এসব নিয়ে এতসব নিশ্চিতভাবে ভাবননি মেসি। 
ভেবেছেন শুধু তাঁর দুই আবেগ নিয়ে- বার্সা আর তাঁর পরিবার। 

গোটা খেলার দুনিয়া এই মেসি-বার্সা পর্ব থেকে অনেক কিছু শিখতে পারে। কিন্তু সকলে শিখতে চায় কি? 

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...