Monday, November 30, 2020

রাজনীতি নয়, সৌরভের ভরসা নিজস্ব নীতি














দীপঙ্কর গুহঃ 

জমে গেছে, গুরু - বাজার জমে গেছে। একটা আলোচনা বাজার জমিয়ে দিয়েছে। " সৌরভ কি ২০২১ বিধানসভা নির্বাচনে লড়ছেন?" সকলে এই  আলোচনায় উত্তর খুঁজছেন। কেউ কেউ সম্ভাবনা পক্ষে বলছেন, কেউ বা বিপক্ষে। 
 প্রায় ৩০ বছর সৌরভকে কাছ থেকে বা দূর থেকে দেখার অভিজ্ঞতায় যা মনে হচ্ছে -সেটা প্রথমে লিখি। সৌরভ "লড়াই" ভালোবাসেন। লড়াই করে "জিততে" আরও বেশি ভালোবাসেন। সেসবই ক্রিকেট মাঠে।  কিন্তু "লড়াই" করে রাজনীতির কুশি-লবদের মাঝে "জিততে" নামবেন না। হ‍্যাঁ-এটাই আমার বিশ্বাস।

তাহলে পশ্চিমবঙ্গের "মুখ‍্যমন্ত্রী" সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে  স্বপ্ন আমরা দেখবো না? ২০২১ এর জন‍্য উত্তরঃ - "না"। সৌরভ? আপনিও নিশ্চিতরূপে এ স্বপ্ন দেখছেন না। আপনার দিদিকে সরাতে নিশ্চয় মঞ্চে উঠবেন না। 

তাহলে সৌরভকে জড়িয়ে হচ্ছেটা কী! মাসটা ডিসেম্বর। শীত পড়ছে। গা-গরম চলছে। নির্বাচনের বাকি আর মাস পাঁচ। এখনও মমতার বিকল্প নাম বিজেপি ভাসাতে পারেনি বিজেপি। 

সৌরভ কি তৃণমূলের রাজনীতি না করেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী হতে পারবেন? সৌরভের ডাকনামটা মনে আছে তো? ম-হা-রা-জ। ভারতীয়দের মধ‍্যে কপালওয়ালা সেলেবদের মধ‍্যে তিনি প্রথম তিনেই থাকবেন। তাই তো তিনি থমকে দাঁড়ান, আবার কিছুক্ষণের মধ‍্যেই ছুটতে শুরু করেন। হোঁচোট খেয়ে পড়ে যান না। তাঁর ম‍্যান ম‍্যানেজমেন্ট স্কিল শুরু থেকেই ভালো। তাই দেশের সফলতম অধিনায়কের তালিকাতেও টপ থ্রিতে রয়ে যাবেন। 

পরিসংখ্যান ঘাঁটুন। টিনএজার হয়ে জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া আর ছিটকে পড়ার পর চার বছর বাদে ফিরে এসেই পর-পর দুটি টেস্টে সেঞ্চুরি - কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। তারপরের চার বছরের মধ‍্যেই দেশের নেতা হওয়ার দাবিদার। আবার অধিনায়ক থেকেই পুরো দল থেকে ছিটকে যাওয়া। আবার লড়াই। আবার জাতীয় দলে কামব‍্যাক। তারপর ছন্দ থাকলেও জাতীয় দলের জায়গা ছেড়ে চলে যাওয়া।  কোনও পদে বসে প্রস্তুতি পর্ব না নিয়েই সি এবি'র সচিব পদে বসা। তারপর সভাপতি। তারপর? বিসিসিআই সভাপতি! 
জীবনের গ্রাফটা দেখুন। "কপাল করিশ্মা" তাক করার মতো। 
অভিজ্ঞ রাজনৈতিক কর্তা তৃণমূলের সৌগত রায়- সৌরভের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে বেশ কিছু কথা বলেছেন। মনে দিয়ে দু-তিনবার শুনলাম যা-যা বলেছেন। আর যা-যা বলেছেন সেগুলির ক'টি ঠিক, আর ক'টি বেঠিক? আসুন মত আদান প্রদান করি।

সৌগতঃ সৌরভ বড়লোকের ছেলে। 
সৌগতঃ সৌরভ ক'জন গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন?
সৌগতঃ ক'টা মিছিলে হেঁটেছেন? 
সৌগতঃ এখন যা করছেন - ক্রীড়া প্রশাসনের ভুমিকা পালন। 

বাস্তব আর অবাস্তব ভাবনা কী বলে?
* হ‍‍্যাঁ, সৌরভ বড়লোকের ছেলে। তা হলে রাহুল গান্ধী কী? জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া? ইমরান খান? কেউ গরীব বলে তো জানা যাচ্ছে না। 
* সৌরভ ক'জন গরীবের পাশে দাঁড়িয়েছেন-এর জুতসই উত্তর নেই সৌরভ শিবিরের। সচিন তেন্ডুলকরের মতো একটি এনজিও'র শ'খানেক কচিদের দায়িত্ব নিয়েছেন সৌরভ- এমন খবরও নেই। ময়দানে হাতে গোনা সৌরভ ঘনিষ্ঠরা হয়তো বলবেন, ওঁর থেকে ব‍্যাট - গ্লাভস - টি সার্ট পেয়েছেন। প্রয়াত ময়দানে পরিচিত "মাগুর"এর পরিবার উল্টো কিছু বলেছিলেন একসময় এই প্রতিবেদককে। সাংসদ হয়ে সচিন কেরলের একটি গ্রামের যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন। সৌরভ এখনও সাংসদ হননি। বাম জমানায়, তখনকার পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের ডাকে ব্ল‍্যাড ক‍্যান্সারে আক্রান্ত এক শিশুর জন‍্য নিজের খেলার সাজ-সরঞ্জাম নিলামে চড়িয়েছিলেন তিনি। চিকিৎসার জন‍্য অর্থ তুলে দিয়েছিলেন বিদুরীনের পরিবারের হাতে। নিন্দুকরা বলে, মন্ত্রী অশোক ভট্টাচার্য ঘনিষ্ঠতার জন‍্য সেদিন তিনি এমন মঞ্চে হাজির ছিলেন। 
* রাজনৈতিক মিছিলে সৌরভ সত‍্যিই হাঁটেননি। রাজনীতিতে আসার আগে ক'জন সেলেব হেঁটেছিলেন? জয়ললিতা? সন্ধ‍্যা রায়-দেব? শতাব্দী-প্রয়াত তাপস পাল? লকেট-রূপারা? আসলে সৌরভ আলাদা করে মুখ‍্যমন্ত্রী জ‍্যোতি বসু, বাম মন্ত্রী অশোক ভট্টাচার্য, আরেক বাম মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলাদা করে একাধিকবার দেখা করছেন। ব‍্যক্তিগত কারণটা সেখানে বেশি । পালা বদলে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে তাঁর "দিদি" বলেই পান সৌরভ। জগমোহন ডালমিয়া প্রয়াত হলে, তাঁর "দিদি" মাননীয়া মুখ‍্যমন্ত্রী সৌরভকে সিএবি'র সর্বোচ্চ আসনে বাসান। দিদির ডাকে বেশ কিছু অনুষ্ঠানে দেখা মেলে সৌরভকে। যেমন ফিল্ম ফেস্টিভ্যালে। নানান সংবর্ধনা মঞ্চে। 
বাম শিবির একসময় সৌরভকে রাজনীতিতে চেয়েছিল। সৌরভের বাবা ( দক্ষ ক্রীড়া প্রশাসক) তখন বেঁচে। সৌরভকে এগিয়ে দেননি। ঠিকই করেছিলেন। একটা প্রোডাক্টের প্রচার ট‍্যাগ লাইন ছিল..." এ স্বাদের ভাগ হয়না।" সৌরভও হয়তো এই ট‍্যাগ লাইনে বিশ্বাসী। " সৌরভের ভাগ হয়না।"  রাজনীতিতে এলে সৌরভের ভাগ হয়ে যাওয়া নিশ্চিত। তাই বামে "না" ছিল। তৃণমূল তাঁকে দলে চায়নি, অন‍্য দলেও দেখতে চায়না। কংগ্রেস রাজ‍্যসভায় চেয়েছিল। "কমলা ব্রিগেড" এর জাল কেটে সৌরভ নিজেকে মুক্ত করেন কিনা-এটাই দেখার। 

করোনার কলকাতা কম্পনের শুরুতে সৌরভ এদিক ওদিক নানান সাহায্য নিয়ে পৌঁছচ্ছিলেন। দু-তিন দিন এই কাজ চলে। কিন্তু তাঁর বাড়ির নিজের লোকেদের আপত্তিতে গৃহবন্দি হন। লকডাউনের ঠিক আগে সৌরভের বিসিসিআই আসনে বসে কলকাতায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ওয়ান ডে ম‍্যাচ আয়োজনের উদ‍্যোগ নিয়েছিলেন। ময়দানের ক্লাব কর্তাদের নিয়ে আলোচনায় বসে সেদিন মাননীয়া মুখ‍্যমন্ত্রী সৌরভের এমন সিদ্ধান্তের জন‍্য অসন্তোষ চেপে রাখেননি। সকলের সামনে মমতা "দিদি" বলে দেন, সৌরভ এটা ঠিক করেননি। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা না বলে যেটা করেছেন-ঠিক করেননি। টিভিতে সরাসরি সম্প্রচার চলছিল। সৌরভ টের পান মাননীয়া দিদির অসন্তোষ। কয়েক ঘন্টার মধ‍্যে ইডেনে ম‍্যাচ বাতিল করেন । তারপর বাতিলই হয়ে যায় গোটা সিরিজই। 
সেই সময় থেকে সৌরভ - মমতার মধ‍্যে দূরত্ব বাড়ে। মান-অভিমানের দূরত্ব। মমতা "দিদি"। ভাইয়ের খোঁজ নেওয়া ছাড়েননি। আমফান আর করোনা মোকাবিলা করতে ব‍্যস্ত ছিলেন মমতা । কিন্তু আনলক পিরিয়ড শুরু হতেই ফোনে ভাই সৌরভকে নিয়মিত সাবধান করতেন। বলতেন, অহেতুক না বেরুতে। সৌরভ দিদির কথা শুনেছিলেন।
আবার লেকটাউনে সরকারের থেকে পাওয়া জমি সংক্রান্ত ইস‍্যু নিয়ে কথা বলতে সৌরভ তাঁর মা'কে নিয়ে মাননীয় মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও আসেন। এটা ২-৩ নম্বর আনলক পিরিয়ডের সময় হবে হয়তো। অর্থাৎ সৌরভ রাজ‍্যের মাননীয়া মুখ‍্যমন্ত্রীকে বাড়তি সম্মান দেন। গুরুত্বও দেন। 
তাই মমতা বনাম সৌরভ - এমন ডুয়েলে সামিলই হবেন না মহারাজ। শিলিগুড়ির মেয়র, রাজ‍্যের প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রী অশোক ভট্টাচার্য। সৌরভের যদি কোনও রাজনৈতিক পরামর্শদাতা থেকে থাকেন, অশোকবাবুর নাম সকলের উপরে থাকবে। আমার এই দুই ব‍্যক্তিত্বকেই চেনা। অশোকবাবু বামফ্রন্টে সৌরভকে নিতে পারেননি- বেহালার ছেলেটির মনের কথা বুঝে। কংগ্রেস দরবার করে - দরজা খোলেনি। আর তৃণমূল? শোনা যায়, সৌরভের পরমর্শে নাকি জগমোহন ডালমিয়ার কন‍্যা বৈশালী তৃণমূলের টিকিট পান। এরপর জেতেন বৈশালী। তিনিই একমাত্র তৃণমূল প্রার্থী যিনি নিজের এলাকায় ভোটের আগে সৌরভকে নিয়ে যেতে পেরেছিলেন। অর্থাৎ "দিদি" সৌরভের কথা সেদিন ফেলেননি। আর সৌরভ কিনা মমতার বিপক্ষে লড়বেন! 

সৌরভ খুবই বুদ্ধিমান। জানেন কখন কোথায় কী করতে হবে। যেমন শেষবার জগমোহন ডালমিয়া যখন বিসিসিআইয়ের সভাপতি হন, বিপক্ষ শিবিরের সচিব অনুরাগ ঠাকুরকে জেতাতে বাম রাজ‍্যের ভোট হাইজ‍্যাক করেছিলেন। অনুরাগ তখন সর্বভারতীয় বিজেপি যুব সংগঠনের সভাপতি। এক বিজেপি কর্তাকে জেতাতে সৌরভ লড়াইয়ে নেমেছিলেন- এটা নিন্দুকরা এটা বলে। কিন্তু অনুরাগ দেশের ক্রিকেট দুনিয়ায় এক উজ্জ্বল নাম। এরপর সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হন। সেখানেও নাটকীয় পট পরিবর্তন ঘটে। সেই নাটকে অনুরাগ সমেত বিজেপি শাসিত উত্তর-পূর্ব ভারতের হেভিওয়েট এক কর্তা মূখ‍্য ভূমিকা পালন করেন। কোনও নির্বাচনী লড়াই ছাড়াই গদি পান। সভাপতি হয়ে পাশে পান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি'র আরেক স্তম্ভ অমিত শাহের ছেলে জয়কে। দু'জনের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। কিন্তু সৌরভকে এখনও জয় বা অনুরাগ কিংবা সেই উত্তর-পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ‍্যটির মন্ত্রীও কমলা শিবিরে নিয়ে যেতে পারেননি। পারবেন? সৌরভ যাবেন? যদি সৌরভকে ঠিকঠাক চিনে থাকি, উত্তরঃ না। 

তাহলে সৌরভকে এই বাংলার মুখ‍্যমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে না? সম্ভাবনা নেই, এটা বলছি না। আছে, কিন্তু নির্বাচন জিততে সকলের সঙ্গে খোলা ময়দানে লড়াইয়ে  নামবেন না। হাওয়া বদলে গেছে দেখলে, তখন যেখান থেকে হোক জিতে যোগ দিতেই পারেন ক্ষমতায় আসা নতুন মন্ত্রীসভায়। তখন বিসিসিআইয়ের পদ ছাড়তে হবে। ক্রিকেট ঘিরে বাকি সব স্বপ্ন অধরা থাকবে।  ক্রিকেটার -অধিনায়ক হয়ে বিশ্বকাপ জেতেননি সৌরভ। ভারতীয় দলের কোচ হয়ে এই খেতাব জয়ের সুযোগ এখনও আছে। 
আমার বিশ্বাস ক্ষমতা বৃত্তে থাকা মহারাজ কারোর রংয়ে নিজেকে রাঙানোর রাস্তায় হাঁটবেন না। বরঞ্চ এই ভালো। সকলের "দাদা"। সৌরভের ভাগ নাই বা হল ভক্তদের মধ‍্যে। 

Thursday, November 26, 2020

মানুষ+ঈশ্বর=মারাদোনা











দীপঙ্কর গুহ


মানুষ - শব্দটার অর্থ খোঁজ করছিলাম, কারণ মারাদোনা বাধ‍্য করলেন। পেলাম এক জায়গাতে। 
জানলাম- মানুষ শব্দটির সুন্দর অর্থ করলে দাঁড়াবে, যাঁর মধ্যে অন্য সব সৃষ্টিকে ভালোবাসার উপাদান আছে এবং যাঁর মধ্যে অন্যের ভালোবাসা রাখার জায়গা আছে- সেই হচ্ছে মানুষ।
ঈশ্বর -শব্দটার অর্থ খোঁজ করছিলাম, কারণ মারাদোনা বাধ‍্য করলেন। তাও পেলাম এক জায়গায়। বুঝলাম-ঈশ্বর শব্দের মূল "ঈশ্" এর অর্থ - দক্ষ, মালিক,শাসক। দ্বিতীয় অংশ 'বর'। যার আভিধানিক অর্থ হল "সেরা, চমৎকার, সুন্দর, শাসক"। অতএব, ঈশ্বর শব্দের অর্থ হল; সেরা বা সুন্দরের স্রষ্টা।

দিয়েগো আরমান্দো মারাদোনা। জন্ম-৩০ অক্টোবর ১৯৬০। মৃত‍্যু- ২৫ নভেম্বর ২০২০। তাঁর জন্ম হল। ম‍ৃত‍্যূও হল। মানুষ মরণশীল।  ঈশ্বর অবিনশ্বর। মারাদোনা "মানুষ"। আবার একাধারে "ঈশ্বর"। ৬০ বছরের জীবনপঞ্জিকা বারবার তাই চোখে আঙ্গুল দিয়ে যে দেখিয়ে গেল! 
মানুষ তিনি হলেন মাঠের বাইরে আর ভিতর একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলের এক খেলোয়াড় এবং ম্যানেজার । ভক্তদের কাছে "এল পিবে দে অরো" (সোনালী বালক) ডাকনামে পরিচিত মারাদোনা তাঁর খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ  সময় আর্জেন্তিনার বোকা জুনিয়র্স এবং নাপোলির হয়ে খেলেছেন। একজন এমন ফুটবলারের পছন্দের পজিশনটি ছিল অ‍্যাটাকিং মিডফিল্ডার। কখনও আবার আক্রমভাগেও খেলেছেন। বহু ফুটবলাররা এবং বিশেষজ্ঞরা তাঁকে সর্বকালের সেরা ফুটবলারের আসনে বসিয়েছেন। মাঠের ভিতর বল পায়ে তিনি - সেরা, সুন্দর, চমৎকার শাসক। তাই তিনি "ফুটবলের ঈশ্বর"। 

মাঠের বাইরে তিনি রক্তমাংসের এক মানুষ। 
এই মারাদোনা খেলার জগতের অন‍্যতম এক বিতর্কিত রঙিন চরিত্র। 
১৯৯১ সাল।  ইতালিতে মাদক পরীক্ষায় কোকেইনের ব‍্যবহারের জন্য ধরা পড়ায় তাঁকে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। তখন তিনি এক মানুষ। 
১৯৯৪ ফিফা বিশ্বকাপে নিষিদ্ধ ড্রাগ ইফিড্রিন পরীক্ষায় রেজাল্ট পজিটিভ হওয়ার জন্য তাঁকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। সেখানেও তিনি - সেই সাধারণ এক মানুষ।
২০০৫ সালে তিনি তাঁর কোকেইন নেশা ত্যাগ করেন। তাঁর মেজাজি মানসিকতার জন্য সাংবাদিক-ক্রীড়া বিশেষজ্ঞ এবং তাঁর মধ্যে বেশ কিছু সময় মতভেদের সৃষ্টি হয়েছে। সেখানেও মারাদোনা- আরও একজন মানুষ মাত্র। 

ঠিক মনে নেই কোথায় শুনেছিলাম। নাকি পড়েছিলাম। শুনি বা পড়ি- কথাগুলো মনে বেশ ধরেছিল। ‘জীবন হল এক খেলা। সেই খেলা উপভোগ করা ভালো। জীবন মানেই এক চ্যালেঞ্জ, তার মুখোমুখি দাঁড়ানো ভালো। জীবন একটা সুযোগ, তা হাতছাড়া না করে লুফে নেওয়াই উচিৎ। ’ এই তত্ব মেনে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া চরিত্রের খোঁজ মেলা খুব কঠিন। বলা ভালো- তা হাতে গোনা। মারাদোনা - সেই হাতে গোনা চরিত্রগুলোর একজন। 

আমজনতা মানুষ ঝুঁকি নিতে ভয় পায়। সেসব মানুষের জীবনটা তাই আলাদা খাতে বয়ে যায়না। ভীড়ে হারায়।  এর মধ্যে যাঁরা চ্যালেঞ্জ নিয়ে জীবনকে জড়িয়ে ধরেন নিজের মতো করে - তারাই তো সেলেব। তাই তো ফুটবল মাঠের "ঈশ্বর"  মারাদোনা যদি ফুটবল নাও খেলতেন আলোচনার হ‍্যালোজেনে ভাসতেন। তবু "মানুষ" মারাদোনা জীবনকে যেভাবে উপভোগ করেছেন, তা পেরেছেন ক'জন!

মাঠের বাইরের মারাদোনার সঙ্গে হেঁটেছে আরও অনেক নাম আর সঙ্গ। সেই তালিকায় যেমন আছেন,  ফিদেল কাস্ত্রো-শাভেজ। তেমনি জড়িয়ে ছিল...ড্রাগ...নারীসঙ্গ। সেসবই কিন্তু ছিল আয়তকার জমির টাচলাইনের বাইরে। কিন্তু সেই জমির টাচলাইনের ভিতর?  তিনি ফুটবল ‘ঈশ্বর’।  আমার কাছে মারাদোনা এমনই এক প‍্যাকেজ। 

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ। সেই " হ‍্যান্ড অব গড"।  তা দেখে কেউ বলেন ঈশ্বরের এ কী রূপ! আমি বলি, চাঁদের কলঙ্ক আছে ঠিকই -কিন্তু তার রূপের আর আলোর বন‍্যা কি কম? 
 ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার সেই হাত দিয়ে গোল (হ্যান্ড অব গড) হয়তো সেদিনের এক ঈশ্বরের দান, যা বিতর্ক নয়, এক কীর্তি বলে মনে করা হয়। কিন্তু তা এখন হলে? প্রযুক্তির চুলচেরা যুক্তিতে গোলটি হয়তো বাতিল হতো। মারাদোনা হয়তো "লাল কার্ড"....। নাহ্, থাক। কী হতো সে ভাবন বাদ যাক আজ। সেদিন তিনি দেশের জন‍্য যা করেছিলেন- সে তো দেশপ্রেম। আমি তাই বিশ্বাস করি। 

নিজের ইমেজ আর জীবনকে তিনি কখনও তোয়াক্কা করেননি বলেই সেই বিতর্কিত গোলটা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি—দেশকে জেতাতে হবে- তাই সব বাধা টপকে যেভাবেই হোক গোল চাই! 

এর নামই তো- আবেগ। 
আর এটুকু আবেগ ছিল বলেই তো তাঁর জাদুকরি বাঁ পা- অমন করে কথা বলতো। আর সেই আবেগ আজ জাত-জাতি-ধর্ম আর পৃথিবীর সব গোলার্ধের জাল ছিঁড়ে মানুষের মন ভাসিয়ে দিয়েছে। ইতিহাস-রাজনীতি-কূটনীতি- বৈদেশিক সম্পর্কের প্রাচীরও টপকে গিয়েছিল একটি নামঃ মা-রা-দো-না। 

সালটা-১৯৮২। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ড-আর্জেন্টিনার মধ্যে চলছিল রক্তক্ষয়ী যুদ্ধ। মারাদোনা তখন এক কিংবদন্তির হয়ে ওঠার দৌড় শুরু করেছেন। সেই সময় তাঁর সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন কিছু ব্রিটিশ সাংবাদিক। এর জবাবে তিনি সেইসময় বলেছিলেন, " সাক্ষাৎকার দেব- কিন্তু তোমরা ব্রিটিশরা আগে আমাদের মালভিনাস (ফকল্যান্ডের স্প্যানিশ নাম) ফেরত দাও।’ 

মারাদোনা নাপোলিতে খেলার সময় আসক্ত হয়ে পড়েছিলেন মাদক সেবনে। সেইসব খবর জেনে, মনে হতো কেন মানুষ-মারাদোনা এভাবে নিজেকে শেষ করে ফেলতে চান! বেশ মনে আছে, (প্রচার মাধ‍্যমের দৌলতে) তখন ভীষণ চিন্তায় পড়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্লোস মেনেম ও ক্রীড়া সচিব ভিক্টর লুপো। বুয়েনস এয়ারসে তাঁরা সংবাদমাধ্যমের কাছে করজোড়ে বলেছিলেন, ‘ আমাদের ছেলেটাকে ড্রাগ থেকে বাঁচাতেই হবে। সকলে পাশে আসুন। ’ 
মারাদোনার জন্য এই আবেদন সেদিনও আমার মতো অনেকে করেছিলেন। নিশ্চিত করে বলতে পারি এমনসব কথাই ছিল সকলের হৃদয়ের কথা। 

পেলে আর মারাদোনাকে নিয়ে যখনই তুলনা টানা হয় তখনই পেলে এগিয়ে থাকেন-মাঠের বাইরে। "ফুটবল সম্রাট"এর ইমেজ নিয়ে। যে ইমেজে ছিল  না বেহিসাবি জীবন। ছিল না বোহেমিয়ান জীবনের কোনও ছাপ। জায়েন্ট অব ব্রাজিল। সেই একগল্পো। লাতিন আমেরিকার অনাদরে থাকা পরিবারের এক মুখ। রুটি-রুজির লড়াই আর ফুটবল। ব্রাজিলের পেলের পর আর্জেন্টিনার মারাদোনা। 

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার দুটি গোল—প্রথমটি যদি হয় চটুল শঠতা ( আমি বলি দেশপ্রেম) , পরেরটি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শনে তাঁর " ফুটবল ঈশ্বর" ইমেজ ঠাসা । মিডফিল্ড থেকে একের পর এক বাধার পাঁচিল টপকে নিজ প্রচেষ্টায় নিজ গোল। 

একটা মানুষের এমন ওঠাপড়া! 

এ যেন অতিমানব থেকে অতি সাধারণ। এই চূড়ায় তো- এই অতলে চলে যাওয়া। বাইরে রূঢ়  কিন্তু ভেতরে কোমল—এসব মিলিয়েই তো আমার "ফুটবল রাজপুত্র"। অভাবনীয় এই প‍্যাকেজ।  পার্টি-ড্রাগ-বিতর্ক-বিপ্লব, আর বাঁ পায়ের জাদু। 
যে নাপোলিতে  তিনি বেসামাল হয়েছিলেন সেখানেই মারাদোনা ছিলেন ‘ঈশ্বর’। সেইসময় একটা কথা চালু ছিলঃ ‘নাপোলি ভক্তদের জন্য দলটা হলো ধর্ম আর মারাদোনা ঈশ্বর।’ 



ভালো হোন বা মন্দ -  মানুষের মনে ভালোবাসার ‘ধর্ম’ হিসেবে জায়গা করে নেওয়া এই মানুষটি তাঁর জীবনকে কীভাবে উপভোগ করেছেন তা আমরা আজও দেখতে পাই একটি ইউটিউবের ভিডিও ক্লিপে।  একটি প্র‍্যাকটিসের ক্লিপ। সম্ভবত উয়েফা কাপে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে। 


মাঠে বাজছিল ‘হিপ হপ’ মিউজিক। মারাদোনা তাঁর সতীর্থদের নিয়ে গা গরম করছিলেন একটু অন্যভাবে। বাজনার তালে তালে অনুশীলন। কখনো গা দোলাচ্ছেন কিংবা গানের তালে তালে বল নিয়ে কসরত করছেন। তিনি মারাদোনা-যা করবেন তাতেই দোলা লাগবে মানুষের মনে। তাই কোনো কিছুই তোয়াক্কা করেননি। 

ঠিক এভাবেই সেদিনও পাত্তা দেননি।  ১৯৯৪ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে গোল করে সেই তাঁর বিচিত্র সেলিব্রেশনের পর ফিফার নিষেধাজ্ঞাকে। বরং মাদক নিয়ে মাঠে নিষিদ্ধ হয়েও ফিফার নানা বিতর্কিত কাজের সমালোচনা করতে তাঁর কখনো এতটুকু বাঁধেনি। অনেকটাই যেন ডিফেন্ডারদের সামনে পেলে হেলায় হারিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চলার দাপুটে মানসিকতা। 
বিশ্বাস করুন , আমি মেজাজে মারাদোনা হতে চাই। অনেকের জীবনটা বাস্তবে চরম হিসেবি হলেও শয়নে-স্বপনে তো কেউ কেউ অমন জীবনই চেয়ে থাকতে পারেন। যে জীবন ড্রিবল করে চলে যাওয়ার পর মানুষ কাঁদবে, ভালোবাসা আরও বাড়বে। 

বুধবার রাতে খবরটা ছড়িয়ে পড়তেই, গোটা বিশ্বের এক প্রান্ত থেকে অন‍্য প্রান্তে ভেসে বেড়াচ্ছে এক আবেগ। যার নামঃ মা-রা-দো-না। কিংবাঃ দি-য়ে-গো। 

বাঙালির ফুটবল মনে-প্রানে প্রয়াত গায়ক মান্না দে সবসময় আলাদা জায়গা করে রেখেছেন। ফুটবলের গানে। গায়কিতে। কিন্তু  ফুটবল রাজপুত্রের এমন হঠাৎ চলে যাওয়ায় অন‍্য একটি গানের কটি কলি মনে টোকা মারলো। 
" আমার ভালোবাসার রাজপ্রাসাদে, নিশুতি রাত গুমড়ে কাঁদে--
মনের ময়ূর মরেছে আজ ময়ূর মহলেই--
দেখি মুকুটটাতো পড়ে আছে - রাজাই শুধু নেই।"

ফুটবল রয়েই যাবে, ফুটবল রাজপুত্রই শুধু নেই। 

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...