দীপঙ্কর গুহঃ
২০২১ বছরটা ভারতীয় ক্রিকেট তথা কোহলি-শাস্ত্রীদের জন্য এখনও মঙ্গলজনক। শুক্রবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হারার পরও মনে হচ্ছে। এর সমর্থনে জোরালো যুক্ত আছে। খেয়াল করা যাক, ওদেশের মাটিতে অস্ট্রেলিয়া -ভারত টেস্ট সিরিজ। চার টেস্টের সিরিজে প্রথমেই হার। তারপর থেকে ভারতের পাল্টা লড়াই শুরু। সিরিজ ২-১ ম্যাচে জিতে ফেরা। এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ। প্রথম টেস্টে কোহলিদের হার। তারপর টিম ইন্ডিয়ার জয়ের ছন্দে ফেরা। সিরিজ জয় ৩-১ ম্যাচে। নতুন বছর বলছে, সিরিজের প্রথম ম্যাচ ভারত হারলেই সেই সিরিজ ভারতেরই হয়। এটা সেই, " যার শেষ ভালো -তার সব ভালো" কথাটাই বারবার মনে করাচ্ছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা মরগ্যানের ইংল্যান্ড ৮ উইকেটে যে ভঙ্গিতে -তা কিন্তু ভাবনার বিষয়।
বছরের শুরুতে অসুস্থ হয়ে পড়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। দু'বার অস্ত্রোপচার হয়। হৃদযন্ত্রের ধমনীতে ব্লকেজ মেরামত করতে তিনটি স্ট্রেন বসে। একমাস সম্পূর্ণ বিশ্রাম নিয়ে আবার মাঠের পাশে ফিরলেন "দাদা"। কলকাতা থেকে স্ত্রী ডোনা তে গেলেনই, সঙ্গে গেলেন ফ্যামিলি চিকিৎসক সপ্তর্ষি সোম। আর তাঁর প্রায় সবসময়ের ছায়াসঙ্গী প্রাক্তন ক্রিকেটার এবং সিএবি'র ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়। সৌরভ গ্যালারিতে পাশে বোর্ড সচিব জয় শাহকে বসিয়ে দেখলেন-দল সিরিজ শুরু করলো সেই হার দিয়েই।
পরের ম্যাচ থেকে লড়াইয়ে ফেরা?
এটাই তো হওয়ার কথা।
কিন্তু এই কুড়ি কুড়িতে কাজটা অমন সহজ হবে বলে মনে হচ্ছে না। এক, এই ৪০ ওভারের লড়াইয়ে উইকেট কোনও ফ্যাক্টর হবে বলে মনে হয় না। দুই, আইপিএল ইংল্যান্ড ক্রিকেটারদের আরো পরিণত করে দিয়েছে। তিন, স্পিনাররা ম্যাচ উইনার না হলে-ইংল্যান্ড মাথা নোয়াবে না। তারসঙ্গে যোগ করুন -একাদশ নির্বাচন। রোহিত দলে আছেন, অথচ প্রথম একাদশে নেই! সেওয়াগ ম্যাচের কোথাও বলেছেন-"মাঠে প্রায় ৬৫ হাজার দর্শক। টিভিতে লাখ-লাখ। সকলে রোহিতের ব্যাটিং দেখতে চায়। সেই বাইরে। আমি ব্যাটসম্যান রোহিতের ফ্যান। পরের ম্যাচ থেকে দলে না থাকলে-আমার টিভির সুইচ বন্ধ থাকবে।"
আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশেই নেই। স্লিপ ফিল্ডার লাগবে না বলে তাঁকে ভাবা গেল না? শার্দুলকে দেখছেন শাস্ত্রীজী? কেমন গলালেন? জানি হতেই পারে। কিন্তু ভুললে চলবে না রোহিত খারাপ ফিল্ডার নন। মানি পান্ডয়া, সুন্দর, রাহুল, জাদেজা নন। কিন্তু সকলের চেয়ে ব্যাটিংটা একা করলে-দলই জিতবে। আশাকরি দ্বিতীয় ম্যাচ থেকে রোহিত "হিটম্যান"ফিরবেন। কার জায়গায়? তারজন্য টিম ম্যানেজমেন্ট আছে। দেখুন ওঁরা।
আর যেটা চোখে পড়ল "ডট"বল খেলার প্রবনতা। ভারতীয় দলের স্কোরবোর্ডে তাকালে দেখা যাবে-১২ টি চার আর ৩টি ছক্কা। ৬৬ রান এইখানেই। বাকি ৫৮ তে দৌড় আছে। আর দল খেলেছে ১২২ বল। আর ইংল্যান্ড? ৯টি চার আর ৭টি ছয় হাঁকিয়েই ৭৮ রান। আর বাকি ৬৬ তে দৌড় আছে। জিততে লেগেছে-৯৬ বল ( ৩টি ওয়াইড নিয়ে)।
ম্যাচের সেরা কিন্তু ব্যাটসম্যান নন। স্পিনারও নন। এক পেসার। ইংল্যান্ডের জফ্রা আর্চার। কনুইয়ের চোটের জন্য শেষ টেস্ট খেলতে পারেননি এক সপ্তাহ আগে। এদিন ভারতীয় ইনিংসে প্রথম আঘাতটাই হানেন তিনি। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে তেকাঠি ভেঙে ফেরান ভারতীয় ওপেনার কেএল রাহুলকে ( ৪ বলে ১ রান, ১.২ ওভারে)। আবার আসেন ডেথ ওভারে। হ্যাটট্রিক করে নিচ্ছিলেন! হার্দিক হাত খুলে পেটানো শুরু করেছেন। ক্যাচ তুলিয়ে ফেরালেন পান্ডয়াকে ( ২১ বলে ১৯ রান, ১৭.২ ওভারে)। পরের বলে ক্রিজে এসেই শার্দুল আউট মালানের হাতে ক্যাচ দিয়ে ( ১৭.৩ ওভারে)। ওয়াশিংটন সুন্দর এসে আর্চারকে রোখেন। ততক্ষণে ম্যাচের সেরার কাজ শেষ ( ৪-১-২৩-৩)। দলের বোলারদের মধ্যে একমাত্র মেডেন ওভার তাঁরই নেওয়া। তাঁরই দাপটে ভারত শুরুর পাওয়ার প্লেতে মাত্র ২২ রান তুলতে পারে। চলে যায় তিন ব্যাটসম্যান-কেএল রাহুল, শিখর ধাওয়ান ( ১২ বলে ৪ রান) এবং নেতা বিরাট ( ৫ বলে ০! )। ইংল্যান্ড নেতা ( কেকেআরের নেতা) মরগ্যান নতুন বলটা দিয়েছিলেন লেগ স্পিনার আদিল রশিদের হাতে। বিরাটকে তিনিই ফেরান ক্যাচ তুলিয়ে। ম্যাচের কৃপন বোলার তিনিই (৩-০-১৪-১, ইকোনমিক রেট-৪.৬৭)। আর ভারতের তিন স্পিনার -অক্ষর, চাহাল আর সুন্দর মিলিয়ে যা করলেন তার বোলিং বিশ্লেষণঃ ৯.৩-০-৮৬-২। ওভার পিছু সাড়ে ৮ রান প্রায়। পেসার তিনজন ( কুমার, ঠাকুর আর পান্ডয়া) রানই দিলেন ওভার পিছু ৭ রানের মতো।
ভারতীয় দলের চার নম্বরে চলে আসা পন্থ (২৩ বলে ২১ রান) যা করলেন, তারচেয়ে আইপিএল ফাইনাল খেলা দিল্লি ক্যাপিট্যালসের নেতা শ্রয়াস আগেই আসতে পারতেন। তিনি করেছেন( ৪৮ বলে ৬৭ রান) যা তাতে তিন অঙ্কের রান জোটে ভারতের। ইনিংসের ৩ বলে বাকি থাকতে জর্ডনের বলে আউটফিল্ডে মালানকে ক্যাচ দিয়ে ফেরেন ( ৭/১১৭, ১৯.৩ওভার)। কেন শার্দুল আগে এসেছিলেন ওয়াশিংটন আর অক্ষর থাকতে?
আর ইংল্যান্ড? কেন তাঁরা বিশ্ব র্যাঙ্কিংয়ে নম্বরে তা দেখালেন। শুরুর পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৫০রান। ৩৬ বলে। পরের ৫০ রান এল ৪০ বলে। ওপেনার জেসন রয়ের ব্যাটিংয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁজ শুরু হয়েছিল-বাংলার কোনও যোগ আছে কিনা। রয় - পদবী এর কারণ। তবে শুরুতে ৩২ বলে ৪৯ রানে তিনটি ছক্কা আর চারটি চার হাঁকিয়ে-টিম ইন্ডিয়ারদের তাল-লয় সব তোলপাড় করে দেন। সঙ্গ দেন জোস বাটলার ( ২৪ বলে ২৮ রান), অপরাজিত ডেভিড মালান ( ২০ বলে ২৪ রান ) এবং অপরাজিত জনি বেয়ারস্টো ( ১৭ বলে ২৬ রান)। জয় দিয়ে শুরু ইংল্যান্ডের। এখন দেখা সেইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে কোহলি-শাস্ত্রীদের কপালে সিরিজ জয় ফেরে কিনা।










