দীপঙ্কর গুহ ( সিনিয়র জার্নালিস্ট)
“ দেশের ছাত্র ভাই ও বোনেরা,
আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই—এই জেন জি ছাত্র আন্দোলন শুধু একটা প্রতিবাদ ছিল না। এটা ছিল জাগরণের ডাক। এটা ছিল নীরব মানুষের গর্জন। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ানোর সাহস।
আমি জানি না, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে।
কিন্তু একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি—এই আন্দোলন দেশের মানুষের মনে অনেক কিছু বদলে দিয়েছে। এটা আমাদের দেখিয়েছে, “ভারত সত্যিই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ”।
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ একসাথে দাঁড়িয়েছে। ধর্ম, ভাষা, রাজ্য, পেশা, পরিচয়—সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ বলেছে, “আমরা আর অন্যায়ের পাশে নীরবে থাকব না।”
দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি - আজ সাধারণ মানুষের মনে নতুন করে বিশ্বাস জন্মেছে। নতুন আত্মবিশ্বাস জন্মেছে। নতুন সাহস জন্মেছে। এখন মানুষ জানে, ভুলের বিরুদ্ধে দাঁড়ালে একা আর থাকতে হয় না।
সত্যের পাশে দাঁড়ালে সমর্থন আসে। সৎ মানুষেরা এখনও আছে। ভালো মানুষরা এখনও আছে।
আর তারা চুপ করে নেই।
এই আন্দোলন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের একটা কঠিন বার্তা দিয়েছে। এখন আর আগের মতো চলবে না। এখন আর মানুষকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, মিথ্যে বলে সব ঢেকে রাখা যাবে না।
আজ যারা ক্ষমতায় থেকে অন্যায় করে, যারা দায়িত্বে থেকে নীরব থাকে, যারা মানুষের অধিকার কেড়ে নেয়—তাদের মাথায় এখন একটা ভয় থাকবে।
কারণ তারা জানে, এখন প্রশ্ন উঠবে। জবাব দিতে হবে। হিসাব দিতে হবে।
এই আন্দোলন আরও একটা বড় সত্য প্রমাণ করেছে—দেশের ভালো মানুষরা এখন একসাথে আসতে শুরু করেছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ভিন্ন ভিন্ন পরিচয় থেকে, ভিন্ন ভিন্ন পেশা থেকে মানুষ এসে বলেছে—আমরা অন্যায়ের বিরুদ্ধে এক। আর ঠিক এই জায়গাতেই অনেক মুখোশ খুলে গেছে।
কে আসলেই মানুষের পাশে, আর কে শুধু সুবিধার সময় কথা বলে—সেটাও পরিষ্কার হয়ে গেছে।
আজ আমাদের বুকের ভেতরে একটা নতুন আশা আছে। একটা নতুন বিশ্বাস আছে। একটা নতুন স্বপ্ন আছে। আমরা বিশ্বাস করি, এই দেশের মাটি থেকে একদিন নতুন প্রজন্মের রাজনীতিবিদ উঠে আসবে।
যারা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য কাজ করবে।
যারা প্রশ্নকে ভয় পাবে না। যারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। যারা দেশকে সত্যি বদলাবে।
আর সবচেয়ে বড় কথা—এই আন্দোলনের পরবর্তী ধারাবাহিক পরিণতি এখনো পুরোপুরি দেখা বাকি।
যা শুরু হয়েছে, তার প্রভাব আরও গভীরে যাবে - মন বলছে । আরও অনেক দূর পর্যন্ত যাবে। যে আগুন জ্বলেছে, তা হয়তো আগামী দিনের পরিবর্তনের আলোকবর্তিকা হয়ে উঠবে।
তাই আমি কৃতজ্ঞতা জানাই— সোনাম ওয়াংচুক-কে। অভিজিৎ দীপকে-কে। ককরোচ টিম-এর সবাইকে। দিল্লি ও ভারতের বিভিন্ন প্রান্তের সব প্রতিবাদী মানুষকে, আর সেই সব পেশাজীবীদের, যারা ভয় না পেয়ে সামনে এসেছেন, সত্যের পাশে দাঁড়িয়েছেন।
বিশ্বের নানা প্রান্ত থেকে যারা পাশে দাঁড়িয়েছেন, সমর্থন দিয়েছেন, কণ্ঠ মিলিয়েছেন—সবার প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা। আপনাদের সকলকে ছাড়া এটা সম্ভব ছিল না। আপনাদের সাহস, আপনাদের ঐক্য, আপনাদের বিশ্বাস—এই আন্দোলনকে শক্তি দিয়েছে।
আজ আমি শুধু একটাই কথা বলব—
অন্তর থেকে ধন্যবাদ। কারণ আপনারা প্রমাণ করেছেন, মানুষ জাগলে ইতিহাস বদলায়।
মানুষ এক হলে অন্যায় কেঁপে ওঠে। আর মানুষ যদি সত্যের পাশে দাঁড়ায়, তাহলে ভবিষ্যৎ বদলাতে বাধ্য।”
****************************
এতক্ষণ যা যা পড়লেন, তা আমার ভিতরের যুব বয়সের ছাত্র মনের কথা - আবেগ।
এখন আমি বুড়োদের দলে কচি সদস্য। ৬০ এর এক জনতা - যাকে আর কেউ বলবে না: ওমা, ছিঃ - বলতে নেই, বালাই ষাট!
ঝানু লোকের কথা এবার শুনুন।
দিল্লির জুলাই ২০ তারিখের ছাত্রবিক্ষোভ এখন আর কেবল একটি দিনের ঘটে যাওয়া ঘটনা নয়। এটি ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কে পরিণত হয়েছে, যেখানে প্রশ্ন উঠেছে পুলিশের বলপ্রয়োগ, মিছিলের আইনগত বৈধতা, ছাত্রদের নিরাপত্তা এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি নিয়ে। ককরোচ জনতা পার্টি বা সিজিপি-র ডাকে হওয়া সংসদ চালো কর্মসূচিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত সংঘর্ষ, আহত, আটক, FIR এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার এক দীর্ঘ অধ্যায়ে রূপ নেয়। এবং শেষমেষ কেন্দ্রীয় সরকারকে ব্যাকফুটে গিয়ে ছাত্র ছাত্রী - আন্দোলনকারীদের সঙ্গে আপোষে যেতে হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের আঁচ কমেছে। লিখিতভাবে দাবিগুলো মেনে নিয়েছে সরকার। এবার অপেক্ষা, সেইসব দাবির ফলপ্রকাশ।
চূড়ান্ত ঘটনার সূচনা হয় দিল্লির যন্তর মন্তরের আশেপাশে, যেখানে ছাত্র ও যুব সমর্থকেরা শিক্ষা-সংক্রান্ত অনিয়ম, পরীক্ষার স্বচ্ছতা এবং নীতিগত ব্যর্থতার বিরুদ্ধে জড়ো হন। তাদের দাবি ছিল, সরকার যেন ছাত্রসমাজের সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করে। পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও সিজেপি-র সমর্থকেরা “সংসদ চলো” মিছিল এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক ভাইরাল ভিডিও, প্রতিবেদন জানিয়ে দিতে থাকে - পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং অন্যান্য বলপ্রয়োগের পথ নেয়। এই অভিযানের ফলে বহু মানুষ আহত হন বলে জানা যায়। সবচেয়ে আলোচিত হয়ে ওঠে এক ১৯ বছর বয়সী ছাত্রের চোখে পেলেট লাগার খবর, যেখানে তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার কথাও উঠে আসে। এই ধরনের ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—প্রতিবাদ দমনে বলপ্রয়োগ কতটা প্রয়োজনীয় ছিল, এবং প্রশাসন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সংযত হতে পারত না?
এইখানে রাজনীতির কুশীলবরা মাথা গলিয়ে দেন।
ঘটনার রাজনৈতিক অভিঘাত সবচেয়ে বেশি দেখা যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হস্তক্ষেপের পর। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জুলাই ২০-এর পুলিশি অভিযানের জন্য সরাসরি জবাবদিহি চান। তাঁর প্রশ্ন ছিল স্পষ্ট—ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের বলপ্রয়োগের অনুমতি কে দিল? বিশেষ করে “পেলেট গান” ব্যবহারের বিষয়টি তিনি সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। কী এই পেলেট গান? পেলেট গান (Pellet gun) হলো এমন একটি বিশেষ অস্ত্র যা একসাথে অনেকগুলো ছোট ছোট ধাতব বা রাবারের বল বা 'পেলেট' ছুড়ে দেয়। এটি মূলত ভিড় সামলাতে বা দাঙ্গা থামাতে ব্যবহার করা হয়। রাহুল গান্ধীর ভাষায়, এটি ছিল “barbaric assault” অর্থাৎ বর্বর হামলা । এই মন্তব্যের মাধ্যমে তিনি ঘটনাটিকে শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত করেন।
এই ঘটনার প্রভাব শুধু দিল্লিতেই সীমাবদ্ধ থাকেনি। পরবর্তী দিনগুলোতে আমরা দেখলাম - ছাত্র সংগঠন, আইনজীবী, এবং বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদে শামিল হয়। কলকাতা-সহ বিভিন্ন শহরে এমন মিছিলের খবর আসে। এতে বোঝা যায়, বিষয়টি আর একক কোনো স্থানীয় প্রতিবাদ আর নয়, বরং জাতীয় ছাত্র রাজনীতির প্রতীকী প্রশ্নে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ- যুব সমাজের মধ্যে ক্ষোভ ও অবিশ্বাসের মাত্রা যেভাবে বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিতে পারে? এই প্রশ্ন এখন আমার মনে।
সব মিলিয়ে, ঘটনাটি পরিস্থিতি অনুযায়ী শুধু একটি বিক্ষোভ নয়, বরং ভারতের সমসাময়িক ছাত্ররাজনীতি ও রাষ্ট্রের প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে শুরু করে । আগামী দিনে যদি এই মামলায় আরও তথ্য, আহতদের সাক্ষ্য, বা প্রশাসনিক তদন্ত সামনে আসে, তাহলে জুলাই ২০-এর এই অধ্যায় আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।
সেই সব “লড়াই” সরাতে প্রধানমন্ত্রী রিল বানিয়ে পোস্ট করলেন। সরকারের দুই প্রতিনিধি মন্ত্রী - সাংসদ মুখোমুখি আলোচনায় বসলেন। সোনামকে ভূখ হরতাল ভাঙানো হল। এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরানো হল। বিজেপি সরকার ১২ বছরের কার্যকালে এমনটা এই প্রথম হল। রাজনীতির বাজারে, বিরোধীপক্ষ হঠাৎ যেন জিওন কাঠি পেল। এরপর? ক্রমশঃ প্রকাশ্য। দেখতে থাকুন। থাকছি।
Indian Politics Corruption Student Protest Education Revive Indian Society CJP