Tuesday, August 17, 2021

সামি-বুমরাহরা পারছেন, কোহলি আপনার কী হল!


দীপঙ্কর গুহ: 


বুমরাহ আর সামি যখন ক্রিজে পাল্টা আক্রমণ শুরু করেছেন ব্যাট হাতে, তখন টিভি ক্যামেরার দৌলতে দেখলাম নেতা কোহলির জোশ। আবার যখন বোলাররা ইংল্যান্ডের একের পর এক উইকেট তুলে নিচ্ছেন, নেতা মাঠে ক্যামেরাবন্দী হওয়ার জন্য জোশ দেখাচ্ছেন। কোহলির থেকে দলের 'হোশ'টা বেশি দরকার। প্রথম স্লিপে দাঁড়িয়ে যখন সহজ ক্যাচ ছাড়লেন, তখনও হোশ - ফোঁস সব গেছে। তাঁর ক্যাচ ফেলা টিভিতে সবচেয়ে বেশিবার দেখানো হয়েছে। তারপরও স্লিপে ক্যাচ ধরেছেন। ফিল্ডিং করতে নামার আগে প্রতিপক্ষ দলের ভার্বাল ডুয়াল সম্পর্কে আম্পায়ারদের চাপে রেখে দিলেন। সব ব্যাটসম্যানদের সঙ্গে নানান সময় মানসিক লড়াইয়ে বোঝালেন তাঁর জোশ অন্য স্তরের। কিন্তু সামনে থেকে লড়াই - ইংল্যান্ডের নেতা রুট যা করে দেখলেন, তা ব্যাটসম্যান কোহলির থেকে গত দুবছর মিলছে কই! তবুও বিদেশের মাটিতে ভারত জিতছে।

দ্বিতীয় টেস্টের শেষদিনটি ভারতেই নামে লেখা ছিল। শুরু করেছিল ব্যাকফুটে থেকে। তারপর, বোলাররা সব করলেন। দলকে জেতালেন। দিনের শুরুতে নবম উইকেটে ৮৯ রান যোগ করলেন সামি - বুমরাহ। তারপর রুটদের সামনে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য সাজিয়ে দিয়ে , বল হাতে লড়ে দেখলেন ওঁরা। ক্যাচ ফেললেন দলের তারকা ব্যাটসম্যানরা ( রোহিত আর কোহলি)। তারপরও দল জিতল। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল। আর বাকি ৩টি টেস্ট। 
বোর্ড সভাপতি হয়ে পুরো পাঁচদিনই লর্ডসে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখলেন তাঁর দেশের দল জিতল। তিনি দলনেতা হয়ে এই স্বপ্নই দেখতেন। বিদেশের মাটিতে টেস্ট জিততে হবে। সিরিজ জিততে হবে। খেলোয়াড় হয়ে করেছিলেন। প্রশাসক হয়েও সেই লর্ডসই দিল সেই সফল। তিনি টুইট করলেন। 

এরপর ম্যাজিক মোমেন্টস বলে এই টেস্টের শেষদিনের খেলা দেখনো যেতেই পারে। শুরুতে কোনঠাসা ভারত দিনের শেষে ১৫১ রানে ম্যাচ জিতে নিল। 

মহম্মদ সামি ( অপরাজিত ৫৬ , ১০ ওভারে ১৩ রানে ১ উইকেট) আর জসপ্রীত বুমরাহ ( অপরাজিত ৩৪, ১৫ ওভারে ৩৩ রানে ৩ উইকেট) মনে হয় জীবনের সেরা টেস্টটি খেললেন। সঙ্গে সবে শুরু করা পেসার সিরাজ ( ৩২ রানে ৪ উইকেট) নিজেকে নিংড়ে দিলেন। বাউন্সার মেরে, ব্রিটিশ ব্যাটসম্যানদের চোখে চোখ রাখলেন, একবারও চোখের পাতা না ফেলে! পরিসংখ্যান ঘেঁটে দেখলাম, লর্ডসে এটা ভারতের তৃতীয় টেস্ট জয়। এর আগে কপিলের দল জিতেছিল ১৯৮৬ তে। তারপর ধোনির নেতৃত্বে ২০১৪ সালে। আর এবার ২০২১ সালে কোহলির দলের। আর এই জয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় ১৪ পয়েন্ট পেয়ে এগিয়ে গেল। 
অভাবনীয় এক লড়াইয়ের স্বাক্ষী সকলে। শুরুতে সামি - বুমরাহ ব্যাট হাতে। নবম উইকেটে ৮৯ রান! শেষ কবে ভারতীয় বোলাররা ব্যাট হাতে তুলেছেন, মনেই পড়ছে না। আর তাতেই দলের রান ৮ উইকেটে ২৯৮ রানে পৌঁছে যায়। ইনিংস থামিয়ে ২৭২ রানে ম্যাচ জিতে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মধ্যে ছিল, নিশ্চয়তা। ভারত এই ম্যাচে হারছে না। বিসিসিআই টিভি'র দৌলতে দেখলাম, এই দুই লড়াকু ক্রিকেটার কিভাবে লর্ডসের ড্রেসিরুমে ফিরলেন। সব সতীর্থরা হাততালি আর উষ্ণ আলিঙ্গনে মনে আর বুকে বসলেন। 


ম্যাচের শেষে ভারতীয় অধিনায়ক বিরাটকে বলতে শুনলাম, ' গোটা দল ভীষণ গর্বিত। এই ম্যাচটির জন্য পরিকল্পনা সাজিয়ে নেমেছিলাম। এবং সেইমত চেষ্টা করি গেছি সকলে। প্রথম তিন দিনে পিচ কিছুই সাহায্য করেনি। প্রথমদিনটাই ছিল সবচেয়ে চ্যালেঞ্জের। দ্বিতীয় ইনিংসে যে ভাবে আমরা চাপের মুখে লড়েছি, তা প্রশংসনীয়। সামি - বুমরাহ তো আউটস্ট্যান্ডিং! 
আমাদের বিশ্বাস ছিল, ওদের ৬০ ওভারের মধ্যে আউট করে দেব। আমরা যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিলাম, মাঠের মধ্যে তাপ - উত্তাপ বেড়েছিল। সেটা আমাদের সাহায্যই করেছে। ওদের আত্মসমর্পণ করতে দেখে সকলে আজ গর্বিত। এটাই ওদের বোঝাতে চেয়েছিলাম। সামি - বুমরাহ বুঝিয়ে দিয়েছে। ব্যাটিং কোচ সকলের জন্য প্রচুর খাটছেন। দলের জন্য কিছু করার জন্য ওরা ছটফট করে। আমরা সকলেই আজ জানি ওই দুজনের করা ৮৯ রান কতোটা মহামূল্যবান।' 
সোমবার ভারতীয় সময় রাত ১১ টার পর দলের জয় দেখেই অনেকে টিভি বন্ধ করেছিলেন। তাই ম্যাচের শেষে ভারতীয় অধিনায়ক কী বলেছেন, তা শোনেননি। তাই কোহলির কথার অনেকটাই এখানে লিখেই রাখলাম। এতো কিছু বললেন তিনি, একটু যদি বলতেন - ক্যাচ ফেলে তাঁরা বোলারদের কাজটা কতো কঠিন করে দিয়েছিলেন। বলেননি। নিজের ব্যাট হতে ব্যর্থতার কথা বলেননি। 

কিন্তু পরিকল্পনায় ছিল, বিপক্ষ দলের অধিনায়কের উইকেটটি যেনতেন প্রকারে তুলে নেওয়ার। ক্রিজে 'রুট'কে শিকড় গেড়ে বসতে না দেওয়ার। যা তিনি আগের ইনিংসে করেছিলেন। বুমরাহ যখন রুটকে (৩৩ রান) ফেরালেন, তখনই দলের জোশ দ্বিগুণ হয়ে ওঠে। ঠিক চা-পান বিরতির পরই ইংল্যান্ড চেপে পড়ে ৬৭ রানে ৫ উইকেট খুইয়ে। 

জোস বাটলারের ক্যাচটি যদি প্রথম স্লিপে বিরাট কোহলি সহজ করে ধরতে পারতেন, তখনই ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটটা চলে যেত। রবীন্দ্র জাদেজা নো-বলটি করলে মঈন আলিও ফিরে যেতেন পন্থ ক্যাচটি ধরেছিলেন। সিরাজ ধাক্কাটা মারলেন। মঈন (১৩) আর সাম কুরান (০) কে ফেরানোর পর শেষ উইকেটটি অ্যান্ডারসনের নিতেই জয়ের উল্লাসে মাতলেন। 

দিনের শুরুতে ঋষভ পন্থ ছিল ভরসার স্তম্ভ। কিন্তু পন্থ ব্যাট করেন, এখনও তিনি পরিপূর্ণ হয়ে ওঠেননি। চালিয়ে দিয়ে ব্যাটিং করাটা শিল্প নয়, পরিস্থিতি বুঝে ব্যাট করাটা খুব জরুরি। কবে পন্থ একটা ম্যাচ খেলবেন, তারজন্য ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়া চলবে। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বসে বসে বয়স বাড়াচ্ছেন। তিনি যে ব্যাটিংটা অনেকের চেয়ে ভালো করেন, তা আইপিলের দলগুলোও জানে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কবে জানবে? সুযোগ সকলের সমানভাবে পাওয়া উচিত। 
দলের টপ অর্ডার অভিজ্ঞতার বিচারে অনেক শক্তিশালী। রাহুল সুযোগ পেয়েই ম্যাচের সেরা হলেন। আর পূজারা এই দলের সবচেয়ে কম স্ট্রাইক রেটের ব্যাটসম্যান। ময়াঙ্ক অপেক্ষা করছেন। রাহানে এই ৬১ রান করে আরও কিছু টেস্ট খেলে যাবেন। ওয়াশিংটন সুন্দররা বসেই থাকবেন। আর নেতা কোহলি ? 

এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে গেছে 'ওভার রেটেড ব্যাটসম্যান'। শেষ দুটি বছরে টেস্টে সেঞ্চুরি নেই। এই দলে কোচ যদি গ্রেগ চ্যাপেল হতেন, তাহলে কোহলিকে হয়তো শুনে ফেলতে হত - কিসের পারফরমেন্সে তুমি দলে থাকবে? নেতা সৌরভ শুনেছেন এমন কথা। কোহলি শাস্ত্রীকে  এই কোচের 'চাকরি'টি দেননি। আর ভারতীয় কোচ বলে এই প্রশ্ন কোহলিকে শুনতে হচ্ছে না। সৌরভ দেখছেন নিশ্চই সব। পেশাদার দুনিয়ায় কোহলিও বোঝেন, ডিমান্ড মার্কেটে তিনি এখন কোথায় দাঁড়িয়ে। 
রুটের সঙ্গে কথা বলুন কোহলি। নাহ্ হলে আগের একবারে মতো সচিনের সঙ্গেও কথা বলুন। নাহলে, শিয়রে সংক্রান্তি বাড়বেই। দলের টেল এন্ডররা ১০৬ রান এনে দিয়েছেন। না পারা কাজ , তারাও করছে। কোহলি আপনি তো বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনিও পারবেন। কিন্তু কবে?
জানি, সামি - বুমরাহ বারবার এমন ব্যাটিং করতে পারবেন না। কিন্তু বোলিং তো করছে। কোহলির রান করার কথা। সেটা তো করুন। 
পরিসংখ্যান বলছে অন্য কথা। বিদেশের মাটিতে ( দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ) ভারতের হয়ে ৫ টি টেস্ট জিতে সকল অধিনায়কদের পিছনে ফেললেন। এমনকি এশিয়ার সেরা। পাকিস্তানের ওয়াসিম আক্রাম আর জাভেদ মিয়াঁদাদ ৪ টি করে জিতেছিলেন। আর ধোনি করেছিলেন ৩ টি টেস্ট জয়। কিন্তু কোহলি নেতা হয়ে বলতে পারবেন ওই  জেতা ৫টি টেস্টে তিনি ক'টিতে ম্যাচের সেরা? সেটা না করতে পারলে, তিনি কোহলিই থাকবেন - সচিনকে টপকে যাওয়া স্বপ্নই রয়ে যাবে। 

ছবি: সৌ - টুইটার

Thursday, August 12, 2021

EngvsInd: নজিরে নজরে রোহিত - রাহুল


দীপঙ্কর গুহ : 

ভারত- ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিনের শুরু যেন আগের টেস্টের শেষের দিনের ছবি হয়ে উঠছিল। লর্ডসে কিন্তু এমন আকাশের মুখ ভার করার কথা ছিল না। আবহাওয়া পূর্বাভাস ছিল না। কিন্তু হল কই! শুরুতে হাল্কা বৃষ্টি, টস করার সময় পিছিয়ে যাওয়া - এই ছিল, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুয়াত। প্রথম সেশনটা আকাশের মুখ ভার দিয়ে শুরু। দিনের শেষে পর্বেও তাই। বাকি সময় লড়াই হল ব্যাট আর বলের। প্রথম দিনের শেষে টস হেরে ভারতের সংগ্রহ : ৩ উইকেটে ২৭৬ রান। 
দিনের শুরুতে যে আবহাওয়া ছিল, তাতে ভারতীয় ওপেনাররা যা করে দেখলেন, কয়েক বছর এটাই হচ্ছিল না। ওপেনার জুটি রোহিত শর্মা আর কে এল রাহুল সেঞ্চুরি রানের পার্টনারশিপ গড়ে দিলেন! যা বড় রানের শক্ত ভিত। বিরাট - ফর্মে না ফিরলেও রানের মধ্যে ফিরলেন। দিনের শেষ প্রায় তিনশো রানের কাছাকাছি , ওপেনের কে এল রাহুল ক্রিজে ১২৭ রানে এখনও ব্যাট করে চলেছেন। 

এই প্রথমদিনের প্রথম ইনিংস অনেক কিছু ভারতীয় টেস্ট ক্রিকেটে ঘটলো। সেগুলো, একবার দেখে নেওয়া যাক। 
অবশেষে ওপেনারদের ১০০ রানের জুটি: 

প্রচলিত ধারণা হল, ইংল্যান্ডের পরিবেশে যে কোনও দলের ওপেনারদের শক্ত চ্যালেঞ্জ সামলাতে হয়। আর এশিয়ার দল হলে তো কথাই নেই। ভারত - পাকিস্তান - শ্রীলঙ্কা বা বাংলাদেশ , কেউ এমন পরিবেশে খেলায় অভ্যস্ত নয়। 

ভারত এই চলতি শতকে (২০০০ থেকে) মাত্র একবার ওপেনিং জুটিটা ১০০ রানের সাজাতে পেরেছিল। যা প্রায় ১৪ বছর আগে! বৃহস্পতিবার রোহিত - রাহুল জুটি শুরুর আবহাওয়া আর অ্যান্ডারসন - রবিনসনের চ্যালেঞ্জ শুধু সামালই দিলেন না, ১২৬ রানের ওপেনিং জুটিতে রান লুটে, দলকে মজবুত ভিতে দাঁড় করিয়ে দেয়। 
ইংল্যান্ডের মাটিতে ২০০০ সালের দৌড়ে এটাই এখন ভারতীয় টেস্ট ওপেনারদের দ্বিতীয় সেরা সংগ্রহ। ২০০৭ সালে ওয়াসিম জাফর - দীনেশ কার্তিক ১৪৭ রান তুলেছিলেন। 
এই দুই ওপেনারের আরও কিছু কীর্তি সারা হয়ে গেল, ১. রোহিত - রাহুল একমাত্র অ - ব্রিটিশিও ওপেনিং জুটি যাঁরা লর্ডসে প্রথম ইনিংসে সেঞ্চুরি জুটি গড়লো। ২. টস হেরে লর্ডসে ওপেনিং জুটিতে ১২৬ যে হল, এটাই এখন সেরা প্রথম ইনিংসের সংগ্রহ। এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে অ্যান্ড্রু স্ট্রস - আলাস্টার কুক করেছিলেন ১১৪ রান। ৩. এই জুটির সেঞ্চুরি ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্টে কম সময় হয়েছে (৪৩.৪ ওভারে)। এরআগে ২০০৩ সালে হার্সেল গিভস আর গ্রিম স্মিথ নিয়েছিলেন ৭৪.৫ ওভার। আর ২০০৪ সালে স্টিফেন ফ্লেমিং - মার্ক রিচার্ডসন সময় নিয়েছিলেন ৫১.৪ ওভার। 
বিদেশের মাটিতে রোহিতের সেরা সংগ্রহ: 

রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ারটাই ইউ টার্ন নিয়েছে ওপেনার হয়ে ওঠার পর। প্রথমে ত ঘটে লিমিটেড ওভার ক্রিকেটে। তারপর টেস্ট। 
কিন্তু এই ওপেনার এখনও ঘরে - বাইরে কোথাও সেঞ্চুরি পাননি। পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে, হিটম্যান ৩০-৪৯ রান করেছেন চারটি ইনিংসে। একটা আছে ৫২ রান। আর এই ম্যাচে ৮৩ রান। দারুণ শুরু করেছিলেন। নিজের ৫০ রানের গণ্ডি যখন টপকে যান, তখনই ৩২ আসে শুধু ৮ টি বাউন্ডারি থেকে। ৮৩ রানের মধ্যে আছে ১১টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি। অর্থাৎ ৫০ রান শুধু চার - ছয়ে। এবারও তা তিন অঙ্কে বদলে নিতে পারলেন না। যেমন পারেননি ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ৭৯ রানের ইনিংসটিতেও। 
লর্ডসে সেঞ্চুরি, রাহুল তৃতীয় ভারতীয় ওপেনার :

কর্নাটকের ওপেনের ময়াঙ্ক আগরওয়াল চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকেই আচমকা সুযোগ পান কে এল রাহুল। প্রথমদিন থেকে সেই সুযোগ কাজে লাগিয়েছেন। সেই প্রথম টেস্টে ১৪ রানের জন্য (৮৬ রানে আউট হন) টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করেন। কিন্তু দ্বিতীয় টেস্টে আর সামান্যতম ভুল করেননি। লর্ডসের মাঠে সেঞ্চুরি। তৃতীয় ভারতীয় রাহুল, যিনি এমন কৃতিত্ব গড়লেন। ওপেনার হয়ে ১৯৫২ সালে ভিনু মানকাদ (১৮৪ রান) আর ১৯৯০ সালে রবি শাস্ত্রী (১০০ রান)। রবি নিজে এদিন লর্ডসে ভারতীয় দলের চিফ কোচ হয়ে বসে সেই দৃশ্য দেখলেন। 
এলিট ক্লাবে রাহুল: 

২০১৮ তে রাহুলের ইংল্যান্ড সিরিজ কেমন গেছে তা না দেখে ওদেশের মাটিতে শেষ তিনটে টেস্টের  পরিসংখ্যান দেখছিলাম। ২০১৮ সালের ওভাল টেস্টে তাঁর স্কোর ছিল: ৩৭ ও ১৪৯। তারপর এবার আবার ইংল্যান্ড। প্রথম টেস্টে : ৮৪ ও ২৬। আর দ্বিতীয় টেস্টে: এখনও ব্যাট করছেন ১২৭ রানে। 
পরপর তিনটি ম্যাচে ৫০ রানের বেশি স্কোর আছে দুই এশিয়ার ব্যাটসম্যানের। দুজনই আবার ভারতীয়! প্রথমজন- সুনীল গাভাস্কর। ১৯৭৯ সালের সফরে পরপর চারটি ম্যাচে ৫০ রানের বেশি স্কোর করেছিলেন। দ্বিতীয়জন- দীনেশ কার্তিক। ২০০৭ সালের সিরিজে তিনটি ম্যাচে ৫০ রানের বেশি স্কোর করেছিলেন। 
জোড়া সেঞ্চুরি জুটি: 

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় দল যে সুবিধাজনক অবস্থায়, তার কৃতিত্ব কে এল রাহুলের এবং তাঁর দুটি জুটি তৈরি করে দলকে টেনে নিয়ে যাওয়া। 
জোড়া জুটির সেঞ্চুরি দেখা গেল। 
প্রথমটা হয়েছে রাহুল - রোহিতের ওপেনিং জুটিতে। এসেছে ১২৬ রান। পরেরটা অধিনায়ক কোহলির সঙ্গে। আসে ১১৭ রান। এর আগে ১৭ টি টেস্ট ভারত লর্ডসে খেলেছে। একের অধিক জুটিতে সেঞ্চুরি হয়নি একটিও ইনিংসে। সেই হতাশার রেকর্ড এদিন ভাঙলো। 

ছবি: সৌ - টুইটার। 
#EngvsInd #Lords #KLRahul 

Sunday, August 8, 2021

ঘুম নেই রাতে : সচিন আর নীরজের এত মিল!


দীপঙ্কর গুহ: 


নুতন নায়কের একটা টিভি সাক্ষাৎকার দেখছিলাম। শুনছিলাম। অলিম্পিক্স অ্যাথলেটিকসে ভারতের হয়ে নজির গড়ে দিয়েছেন নীরজ চোপড়া। প্রথমবার দেশের এক অ্যাথলিট হয়ে সোনার পদক জিতে দেশে ফিরছেন। সেই তিনি বলছিলেন, গেমস ভিলেজে হাজির হওয়ার পর থেকে ভালো করে একটা রাতও ঘুমোতে পারেন নি। 

বড় মঞ্চে দেশের হয়ে খেলতে নেমে রাতে ঘুম হয় না! এ তো চেনা আরেক চ্যাম্পিয়নের কথা! সচিন তেন্ডুলকর। তিনিও বলতেন, যখনই দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামতেন - ম্যাচের আগের রাতে ঘুমোতে পারতেন না। পরে সাক্ষাৎকার নিতে গিয়ে বসে শুনেছি, অন্যসব অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগেও এটা হত। সব চ্যাম্পিয়নদেরই কী এমন 'সাকসেস প্রেসার'ওনাদের কি বাড়তি মোটিভেশন দেয়? 
সচিনের জন্য এটা সত্যি ছিল। নীরাজের জন্য হয়তো একটু অন্য রকম। কেমন তা? নীরজ জানিয়েছেন সেই কথা: 'আমি সরাসরি সুইডেন থেকে টোকিয়ো এসে গেমস ভিলেজে ঢুকি। ওখানকার আর জাপানের মধ্যে সময়ের ফারাক ছিল। তাই চেয়েছিলাম, ভালো করে একটা ঘুম। কিন্তু সময়ের ব্যালান্স করতে সময় লাগলো। দেরীতে ঘুম আসত। চাইতাম একটু বেলা পর্যন্ত ঘুমোতে। কিন্তু এত বড় আসরের সিস্টেম তা হতে দেয়নি। কখনো সকাল সকাল ডোপিং কন্ট্রোল অফিসারের ডাক এসেছে। ভোর পৌনে ছ'টা থেকে ছ'টার মধ্যে উঠে যেতে হয়েছে ইভেন্টের দুই দিন আগে থেকে।' কোয়ালিফাইং রাউন্ড থেকে ফাইনাল রাউন্ড - ভালো করে ঘুমই হল না! 
স্পোর্টস মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন, এটা নাকি আবার 'পারফরম্যান্স অ্যাংজাইটি'। গ্রেট পারফর্মারদের বেশি হয়। সচিনের হত। জানলাম নীরজেরও হয়। 
আর সোনার পদক জিতে বিশ্বসেরা হয়ে অভিনন্দনের বন্যায় ভাসছেন। ঘুম এখনও হয়েছে কিনা জানি না। দেশে ফিরে হবে নিশ্চয়ই। 

ভারত - পাকিস্তান সম্পর্ক এখন এত টেনশনের তাতে আজ খেলার মঞ্চ বাদ যাচ্ছে না। কিন্তু শুনলে অবাক হতাম, যখন সচিনের সঙ্গে আলাদা করে সময় কাটাতে চাইতেন এক ঝাঁক পাক ক্রিকেটার। আর নীরজ ! শুনলাম সেই পাক কানেকশন তাঁর সঙ্গে সঙ্গে ছিল এই সাফল্যের সময়। 
অলিম্পিক্স ভিলেজ থেকে প্রতিযোগীদের নিয়ে টোকিয়ো ন্যাশনাল স্টেডিয়ামে বাসে করে যেতে হয়েছে। শনিবারও গিয়েছিলেন। পাশেই বসেছিলেন পাকিস্তানের প্রতিযোগী আরশাদ নাদিম। পাক খেলোয়াড়টি নিজের মোবাইলে তোলা কিছু ছবি ঘাঁটছিলেন। একটা ছবি স্ক্রিনে আসতেই নাকি নীরজকে দেখান। ছবিটি দুজনের। এশিয়ান গেমসের সময়কার। নাদিম নাকি ছবিটা দেখিয়ে ভারতীয় বন্ধুকে বলেছিলেন, তাঁর সঙ্গে নীরজের ছবি সোশ্যাল মিডিয়াতে দেখে পাকিস্তানের সকলে প্রতিক্রিয়া দিয়েছিলেন, আব্দুল খালিক আর মিলখা সিং! সুবেদার আব্দুল খালিক স্প্রিন্টার ছিলেন। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩৬ টি সোনা, ১৫ টি রূপো আর ১২ টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 
জেনে অবাক হয়েছি, এই পাক প্রতিযোগীর সেই যাত্রা পথে মিলখা সিংয়ের নামটা আবারও নীরজের মনে উসকে দিয়েছিলেন। ২৩ বছরের যুবক নীরজ মনে মনে গুরু মানেন প্রয়াত মিলখা সিংকে। মিলখা সিংয়ের না পূরণ হওয়া ইচ্ছে কে বাস্তব করে ওনার হাতে পদক তুলে দেবেন ভেবেছিলেন নীরজ। ওনার চলে যাওয়ার ৫০ দিন পর সেটাই করে উঠলেন হরিয়ানা পুত্তর।
এতো বছর পর, মিলখা বা পি টি ঊষার চেষ্টাকে পরিপূর্ণ করে ফেলেছেন নীরজ। ট্র্যাক এন্ড ফিল্ডে এই প্রথম অলিম্পিক্স থেকে সোনার পদক এল। পদক তালিকায় বেজিং অলিম্পিক্সে সোনার একটি পদক ছিল। অভিনব বিন্দ্রা শুটিংয়ের লড়াই জিতেছিলেন। নীরাজ তাই সোনার পদকটি উৎসর্গ করেন প্রয়াত মিলখা সিংকে। আর পি টি ঊষাকে। এই সফল নায়ককে বলতে শুনলাম,'মিলখা সিং জী চলে যেতে খুব কষ্ট পেয়েছিলাম। আমি চেয়েছিলাম এই আসরের পদক নিয়ে ওনার সঙ্গে দেখা করবো। এই পদকই তো ওনার স্বপ্ন ছিল। খুব কষ্টের, আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু আমি জানি, উনি উপর থেকে সব দেখেছেন। আর এই সোনার পদকের জন্য খুশিও হচ্ছেন।'
আর বলেছেন,' এমনকি পি টি ঊষা, যিনি কয়েক সেন্টিমিটারের জন্য পদক পাননি - আমার বিশ্বাস ওনারা সকলে এখন খুশি।'

অস্বীকার করে লাভ নেই, আমিও খোঁজ রাখতাম না, জাঠ এই যুবকের। আজ কত কিছু খোঁজ পাচ্ছি! ভারতীয় সেনাবাহিনীর সুবেদার তিনি। 
যেমন জানতে পারলাম, শেষ রাউন্ডের আগেও তাঁর হৃদযন্ত্রের ওঠা নামা বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, বাকিরা সব বড় সাফল্যের অধিকারী। একটা দারুণ থ্রো সব চেষ্টা ভেঙে ছারখার করে দিতে পারে। সব ধরনের সম্ভবনা নিয়ে মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু জানতেন, বিশেষ কিছু তিনি করবেনই। 
করলেনও। রাউন্ড শেষ হতেই দেখছি, ট্র্যাকে হাঁটু মুড়ে বসে তাতে কৃতজ্ঞার চুম্বন এঁকে দিয়েছেন। অমন 'টারজান' গোছের চেহারায় দেশের তেরঙা জাতীয় পতাকা ঢেকে স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন। মুখে অনাবিল সুখের আবেশ। 
নাহ্ , একবারও আনন্দসিক্ত বারিধারা ওঁর দুই চোখ বেয়ে নামেনি। বরঞ্চ বলতে শুনলাম : 'এতদিনের সব কঠিন লড়াই, সব চোট - আঘাত শেষ পাঁচটি বছরের যত যন্ত্রণা সব উবে গিয়েছিল, পোডিয়ামের দাড়িয়ে জাতীয় সঙ্গীত বেজে উঠতেই। তখন মনে হচ্ছিল, এমন দিনটির জন্যই তো এত কিছু।' অনেকে এই পোডিয়ামে দাঁড়িয়ে অনেকে চোখের জল আটকে রাখতে পারেন না। নীরজ অন্য জাতের চ্যাম্পিয়ন। চোখের জল ফেলতে চাননি। কিন্তু পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত বাজতেই, শরীরে বিদ্যুতের ঝলক অনুভব করেছিলেন। 
বিশ্ব ক্রিকেটের 'আধুনিক ডন ব্র্যাডম্যান' সচিন তেন্ডুলকর এমনই একটা অনুভতির জন্য ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে যেতে চেয়েছিলেন। অজয় জাদেজা অধিনায়ক ছিলেন। কুম্বলে ছিলেন সহ অধিনায়ক। মার্চপাস্টে বুক চিতিয়ে হেঁটেছিলেন। কিন্তু সেবার পোডিয়ামে ওঠা হয়নি। সচিনের এতো সাফল্যের মধ্যে এটা ব্যর্থতা। একাধিকবার বলেছেন। তাই দেশের হয়ে এমন সব মঞ্চে কোনও ভারতীয় সফল হলেই, অভিনন্দনের ফুল দেন এস এম এস বা হালের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। 

চ্যাম্পিয়নদের মধ্যে কিছু না কিছু মিল থেকেই। 

ছবি: সৌ - টুইটার 

Wednesday, August 4, 2021

INDvsENG: ভারতীয় পেসারাই নিয়েছে রুটদের ১০ উইকেট!


দীপঙ্কর গুহ: 

৪-৩-২-১। এমন ছকেই যে কোনো দলের ফুটবল টিমের ফরমেশন হয়। এটা তা ভাবা ভুল হবে। এটা টিম ইন্ডিয়ার বোলার পাওয়া উইকেট সংখ্যা। ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে , প্রথম টেস্ট শুরু হয়েছে। ভারতীয় চার পেসার প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ১৮৩ রানে থামিয়ে দিয়েছে প্রথম দিনই। পেসাররাই বিপক্ষের ১০ উইকেট নিয়ে নিয়েছেন। 

স্কোর কার্ড যে ভাবে একের পর এক বোলার আক্রমণে এলে লেখা হয়, সেটাই মেনে প্রথম লাইনটাই লেখা। বামরাহ নুতন বলে আক্রমণ শুরু করেন। ইনিংস শেষে তিনি নিলেন ৪ উইকেট ( ২০.৪-৪-৪৬-৪)। অন্যদিকে থেকে আক্রমণ শুরু করেছিলেন মহম্মদ সামি। নিলেন ৩ উইকেট ( ১৭-২-২৮-৩)। প্রথম চেঞ্জ বোলার হয়ে আক্রমণে আসেন মহম্মদ সিরাজ। নিলেন ১ উইকেট ( ১২-২-৪৮-১)। এরপর শার্দুল ঠাকুর। নিলেন ২ উইকেট ( ১৩-৩-৪১-২)। আর দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা উইকেট পাননি (৩-০-১১-০)। তিনি ৩ ওভারের বেশি বল করার সুযোগই পাননি। বোলারদের সাফল্য মাথায় রেখে এই ফরমেশন সাজালাম। 
টেস্ট ম্যাচ মানেই তিনটি সেশনের লড়াই। বুধবার শুরু হওয়া ট্রেন্ট ব্রিজ টেস্টটি প্রথম দুটো সেশনে ব্যাট আর বলের সমান সমান লড়াই ছিল। কিন্তু শেষ সেশনে ভারতীয় বোলাররা টেক্কা দিলেন ব্রিটিশ ব্যাটসম্যানদের। প্রথম দুটি সেশনে ২ টি করে উইকেট তোলেন বোলাররা। আর প্রথম দিনের শেষ সেশনে তুলে নিলেন ওঁরা ৬টি উইকেট! তাতে খরচ হল ৫০ রান। আর লাগলো ১৫ টি ওভার। 

ম্যাচ শুরু হতেই সোশ্যাল মিডিয়াতে দল নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। আশ্বিন দলে নেই! দেশের এই মুহূর্তে সফলতম বোলার! একটা স্পিনার খেলালে, জাদেজা কি করে অশ্বিনের থেকে এগিয়ে? - নানান প্রশ্ন। কেন নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে দুই স্পিনার আর তিন পেসার নয়? এসব সমালোচনা উড়ে গেল দলের পেস বোলারদের সাফল্যে। ম্যাচ শুরুর আগে ফিটনেস পরীক্ষাতে পাশ করতে পারলেন না ইশান্ত শর্মা। দলে নেওয়া হয় সিরাজকে। উইকেট হাল্কা সবুজ ঘাসে ভরা দেখে চার পেসার খেলানোর রাস্তায় হাঁটে টিম ম্যানেজমেন্ট। তখনই ব্যাটিং আর পেসার শক্তি বাড়াতে দলে আসেন শার্দুল ঠাকুর। দিনের শেষে স্কোর বলছে, বোলারদের বাছাই পর্বে কোহলি - শাস্ত্রী - রাহানেরা সঠিক পদক্ষেপ করেছেন। 
 
এই ইংল্যান্ডেই এক মাস আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত ব্যর্থ ছিলেন বুমরাহ। এই ইনিংসে বোঝালেন, তিনি শেষ হয়ে যাননি(২০.৪-৪-৪৬-৪)। কার কার উইকেট নিলেন? প্রথম ওভারেই ফেরান ওপেনের ররি বার্নসকে ( ৫ বলে ০ রান)। এরপর জস বাটলার ( ১৮ বলে ০রান)। টেল এন্ডার স্টুয়ার্ট ব্রড (৩ বলে ৪ রান) এবং জেমস অ্যান্ডারসন (১১বলে ১রান)। একটা বোল্ড, একটা উইকেটকিপারের হাতে ক্যাচ আর দুটি এল বি ডব্লিউ। বোলিং বিশ্লেষন জানিয়ে দিচ্ছে তিনি ৪ টি মেডেন ওভার নিয়েছেন।
এবার সামি (১৭-২-২৮-৩)। দলের সেই বোলার যিনি এতোটাই বিপক্ষের চিন্তার কারণ হয়ে ওঠেন  যে তার বিপক্ষে রান তোলার ঝুঁকিই নিতে চাননি ইংল্যান্ড ব্যাটসম্যানরা ( ইকনমি রেট : ১.৬৪)। অর্থাৎ দেড় রানের সামান্য বেশি। তিনি কাকে কাকে ফেরালেন? ওপেনের ডম সিবলে ( ৭০ বলে ১৮ রান)। চতুর্থ উইকেটে  ৭২ রানের জুটি গড়ে দলকে টেনে তুলছিলেন অধিনায়ক রুট আর বেয়ারস্টো। এই জুটি ভাঙেন সামি। বেয়ারস্টোকে ফেরান ( ৭১ বলে ২৯ রান)। আর ফেরান ডান লরেন্সকে ( ৪ বলে ০ রান)। 
প্রথম চেঞ্জে বিরাট আনেন মহম্মদ সিরাজকে (১২-২-৪৮-১)। তিনি ফেরান জ্যাক ক্রাউলিকে (৬৮ বলে ২৭ রান)। যদিও তিনিই বোলারদের মধ্যে ওভার পিছু বেশি রান দিয়েছে (ইকনমি রেট:৪)। 
এবার শার্দুল ঠাকুর (১৩-৩-৪১-২)। সবচেয়ে দামী উইকেটটি তাঁর নেওয়া। ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট। ১০৮ বলে ১১টি বাউন্ডারি হাঁকিয়ে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছিলেন ভারতীয় বোলারদের। রুট ফেরেন ৬৪ রানে। আর ফেরান অল্লি রবিনসনকে (৩বলে ০ রানে)। 
আর দলের একমাত্র স্পিনার জাদেজা? মাত্র ৩ ওভার বল করার সুযোগ পান। তাতেই আবার দুটো নো বল! সঙ্গে ইকনমি রেট ৩.৬৬।  ভারতীয় টিম ম্যানেজমেন্ট চার পেসার খেলিয়ে বিন্দুমাত্র ভুল করেননি। 

দিনের শেষে ভারতের দুই ওপেনার অতি সচেতন হয়ে ব্যাট করেছেন। ১৩ ওভার খেলে বোর্ডে ২১ রান বসিয়েছেন। ভারত ১৬২ রানে পিছিয়ে। 

ছবি: সৌ - টুইটার

#IndvsEng #Viratkohli#WTC2021











Tuesday, August 3, 2021

IndvsEng: অ্যাডভান্টেজ ইন্ডিয়া বলেই রাখি


দীপঙ্কর গুহ : 

শুরু হচ্ছে ক্ষতে মলম লাগানোর কাজ। ক্ষতটা বিরাট বাহিনী বয়ে চলেছে এক মাসের বেশি সময় ধরে। এই ইংল্যান্ডেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার ক্ষত। প্রথমবারের খেতাব জেতা হয়নি। সেই ইংল্যান্ডেই শুরু হচ্ছে দ্বিতীয়বারের লড়াই। প্রতিপক্ষ ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজের লড়াই। খেলা নটিংহামে। ২০১৮ সালে শেষবার এই দুই দলের টেস্ট সিরিজে যেখানে ভারত একমাত্র টেস্টটি জিতেছিল। সিরিজ হারতে হয়েছিল ১-৪ ম্যাচ। ২০০৭ সাল। মানে ১৪ সাল আগে শেষবার ভারত এই ব্রিটিশদের ঘর থেকে টেস্ট সিরিজ জিতে নিয়ে গিয়েছিল। 

যুক্তি তক্কো গপ্পো - সবই বলছে, কোনও সন্দেহ নেই, টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলি। যদিও মাঠে নিজের অনেক কিছু করে দেখানোর তাগিদটা রয়েছে। 

২০০৭ সালের নেতা রাহুল দ্রাবিড়ের সঙ্গে এক সারিতে এবার দাঁড়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে যারা ভিকে-কে ট্রল করে, তাদের নেতা ভারতের এবার ইংল্যান্ড বিজয় চাই। তাহলে তিনি হবেন দেশের একমাত্র নেতা - যিনি অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জেতেন। ইংল্যান্ডেও জেতেন। 

নেতা দলের সামনে নমুনা হতে পারেন। কিন্তু টিম গেমে একেই সব করতে পারেন না। দলকে একজোট হয়ে করতে হয়। বাড়তি দায়িত্বও নিতে হয়। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় কি হাল হয়, তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা গেছে। বোলারদের নির্দিষ্ট পরিকল্পনায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হয়। সজাগ থাকতে হবে বিপক্ষের লোয়ার অর্ডারে ব্যাট হাতে যারা আসবে, তাদের তাড়াতাড়ি ফেরত পাঠাতে হবে। আমাদের লোয়ার অর্ডার 'আয়ারাম গয়ারামে' অভ্যস্ত। উল্টো শিবির আবার ঠিক উল্টো। 

তাই টিম ম্যানেজমেন্টের এই সিরিজে প্রতিটি টেস্টে সেই টেস্টের জন্য দল বাছাই করে নামাটা খুব জরুরী। যেমন প্রথম টেষ্ট। ৪ অগাস্ট থেকে শুরু। ওয়েদার রিপোর্ট বলছে, পাঁচদিনের ম্যাচে বৃষ্টি ঝামেলা করবে। পিচ দেখে ওখানকার ক্রিকেট বিশেষজ্ঞরা বলেই চলেছেন, শক্ত আর বাউন্স পিচ। বেশ গরম ওখানে। অগাস্ট আর সেপ্টেম্বর বেশ গরম থাকে ইদানিং। স্পিনাররা তাতে সুবিধা পায়। তাহলে? 
সিরিজ শুরুর আগে চলুন সকলে একবার দেখি ভারত এগিয়ে কোথায়। আর পিছিয়ে কোথায়। 
নয়া ওপেনার জুটি: 

আবারও টেস্ট ওপেন করতে নামতে হবে ভারতের নুতন জুটিকে। রোহিত আছেন। কিন্তু গিল নেই। চোট পেয়ে দেশে ফিরেছেন। এই টেস্টে নেই শ্রীলঙ্কা থেকে অনানো পৃথ্বী শ। ৪৮ আগে নেটে ব্যাট করার সময় পেসার সিরাজের বলে মাথার পিছনে চোট পান ময়াঙ্ক আগরওয়াল। সেই ময়াঙ্ক - যিনি টেস্ট দুটি ডবল সেঞ্চুরি করে ফেলেছেন। তিনিই রোহিতের সঙ্গী হতেন। কিন্তু চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারবেন না। ভাবনায় এখন কে এল রাহুল। কয়েকদিন আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন। আত্মবিশ্বাস জমাট হবে। এই ইনিংসটি তিনি খেলেছিলেন মিডল অর্ডারে। রাহুলকে ঠেলে উপরে না পাঠালে পুজারাকে নুতন বল খেলতে পাঠানো যায়। নতুবা হনুমা বিহারী। মানে, ওপেনার নিয়েই ওপেনিং টেস্ট বেজায় চিন্তায় ভারত।
টপ অর্ডারের রান চাই: 

রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি - সঙ্গে অজিঙ্কা রাহানে। হালে এই চার মূর্তির ব্যাট মোটেই দলকে ধারাবাহিক সাফল্য এনে দিতে পারছে না। সেই ২০১১ লর্ডসে , ২০১৪ আর ২০১৮ তে - মাত্র তিনবার ৫০ রানের গণ্ডি টপকাতে পেরেছিল ওপেনিং জুটি। 
টেস্ট ক্রিকেটে এমন অনেক নজির আছে, টপ অর্ডারের ব্যাটসম্যানরা মজবুত রানের ভিত গড়ে দিতেই, পরের ব্যাটসম্যানরা গিয়ার বদলে দলের রান বহুদূর টেনে নিয়ে গেছে। 
একটা ম্যাচ মনে পড়ে যাচ্ছে। ২০০২ সালে ইংল্যান্ড সফর। লিডস টেস্ট ওপেনার সঞ্জয় বাঙ্গার ২৩৬ বলে ৬৮ রান করেছিলেন। আর তারপর রাহুল দ্রাবিড় ১৪৮ রান করেছিলেন ( ৩০৭ বলে), সচিন তেন্ডুলকর ১৯৩ রান করেন (৩৩০বলে) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ১২৮ রান (১৬৭ বলে) দিয়ে দলের রান ৬২৪ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। 
এবার চিন্তা এখানেই। রোহিত ধারাবাহিক সফল নন। পূজারা এখনও পুরনো ছন্দ ফিরে পাননি। অ্যান্ডারসন আর কোহলি লড়াই থাকছেই। রাহানে চোট সরিয়ে কেমন ছন্দে থাকেন, সেটাই দেখার। 
তুরূপের তাস মিডল অর্ডার : 

সারাক্ষণ প্রচুর প্রথম একাদশ দেখা হয়ে গেছে। অধিকাংশই এক স্পিনার আর ৪ পেসার নিয়ে গড়া। তাতে কিন্তু মিডল বা লোয়ার মিডল অর্ডার আরও মজবুত হবে না। বরঞ্চ, দুই স্পিনার আর তিন পেসার হলে জাদেজা খেলবেন। তিনি আর অশ্বিন কী কী পারেন ব্যাট হাতে - জানা হয়ে গেছে। তাহলে, বিরাট - রাহানে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে এলেই দলের ব্যাটিং ল্যাজ বেড়িয়ে পড়বেনা। সঙ্গে ঋষভ পন্থ আছেন - জানি। কিন্তু পন্থ তো সেই ক্যামিও গোছের ব্যাটিং করবেন। হয় বিপক্ষ বোলিং হামাগুড়ি খাবে, অন্যথায় তিনি হামা দিয়ে ফিরবেন। সঠিক বল বেছে খেলতে হবে এই মিডল অর্ডারের ব্যাটসম্যানদের। 
পাঁচ বোলার চাই: 

টেস্ট জেতা যায় ব্যাটসম্যানদের দাপটে, আর বোলারদের সাফল্যে। ম্যাচে ২০ টি উইকেট চাই। যে ছবি টেস্টের তিনদিন আগে থেকে দেখছি, তাতে পিচে সবুজ হাল্কা ঘাস আছে। বিপক্ষের নায়ক পেসার অ্যান্ডারসন তো বলেই দিয়েছেন, 'ভারতে গিয়েছিলাম, স্পিনারদের সাহায্য করবে এমন পিচ দাওয়া হয়েছিল। হোম অ্যাডভান্টেজ। আমাদের এখানে সবুজ উইকেট দেখে কোহলিদের কোনও আপত্তি কেন থাকবে! আর ওদের দলের পেস বোলারদের দক্ষতাও কম নয়।' 

সবুজ গালিচা হবে না। কারণ ইংল্যান্ড দলের ব্যাটিং যে মোটেই চোস্ত নয়, তা নিউজিল্যান্ড দেখিয়ে দিয়েছে। কাজেই ব্যাটিং সহায়ক কিছু তো থাকবে। শক্ত হবে পিচ। এখানে ভারতের উচিৎ সিরাজকে খেলানো। তিনি তো তিন ভারতীয় ব্যাটসম্যানকে ঘায়েল করে দেশে ( সুন্দর ) ফিরিয়েছেন, নয়তো বিশ্রামে ( আগরওয়াল) পাঠিয়েছেন। ম্যাচে খেলানো উচিৎ। বুমরাহকে বসিয়ে। সামি থাকুক। সঙ্গে ইশান্ত। 


দেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, গোটা সিরিজটায় বিশ্ব সেরা দুই ক্রিকেটারের টক্কর দেখতে চান। বিরাট কোহলি বনাম জেমস অ্যান্ডারসনের। 
গ্রিম সোয়ান বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবুও ভারতই সিরিজ জিতবে। 
এই টিম ইন্ডিয়ার পেসার উমেশ যাদব যখন বলেন, ' ক্যাপ্টেন কোহলি আর কোচ রবি শাস্ত্রী আমাদের বুঝিয়ে দিয়েছেন, কি করতে হবে আমাদের। সকলে তৈরি। শেষ মুহুর্তে বল্লেই, সে সেরাটা দিতে আত্মবিশ্বাসী।' 

জোফ্রা আর্চার এই সিরিজ থেকেই সরে দাঁড়িয়েছেন চোট না সারার জন্য। এমনকি তিনি আইপিএলেও খেলতে যাচ্ছেন না। 
সুনীল গাভাসকর বলেই দিয়েছেন, কে এল রাহুল  শেষবার ইংল্যান্ডে যে টেস্ট খেলেছিলেন, তাতে সেঞ্চুরি ছিল। আর এমন গরম আবহাওয়া চলতে থাকলে ভারত ৪-০ তে সিরিজ জিতবে। অন্যথায় জিতবে ৩-১ টেষ্টে। 

ভারতের অ্যাডভান্টেজ থাকছে , উল্টো শিবিরে এবার বেন স্টোকসের মতন অলরাউন্ডার নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি মানসিক স্বাস্থ্য ঠিক করতে চান। কোহলিও বলেছেন, এমন বায়ো বাবলস কালচারে অনেক ক্রিকেটার চাইবেন এমন ব্রেক নিতে। 
এবার আবার ' লগন' পর্ব শুরু হচ্ছে। 

ছবি: সৌ - টুইটার

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...