দীপঙ্কর গুহ :
গত মরশুমে আরব আমির শাহিতে আইপিএল -১৩ শেষ হয়েছিল ভারত ও গোটা বিশ্বে করোনা হানা দেওয়ার পরও। শুরুতে বেশ কিছু ক্রিকেটের , সাপোর্ট স্টাফ করোনা টেস্টে পজিটিভ হয়ে যান। কিন্তু সকলে সুস্থ হয়ে ওঠেন। টুর্নামেন্ট শুরুর আগেই সুরেশ রায়না দেশে ফিরে চলে আসেন। হরভজন সিং যান নি খেলতে।
কিন্তু এবার? দেশের মাটিতে আইপিএল করার সাহস দেখায় বিসিসিআই। কেন দেখাবে না! দেশের সরকার যে ঘোষণাই করে দিয়েছিল - দেশ নাকি করোনাকে হারিয়ে দিয়েছে "আত্মনির্ভর" হয়ে। স্বস্তি ছিল এই প্রচারে।
কিন্তু আজ প্রমাণিত - কেন্দ্রীয় সরকার আঁচই করতে পারেনি কি হতে চলেছে। কোনও ব্যাক আপ প্ল্যানই রাখেনি। তাই করোনা দ্বিতীয় স্টেইন হানা দিতেই দেশের স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কাল সার চেহারা সামনে চলে এসেছে। অক্সিজেনের হাহাকার। ভেন্টিলেশনে বেড এর আকাল। সঙ্গে মৃত্যুর মেলা। সবকিছুর জন্য দায়ী একটা ফেক স্লোগান : " সবকা সাথ, সবকা বিকাশ"। কেউই সাথ দিচ্ছে না। বিকাশ নেই। আছে হা - হুতাশ।
এমন প্রাণঘাতী করোনার হানায় অবশেষে বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) - ১৪।
কঠোর নিয়মের বায়ো-বাবল সুরক্ষার মধ্যেই দলগুলোর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ হানা দিলো। এবং ত দিন কে দিন বেড়ে যাওয়ায় শেষমেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিশ্বে সবচেয়ে বেশি বাজেটের এই জমজমাট টি-টোয়েন্টি ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় ক্ষতির সামনে দাঁড়াতে হয়েছে বিসিসিআইকে।
এই ক্ষতির পরিমাণ কত? -- শুরু হয়েছে হিসেব নিকেশ। মনে করা হচ্ছে , আইপিএল বাধ্য হয়ে বন্ধ করার জন্য দেউলিয়া হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রী পুত্র জয় শাহের ( বোর্ড সচিব) বোর্ড।
‘আইপিএল বন্ধে ক্ষতি কোটি কোটি টাকা"। এটা শিরোনাম হতেই পারে।
এবার চিনা মোবাইল সংস্থা আবার টাইটেল স্পন্সরশিপ নিয়ে টুর্নামেন্টে ফিরে এসেছিল। ৪৪০ কোটি টাকা এবার পাওয়া নিশ্চিত ছিল। গতবার ড্রিম ইলেভেন যা দিয়েছিল - ২২০ কোটি। অর্ধেক।
নানান চুক্তির হিসেব বলছে , আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়ায় ব্রডকাস্টিং এবং স্পন্সরশিপ খাতে প্রায় ২০০০ থেকে ২৫০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডটি ।
হতাশ গোটা দেশের মানুষ। আর বিসিসিআই কর্তারা তো হবেনই। সারা বছরে দেশের ক্রিকেটার এবং ক্রিকেটারদের যাবতীয় খরচ এনে দেয় - এই আইপিএল।
ইপিএলের আচমকা বাতিল হওয়ার কারণে বিসিসিআইয়ের দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ক্ষতি হতে চলেছে বলে জানা যাচ্ছে। আমার হিসাবে এই ক্ষতির অঙ্ক ২২০০ কোটি টাকার বেশি বৈ কম নয়। বোর্ডের এক করতে ফোন বলছিলেন, এর মধ্যে টিভি সম্প্রচারকারী স্টার স্পোর্টসকে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দিতে হবে বোর্ডকে ।
কেন? আসলে চুক্তির আইনি ভাষা বলছে - ভারতীয় বোর্ডের সঙ্গে স্টার স্পোর্টস ইন্ডিয়ার ৫ বছরের চুক্তির পরিমাণ ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা। বার্ষিক হিসাবে যার পরিমাণ হয় ৩ হাজার ২৬৯.৪ কোটি টাকা। মোট ৬০ টি ম্যাচ খেলা হলে প্রতি ম্যাচ বাবদ বোর্ডের অ্যাকাউন্টে ঢুকত ৫৪.৫ কোটি টাকা। সেই হিসাবে হয়ে যাওয়া ২৯ ম্যাচের জন্য বিসিসিআইকে ১৫৮০ কোটি টাকা দেওয়ার কথা স্টার স্পোটর্স। অ্যাডভান্স কতো এবার দেওয়া হয়েছে স্টার স্পোর্টসের পক্ষ থেকে -- সেটা এখনও জানা যায়নি।
টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে শেষ হলে - বোর্ডের অ্যাকাউন্টে আসত ৩২৭০ কোটি টাকা। কিন্তু এখন আর তা হচ্ছে না। তাই বোর্ডের ক্ষতি ১৬৯০ কোটি টাকা।
একইভাবে আইপিএলের টাইটেল স্পন্সর ভিভোর সঙ্গে ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে ভারতীয় বোর্ডের। টুর্নামেন্ট প্রথম রাউন্ডের অনেক আগেই এবার বাতিল হয়ে গেল। সেই কারণেই এখন সেই পরিমাণ অর্থের থেকে অনেক কম টাকা ঢুকবে বোর্ডের ভান্ডারে ।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছাড়াও সহযোগী স্পন্সর- আনএকাডেমি, ড্রিম-১১, ক্রেড, আপস্টকস, টাটা মোটরস- প্রত্যেকে বোর্ডকে ১২০ কোটি টাকা দিয়ে থাকে। সেখানেও অনেক কম টাকাই জুটবে বিসিসিআইয়ের।
এবারের আইপিএল বাতিল হওয়ার আগেপর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটি দলে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
করোনায় আক্রান্তে মৃতদের শবদেহ দাহ করার ছবিতে শিউড়ে উঠেছে আপামর জনতা। আকাশ ভরেছে ধোঁয়ায়। দিল্লি, মুম্বাই , চেন্নাইয়ের আকাশ তাতে অন্য চেহারা নিয়েছে। আর এমন সময় কঠোর বায়ো বাবলে ভরসা করেই এগিয়ে চলছিল আইপিএল।
করোনাভীতি তাড়া করতে থাকে অনেককে। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও ভারত ছেড়ে চলে যান। পরিবারে করোনা সংক্রমণ ঘটেছে শুনে ভারতীয় আম্পায়ার নীতিন মেনন এই বায়ো বাবল ছেড়ে বেড়িয়ে জান। পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। অফ স্পিনার আশ্বিনের পরিবারে একই ঘটনা ঘটে। তিনি আর এবার খেলবেন না বলে চেন্নাইয়ের বাড়ি ফেরেন। কিন্তু অবস্থা সামাল দিয়ে আবার যখন দলে যোগ দেওয়ার জন্য তৈরি -- তখনই এল আইপিএল বাতিলের খবর।
বায়ো-বাবল পরিবেশই সবচেয়ে নিরাপদ দাবি করে টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছিল বিসিসিআইয়ের। কিন্তু এমন সুরক্ষা বলয়কেও ভেদ করে ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার পর টুর্নামেন্ট বন্ধ করে দিতে হল ।
জয় শাহ নিশ্চয়ই জানতেন এখনই আইপিএল বন্ধ করে দিলে সুপ্রিম কোর্টে বুধবার সলিসিটর জেনারেল বলতে পারবেন - এমন টুর্নামেন্টটিও বন্ধ। সেটাই বলা হল। কি তালমিল! সেই তালমিল রেখেই সেপ্টেম্বরে আবার এই বাতিল হওয়া আইপিএল করার কথা ভাবা হচ্ছে। বলা হচ্ছে, টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি তাতে নাকি যুতসই হবে। আসলে আই পি এল শেষ না করে বোর্ড তা বাতিল করে দিলে বিশাল আর্থিক ক্ষতি। তা আটকাতে মরিয়া জয় অ্যান্ড কো।
এটা মে মাস। চার মাস পর -- অক্টোবর মাসে এই দেশেই টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। আগস্ট মাসের মধ্যে অবস্থা সামাল দেওয়া না গেলে টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি।
ভারতীয় বোর্ড নিজেরাই আইপিএল বাতিল করার পরই আলোচনায় চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ইস্যু। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন থেকেই এই টুর্নামেন্টটি আরব আমির শাহিতে করা যায় কিনা তা নিয়ে কথা বার্তা শুরু হয়েছে।
টোকিও অলিম্পিক এবার হবে কিনা তা জানা নেই। তাই আইসিসি'র লক্ষ্য একটাই -- ক্রিকেটারদের সুরক্ষা বজায় রেখে সব টুর্নামেন্ট নির্দিষ্ট সময় শেষ করে ফেলা।
বিরাট কোহলিদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি চালিয়ে যাওয়া।

