Thursday, December 11, 2025

Messi: ভারতে ঘুরতে আসছেন এম এল টেন



কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি ফান ট্যুর তালিকায় 


দীপঙ্কর গুহ ( এডিটর ইন চিফ) : 


মিয়ামি থেকে মেসি আসছেন। ভারতে আসছেন তিন দিনের “ফান ট্যুরে”। কারো কারো জন্য হয়তো এটাকে “ফান্ড ট্যুর”ও বলা যায়। ১৩ তে এসে ১৫ তে টাটা বাই বাই। জুন মাসে বিশ্বকাপ ফুটবলের আগে মেসি ফুটবল পাগল এক দেশে আসছেন। ঠিক যেমন বিগ বি কিম্বা শাহরুখ খানরা #UK কিংবা #US ট্যুরে জান। ওঁরা অবশ্য পারফর্ম করেন, টাকা তোলেন। মেসি পারফর্ম করবেন না। “ ফান ট্যুর” বলে কথা! তিনি আর তাঁর টিমের বাকিরা মোটা অর্থ পাবেন বিদেশী মুদ্রায়। আরকি! 

মেসি এই প্রথমবার কলকাতায় আসছেন না। আগেও এসেছেন। কলকাতার একটা বড় অংশ মারাদোনার প্রেমে আর্জেন্টিনার ভক্ত। এখন মেসি ম্যানিয়াতে মিশে গেছে। কর্পোরেট জগতে খোঁজ করতে গিয়ে বুঝলাম, এই প্যাকেজ ট্যুরে ১০০ কোটির টাকার খেলা আছে। ভালো তো। ব্যবসা তো হচ্ছে। বাংলার কোনও সংস্থা ব্যবসা করছে। বাঙালির খুশি হওয়ার কথা। 

খেলা? ফুটবল খেলা? মেসি খেলবেন না। কিন্তু মেসির পায়ে বল নিয়ে জাগলিং সেটাও দেখা যাবে না? সামনে বিশ্বকাপ। এম এল টেনের পায়ের যে পরিমাণ ইন্সুরেন্স করা আছে ( মার্কিন মিডিয়ার দাবি), তাতে বডি কন্ট্যাক্ট কোনও কিছুই করবেন না। কয়েকটা বলে শট নিতে পারেন। যেমন মারাদোনা এসে করেছিলেন। শটে বল গ্যালারিতে পাঠিয়েছিলেন। সেই বলের দখল পেতে গ্যালারিতে কী হাল হযেছিল - ভুলে যায়নি। 

মেসি যখন ভারতে পা রাখছেন, তখন দেশের প্রথম সারির ফুটবল বিশ বাঁও জলে। #ILeague কবে জানা নেই। #ISL কিভাবে হবে - তার উত্তর উচ্চ আদালতের কক্ষে বন্দি। আর ফুটবলের মক্কা কলকাতা? মোহনবাগান আর সেই ব্রিটিশদের বিপক্ষে প্রথম জাতীয়তাবাদের লড়াই জিতে শিল্ড জেতা ক্লাব নেই। সবুজ - মেরুণ রংটা আছে, কিন্তু সেই জাতীয় ক্লাব আজ নাম বদলে কর্পোরেট কালচারে আবেগের নৌকা ভাসাতে পারে কি? 

ইস্ট বেঙ্গল ইতিহাসের পাতায় ভারী। কোটি খানেক লাল - হলুদ ব্রিগেড সাপোর্টার ব্যর্থতায় গলা ডুবিয়ে বসে। সাদা - কালো শিবির সেই কবে “ভাইজান” সলমন খানের উপস্থিতিতে জেগে উঠেছিল। এখন “ফিফা” এই ক্লাবকে চেনে অন্য ইস্যুতে। বিদেশি ফুটবলদের অভিযোগে শাস্তির কোপে। আমি লিখছি এসব - মেসির কি বা আসে যায়! যারা মেসি - ফুটবল নিয়ে ব্যবসায় মাতছেন , তাদেরইবা কি আসে যায়? এ তো ফান ট্যুর! 


মিয়ামি থেকে দুবাই। তারপর কলকাতা। কলকাতা থেকে তেলেঙ্গানা। হায়দরাবাদ থেকে মহা রাষ্ট্রতে। ক্রিকেট পীঠস্থান মুম্বইয়ে। বাণিজ্য নগরী। তারপর দিল্লি। ভারতের ইতিহাসের পাতায় থাকা রাজধানী (বৃটিশ জামানায়) থেকে শুরু, আর প্রবল বায়ু দূষনের রাজধানী দিয়ে যাত্রা শেষ মেসির। ভালো লাগতো যদি আয়োজকরা উত্তর - পূর্বাঞ্চলে মেসিকে নিয়ে যেতেন। এখন তো দেশের ফুটবল ফসল ওই দিকেই বেশি। 


ভাবছিলাম উদ্যোক্তারা কতোটা চৌকষ! কলকাতায় তৃণমূল সরকার। দেশের সবচেয়ে আলোচিত মূখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেসিকে “মিট” করবেন। “ পেলে” কে পাশে পেয়েছিলেন। এবার মেসি। মাঝে মারাদোনা তো ছিলই। মুম্বই থেকে নাকি কিং খান আসছেন ১৩’র আসরে। মেসি - শাহরুখ। দারুন ফ্রেম। প্রচার মাধ্যম আর কর্পোরেট ক্লায়েন্টদের আর কী চাই! কোন সময়ে এই ফান ট্যুর? যখন প্রতি মুহুর্তে তৃণমূল #SIR, #votechori, কেন্দ্রের বঞ্চনা, বাংলার অপমান নিয়ে চোয়াল কষা লড়াই করছে। সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় মমতা। মমতা - মেসি এক ফ্রেমে: কি রাজনৈতিক বার্তা যাবে আম জনতার মাঝে? 

হায়দরাবাদ মেসি

এরপর তেলেঙ্গানা - হায়দরাবাদ। ভারতীয় ফুটবলের ইতিহাসের পাতা উল্টালে একের পর এক ফুটবলারদের নাম উঠে আসবে। থঙ্গরাজ, কান্নান, রহিম, নুর ,  বলরাম, ধনরাজ, নায়িমউদ্দিন, সাব্বির আলী,  হাবিব, আকবর আর আর এখনকার জাতীয় দলের সুপারস্টার সুনীল ছেত্রী। অতীতের তালিকাটা লম্বা। বরঞ্চ হালফিলে হায়দ্রাবাদ মানেই ক্রিকেটারের ছড়াছড়ি। হায়দ্রাবাদ মানে ব্যাডমিন্টন প্লেয়ার এর ভিড়। হায়দ্রাবাদ মানে ভারতীয় টেনিসের কুইন সানিয়া মির্জা। সেই শহরে মেসি। হায়দ্রাবাদি বিরিয়ানি খাবেন এম এল টেন? নাকি নবাবের শহরে নবাবজাদার পোশাকে দাগ লাগাবেন। এইটা যে সরকার এখন কংগ্রেসের দখলে। অর্থাৎ ইন্ডিয়া ব্লকের তৃণমূলের পর কংগ্রেস রাজ্যে মেসি। রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অপেক্ষায় আছেন মেসির পাশে দাঁড়ানোর জন্য। ছবির অপরচুনিটি থাকছে। অনুমুলা রেভান্ত রেড্ডি মন্ত্রিসভায় এখন মন্ত্রী প্রাক্তন জাতীয় দলের ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এম এল জয়সীমা - ভি ভি লক্ষ্মণ - মহম্মদ সিরাজ। আর এই হালফিলের তিলক ভার্মা। প্রমীলা ক্রিকেটের নায়িকা, দেশের প্রাক্তন নেতা দিদি - মিতালী রাজ। 

এই শহর এখন ধর্ম আর জাতভেদের লড়াইয়ে টালমাটাল। 


তৃতীয় রাজ্য মহারাষ্ট্র। সরকার #NDA এর। বলা বড় সেখানে বিজেপিরই দাদাগিরি চলে। শিবসেনা ভেঙ্গে দু'টুকরো হয়ে আধা শিবসেনা হয়ে রয়েছে সরকারের সাথে। এই শহর সুনীল গাভাস্কার- সচিন তেন্ডুলকার -রোহিত শর্মাদের শহর। ক্রিকেট নগরী। সেখানে নাকি মেসির সঙ্গে শচীন থাকবেন। এমনকি ঝাড়খন্ড থেকে চলে আসবেন মাহি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি! বলিউডের আতুরঘর আর রাজপ্রাসাদ দুটো মিলেই এই শহর। শুনছি সেখানে নাকি মেসি রাম্পে হাঁটবেন অর্থাৎ ফ্যাশন শো। এমন তারকা উল্লাসে আমচি মুম্বই কি শহরের “গডফাদার” বাল থাকার পরিবারকে দেখতে পাবে? শহরের মিউনিসিপ্যাল ইলেকশনে মেসি এই ফান ট্যুর প্রভাব ফেলবে? সময় বলবে। 

মুম্বই মেসি


শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মেসি! স্থান: দিল্লি। সেই দিল্লি - যেখানে বিস্ফোরণে মৃত্যু হয় বারবার? সেই শহর - যেখানে গ্যাস চেম্বারে ঢোকার মাস্ক পড়ে সাংসদরা লোকসভা - রাজ্যসভায় ঢোকে? সেই শহর - যেখানে প্রবল বায়ু দূষনের মানুষের আয়ু শুষে নিচ্ছে। মেসি নিশ্চয়ই জানেন এইসব। তিনি তবুও আসছেন। আশায় আমি বুক বাঁধছি - ভারতীয় ফুটবল ফিফা রঙ্কিংয়ে যতোই পিছিয়ে ১৩৩ তে যাক, দেশের ফুটবল পুরো দমে শুরু হবে। আইএসএল হবে। আই লিগ হবে। আমরা একদিন বিশ্বকাপ খেলবো। ঘুমন্ত ফুটবল দৈত্য জাগবে যে…. ২০২৬ এর বিশ্বকাপের আগেই মেসি দেশের চার শহরে পা ফেলে গেলেন যে! 

মেসি ম্যানিয়া দিল্লি

Wednesday, December 10, 2025

Cricket : ছাত্র ভর্তিতে ক্রিকেটের হাতছানি!


দীপঙ্কর গুহ ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট) : 

কতো কিছু আরও দেখা বাকি!!!

আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার স্কুল বাছাই হয়েছিল মাধ্যমিকে ছাত্রদের ভালো রেজাল্টের পরিপ্রেক্ষিতে। হুগলি ব্রাঞ্চ গভমেন্ট স্কুলে পড়তাম। ক্লাস টু থেকে টুয়েলভ। সেই সময় স্কুলে ভর্তি করার মাপকাঠি ছিল, ভালো পড়াশোনা। ভালো ছাত্র হওয়ার জন্য বাবা মা'রা স্কুলে ভর্তি করতেন। তা বলে কি স্কুলে সারাক্ষণ পড়াশোনাই হত? না। ইন্টার ক্লাস ফুটবল হত। ইন্টার স্কুল ফুটবল হত। পরে ক্রিকেট শুরু হল। এমনকি ইন্টার স্কুল থামস আপ ক্রিকেটেও আমরা খেলেছি। কিন্তু স্কুলকে পড়াশোনার পাশে ক্রিকেটে বা ফুটবলে খেলার কথা কখনো ছাত্র ভর্তির প্রচারে ব্যবহার করা হয়নি। 

এখন! 

সিনিয়র সিটিজেন হয়ে দিনে বিভিন্ন সময় হাঁটাটা এখন রোগীর পথ্য হয়ে গেছে। এমনই এক হাঁটা পর্বে দুটো লাইটের পোষ্টের মাঝে ঝুলতে থাকা এই বিজ্ঞাপনটা নজরে পড়েছিল। এরকম পোস্টার আছে কলকাতার অলিতে গলিতে। আর ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাপারে শহর-জেলা কেউ পিছিয়ে নেই। কিন্তু ছাত্র ভর্তির এমন বিজ্ঞাপন এখনও দেখিনি। 

বিজ্ঞাপন ব্যানারে উপরে সবকিছু বড় বড় করে লিখলেও তলায় বাঁদিক ঘেঁষে এক ক্রিকেটারের ইমেজ দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর পুরোটা পড়ার পর মোবাইলে ছবি তুলেছিলাম। হ্যাঁ - তার উদ্দেশ্যও ছিল। সেই উদ্দেশ্য নিয়েই এই পোস্ট লিখছি। 

বাবা-মা'রা তাহলে আজকাল স্কুল বাছাই করে ভর্তি করেন - শুধু পড়াশোনার জন্য নয়! এই প্রচারে বুঝলাম ক্রিকেট সত্যিই আমাদের ধর্ম শুধু নয় আগামী দিনের সবচেয়ে আকর্ষণীয় পেশা হতে চলেছে। তাইতো স্কুলের শিক্ষক শিক্ষিকারাও মনে করছেন, #school #CAB টুর্নামেন্ট খেলে -- এটা জানিয়ে রাখলে আরো বেশি করে ছাত্র ভর্তি হবে! 

#mayorscup চলছে। কলকাতা আর পার্শ্ববর্তী স্কুলগুলো অনূর্ধ্ব -১৩, অনূর্ধ্ব - ১৫ বিভাগের এইসব টুর্নামেন্টে খেলে। বিগত বেশ কয়েক বছর ধরে শুনছি, স্কুলের ছাত্র না হয়েও ( স্কুল সিএবি টুর্নামেন্ট খেলে এটা প্রচারে রাখতে) শুধু ক্রিকেট খেলার জন্য ভর্তি হওয়া যায় বিভিন্ন স্কুলে। বেশ মনে আছে আমাদের সময় উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে গেলে কলেজে একটা স্পোর্টস কোটার ব্যবস্থা ছিল। তাতে অনেকে ভালো সরকারি কলেজে পড়ার সুযোগ পেত। এই চল এখনো আছে বলেই মনে হয়। এটা ভালো। 

এক নামী স্কুলের ছাত্র ভর্তির হোর্ডিং ।

কিন্তু জীবনের শুরুতেই স্কুলের বিজ্ঞাপনে কেবলমাত্র একটি টুর্নামেন্টের নাম উল্লেখ করে ভর্তি বাড়ানোর ভয়ানক এই প্রবণতা কি মেনে নেওয়া যায়? ছাত্র বা ছাত্রীদের স্কুলে চরিত্র গঠন, শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য - খেলাধুলা করার অবশ্যই জরুরি। গেম টিচার নিশ্চয়ই থাকেন। আমাদের সময় তো থাকতেন। রাজ্য স্কুল স্পোর্টস সংস্থা আজও আছে। কিন্তু সিএবির মেয়রস কাপ খেলে এই স্কুল, এমন প্রচার দিয়ে নভেম্বর - ডিসেম্বর মাসে ( ভর্তি মরসুমের আগে) এমন বিজ্ঞাপন চোখে পড়েনি। 

আমার প্রশ্ন, সারা বছর এই স্কুলে ক্রিকেট প্রশিক্ষণ চলে তো? এই মেয়র্স কাপ ছাড়াও বাকি অন্য সব স্কুল প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়তো? যদি হয়ে থাকে, তাহলে কি ছেলেকে ভর্তি করার সময় এই ক্রিকেট প্রশিক্ষণের ব্যাপারে বাড়তি টাকা দিতে হয়? 
রোহিত - বিরাটকে আজকে খুদেরা চেনে..


কোনও সন্দেহ নেই , সেই কপিল- সানিদের থেকে আরম্ভ করে শচীন- সৌরভ- রাহুল - কুম্বলে - সেওয়াগদের জামানা টপকে এখন রোহিত - বিরাট - গিল - বুমরাহদের দাপট চলছে। ভারতে এখন ক্রিকেট যদি ধর্ম হয়, তাহলে কর্মও বটে। কাজেই কোন স্কুলে ভর্তি হলে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট শিক্ষা পেলে ক্ষতি কী! শচীন - বিনোদ কাম্বলিরা তো সারদাশ্রম স্কুল থেকেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। কিন্তু একাধিকবার জীবনে বিভিন্ন সময় পেশার তাগিদে এই স্কুলের বিভিন্ন শিক্ষক, এমনকি খোদ রমাকান্ত আচরেকর স্যারের সাথে কথা বলেও বুঝেছিলাম - এই ধরনের বিজ্ঞাপন দিয়ে কখনো ছেলে ভর্তি হয়নি। বেশি ক্রিকেট ম্যাচ খেলা যাবে, এই কোচের তত্ত্বাবধানে থাকা যাবে - এসবের জন্যই শচীনরা স্কুলে ভর্তি হয়েছিলেন। 

নমুনা দেওয়া রইলো। প্রমাণ সাজিয়ে দিলাম। এবার আপনার মতামত জানাতে পারেন। থাকতে পারে নানান প্রস্তাব। আজও সৎ মানসিকতা নিয়ে স্কুল সমাজ গড়ার প্রথম ময়দান। আপনি কী বলেন??✍️ 

#WestBengal #SchoolAdmissions #cricketassociationofbengal #schoolcricket #everyonefollowers #followerseveryone #cricketcoaching #schoolstudents #স্কুলজীবন   
#everyoneシ゚ #followerseveryonehighlights #topfansfollowers #EducationForAll #EducationDepartment #parentsupport #parents #teacher 

Monday, December 8, 2025

DGTalk : বাংলার কোটি টাকার আইপিএল ক্রিকেটাররা ব্যর্থ, বাংলার বিদায়!





প্রথম সারির প্রচারমাধ্যম শুধু সাফল্যের কথা লেখে। ব্যর্থতার কথা লেখেও না, ছাপেও না - বলেও না। কিন্তু এসব প্রচার মাধ্যম প্রতিনিধিরা হয়তো ভুলে গেছে সেই কথা গুলো: ব্যর্থতাই সাফল্যের আগের ধাপ। 

আমি বাংলার সাফল্য চাই। আজ না হলে কাল আসবেই। আলোচনা আর সমালোচনা - সমানভাবে সামলাতে হবে। #CAB তে অনেক প্রাক্তন ক্রিকেটার আছেন, ব্যর্থতার বাধা সরিয়ে তাঁরা একাধিকবার সফল হয়েছেন। #cricketassociationofbengal সংস্থায় এঁদের অনেকেই এখন প্রশাসকের ভূমিকায়। জানি আর মানি, তাঁরা আর মাঠে নেমে খেলবেন না। কিন্তু যাঁরা খেলছেন, তাঁদের উপর লাগাম আছে তো? নাকি, "দায়িত্ব ভাগ করা আছে - সকলে বুঝে নেবে" - এই মানসিকতা দেখিয়ে, কেউ বিশেষ কারণে "অপ্রিয়" হতে চান না ! যা যা কথা কানে আসছে, আগের লাইনটা আমার কাছে জোরালো হয়ে উঠছে। 

এসব কথা আপাতত সরিয়ে রাখি।

নভেম্বর টপকে ডিসেম্বর মাস পড়েছে। এরই মধ্যে বাংলার পুরুষ দল কি মহিলা দল - একের পর এক ব্যর্থতার খবরই আসছে। অনূর্ধ্ব ২৩ এর ছেলেরা ফাইনালে পৌঁছতে পারেনি। আর ২ টো ম্যাচ জিতলে ট্রফি ছিল! কোচ ঋদ্ধিমান সাহা। জানি সঙ্গে উৎপল চ্যাটার্জি, দেবব্রত দাসরা আছেন। কিন্তু সকলে তাকিয়ে ছিলাম এই ঋদ্ধির দিকেই। মোক্ষম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। মুম্বই থেকে ঘরে ফেরা, খালি হাতে। এরপর আরও কী কী জানবো, জানি না। 


এরপর, অনূর্ধ্ব ২৩ মেয়েদের পালা। প্রাথমিক পর্বের বাধা টপকে নকআউট পর্বে পৌঁছানোর আগে গ্রুপে বাংলা ছিল শীর্ষস্থানে। তারপরই প্রথম ম্যাচেই বিদায়। আর হরিয়ানার কাছে। এই দলের কোচ ঋতুপর্ণা। গোটা দেশে প্রমীলা কোচ হিসাবে তাঁর একটা সুনাম আছে। কিন্তু যা যা খবর পেয়েছি তাতে বুঝেছি তিনি বড্ড বাংলার "দিদি"দের ভক্ত। এক দিদি তাঁর "গডমাদার" প্রায়। সাফল্য - কিংবা বার্থডে সেলিব্রেশনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় অনবরত ছাড়েন। কিন্তু ব্যর্থতার দিন? প্রচার মাধ্যম জানতে চায় না বলে কিছুই বলেন না। আমার প্রশ্ন, তিনি কি কারোর কাছে এই ব্যর্থতার জন্য দায়বদ্ধ ? বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে? এই মেয়েদের অভিভাবকদের কাছে? কারণ এখন, সকলে চোখের সামনে " রিচা ঘোষ" কে দেখছে। WPL দেখছে। মেয়েদের বিশ্বকাপ জেতার পর লাখ-লাখ, কোটি-কোটি টাকার আর্থিক পুরস্কার পেতে দেখেছে। চাকরি পেতে দেখছে। বাংলার সকলে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। শতকরা ৭৭ ভাগ জেলার মেয়েরা। একরাশ স্বপ্ন নিয়ে ওরা ঝুলানকে টপকে মান্ধনা - হারমনপ্রীত - জেমাইমা - শেফালি - রিচা হতে চায়। 

আর এবার বিদায়ের পালা সিনিয়র বাংলা দলের। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ক্রিকেটের খেলা। দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি নিজে এখনও যতটা ফিট, তাতে ব্যাট - বল হাতে নামলে হয়তো এই কম ওভারের খেলায় ম্যাচের নায়ক হতেন। কিন্তু তাঁর দল ব্যর্থ। গ্রুপ সিতে আট দলের লড়াইয়ে, এখন পর্যন্ত পয়েন্টের তালিকায় বাংলার স্থান ৫ নম্বরে। এই প্রতিবেদনের সাথে সেই গ্রুপের অবস্থান দেওয়া রইল একবার দেখে নিতে পারেন। প্রথম দুই দলে জায়গা না মেলায়, গুডবাই নিতে হল। 
মহম্মদ সামি ১০ কোটির ক্রিকেটার! 

এই দলে এমন ৫ জন ক্রিকেটার আছেন যাঁরা #ipl এ ১০-৩ কোটির প্লেয়ার! চারজন বোলার! একজন ক্রিকেটার আছেন যিনি ৫ কোটি টাকায় আইপিএলে একটি দলে জায়গা ধরে রেখেছেন। অথচ অভিষেক শর্মা -- ঈশান - রিঙ্কুরা যখন রান করেন তখন তিনি কী করেন সেটা কোচই বলতে পারবেন। সামি - মুকেশ - আকাশ - শাহবাজ দলে থাকলে টস জেতার পর দল আগে ফিল্ডিং নেবে। বাংলাও ঠিক করেছিল। কিন্তু এমন বোলারদের পিটিয়ে ১৯১ রান! ১৫০ রানে বেঁধে রাখার মানসিকতার ঝাঁজ কোথায় উবে গেল! এতো সেই ফুটবলের নীতি কথা। ডার্বি ম্যাচে বাঙালি কোথায় - যে ইজ্জত রুখতে মাঠে লড়বে! 
দুটি ম্যাচে ৪ উইকেট নিয়েও দল জেতে নি। 

বাংলা শিবির বারবার দাবি করছিল - এই দলের পেসাররা ভারতের সেরা । সামি নেতৃত্ব দিচ্ছিলেন। হরিয়ানা তাদের তারকা ক্রিকেটারদের বাদ দিয়েই খেলছে। এই দল ওভার পিছু প্রায় ১০ রানের কাছাকাছি তুলে ১৯১ রান স্কোর বোর্ডে ঝুলিয়ে রাখে। আর বাংলা? ১৬৭ রানে অলআউট। হরিয়ানার কাছে পরাজয় ২৪ রানে। সেই বলে - ব্যাটে বেসামাল। এটাও ব্যর্থতা। 

হরিয়ানা - পঞ্জাব নক আউটে https://x.com/DipankarRish/status/1998008181134589962?t=jm2Y-8LomYUCzfKuHdguOw&s=19


হরিয়ানা। দেশের প্রাক্তন অধিনায়ক - অলরাউন্ডার কপিল দেবের রাজ্য। '৮৩ বিশ্বকাপের অধিনায়ক এখন হরিয়ানার -- না কোচিংয়ে , না প্রশাসনে-- কোথাও বিরাজ করেন না। তবুও হরিয়ানা এগিয়ে যাচ্ছে। তা সে ছেলেরাই হোক আর মেয়েরা। ভারতের ধনী রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রথম সারিতে এই রাজ্য পড়ে না। কিন্তু দেখুন, রাজ্যের প্রতিভা ঠাসা ক্রিকেটারদের তারা কিভাবে এগিয়ে নিয়ে চলেছে। খোঁজ নিয়ে বুঝলাম সেখানে, পাইয়ে দেওয়ার কোন "খেলা"র চল নেই। 


এখনও সময় আছে। এরপর বিজয় হাজারে ট্রফিতে খেলা বাকি। রনজি ট্রফির পার্ট টু আছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেদের জন্য। ঋদ্ধিমান - এর সামনেও এমন কিছু টুর্নামেন্ট আছে। আমার দৃঢ় বিশ্বাস, অনূর্ধ্ব ২৩ মেয়েদের নিয়ে আরও এগুবে পরের টুর্নামেন্টে। কিন্তু এবার ঝুলন গোস্বামী ( মেয়েদের মেন্টর) কে সঙ্গে পেয়ে, সিনিয়র দলে খেলা মেয়েদের পেয়ে -- যে সুযোগ ছিল - তা কিন্তু হাতছাড়া হল। গতবার মেয়েরা দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর রানার আপ হয়েছিল। যা খবর পাচ্ছি, একমাত্র চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব -১৫ দল এমন কোচের হাতে এবার দেওয়া হয়েছে, তাতে দায়িত্বে থাকা কর্তারা টুর্নামেন্ট শুরুর আগেও একে অপরের অভিযোগ শুনতে-শুনতে জেরবার। তারসঙ্গে আছে, "দিদিদের" দরবার! পছন্দের মেয়েদের নিয়ে দল গড়ার অভিযোগ বিস্তর। এই দল, এবার প্রাথমিক পর্ব টপকালে খুশি হব। 

আর সেই সব চ্যাম্পিয়ন মেয়েদের এবার তো অনূর্ধ্ব ১৯ দলে জোট বেঁধে থাকার কথা। শুনলাম, সেখানে প্রাক্তন জাতীয় দলের এক ক্রিকেটার এবার "বিশেষ ডাক পেয়ে" অন্য রাজ্য ( সাফল্য পেয়েছিলেন বলে বোর্ডের রেকর্ড বলছে না) ছেড়ে অনেক আগেই দল নিয়ে কাজ করছেন কোচের ভূমিকায়। মাঝে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে একটি দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হয়ে যুক্ত ছিলেন। ল্যাপটপ আর ফোনে এখন সকলের আসক্তি। তিনিই নাকি ব্যতিক্রমী নন। 

এরসঙ্গে একটি ঘটনা শুনে বিচলিত হয়ে আছি। মেয়েদের দলে ( অনূর্ধ্ব ১৫ ) থাকা এক বিস্ময়কর প্রতিভা এক চায়নাম্যান ক্রিকেটারকে মেন্টর সিনিয়র টিমে নিয়ে যান। সেই টিমের সঙ্গে থেকে নিজের বোলিং ছন্দ খুইয়ে বসেছে জেলার গরীব ঘরের গর্বের মেয়েটি। সে আছে অনূর্ধ্ব ১৯ দলে। সিনিয়র দলে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার ভবিষ্যত? 

এসব জেনে আর শুনে ভাবছিলাম - হয়তো অতিরঞ্জিত। কিন্তু একের পর এক দলের হার, বাধ্য করলো কিছু কথা লিখতে। জনি না, আগামী দিনে সাফল্যের কথা লিখতে পারবো কিনা। এটুকু বুঝে গেছি, খুদেদের ক্রিকেটে এন্ট্রি ফি ১০০ থেকে বেড়ে ১৫,০০০ টাকা হলেও, বাংলার ক্রিকেট - ক্রিকেটার - ক্রিকেট প্রশাসন আছে সেই তিমিরেই....✍️🫵🏻😌। 

#BCCIDomestic #BengalCricket #BengalCricketTeam #cricketupdates #everyonehighlightsfollowers #followerseveryonehighlights #highlightseveryone #everyonefollowers #pinnaclenews #dipankarguha✍️ Bengal Pro T20 League Bengal Cricket Premi #JhulanGoswami #richaghosh #bcciwomen

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...