দীপঙ্কর গুহ
নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে কথাগুলো জানালেন দক্ষিণ রাজ্যের এক ক্রিকেটার। " এই করোনা মহামারীতে সুদে টাকা ধার করে সংসার টানছি। চাকরি পাইনি।জানি বোর্ড রঞ্জি ম্যাচ ফি ঠিক আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। ইনভয়েসে সই তো অনেক আগেই করে দিয়েছি। ছ'মাস হতে চলল একটা টাকাও আসেনি। জানি না কবে পাবো। "
এইধরনের বোর্ডের ম্যাচ খেলে ম্যাচ ফি না পাওয়ার কথা দক্ষিণ থেকে উত্তর, মধ্য আর পশ্চিম, পূর্ব আর উত্তর -পূর্ব --- সবদিক থেকে শুনতে হল। এমন রাজ্য সংস্থাগুলোর কোটি-কোটি টাকা পাওনা হয়ে গেছে। কেন এমন হল? তা জানতে হোয়াঢসঅ্যাপ করলাম বোর্ডের অপারেশন ম্যানেজার প্রাক্তন জাতীয় ক্রিকেটার সাবা করিমকে। উনি দেখেছেন প্রশ্নগুলো। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও উত্তর দেননি।
মনে পড়ে গেল সেপ্টেম্বরের কিছু ঘোষণার কথা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচিত হয়েই ক্রিকেটারদের নিশ্চয়তার কথা শুনিয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন এই সফল অধিনায়ক বলেছিলেন, স্থানীয় ক্রিকেটের বেতন কাঠামো উন্নত করা হবে। দেশের হয়ে খেলা ক্রিকেটারদের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি'র ব্যবধান কমবে। অর্থাৎ পেমেন্ট বাড়বে। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউন সভাপতির দেওয়া আশ্বাসকে মিথ্যা বানিয়ে দিচ্ছে প্রতিটি দিন। বাড়তি আয় দূরের কথা, নিজেদের প্রাপ্য অর্থই এখন পাননি ক্রিকেটাররা।
এখন রঞ্জি ট্রফি ও মুস্তাক আলি ট্রফি খেলার পর প্রাপ্যটা ম্যাচ ফি এখনও পাননি অনেক ক্রিকেটার। বেশ ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে জেনেছি, মার্চ মাসে শেষ হওয়া ( রঞ্জি ফাইনাল হয়েছে) প্রতিযোগিতার অর্থ না পেয়ে লকডাউনে বিপদে পড়েছেন অনেক ক্রিকেটার। রঞ্জি ট্রফিতেএখন একদিনের পেমেন্ট প্রায় ৩৫ হাজার টাকা। আর মুস্তাক আলি ট্রফিতে ম্যাচ প্রতি মেলে ১৭,৫০০ হাজার টাকা। রঞ্জি ট্রফির পুরো মরসুম খেললে প্রায় ১৩ লাখ টাকা মতো আয় করার কথা ক্রিকেটারদের। আর ফাইনাল পর্যন্ত খেললে প্রায় তা ২৫ লাখ হয়ে যায়। কিন্তু এবার অনেক ক্রিকেটারই সেটার কানাকড়িও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি।
শোনা যাচ্ছে - মুম্বই, মহারাষ্ট্র, বাংলা ও ত্রিপুরা এবং আরও অনেক দলের ক্রিকেটাররা এখনো ম্যাচ ফি পাননি। মহারষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা তো আরও জটিল । কোনো কারণ ছাড়াই নাকি এই রাজ্য সংস্থাকে অর্থ দিচ্ছে না বিসিসিআই! নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানিয়েছেন, '২০১৯/২০ মৌসুমের ম্যাচ ফি এখনো পাইনি। গত তিন মরসুমের লাভের অংশও পায়নি।' অন্য ক্রিকেটাররাও এটার সত্যতা স্বীকার করেছেন।
এখন সিস্টেম হল, বোর্ডের যে কোন টুর্নামেন্ট শেষ হলেই অংশগ্রহণকারী রাজ্য সংস্থা ক্রিকেটারদের দিয়ে ইনভয়েস সই করায়। সফট্ কপি যায়। আবার হার্ড কপিও যায়। তা খতিয়ে দেখে, বোর্ড ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি পাঠায়।
বোর্ড থেকে ম্যাচ ফি ছাড়াও বিসিসিআইয়ের লভ্যাংশের ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু ২০১৬/১৭ মৌসুম থেকে এটা পাচ্ছেন না ক্রিকেটাররা। লকডাউনে আর্থিক দুরবস্থার কথা জানিয়ে এক ক্রিকেটার বলেন, 'এ অর্থ লকডাউনে অনেক কাজে লাগত। বিসিসিআই ও রাজ্য সংস্থাগুলোর বোঝা উচিত আমরা এ বছর বাইরে খেলে আয় করার সুযোগ হারিয়েছি। আইপিএল হওয়ার কোনো নিশ্চয়তা নেই। আর অনেক ক্রিকেটারই এখানে সুযোগ পায় না। ফলে বেশিরভাগকেই ঘরোয়া ম্যাচ ফির ওপর নির্ভর করতে হয়।'
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধামাল নাকি বিষয়টিকে " টেকনিক্যাল " ত্রুটি বলছেন। ওঁনার দাবিঃ 'এটা হয়তো কোনো টেকনিক্যাল সমস্যার কারণে হয়েছে, আমরা হয়তো কিছু রাজ্য সংস্থা থেকে ইনভয়েস পাইনি। এর মাঝে কিন্তু রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া সৌরাষ্ট্র ও রানার্সআপ বাংলাকে চ্যাম্পিয়ন-রানার্স আপ হওয়ার পুরস্কারের অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। রঞ্জির ফাইনাল মার্চে হয়েছে আর ওটাই ছিল ঘরোয়া ক্রিকেটের শেষ খেলা। হয়তো ইনভয়েসের সত্যতা যাচাইয়ে কোনো সমস্যা হয়েছে, না হলে আমরা সব ক্রিকেটারের টাকা পরিশোধ করে দিয়েছি।'
কিন্তু বাস্তবের ছবি অন্য। উত্তর পূর্ব ভারতের এক রঞ্জি ট্রফিতে খেলা সিনিয়র রাজ্য সংস্থার সচিব জানালেন, " বয়সভিত্তিক টুর্নামেন্টের টাকা, রাজ্য সংস্থার প্রাপ্য টাকা এখনও পাইনি। ভাবছি, বোর্ড সভাপতির সঙ্গে সরাসরি কথা বলবো।"
বিসিসিআই তো আর আদালতের জটিলতার জন্য থমকে নেই। সংস্থার স্টাফরা কোভিডের কম্পনে মুম্বাইতে ঘরে বসে কাজ সারছেন। সকলের মাইনে হচ্ছে নিয়মিত। কোহলি এন্ড কোং গ্রেডেশন অনুযায়ী নিয়মিত কোটি টাকা পাচ্ছেন। চিফ কোচ রবি শাস্ত্রীসহ বাকি সাপোট স্টাফরাও পাচ্ছেন। তাহলে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া ক্রিকেটাররা কেন মাসের পর মাস এমন অনাদরে কেন?

