দীপঙ্কর গুহ
খবরটা পড়ার পর থেকেই মনে হিজিবিজি সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। কী সেসব-তা একটু পরে শেয়ার করছি। তার আগে ছড়িয়ে পরা খবরটা দেখি।
খবরটা কী?
সেটা হল,এক ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তার দেশপ্রেমী ভাষণ।
লাদাখে ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনার উপর চিনের আক্রমণে শহিদ ভারতীয় ২০ জওয়ান। ভারত-চিন সেনা সংঘর্ষের এই ঘটনার পর দেশজুড়়ে চিনা পণ্য বর্জনের ডাক উঠেছে। এবার সেই নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, " আগামী দিনে বোর্ড কোনও সংস্থার সঙ্গে চুক্তি করলে দেশের স্বার্থ ও দেশবাসীর স্বার্থের কথা আগে মাথায় রাখা হবে। সীমান্তে ভারতীয় সেনার উপর কাপুরুষোচিত আক্রমণের ঘটনার পর আগামী দিনে যেকোনও চিনা সংস্থাকে বর্জন করার পক্ষে বিসিসিআইও। চিনা সংস্থার পরিবর্তে বোর্ড ভারতীয় সংস্থাদের গুরুত্ব দেবে।"
আইপিএলের চিনা এন্ডোর্সমেন্ট নিয়ে ধুমাল তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেন, 'আগামী দিনে কোনও সংস্থার সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে ভারতীয়দের স্বার্থ কতটা রক্ষিত হচ্ছে সেটা বিশেষভাবে দেখতে হবে। চিনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি বোর্ডের আগের সদস্যরা করেছিলেন। ফলে এখন এই চুক্তিকে সম্মান জানাতে হবে। চিনা সংস্থার থেকে বোর্ড টাকা পেলে সেই অর্থ ট্যাক্সের মাধ্যমে দেশের কোষাগারে যাচ্ছে। এক্ষেত্রে এটা ভারতের কাজেই লাগছে। এই বিষয়েই ভারতের টাকা আগামী দিনে চিনের স্বার্থরক্ষা করছে নাকি চিনের টাকা ভারতের স্বার্থ রক্ষা করছে সেটা বুঝে নিতে হবে।'
এমন ঘোষণা পর তথ্য ঘাঁটলাম। জানতে পারলাম, বছর দুই আগে অর্থাৎ ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেগা ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভো চুক্তিবদ্ধ হয়। এদের প্রোডাক্ট স্মার্টফোন।
এটাও জানা গেল, ভারতীয় ক্রিকেটে কোনো চিনা সংস্থা আগেও স্পনসর ছিল। চলতি বছর ধরে আগামী আরও তিন বছর আইপিএলের টাইটেল স্পনসর ভিভো।
এছাড়াও তথ্য বলছে, ভারতীয় জাতীয় দলে চিনা কোম্পানি ভিভোর আরেকটি সংস্থা ওপো টাইটেল স্পনসর ছিল।২০১৭-১৮ ও ২০১৮-১৯ ক্রিকেট মরসুমে দুবছর এই সংস্থার জাতীয় দলের মূল স্পনসর ছিল। বর্তমানে মূল স্পনসর হিসেবে নতুন সংস্থা বাইজুস-এর সঙ্গে ভারতীয় জাতীয় ক্রিকেট দল চুক্তিবদ্ধ।
এবার ফিরি মূল প্রসঙ্গে। এইসব কথা বোর্ড কোষাধ্যক্ষ বলছেন কেন? কেন বোর্ড সচিব- দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র জয় শাহ বলছেন না? কেন বোর্ড সভাপতির মুখে শোনা যাচ্ছে না?
বোর্ড সূত্র বলছে, লোধা কমিশনের গাইড লাইন মতন- বোর্ড সচিব জয় শাহ নাকি তাঁর কার্যকালের মেয়াদ আপাতত শেষ করে ফেলেছেন। তাই সরকারি বক্তব্য তিনি রাখতে পারছেন না। সভাপতি সৌরভ গাঙ্গুলিরও এই অবস্থা হবে জুলাইতেই। এরপর?
বোর্ডের আইনজীবীরা নাকি ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে। বোর্ডের আবেদন হল, বহুদিন পর যাবতীয় জটিলতা কাটিয়ে দেশের ক্রিকেট সংস্থাটি কাজ করা শুরু করেছে। এর গতি মসৃণ রাখতে সৌরভ-জয় জুটিকে কাজ করার আরও সময় দেওয়া হোক। কোর্টে শুনানির জন্য যে লিস্টিং করা হয়, তাতে এখনও আসেনি এই আবেদন। করোনা মহামারিতে কাঁপছে দিল্লি। কাঁপন দেশের বড়বড় শহরেও। এমন অবস্থায় অন্যান্য অনেক পরিষেবার মতন বিঘ্নিত আইনের পরিষেবাও। চালু হয়নি সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজকর্ম। কিন্তু ভার্চুয়াল কোর্ট চলছে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হচ্ছে না।
বোর্ডের তরফে সত্যিটা আদৌ বলা হচ্ছে কি? শুনানির জন্য উদ্যোগ তো বোর্ডকেই নিতে হবে। তা কি নিচ্ছে ? নাকি " বিচিত্র পন্থা " নিয়ে চলার ভাবনা?
কী হতে পারে এই " বিচিত্র পন্থা"?
লোধা কমিশন কী বলেছে? টানা ছ'বছর দায়িত্বে থাকলে, তিন বছরের "কুলিং অফ" পিরিয়ডে যেতে হবে। এটা জেনেই ২০১৯ এ বোর্ডের বার্ষিক সভায় " কতো কান্ডের" পর সৌরভ সভাপতি হন। তাড়াতাড়ি সরতে হবে জেনেও বোর্ড সচিব হন জয় শাহ। বাবা দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। এটা নিশ্চিত, এই অল্প সময়ের জন্য বোর্ডের দায়িত্বে থাকার কথা সৌরভ-জয় ভাবেন নি। ভাবছেনও না। জানতে পারলাম, জয় বাবু কয়েকদিন কিছুটা গুটিয়ে থাকার পর-আবার কাজ শুরু করেছেন। তা অবশ্যই আইনি পরামর্শ নিয়েই।
কী ধরণের পরামর্শ তা?
তা আঁচ পেতে দু-তিনজন আইনজীবীর সঙ্গে কথাও বলতে হল। এঁরা বিভিন্ন সময় বিসিসিআইয়ের হয়ে আদালতে সওয়াল চালিয়েছেন। ওঁদের কথার সারমর্ম হলঃ কোথায় বলা আছে, "কুলিং অফ" কোটায় ঢুকে গেলে সব রাজ্য পাঠ ছেড়ে যেতে হবে? নির্বাচনে অংশ নেওয়া যাবে না। এবার যে কমিটি হল, তার আয়ু তো তিনবছরের। আবার তিন বছরের পর নির্বাচন। সেই নির্বাচনে কী হবে- সে কেউ এখন ভাবতে নারাজ।
জয় আর সৌরভ তাহলে কী করবেন? এমনই চলবে? মন্দ কী। পদে অন্য কেউ এল না। কুলিং পিরিয়ডে যেতেই হবে, গেলে অন্য প্রার্থী জায়গা দখল করবেন- এসব আর বোর্ডের অরাজনৈতিক কর্তাব্যক্তিরা মনে আনলেও এখন মুখে আনবেন না।
কিন্তু একটা পিআইএল? হতেই পারে। আগেও হয়েছে। লোধা কমিটির নিয়ম মানছে না বোর্ড - এ দাবি উঠতে পারে। জয় শাহ- সৌরভ গাঙ্গুলি সরবেন তাহলে? সে গুঁড়ে বালি। ভারতীয় বোর্ড এখন রাজনৈতিক " বিগ প্লেয়ার" দের বিনোদনক্ষেত্র। তাতে আবার অমিত বিক্রম শাহের একমাত্র পুত্র জয় শাহজাদা আছেন বলে কথা। সঙ্গে মহারাজ। নিন্দুকেরা বলেন, সিএবি'র প্রধান হয়েছিলেন- মুখ্যমন্ত্রী মমতার মন জিতে। আর দেশের ক্রিকেট প্রধান হতে মনই শুধু নয় - মুখের কথা দেওয়া পর্ব নাকি জড়িত। দেশ শাসন আর দেশের ক্রিকেট শাসন এক দিশায় চললে লাভ সকলের। তাই নাকি " কিরকেটে" আজকাল ভেটের ছড়াছড়ি। রাজা-মহারাজারা "ভেট" দেওয়া-নেওয়াতে বেজায় অভ্যস্ত। এখন সময় বলবে কে কী নিলেন আর দিলেন।
চিন নিয়ে বোর্ড যা বলছে, তাই তো কেন্দ্রীয় সরকারও বলছে! "বয়কট চায়না" - সত্যি চান কারা? দামী দামী আই ফোনগুলোতে চিন আছে। চিনতে অসুবিধা হয়? সেই মোবাইল, আই প্যাড, ল্যাপটপ -- সাচ্চা দেশপ্রেম দেখিয়ে এসব সরিয়ে রাখুন তো। পারলে বলুন।
No comments:
Post a Comment