Sunday, October 31, 2021

IndvsNZ: রবি - বিরাটকে খোলা চিঠি


দীপঙ্কর গুহ : 


ডিয়ার শাস্ত্রী - কোহলি, 

আমি এক ভারতীয় ক্রিকেটপ্রেমী। এটা আমার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয়, আমি পেশাদার ক্রীড়া সাংবাদিক। প্রায় ৩০ বছর ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকে দেখছি। প্রচুর সাফল্য - ব্যর্থতা দেখেছি। এমনই এক সন্ধিক্ষণে আজও দাঁড়িয়ে, এই মুখ খোলা চিঠিটা আপনাদের জন্য লিখছি। আরও ২৪ ঘণ্টা আগেও লিখতে পারতাম। কিন্তু দিনের দিনে লিখবো বলে , ম্যাচ ডে-তেই লিখছি। 

রবি, আপনি দলের হেড কোচ। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস বলে, আপনি ধুরন্ধর অধিনায়কও হয়ে উঠতে পারতেন। কিন্তু সুযোগ পাননি। আপনি অবসরের পর ক্রিকেট ধারাভাষ্যকার হয়ে যা যা করেছেন, তাতে সকলে বুঝতে পেরেছেন - আপনার ম্যাচ রিডিং খুব ভালো। এখন আপনি জাতীয় দলের হেড কোচ। সাফল্য পথে আপনি অধিনায়ক পেয়েছিলেন ধোনিকে। এখন পাচ্ছেন কোহলিকে। বলবো, নেতা কোহলির সঙ্গে আপনার মনের মিল অনেক। ভালো। কোহলি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনার সময় বিরাট ভালো মন্দের মধ্যে দিয়ে চলছেন। 
রবি, আপনি আর বিরাট জুটি এখনও কোনোও আই সি সি টুর্নামেন্ট জেতেননি। আপনার এটাই শেষ সুযোগ। দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। তাই, এই টি টোয়েন্টি বিশ্বকাপই শেষ সুযোগ। নিশ্চয়ই রেকর্ডটি হাতছাড়া করতে চাইবেন না। 
কিন্তু পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই বেনজির হার। একটা উইকেটও নিতে পারেনি, ভারতীয় বোলাররা। ১০ উইকেটে হার। এই প্রথমবার, আইসিসি'র ইভেন্টে পাকিস্তান প্রথমবার ভারতকে হারিয়ে দৌড় শুরু করে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার টুইলভে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে।
এবার সাতদিন পর আজ আপনার দল নামছে, নিউজিল্যান্ডকে হারাতে। আর আপনার দল হারলে, আপনার সাফল্যের গ্রাফ ভেঙে যাবে। মাঠের বাইরে আপনি থিঙ্ক ট্যাঙ্ক এর অঙ্গ। দলে পরিবর্তন আনুন। বলাই হয়, হর্সেস ফর দ্য কোর্সেস। রেস জেতা ছাড়া আর গতি নাই। এই রেস জিততে সেইসব ঘোড়া চাই, যারা আপনার বুক চিতিয়ে হাঁটা এখনও ধরে রাখতে পারবে। আপনি জানেন, তারা করা। 
আরেকবার মনে করাই, রোহিত মুম্বইকার। আপনার এলাকার ব্যাটার। থাকছেন। কে এল রাহুলকে নিয়ে নিয়ে পরীক্ষা না করে দলে রাখুন, তিনি কিপিং টাও পারেন। কোহলি তিনে। চারে সূর্য কুমার যাদবকে এই ম্যাচের জন্য না ভাবে ঈশান কিষাণকে ভাবুন। ঈশান বাঁ- হাতি। বড়ো মারতে পারেন। কলজে আছে। এরপর সেই হার্দিক পান্ডিয়াকেই দেখবো হয়তো। পুরো ফিট প্লেয়ার খেলেন। আধা ফিটকে সময় দিন আর একটু সুস্থ হতে। তাঁর জায়গাতে, শার্দুল ঠাকুর খেলুক। জাদেজাকে ছয় নম্বরে ভাবা থাকুক। প্রয়োজনে শার্দুল উঠে আসবেন এক ধাপ। 

আপনি নিশ্চয়ই, তিন পেসার দুই স্পিনারের আটকে থাকবেন। নুতন কিছু ভেবে, শার্দুলকে খেললে, ভুবনেশ্বরকে বসিয়ে বাড়তি স্পিনার অভিজ্ঞ অশ্বিনকে খেলানো উচিৎ। দেখুন, যতোই মিস্ট্রি বোলার বলে বরুণ চক্রবর্তীকে খেলতে চান - তিনি এখনও বিগ ম্যাচ প্লেয়ারই নন। মানেন নিশ্চই। সময় লাগবে। আমার আজ আর সময় নেই। তাই অভিজ্ঞ অশ্বিনকে দলে ফেরান। তাতে বোলিং বৈচিত্র বাড়বে অনেক। জাদেজা ( লেফট আর্ম স্পিনার), অশ্বিন( অফ স্পিনার), বরুণ ( লেগ ব্রেক ) --- নিউজিল্যান্ডকে চাপে রাখার পক্ষে বেশ মজবুত ভাবনা। ভাবতে চাইলেন কি? বলেছেন কি কোহলিকে? ধোনি দলবদলে খুব বেশি বিশ্বাসী নন। কিন্তু মেন্টর টাকা পয়সা নেন না বলে, তিনি দল গড়তে দায়বদ্ধ নন, এটা ভাবা ঠিক হবে না। আজ দেশের দরকার। সেরা সেনানী নিয়ে নামুক দল। 
কোহলি, আপনার রবি ভাইকে লিখেছি যা যা লেখার। 
আপনার জন্য কিছু লিখছি। আপনার প্রি-ম্যাচ  সাংবাদিক সম্মেলনের নানান বক্তব্য শুনলাম। আপনি বলেছেন, সোশ্যাল মিডিয়াতে শামিকে নিয়ে যে ধরনের ( তাঁর ধর্ম নিয়ে) নিন্দনীয় সমালোচনা হয়েছে, তাতে আপনারা ক্ষুব্ধ। স্বাভাবিক। আমিও আপনার পাশে। আমিও মানতে পারছিনা না। ২০০% শামির পাশে আছেন। ঠিক উত্তরই দিয়েছেন। প্লিজ, ইগো সরিয়ে একবার অভিজ্ঞ অশ্বিনকে নিয়ে ভাবুন। দলের ম্যাচ উইনার তিনিও। নিউজিল্যান্ডের শিবিরে পাল্টা আঘাত হানতে তাঁকে দরকার। এবার কার জায়গাতে তে কে, তা আপনি ভালো বোঝেন। 
আমার ক্রিকেট নিয়ে লেখার বা বলার অধিকার আমার দেশের ক্রিকেটপ্রেমী হয়ে আছে। কিন্তু, আপনার ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই। দেখাতেও চাই না। শুধু বলতে চাই, দলটাকে নেতৃত্ব দেবেন বলেই তো আপনি দলনেতা। সকলের নেতা হওয়ার চেষ্টা করুন। জানি, আপনি আর টি টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে নেতৃত্ব দেবেন না। ওয়ান ডে তেও হয়তো আবার আপনি নেতৃত্ব ছেড়ে দেওয়া কথা ভাববেন। টেস্টে আপনি নিজেকে জড়িয়ে রাখতে চাইবেন। ক্যাপ্টেন আর ব্যাটার হয়ে থাকবেন। আপনি রান করতে ভালোবাসেন। আপনার রান করা দেখতেও ভালোবাসি খুব। 
কিন্তু ক্রিকেটের চেয়ে নিজেকে প্লিজ বড় ভাববেন না। মহান ক্রিকেটে কোনও তারকা বড় হতেই পারেনা। দেশ আজ আপনাকে সেরা নেতা হয়ে দেখতে চায়। শুধু ব্যাটিং দিয়ে আপনি দেশকে জিতিয়ে দিতে পারেন আজ। কিন্তু দেশকে এগিয়ে দিতে হবে আপনাকে। দেশের নেতা তো দশের নেতা ( ১০+১)। আজ এটা মেনে সেরা দল নিয়ে মাঠে নেমে ম্যাচটি জিতুন। 

শুভেচ্ছা রইলো। 
জয় হিন্দ। বন্দেমাতরম। 

Saturday, October 23, 2021

INDvsPAK: সুপার সানডে সাসপেন্স



দীপঙ্কর গুহ : 

৪০০০ কোটি! ম্যাচ শুরুর ৩৬ ঘণ্টা আগে ! চমকে গেছি , কিছুটা বমকেও আছি। এতো টাকা বেটিংয়ে লেগে গেছে ভারত - পাকিস্তান ম্যাচে। ভাবা যায়! ম্যাচ আবার মরু শহরে। সেই শহর ,যেখানে আবার আইসিসির সদর দপ্তর। সব ঠিকঠাক এগুবে তো? - প্রশ্নটা আমার অতি পরিচিত ক্রিকেটপ্রেমী দুঁদে লালবাজারের পুলিশ কর্তার। তিনিই ভাবছেন। আমজনতা?

শেষবার ভারত - পাকিস্তান ম্যাচ হয়েছে ২০১৯ সালের ১৬ জুনে। ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপে। ইংল্যান্ডের ম্যানচেষ্টারে। ভারত সেই ম্যাচ ( বৃষ্টি বিঘ্নিত) ৮৯ রানে জিতেছিল। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ করে ম্যাচের সেরা হয়েছিলেন। তারপর এবার আবার।

এবারটা কেমন হতে যাচ্ছে?


পাকিস্তানের দিকে নজর দেওয়া যাক। ঘরের মাঠে, খেলতে নেমেও নিউজিল্যান্ড জঙ্গি হানার আতঙ্কে পাকিস্তান ছেড়ে চলে যায়। এরপর ইংল্যান্ড জানিয়ে দেয়, তারাও আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না। আরও একটা সফর বাতিল মানে বড় আর্থিক ক্ষতি। একের পর এক এমন ঘটনায় মুষড়ে পড়া জাতীয় দলের ক্রিকেটারদের ডেকে মানসিক দাওয়াই দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। সেই খান সাহেব, যিনি দেশকে প্রথমবার বিশ্বকাপ জিততে নেতৃত্ব দিয়েছিলেন।

পাক মিডিয়ার খবর থেকে জেনেছিলাম, ক্রিকেটারদের বিশ্বের সেরা দল হয়ে ওঠার জিদ ধরতে বলেছেন। যাতে পাকিস্তানের সঙ্গে খেলার জন্য সব দেশ মুখিয়ে থাকে। আর তাই, বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেই মিশন শুরু করা দরকার। দেশের প্রধানমন্ত্রী মনের মধ্যে আগুন উস্কে দুবাই পাঠিয়েছেন দলকে। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা বলে বসেছেন, এক ধনকুবের ব্যবসায়ী নাকি বলেই রেখেছেন - ভারতকে হারতে পারলে পাক বোর্ডের জন্য ব্ল্যাঙ্ক চেক দেবেন। অর্থের মূল্য বসিয়ে নিতে পারা যাবে। অর্থাৎ, ভারতকে হারাও - পাক ক্রিকেট বাঁচাও।

বিশ্ব ক্রিকেটের বাজারে 'রান কুবের' দের তালিকায় ভারতীয় অধিনায়ক কোহলিকে পিছনে ফেলে এগুতে শুরু করেছেন পাক নেতা বাবর আজম। তিনি আবার এই হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের গেমপ্লান সাজিয়ে ১২ জনের দল জানিয়ে দিয়েছেন ভারতীয় শিবিরের চেয়ে অনেক আগেই। আর দাবি করেছেন, তাঁর দলের ব্যাটিংই যাবতীয় শক্তি। তারমানে দাঁড়ালো ভারতীয় বোলারদের সঙ্গে পাক ব্যাটারদের লড়াই।


তাহলে ভারতীয় দলের কী ভাবা উচিত? দলে কমপক্ষে ৫ জন বোলার নিয়ে খেলতে নামা। আর সেখানেই প্রথম হোঁচট খেয়েছে কোহলি কোম্পানি। হার্দিক পান্ডিয়া এখনও পিঠের পেশীর চোট সামলে নিতে পারেননি। কিন্তু তিনি নাকি দলে অপরিহার্য। ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলবেন। তাহলে দেখা যাক, দলে হাত ঘোরানোর দলে ক'জন রইলেন। কে এল রাহুল আর ঋষভ পন্থ - দু'জনই খেলবেন। দু' জনই ব্যাটসম্যান - উইকেটকিপার। কেউ বল করেন না। যদি খেলেন, ঈশান কিষাণ - তাহলেও বল হাতে হাত ঘোরানোর লোক কই? ঈশান উইকেটকিপার - ব্যাটসম্যান। বল হাতে নিতে পারবেন না , এই ম্যাচে। অর্থাৎ, ভারতীয় দলকে তাহলে আবার সেই ৬-১-৪ ছক? কোহলির বলা কথা মাপলে বোঝা যাচ্ছে, হার্দিক খেলছেন। রাহুল , রোহিত থাকছেন । বিরাটও। Sky অর্থাৎ সূর্যকুমার যাদব খেললে, কিষাণ খেলবেন না। একজন ব্যাটসম্যান আরও চাই। উইকেটকিপার ঋষভ পন্থ। বাকি ৪ বোলার। জাদেজা ব্যাটে আছেন, স্পিনার হয়ে আছেন। আরেকজন স্পিনার? অশ্বিনকে খেলানো উচিৎ। কারণ, তিনি ব্যাটিংটা চোস্ত করতে পারেন। আর দুই জোরে বোলার - বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার কিংবা সামি। কুমার বা বুমরাহ - কারোর ব্যাটের হাত চোস্ত নয়। সেখানে শার্দুল ঠাকুর হলে ব্যাটিং আরও জোরদার হতে পারে।



ভাবনা কাদের কাদের ? শাস্ত্রী - কোহলি আর রোহিতের কথায় প্রথম একাদশ গড়ার কথা। সঙ্গে মহাবলী মাহি আছেন এবার। বিরাটকে ইউটিউবে একটা ক্লিপে দেখতে পেলাম পাকিস্তান ম্যাচে উইকেট নিয়ে আনন্দে লাফাচ্ছেন। সেটা ভোলেননি সেদিনের নেতা ধোনি। তাই কি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলিকে বল করতে দেখলাম? ধোনির 'লেডি লাক' যদি রবি আর বিরাটের সঙ্গে জুড়ে যায়, তাহলে কেল্লা ফতে।

শেষে সেই পুলিশ কর্তা বন্ধুটির সেই প্রশ্নটা গোত্তা মেরে মনে ঢুকলো। ভারতীয় ক্রিকেট যখন এই ম্যাচ ফিক্সিং কাণ্ডে কুঁকড়ে যাচ্ছিল, নেতা সৌরভ হাল ধরেছিলেন। আর এখন বোর্ডের সভাপতি তিনি। তাঁর সময় ভারতীয় ক্রিকেট কোনও ঘটনায় কালিমালিপ্ত হতে পারে না। দলের সঙ্গে ধোনিকে জুড়ে দিয়ে , শুধু কি ভাগ্য পরিবর্তনের চাইছেন সৌরভ? নাকি শারজায়, দুবাইয়ে ভারতীয় শিবিরে এক জাতীয় দলের সামরিক বাহিনীর মানসিকতার এক মানুষকে ঢুকিয়ে দিয়েছেন। ধোনি একসময় ভারতীয় সেনাদের সঙ্গে ১৫ দিন কাশ্মীরে কাটিয়ে এসেছিলেন। তাঁর দেশপ্রেমের মাত্রা আবার বাঁধন ছাড়া। কাজেই মরু শহরের ডনদের জাল বিছনোর খেলা ধোনি ধারে কাছে ঘেঁষতে দেবেন না।

তাহলে ৪০০০ কোটি টাকা ! তার খেলা চলছে। এবার বিশ্বকাপ যাত্রার আগে আমাদের প্রধানমন্ত্রী 'মন কি বাত' শোনেননি কোহলিদের। ডিজিটাল মোদীজি এখনও নীরব। কিন্তু কেন! ভারত ক্রিকেট মাঠে বিশ্বকাপে ১১-০ ম্যাচ জয়ের রেকর্ডে নিয়ে রবিবার পাকিস্তানের বিপক্ষে নামছে। অসমুদ্র হিমাচল ভারতবর্ষ 'জয় হো' আওয়াজ তুলবে। আর পাকিস্তান? জার্সিতে 'ইন্ডিয়া ২০২১' শুরুতে না লিখলেও , এখন আইসিসির চাপে বাধ্য হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় শিবিরের কাছে আবদার বেড়েই চলছে, এই ম্যাচ জিততেই হবে, বিশ্বকাপ চাইনা! আর কোথাও কোথাও পাক সমর্থকদের আকুতি, 'জেতা ম্যাচ এবার কিন্তু হেরে যাওয়ার বোকামি করা যাবে না'। বিশ্বের এ এক বিচিত্র ডুয়েল। যে ম্যাচের আগে কোনও দলই নিজেদের ফেভারিট ভাবতে পারেনা। অপেক্ষা রবিবাসরীয় ব্যাটলের।

ছবি: সৌ - টুইটার।

Saturday, October 16, 2021

সৌরভের দাদাগিরির দাপটে ভাঙলো দ্রাবিড়ের ডিফেন্স!



দীপঙ্কর গুহ:


আবারও দাদাগিরি? নাকি সেই অধিনায়ক হয়ে ধুরন্ধর মাস্টার প্ল্যান? যেটায় হোক না কেন, স্বস্তি এখন দুবাইয়ে। এক, ভারতের ব্যবস্থাপনায় এই মরু দেশে রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেদিন থেকেই গোটা আরবের কোভিড বিধি নিষেধ শিথিল করে দেওয়া হচ্ছে। সরকারি ঘোষণাতে জানা যাচ্ছে, মাস্ক পড়া - দূরত্ব বজায় রাখা, এসব নিয়ম উঠে যাচ্ছে। অর্থাৎ ভারতের মাটিতে বিশ্বকাপটি না হলেও, দর্শকদের মাঝে টুর্নামেন্টটির সাফল্য পাওয়া নিশিত। দ্বিতীয় স্বস্তি: জাতীয় দলের পরের কোচ পদে রাহুল দ্রাবিড়কে রাজি করিয়ে ফেলা।

আর এই রাজি করানোর খেলাটা সহজ হয়ে গেল, বিসিসিআই দলের 'ক্যাপ্টেন' সেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলে। রাহুলকে নিয়ে যাওয়া হল, দুবাইতে। সৌরভ - জয় শাহ - অরুণ ধূমালরা যে প্রসাদপ্রমান হোটেলে আছেন, সেখানেই দ্রাবিড় ধরা দিতে বাধ্য হলেন। সৌরভ জাতীয় দলের অধিনায়ক থাকতে রাহুলকে লিমিটেড ওভার ক্রিকেটে দলে রাখতে 'কিপার' বানিয়ে নিয়েছিলেন। তা সে শ্রীনাথের মতো বোলার যতোই কপাল চাপড়ে থাকুন।

সেই রাহুল নেতা সৌরভের মুখরক্ষা করেছিলেন। উইকেটকিপিং আর ব্যাটিং দিয়ে দলের বালান্সটাই জমাট করে দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় স্বনামধন্য 'দ্য ওয়াল' বলে। তাঁর রক্ষণ ভেঙে উইকেট নিতে কালঘাম ছুটে যেত, বোলারদের। সেই 'রক্ষণ' ভেঙে গেলো! শুরুতে যিনি চাননি ভারতীয় সিনিয়র দলের কোচ হতে, তিনিই কিনা 'প্রেজেন্টেশন' জমা দিলেন বোর্ড সভাপতি-সচিবদের সামনে! সৌরভ - রাহুল জুটিতে আবার চলা শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট।

রাহুল কয়েক মাস আগেই জাতীয় ক্রিকেট একাডেমির ( NCA) হেড কোচ পদে আবেদন করে দায়িত্ব নিয়ে নেন। সেই সময়, শাস্ত্রীর পর তাঁকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা বলেন সৌরভ। কিন্তু কোনোও লড়াইয়ে ঢুকতে চাননি রাহুল। তাই যুক্তি খাড়া করেছিলেন: টানা দেশের বাইরে ঘোরাঘুরি তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর দুই ছেলে এখনও নাবালক। ক্রিকেট খেলেছে। তাই ব্যাঙ্গালোর নিজের শহরে আকাদেমি নিয়েই থাকতে চেয়েছিলেন।

তাহলে কী ঘটে গেলো! রাহুল 'না' থেকে 'ভেবে দেখছি' তে ঘুরে গেলেন? আসলে রাহুল কি বুঝতে চেয়েছিলেন, তাঁকে যেন পরীক্ষা দিয়ে - লড়ে জায়গা নিতে না হয়? নাকি রবি নিজে থেকে সরে দাঁড়ানোর কথা জানাচ্ছেন। রবি জানিয়ে দেন তিনি আর এই পদের জন্য আবেদন করবেন না। তখনই দাদাগিরি শুরু হয়।

অনিল কুম্বলে আর বিরাট কোহলি জুটির রসায়ন যে কাজে লাগবে না - এটা সৌরভের চেয়ে ভালো আর কেউ জানেন না। বোঝেনও না। তবুও দ্রাবিড়ের বন্ধু কুম্বলেকে বাজিয়ে দেখা হয়ে। এই নেতাকে নিয়ে চলতে এখনও নারাজ কুম্বলে। হাল ছাড়ে বোর্ড। মাহেলা জয়াবর্ধনের সঙ্গে একপ্রস্থ কথা হয়। ভারতীয় ক্রিকেটের 'হট সিটে' ভিনদেশী ক্রিকেটার হয়ে বসতে চাননি। বলেছিলেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলের কথা। আসলে, অতি ধনীদের আইপিএল ছেড়ে দিতে চাননি মাহেলা।

এরপর শুরু হয় সৌরভের দাদাগিরি। কতো নম্বরে কথা বলা, হোয়াটসঅ্যাপ করার হিড়িক সামলেছেন সৌরভ তা তিনিই বলতে পারবেন। দুবাইয়ে আনতে পেরেছিলেন , রাহুলকে। আসলে বোর্ড রাহুলকে চায়। আবার এটাও বোঝার দরকার, কোচের বিজ্ঞাপন দেওয়ার আগে যেন রাহুল সামনে বসে সম্মতি জানান।

সামনে রাহুল বসে গেলেন। একপ্রকার রাজি, বুঝিয়েও দিলেন। কিন্তু কিছু শর্ত নাকি বোর্ডকে মানতে হতে পারে। সেসব শর্তের কথা কেউ এখন মুখ ফুটে বলছেন না। ভাবখানা এমন : রাহুল দ্রাবিড়, না আচালে বিশ্বাস নেই। জাতীয় দলের অধিনায়ত্ব ছেড়েছিলেন আচমকা, কোনও কারণ না দেখিয়ে। বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার থেকে প্রস্তাব পেয়েও সৌরভ - সচিনদের সঙ্গে এক কমিটিতে থাকেননি। আসলে অহেতুক বিতর্কে নিজেকে জড়াতে চাননা।

তাহলে কি এবার সৌরভের হয়ে লড়ে গেলেন রাহুল পত্নী বিজয়েতা? কোনো সন্দেহ নেই, হোম ফ্রন্ট থেকে সবুজ সংকেত মিলেছে। ছেলেদের আর পরিবার স্ত্রী দেখবেন। দেশের ডাকে আবার রাহুলকে বেরুতে হবে।

খুব ঘনিষ্ঠ আড্ডায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে প্রায়ই বলতে শুনতাম : 'আমরা পাঁচজন অবসর নিয়ে চলে গেলে দলটার কী হবে? প্রায় একই সময় আমরা চলে যাবো হয়তো।' সেই পাঁচ জন কে কে? সৌরভ নিজে। সঙ্গে বলেছিলেন, সচিন - রাহুল - লক্ষ্মণ - কুম্বলের নাম। পরে আর জনকে ধরে বলতেন : ছয়। সেই ছয় নম্বর হলেন, সেওয়াগ।

কিন্তু ভারতীয় ক্রিকেট ধোনি - কুম্বলে জামানায় নুতন শক্তি হয়ে উঠেছে। আর সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি। আর জাতীয় দলের কোচ করে রাহুলকে বসানো শুধু সময়ের অপেক্ষা। এখন আবার ফাঁকা রয়ে যাবে জাতীয় ক্রিকেট আকাদেমির হেড কোচের জায়গা। সেখানে কে? সেওয়াগ! মনে হয় না। কারণ সকলে তো আর রাহুল দ্রাবিড় নন। বোর্ডের আইনি নিয়ম মেনে কোচের পদ থাকতেই, আইপিএল টিমের সঙ্গে আর নিজেকে জড়াননি। ক'জন তা করে দেখবেন? হতে পারে মোটা অর্থ বোর্ড দ্রাবিড়ের জন্য খরচ করে চলেছে। কিন্তু সেই ২০১৫ থেকে রাহুল দেশের রিজার্ভ বেঞ্চ তো মজবুত করে দিয়েছেন। তাই একসঙ্গে দুটো দল চ্যাম্পিয়ন হওয়ার মতো করে বিদেশের মাটিতে খেলে দেখাতে পারে।


বোর্ড সূত্র থেকে জানলাম, সিনিয়র আর জুনিয়র - দুই বিভাগেরই হেড কোচ হতে তিনি চেয়েছেন। সেই শুরু থেকে তাঁর সঙ্গী বোলার কোচ হয়ে আছেন মুম্বইয়ের প্রাক্তন জাতীয় পেসার পরস মামরে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দলের সাপোর্ট স্টাফ দ্রাবিড় ঠিক করবেন। অর্থাৎ এখনকার সিনিয়র দলের সঙ্গে থাকা বোলিং কোচ ভরত অরুণের মেয়াদ আর বাড়ানো হবে না। তিনি আবার এনসিএ (NCA) তে জায়গা ফেরত পান কিনা - তা দেখার। ফিল্ডিং কোচ শ্রীধরেরও মেয়াদ শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর। এমনকি বিদেশী ট্রেনার নিক ওয়েবও আর টানা কাজ করতে চান না। পরিবারের কাছে ফিরতে চেয়ে অব্যহতি চেয়েছেন। সেই সময় শাস্ত্রীয় রাজ ছিল সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার। এখনকার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর রয়ে যেতে পারেন দ্রাবিড় চাইলে। তবে চূড়ান্ত সিধ্যান্ত নিতে এবার সেই দায়িত্ব বর্তাবে রাহুলের উপর।

বোর্ড সচিব নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মধ্যবর্তী সময়ের জন্য রাহুল দ্রাবিড়কে দায়িত্ব সামলানোর প্রস্তাব দিয়েছিলেন। রাহুল প্রচুর ট্রাভেল করতে হবে 'বায়ো বাবল' চালু থাকার মধ্যে, তাই রাজি হননি। রাহুল শুরু থেকে সিনিয়র দলের দায়িত্ব নিতে চাননা বলে, বোর্ডের যুক্তি ছিল - হোম সিরিজে তিনি কাজটা সামলে নিল বিজ্ঞাপন দিয়ে কোচ খোঁজার সময় আরো একটু মিলতো। এরপর মাঠে নামেন বোর্ড সভাপতি সৌরভ। তারপর সেই চেনা দাদাগিরি এবং স্বস্তি।

আপাতত ২০২৩ সাল পর্যন্ত টানা হেড কোচের দায়িত্ব রাহুলকে দেওয়ার কথা শোনানো হয়, আজকের আলোচনায়। দীর্ঘ মেয়াদি চুক্তিতে কাজ করতেই চান রাহুল। আর রাহুলকে একটানা দলের সঙ্গে ঘুরে বেড়ানো থেকে রেহাই দিতে বোর্ড সভাপতিকে ভাবতে হচ্ছে। রাহুলের জন্য ১০ কোটি টাকার অফার দিয়ে রেখেছে বোর্ড। এখন রবি শাস্ত্রী পান ৮.৫ 
কোটি। 
যদিও তুখোড় ম্যান ম্যানেজমেন্ট স্কিল থাকা নেতা সৌরভের সব সময় প্ল্যান এ আর বি তৈরি থাকে। রাহুলকে সামনে রেখে এবার কি সেটাই আবার দেখা যাবে? কে বলতে পারে 'বীরু' বাহাদুরকে ওপেন করানোর মতো - এবার কিছু করবেন না! কিংবা ধোনিকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ছকটা সাজালেন, তাতে ধোনি শিবিরও কুর্ণিশ জানাচ্ছে দাদাকে ( যদিও জয় শাহ অন্য কারণে ধোনির দিন কে দিন ঘনিষ্ঠ হয়ে উঠেছেন)। টি টোয়েন্টি বিশ্বকাপের মেন্টর মাহি একটিও টাকা - পয়সা পারিশ্রমিক নেবেন না। 'কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট' নিয়ে সামান্য কথা বোলার সুযোগ ধোনি দেননি। চেন্নাই সুপার কিংস ধোনিকে ছাড়বেনা। ধোনিও ছাড়বেন না - আমার জমাট সেই বিশ্বাস। অর্থাৎ নিজেকে আইপিএলে যুক্ত রাখবেন ধোনি। তারপর?

সে সব পরের কথা। আজ থাক। আজ একটাই স্বস্তি। রবি শাস্ত্রীর রাহুল আসছেন। সঙ্গে বিরাট আর রোহিত। সৌরভের বোর্ড সভাপতি হয়ে তৃতীয় পর্ব শুরু হতেই রাহুলের ডিফেন্স ভাঙলেন। সাবাশ - 'দাদি'।

ছবি: সৌ টুইটার, ফেসবুক।




















মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...