Thursday, August 27, 2020

কৌশিক অনুপ্রেরণায়, আরব শহরে স্কোরার " সূর্য" উদয়ের অপেক্ষা














দীপঙ্কর গুহ ঃ


শুক্রবার প্রথম বিদেশ যাত্রা। গন্তব‍্য দুবাই। তারপর ওঁর কাজের জন‍্য নির্দিষ্ট শহরে হাজির হয়ে যাওয়া। স্বাস্থ‍্যবিধি মেনে নিজেকে তৈরি রাখা। বেঙ্গালুরুর বিমানবন্দরে শুক্রবার সকালেই হাজির হবেন বাংলার উঠতি স্কোরার সূর্যকান্ত পান্ডা। তার আগে প্রায় এক সপ্তাহ ধরে ল‍্যাপটপ নিয়ে ম‍্যাচ প্র‍্যাকটিস করে চলেছেন সেখানে। কলকাতা থেকে আগেই চলে গেছেন ওই শহরে। এবার স্বপ্ন সফল করার পালা।

বাংলার সফলতম বোর্ডের অনলাইন স্কোরার প্রয়াত কৌশিক সাহার শহর চুচুঁড়ারই বাসিন্দা এই সূর্য। প্রায় ১৮ বছর আগে বাবার সঙ্গে ওড়িশার বালেশ্বর থেকে এই মহকুমা সদরে এসেছিলেন আজকের ৩৮ বছরের যুবকটি। বাবা দারুন রান্না করতেন। সেটাই ছিল সেদিন রুটিরুজি। মাধ‍্যমিক পাশ করা সূর্যের এই কাজ ভালো লাগতো না। চালা ঘরে থাকতো বাবার সঙ্গে। পাশেই এক মুদিখানা দোকানে দৈনিক মজুরিতে কাজ শুরু করেন। সেই মালিকের ছিল দুধের ব‍্যবসা। অন‍্য খাটাল থেকে দুধ নিয়ে উনিই সাইকেলে পৌঁছে দিতেন ৩০-৪০টি বাড়িতে বাড়িতে। সেই কাজেও লেগে যান সূর্য। মুদির দোকানে এখন তাঁর দৈনিক মজুরি বেড়ে হয়েছে ২৫০ টাকা। চলতে থাকে বাড়ি বাড়ি দুধ বিলির কাজ। আর নেশা ছিল চুচুঁড়ার মাঠে ক্রিকেট। একবার ভলিবল খেলার চেষ্টা করে। সময় হয়ে ওঠে না। সূর্যের কথায়, "সকাল বেলা দুধ বিলি, তারপর সকাল ৯ টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত মুদিখানা দোকানের কাজ। আবার সন্ধ‍্যে ৭টা থেকে দোকানেই কেটে যায় রাত ১১টা পর্যন্ত। খেলার মাঠ টানলেও সংসার টানার জন‍্য এর বাইরে আর কিছু করতেই পারছিলাম না।"
এই যুবক আজও অবিবাহিত। বাবা শরীর খারাপ নিয়ে দেশে ফিরে ২০১০ সালে ওঁদের ছেড়ে চলে যান। তার আগে কলকাতায় চাকরি করা জামাইবাবু বাস এক্সিডেন্টে মারা যান। দিদি সন্তানসম্ভবা। মা চলে যান ২০১৪ তে। এখন ছোটভাই কলকাতায় পরিবার নিয়ে রান্নার কাজই করে। বাবা চলে যাওয়ার পর গোটা পরিবারের দায়িত্ব চলে আসে সূর্যের উপর। চুচুঁড়ায় রোজগার করে,মাসে ৩-৫ হাজার পাঠাতে হয়। খেলোয়ার হওয়ার স্বপ্ন দুমড়ে মুচড়ে শেষ।

কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল অন‍্য কিছু। দুপুর-বিকেলের কিছুটা সময় মাঠে গিয়ে ক্রিকেট দেখতো। সেখানেই দেখা পায় স্কোরার কৌশিক সাহাকে। ওঁর টেবল-চেয়ারের পিছনে কিংবা পাশে দাঁড়িয়ে দেখতে থাকে ক্রিকেটের এক অন‍্য খেলা। স্কোর লেখার খেলা।

কৌশিক শুরুর দিকে খাতায় স্কোরিং করতেন নানান রংয়ের কালি পেনে। নানান রঙে আটকে যেতে শুরু করে সূর্য। শুরু হয় কৌশিকের শিষ‍্য হয়ে ওঠার পালা। কৌশিকের কাছে কাজ শিখে তৈরি হয়ে গেছেন ততদিনে ওই এলাকারই রক্তিম সাধু। সূর্য হাজির হতে থাকে রক্তিমের বাড়ি। এই কাজটা শিখলেই যে ক্রিকেটেই বুঁদ হয়ে থাকা যাবে। শুরু হয়ে যায় প্র‍্যাকটিস। ম‍্যাচ প্র‍্যাকটিস। ম‍্যাচের ভিডিও এনে গভীর রাত পর্যন্ত নিজের চালা ঘরে চলতে থাকে এই প্র‍্যাকটিস।
তারপর? হুগলি জেলা ক্রীড়া সংস্থার ম‍্যাচই এল প্রথম সুযোগ হয়ে। স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে বসতো কৌশিকের সহকারী হয়ে। কৌশিকের নজরে পড়ে সূর্য। লেখা আর চট করে শিখে নেওয়ার গুণ দেখেই বোর্ডের অন‍্যতম সেরা স্কোরার কৌশিক পেয়ে যায় পরের "প্লেয়ার"টি। ততক্ষণে রক্তিম তৈরি হয়ে বিসিসিআইয়ের ম‍্যাচ করতে শুরু করেছে। ২০১৫ তে এই কৌশিকের উদ‍্যোগেই সিএবিতে নতুন স্কোরারদের পরীক্ষায় বসে সূর্য। এবং কৌশিককে খুশি করে পাশ করেন। ম‍্যাচ পিছু শুরু  হয় ৭৭০ টাকা পাওয়া। আর ম‍্যাচ থাকলে আগে থেকে দোকানের মালিক পঞ্চানন বেহেরাকে বলে ছুটি নেন। দৈনিক মজুরি নেন না। মুদি দোকানের মালিকটিও সূর্যোদয় চান সূর্যের জীবনে।
 কোনওদিন ভাবেনি, দেশের বাইরে যাবে ক্রিকেট স্কোরিং করতে! করোনা মহামারিতে আইপিএল এবার আরব দুনিয়ায়। ভারত থেকে যাচ্ছেন একঝাঁক স্কোরার। তিন মাঠে তাঁদের কাজ। এঁদের মধ‍্যে আছেন বাংলার দু'জন। সূর্য -তাঁদেরই একজন। 

পিছনে ফিরে জীবনকে দেখে সূর্য বলছিলেন, "আজ আমার ভাগ্নীর বিয়ে দেওয়া হয়ে গেছে। দিদি থাকে দেশের বাড়িতে। আমার আস্তানা এই চুচুঁড়ায়। এখানে না এলে কৌশিকদাকে পেতামই না। দুঃখ একটাই, যাঁর সার্টিফিকেটে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে-তিনি আজ আমার ধরাছোঁয়ার বাইরে। আমার প্রথম স্কোরিং কৌশিকদার পাশে। আর কৌশিকদার শেষ ম‍্যাচ আমাকে পাশে নিয়ে। কল‍্যানীতে বাংলা-পঞ্জাব রঞ্জি ম‍্যাচে। তারপর তাঁর অসুস্থ হয়ে পড়া। আমার ম‍্যাচ পোস্টিং ছিল ইডেনে। সিএবি কর্তাদের বলে কৌশিকদাকে সুস্থ করে ফেরাতে নার্সিংহোমে পড়ে ছিলাম। কিন্তু পারিনি। অকালে কৌশকদা চলে গেছে এবছর ১৭ জানুয়ারি। আজ তাই মোবাইল ওয়ালপেপারে থাকা কৌশিকদাই আমার যাবতীয় শক্তি। আমার অনুপ্রেরণা।"

২০১৮ সালে সি এ বি সূর্যকে বর্ষসেরা স্কোরার পুরস্কার দেয়। কৌশিক দেখেছিলেন সেই শিরোপা প্রদান। একদিন কথাপ্রসঙ্গে বলেওছিলেন, "রাজ‍্য দল কোন ক্রিকেটার এরপর চুচুঁড়া থেকে কবে পাবে জানা নেই-তবে সফল এক স্কোরার পাবে।" সূর্যের স্কোরিং দেখে একমত ছিলেন দেশের অরেক সফল অনলাইন স্কোরার কর্নাটকের বালা। 

সেই বালাই ফোন করে একদিন সূর্যের কাছে জানতে চান- পাসপোর্ট আছে কিনা। গতবছর প্রথমবার বিমান চড়ে দিল্লি-আগ্রা ঘুরতে যাওয়া সূর্য এমন কিছু জীবনে লাগবে ভাবেননি। মাত্র সাতদিনে এই পাসপোর্ট সিএবি'র ব‍্যবস্থাপনায় তৈরি হয়। কিন্তু অন‍্য সঙ্গী তনয়ের পাসপোর্ট হাতে পেয়ে গেলেও, চুচুঁড়া পোস্ট অফিসে আসতে বেশ সময় লাগে সূর্যের পাসপোর্ট। ১২ আগস্ট তা হাতে পেয়ে ১৯ তারিখের বিমানের টিকিট কেটে বেঙ্গালুরুতে পৌঁছে যান সূর্যরা। ওঁদের টিম ক‍্যাপ্টেন এখন "বালা স‍্যার"।

সূর্য জানেন, আরব গেলে দু'মাস মুদির দোকানে কাজ করা হবে না। বাড়ি-বাড়ি দুধ দেওয়া হবে না। তাই বালেশ্বর বাড়িতে দিদির জন‍্য টাকা পাঠানোর জন‍্য ব‍্যবস্থা করে গেছেন। ফিরে এসে তা দিয়ে শোধ করবেন।  কিন্তু করোনা ভীতি? সূর্যের দাপুটে উত্তরঃ" করোনা নিয়ে ভাবি না, ক্রিকেটের মাঠে প্রাণ চলে গেলে যাবে।" একটি ট্রলি ব‍্যাগ আর ব‍্যাক প‍্যাক ব‍্যাগে প্রভু জগন্নাথ দেব আর বাবা-মা'র ছবি আজ পথের সাথী। ক্রিকেটই জীবন সাথী। তাঁর কৌশিকদার পথে হাঁটা শুরু সূর্যের। 

Sunday, August 16, 2020

"ক‍্যাপ্টেন কুল" মাহি'র মহান চিত্রনাট্য
























 



দীপঙ্কর গুহঃ 


তিনি এসেছিলেন। দেখেছিলেন। জয়ও করে নিয়েছেন। এখনই তিনি অতীত নন। "মাহি ম‍্যাজিক" নিয়ে তিনি যে এখনও বর্তমান। "ধোনি ধামাকা" এবার আইপিএলেও মিলবে। কিন্তু আর নীল জার্সিতে নয়। দেশের প্রিয় এই রঙিন জার্সিটা যে তুলেই রাখলেন ১৫ আগস্ট সন্ধ‍্যে সাতটা উনত্রিশ মিনিটে।


" ম‍্যায়, পাল দো পাল কা শায়ের হুঁ"।
একটি জনপ্রিয় গান। মুকেশজির গাওয়া। "কভি কভি" সিনেমায় অমিতাভ বচ্চনের লিপে এ গান শোনা গিয়েছিল। সাফল‍্যের নিরিখে ধোনি হয়তো ভারতীয় ক্রিকেটের " বিগ বি" নন। সানি-সচিন-কপিল-কোহলিরা আছেন। হ‍্যাঁ- ধোনিও আছেন এই সারিতে। একই সারিতে থাকলেও এমনভাবে সোশ‍্যাল মিডিয়াকে ব‍্যবহার করে " আলবিদা" ইন্টারন‍্যাশনাল ক্রিকেট লিখবেন তা  কেউ কস্মিনকালে ভাবেননি। 
২৪৭ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। একটি গানের পুরো অডিও ট্র‍্যাক। তার উপর কথার মিল রেখে মাহি আর মাহির চারপাশের ছবি টাইমলাইনে বসিয়ে অনবদ‍্য এডিটিং। 
ধোনির প্রিয় গান এটি। প্রচুর ধৈর্য তাঁর। সব ঠিক আছে। এভাবে ভিডিও ক্লিপটা বানানো - যার কোনও অংশে ছবির অযথা ব‍্যবহার নেই!পেশাদারদের কাউকে দিয়ে বানানো। মাহি'র আই ফোনে কিংবা ট‍্যাবে রাখা ছিল। সময় মতো নিজের ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্ট থেকে পোস্ট হল।
পোস্টটা রয়ে গেছে। ধোনির লেখাটাও আছে। ১৫ আগস্ট - দেশের স্বাধীনতা দিবস। দেশের সেরা সেনানির অন‍্যতম আবেগের দিন। এবার সময়ের গল্প। সন্ধ‍্যে ৭.২৯মিনিট। ধোনি মানেই সেভেন। কাজেই ৭ টা বোঝা গেল। কিন্তু সেই ৭ টা কেন সকাল না হয়ে সন্ধ‍্যা হল? আরে! ভারত- নিউজিল্যান্ডের ম‍্যাচটায় ধোনি যখন দেশকে নিয়ে লড়ছিলেন তখন ভারতীয় সময় তো সন্ধ‍্যা। ক্রিক ইনফো সাইটে লাইভ কমেন্ট্রিতে লেখা আছে, ধোনি যখন রান আউট হন- সময় ছিল সন্ধ‍্যে ৭.২৯ মিনিট! তাহলে? দেশের সেরা এক সেনা সেই পরাজয়ের সময়টা ভুলতে পারলেন না! ওই পরাজয়ে ধোনির চোখের কোলে জল দেখা গেছিল। দেশের হার মানতে পারেননি মাহি।  দেশকে জেতাতে না পারার যন্ত্রনা তাঁকে তাড়া করে বেড়াতে থাকে। মনের ভেতর জ্বালা সামলাতে তাই ধোনি এই দেশের আসল সেনানিদের মাঝে চলে গিয়েছিলেন। সেনাদের সঙ্গে নিজেকে উজার করে দিয়েছিলেন সে নিজেই। সেনা কর্তারা সে সময় ধোনিকে অনেক রেজিমেন্টে ঝুঁকি নিয়ে কাশ্মীরের নানান জায়গায় পাঠাতে চাননি। ধোনি নাছোড়বান্দা ছিলেন বলেই  শুনেছি। তিনি নিজের পরিচয় দেশের ক্রিকেটার বলতে যতোটা গর্ব বোধ করেন, ততোটাই গর্ব বোধ করেন দেশের টেরিটোরিয়াল আর্মির সহকারী কর্ণেল বলে। ২০১১ সালে ইন্ডিয়ান আর্মি তাঁকে অবৈতনিক এই পদটি দেয়। এই পদটি পাওয়ার সাত বছর পর -২০১৮ সালে পদ্মভূষণ  সম্মান পান ধোনি। সেই সম্মান মাননীয় রাস্ট্রপতির হাত থেকে নিতে ধোনি কিন্তু কোনও ভারতীয় ক্রিকেট দলের ব্লেজার পরে যাননি। রাস্ট্রপতি ভবনে সেদিন ছিলেন ভারতীয় সেনার পোশাকে। সময় ঘেঁটে দেখলাম গতবছর এই আগস্ট মাসেই জম্মু-কাশ্মীরে সেনাদের সঙ্গে ডিউটি দিয়েছিলেন। অর্থাৎ তাঁর উগ্র দেশপ্রেম তাঁকে ১৫ আগস্ট দিনটা বাছতে সাহায্য করেছে। 
'...আমি এক-দুই মুহূর্তের কবি’—এটাই বলতে চাইলেন তিনি! মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে কেন এভাবে বিদায় জানালেন গানের সুরে, কবিতার ছন্দে? সঙ্গে সেই ক্রিকেটের কোলাজ যে মিশে রইল। 
বিদায় বার্তাটাও যে অভিনব এমন ভাবনায় ভরপুর হতে পারে, সেটাও ধোনি দেখালেন। 
নিজের ইনস্টাগ্রাম অ‍্যাকাউন্টে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ সিনেমায় মুকেশের গাওয়া ‘ম‍্যায় পাল দো পাল কা শায়ের হুঁ ’ গানটা জুড়ে দিয়ে ৪ মিনিট ৭ সেকেন্ডের এক ভিডিও ক্লিপিং ভাইরাল হলো হু-হু করে। আর তাতে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ফিরে দেখেছেন তাঁর ১৫ বছরের পথ চলা। চমৎকার উপস্থাপনা। 
সেই পথের বাঁকে আছে যেমন অসামান্য সব সাফল্যের ফলক। আবার হয়তো বা কড়া ব্রেক ব‍্যবহার হয়েছে ব্যর্থতার ‘স্পিডব্রেকারে’ও। তবুও ১৫ বছরের ক্যারিয়ারটা যেখানে শেষ করলেন, তৃপ্তির একটা হাসি খেলে যেতেই পারে ঝাড়খণ্ড থেকে উঠে আসা ‘মাহি’র মুখে। 
এই বাংলারই খড়গপুর রেলওয়ে স্টেশনের একজন টিটিই-র জীবন যে এমন বর্ণাঢ্য হতে পারে, এত সাফল্যের মণিমুক্তা খচিত হবে, সেটি ধোনি নিজেও ভেবেছিলেন আজ থেকে ২০ বছর আগে? 
প্রয়াত সুশান্ত সিং অভিনীত বলিউডের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র সৌজন্যে ধোনির জীবনের গল্পটা অবশ্য আজ আর অনেকেরই অজানা নয়।
২০০৪ সালে নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে দুই সেঞ্চুরির পর নজর কাড়েন নির্বাচকদের। সেই বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম‍্যাচে অভিষেক। 
যখন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন প্রথমবার খবরের শিরোনামে এলেন ধোনি। ২০০৫।বিশাখাপত্তনামে পাকিস্তানের বিপক্ষে ম‍্যাচ ভারতের। ধোনি সাত নম্বরে যাবেন ব‍্যাট করতে। নেতা সৌরভ তখন তিন নম্বরে যান। পরে সৌরভের মুখে শুনেছি সেই ম‍্যাচে " ধোনি পর্ব"। সৌরভের মুখের কথাই লিখিঃ" দলের নেতার অনেক চাপ। আর প্রতিপক্ষ পাকিস্তান হলে তো কথাই নেই। প্রথম একাদশটা নিয়ে ভাবতে-ভাবতে শুতে গেছিলাম। মনে হচ্ছিল ধোনিকে ব‍্যাটিংয়ে পুরোপুরি ইউজ করতে পারা যাচ্ছে না। ম‍্যাচের দিন মাঠে ওয়ার্ম আপ শেষ। আমি মাহিকে বারবার দেখছিলাম আর কথাটা ভাবছিলাম। ঠিক করলাম - যেটা ভাবছি সেটাই করে দেখি। ওয়ার্ম আপ সেশনের পরও হাফ প‍্যান্টে ছিল ধোনি। সাত নম্বর ব‍্যাটিং অর্ডার। ওকে ডেকে বলেছিলাম, তুই আজ ম‍্যাচে তিন নম্বরে ব‍্যাট করবি। সঙ্গে-সঙ্গে জিজ্ঞাসা করেছিল, দাদি - আপ কিতনে নম্বর পর যাওগে? আমার উত্তর ছিল, তোর পর-চারে।" পরের ঘটনা তো ইতিহাস। লম্বা চুলের মাহি ওয়ানডেতে ১২৩ বলে ১৪৮ রানের ইনিংসটি খেলার পর সবচেয়ে খুশি ছিলেন বিশেষ একজন- সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মাহি তাঁর অধিনায়ককে শেষ টেস্ট ম‍্যাচে সম্মান জানান- ম‍্যাচে সৌরভকে অধিনায়কত্ব করতে ডেকে। সাবাশ মাহি। 
ধোনি নিজের আগমন বার্তা জানিয়েছিলেন উচ্চধ্বনিতেই! তারপর? অ-নে-ক কিছু! নেতা হয়ে ২০০৭-এ ভারতকে জেতালেন প্রথম  টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারত প্রথমবার উঠে এল পয়লা নম্বরে।  তাঁর নেতৃত্বের দৌড়েই - নভেম্বর ২০০৯ থেকে আগস্ট ২০১১ ঘটলো এই কীর্তি । 
তিনিই নেতা আর তাঁর ব‍্যাট থেকে উড়ে যাওয়া এক ছক্কা ২৮ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছিল ভারতকে। টি-টোয়েন্টি ও ৫০ ওভার—দুটি বিশ্বকাপ জয়ের গৌরব একমাত্র ধোনি নামের সঙ্গে মিশে আছে। ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ড তাঁর অধিকারে। ভারতকে সবচেয়ে বেশি - ২৭টি টেস্টও জিতিয়েছেন নেতা ধোনি।

অথচ শুরুর দিকে একটা সময় ব্যাডমিন্টন ও ফুটবলেই মেতে ছিলেন ভারতীয় ক্রিকেটের সফলতম এই অধিনায়কটি ! খেলোয়াড়ি জীবনের শুরুর দিকে জেলা পর্যায়েও বিভিন্ন ক্লাবের হয়ে এই খেলাগুলোই খেলেছেন নিয়মিত। ফুটবল দলে তাঁর ভূমিকা ছিল-- এক দাপুটে গোলরক্ষক। ক্রিকেটে আসার ঘটনাটা শুনলে মনে হবে সবই যেন এক অদৃশ‍্য শক্তিমানের হাতে লেখা নিপুন এক চিত্রনাট্য।
তাঁর ফুটবল কোচই মাহিকে পাঠিয়েছিলেন স্থানীয় একটি ক্রিকেট দলের  হয়ে ‘খেপ’ খেলতে। ক্রিকেটের প্রতি গভীর টান সৃষ্টি হয় রাঁচির "কমান্ডো" ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময়। ১৯৯৫ থেকে ১৯৯৮ এর কথা। দারুণ পারফরম্যান্সের পর ১৯৯৭-৯৮ মরশুমে সুযোগ পেলেন ভিনু মানকড় ট্রফির অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ খেলার।
তারপর থেকে জাতীয় দলে সুযোগ পেতে লেগে গেল আরও সাত বছর। সমসাময়িক অন্য সতীর্থদের তুলনায় একটু দেরিতে অভিষেক হয়েছিল বলেই হয়তো , পনেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা সাজাতে পেরেছিলেন একটার পর একটা সাফল্যের সিঁড়ি চড়ে । অধিকাংশ সময় কাটিয়েছেন দলের নেতার ভূমিকায়। আর দল তাঁর কাছে কেমন ছিল ? সেই  প্রসঙ্গে একবার বলেছিলেন, ‘আমার স্ত্রীকে বলেছি, আমার জীবনে তাঁর অবস্থান তিনে। প্রথমে দেশ, দ্বিতীয় অবস্থানে বাবা-মা, এরপর স্ত্রী।’
মাঠে যেমন চকিতে চমকে দেওয়া সব সিদ্ধান্ত নিয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়েও সিদ্ধান্তগুলো কম চমকপ্রদ নয়। ২০১৪ সালের ডিসেম্বরে সিরিজের মাঝপথে হঠাৎ অধিনায়কত্বের অবসর ঘোষণা করে দিলেন! কোনো বিদায়ী টেস্ট, বিদায়ী ভাষণ কিংবা বিদায়ী সংবাদ সম্মেলনেরও সুযোগ দেননি। ভারতীয় ক্রিকেটের টেস্ট ইতিহাসে আর কোনো অধিনায়কের এভাবে "গুডবাই" জানানোর ঘটনাই নেই। 
২০১৭ সালের জানুয়ারিতে ভারতের সীমিত ওভার ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটাও যথেষ্ট চমকপ্রদ ছিল। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। সেই সিরিজ শুরুর দিন দশেক আগে ধোনি ই-মেলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিলেন, এই ধরনের ক্রিকেটেও আর অধিনায়কত্ব করবেন না!
আবার অনেকে বলেন ( বিশেষ করে সৌরভপ্রেমী বাংলার মানুষজন), ধোনির জন‍্যই নাকি সৌরভকে আগে অবসর নিতে বাধ‍্য করা হয়। যতোটা সামান‍্য ধোনিকে চিনি তাতে বলতে পারি দেশ বা জাতীয় দল ওঁর কাছে সবচেয়ে আগে। সেই দলে যাঁকে-যাঁকে পেলে জয় নিশ্চিত হতে পারে নেতা ধোনি তাই করেছেন। ভারতীয় ক্রিকেটে অনেককেই শিখন্ডী বানিয়ে বোর্ড কর্তারা নোংরা খেলা খেলেছে বারবার। সেই রাজনীতির শিকার হয়েছিলেন সৌরভ। এরজন‍্য ধোনি প্রত‍্যক্ষভাবে কখনও দায়ী ছিলেন না। "ক‍্যাপ্টেন কুল" কূটনৈতিক ক‍্যাপ্টেন ছিলেন না। নতুন কিছু দিয়ে " চক্ দে ইন্ডিয়া" বিশ্বাস করেছেন সবসময়। তাঁর নির্লিপ্ত নিস্তব্ধতার ইমেজ  অনেকসময় মাহিকে ভুল বুঝতে সাহায্য করেছে। কিছু মানুষ থাকেন, নিজের কাছে নিজে সাচ্চা থাকতে চান। আর তা থাকেন বলেই আর অন‍্য কিছুর সহায়তা নেননা। ধোনি এমন মানুষদের নিয়ে গড়া প্রথম একাদশেও ক‍্যাপ্টেনই হবেন। 

গত বিশ্বকাপের পর থেকে নিজেকে একেবারেই আড়াল করে রেখেছিলেন ধোনি। তাঁর অবসর নিয়ে কত কথাই হয়েছে এই সময়ে। অবশ্য অবসর-সংক্রান্ত কথা তাঁকে শুনতে হচ্ছে গত পাঁচ-ছয় বছর ধরেই। একই বিষয়ে বারবার কথা বলতে বলতে বিরক্ত ধোনি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক অস্ট্রেলিয়ান সাংবাদিককে প্রেস কনফারেন্স পোডিয়ামে ডেকে কী রসিকতা করেছিলেন, নিশ্চয়ই সকলের  মনে আছে!
আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন রানআউটে, শেষটাও হলো রানআউট দিয়ে। 
কোনও বোলার ওঁর উইকেট পেল না। 
শুরু আর শেষটার এই মিল যেন-- তাঁর ক্যারিয়ারের মতোই চমকে ভরা!

কারও কথায় ধোনি অবসর নেবেন না, সেটি জানাই ছিল। আঁচ করাই যায়নি তিনি এটা জানাবেন কিভাবে। তিনি  জানালেন তা আচমকা, গীতিকাব্যের সুরে সুরে—
‘কত কবি এসেছে আমার আগে/তারা এসেছে, চলে গেছে/...কাল আমি তোমাদের থেকে আলাদা হয়ে যাব/যদিও আমি তোমাদের বর্তমানের অংশ...।’
ঠিকই তো, ধোনির আগে কত অধিনায়ক, কত উইকেটকিপার- ব্যাটসম্যান এসেছেন ভারতীয় ক্রিকেটে। কিন্তু তাঁর মতো এত আবেগঘন  ছাপ ক'জন রেখে যেতে পেরেছেন? ধোনি যতই বলুন ‘আমি এক-দুই মুহূর্তের কবি’—ক্রিকেট বলবে, ‘মি. মহেন্দ্র সিং ধোনি, তুমি অসংখ্য মুহূর্তের কবি।'
 মাহি মাহাত্ম্যে মিলে মিশে একাকার এই চিত্রনাট্যের যবনিকায় একটাই গানের সুর বাজানো যায় .... "কভি আলবিদা না কেহেনা"। 
অযোধ‍্যয় রামজন্মভূমি মন্দির স্থাপনের ইঁট গাঁথার  দিনে "গেরুয়া " রংয়ের পোশাকে নিজেকে রাঙিয়ে সোশ‍্যাল মিডিয়া ছবি পোস্ট করলেন। অনেকেই ধোনির সাজে অবাক হলেন। অনেকেই মুখে হাসির ঝলক। গুঞ্জনটা এক বছর ধরে চলছে। ঝাড়খন্ডের ভাবী মূখ‍্যমন্ত্রী মাহি! খেলা না ছেড়ে এসবে তিনি আসবেনই না- এটা ঘনিষ্ঠরা বারবার বলেছেন। তাঁর ছেলেবেলার বন্ধু ক্রিকেটার মিহির দিভেকর " এমএসডি ক্রিকেট অ‍্যাকাডেমি" শুরু করে দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাতেও আছে। প্রাক্তন ক্রিকেটার সত‍্যাজিৎ লাহিড়ী, উদয়ভানু বন্দ‍্যোপাধ‍্যায়ের মতন অনেকে নেমে পড়েছেন ছোট-ছোট এলাকা থেকে প্রতিভা বাছাই করতে। ধোনি জন‍্য বহু মানুষ তাঁর ছোট্ট শহর রাঁচীকে চিনেছে। বিহার - ঝাড়খন্ড এর আগে দেশের চ‍্যাম্পিয়ন হকি প্লেয়ার দিয়েছে- এমন বড় ক্রিকেটার দেয়নি গোটা বিশ্বকে। আর সেই নেতা ধোনির সময়ই দেশের অচেনা ছোট-ছোট শহর থেকে একের পর এক ক্রিকেটার উঠে এসেছে। আসছেও। 
এরপর? যিনি ক্রিকেট মাঠে ব‍্যর্থতার ক্ষতে মলম দিতে সেনাদের সঙ্গে জম্মু-কাশ্মীর চলে যান-তিনি আর পাঁচজনের মতন প্রডিক্টেবল নন। যতোই ধোনির অবসর ধ্বনি শোনার পর বিজেপি'র নেতারা টুইটারে -ফেসবুকে- ইনস্টায় স্তুতির ভজন শুরু করে দেন, সকলেই জানেন উনি মাঠের বাইরেও " কুল"। ক‍্যাপ্টেন তো বটেই।  তাহলে? মাহি "নতুন" শটের অপেক্ষায় রইলাম। 

Sunday, August 9, 2020

"পুরানা ছোড়ো, নয়া লাও"--দাদাগিরি










   


দীপঙ্কর গুহ


দাদাগিরিতে কাজ শুরু করে দিয়েছেন "দাদা" সৌরভ গঙ্গোপাধ্যায় । বোর্ড বা আইসিসি - লাইভ অনলাইনে মিটিংগুলো সময় নিয়ে বসে সারছেন বোর্ড সভাপতি। তারই মাঝে ছিল অ‍্যাড শুটিংয়ের কাজ।
 এই প্রথমবার বাংলা সিনেমার সফল পরিচালক জুটি নন্দিতা-শিবপ্রসাদদের সঙ্গে কাজ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফরচুন ফুড প্রোডাক্টসের তিনি অন‍্যতম ব‍্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার। সোয়াবিনে অনেক প্রোটিন। উদ্ভিদজ প্রোটিন। সোয়া অয়েলের পর এবার ক্রিকেট নেট থেকে সৌরভের বার্তা " পুরানা ছোড়ো- নয়া লাও"। মুখে যা বলছেন আর ক‍্যামেরার সামনেও তা করলেন! যে লাল ডিউজ বলে তিনি লর্ডসে মহারাজ হয়েছিলেন, সেই " পুরানা" ফেলে দিলেন! অন‍্য হাতে পিঙ্ক বল হাওয়ায় তুলে বললেন " নয়া " নিয়ে এসো। 
পুরনো আর নুতন - এই নিয়ে আশ্চর্যজনকভাবে একই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চারপাশের দুনিয়াতে ওলোট-পালোট চলছে। লোধা আইনেও " নয়া" কিছুর অপেক্ষায় সৌরভ। "নয়া" পরিচালক জুটির সঙ্গে কাজ করলেন। দুই পক্ষই খুশি। কোথায় হল এসব? সি এ বি'র  ইন্ডোর ক্রিকেট কোচিং সেন্টারে। স‍ৌরভের ইচ্ছাতেই এই ইন্ডোর কোচিং সেন্টার "নয়া" সাজে সেজে তৈরি। "পুরানো" মেজাজে প‍্যাড-গ্লাভস পরে নেটে ব‍্যাট করলেন। ২২ গজ উইকেটে ব‍্যাটিং। বোলিং মেশিন  থেকে পিঙ্ক বল আর লাল বল ছুটে গেল। সেই "স্ট‍্যান্স"! সেই টাইমিং! " পুরানো" মেজাজে "নয়া" মহারাজ।
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন "প্রায় ৫ বছর পর আবার ব‍্যাট ধরলাম।" তিনি ২০১৫ সালে অক্টোবর মাসে ক্রিকেটার থেকে "নয়া" ইমেজে সি এ বি'র ক্রিকেট প্রশাসক হয়েছিলেন। ক্রিকেটার সৌরভ ২০১২ তে আইপিএলে পুনে দলের হয়ে শেষবার খেলেছিলেন। তাহলে তো সৌরভের বলা উচিত ছিল " ৮ বছর পর ব‍্যাট ধরলাম"।  সৌরভকে যতোটা চিনি তাতে হলফ করে বলতে পারি- তিনি পরিসংখ্যান ভুল বলেন না। সেই "গুরু গ্রেগকে" তাই গড়গড় করে সেদিন জিম্বাবুয়ের টিম হোটেলে বলতে পরেছিলেন তাঁর আর গ্রেগের সব ক্রিকেট পরিসংখ্যান। সৌরভের "পরিসংখ‍্যান প্রেম" সকলের জানা। যিনি একের পর এক কীর্তি সাজিয়ে রেখেছেন, তাঁর মুখে তাঁরই ক্রিকেট পরিসংখ্যান শুনতে ভালোই লাগে। তাহলে " পাঁচ বছর পর" এমন তত্ব সৌরভ কেন শোনালেন!
আসলে এখনও তিনি ব‍্যাট হাতেই আছেন। আর ক্রিকেটার হয়ে নয়, ভারতীয় ক্রিকেটারদের সেরা সাংগঠনিক আসনে বসে। তিনি বোর্ডের সভাপতি। 
প্রাক্তন বোর্ড সভাপতি  থুড়ি "পুরানো" এখনও হননি। কারণ লোধা নিয়মমতে ২৬ জুলাই তিনি টানা  ৬ বছরের " ক্রিকেট সেবা" করে ফেলেছেন।  ৩ টি বছরের "নয়া" নীতি কুলিং পিলিয়ডে যাওয়ার কথা। যাননি। এখনও বোর্ড সভাপতি হয়ে প্রচারমাধ‍্যমে কথা বলছেন। বোর্ড সচিব জয় শাহেরও এক রা। ভারতীয় বোর্ডের মধ‍্যে কোনও বিরোধীতা নেই। বরঞ্চ বোর্ড চায়, এখন টানা আরও ৬ বছর সৌরভ-জয়ের জুটি কাজ করুক। তাই আদালতে আবেদন। মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বতী কোনও অনুমতি দেননি। এই আবেদন শুনবেন বলেছেন, আগামী সপ্তাহে। দুঁদু আইনজীবিরা আবার এই মামলায় মিশে গেছেন। " পুরানা" ছোঁড়ো " নয়া " লাও। 
একই স্লোগান আইপিএল টাইটেল স্পনসরশিপ ঘিরে। চীনা হঠাও, "নয়া" লাও। ভিভো সরে দাঁড়িয়েছে। প্রশ্ন এখন একটাইঃ " আত্মনির্ভর ভারত"? নাকি " অর্থের পারদ"? যাদের অর্থ-পারদ যতো চড়বে, তত বোর্ডের তহবিল ভরবে। ভরুক। আর তা  ভর্তি না হলে ন‍্যূনতম ২৫ টি প্রথম শ্রণির ম‍্যাচ খেলা কয়েক হাজার প্রাক্তন ক্রিকেটাররা পেনসনটা যে পাবেন না। ফুটবল নিয়ে যাঁরা গলা ফাঁটান, তাঁরা বলবেন- সেই বড় বলের ফেডারেশন ক'জন জাতীয় ফুটবলারকে ( ভারতের হয়ে খেলা, রাজ‍্য দলের নয়) নিয়মিত পেনসন পাঠায় তাঁদের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে? উত্তর দিতেই পারবেন না। কারণ সেই সিস্টেমই নেই সেখানে। ওসব সংস্থার কর্তারা নিজেদের আখের গুছিয়েছেন (ক্রিকেটেও এমন কর্তা নেই তা বলছি না) বেশি বা দক্ষতার সঙ্গে সিস্টেমে ফেলে প্রোডাক্টটা বেচতেই পারেননি। 
যাক, সে সব। খেই হারিয়ে ফেলছিলাম। এই যে সোয়াবড়ির বিজ্ঞাপনে সৌরভ অংশ নিলেন তাতে অনেক কিছু " পুরানা" - অনেক কিছু "নয়া"। যেমন সৌরভ যে ব‍্যাট ব‍্যবহার করলেন তাতে কোনো ব্র‍্যান্ডেরই স্টিকার নেই। নন্দিতা-শিবনাথ, ফরচুনের স্টিকার লাগালে কেমন হতো? সৌরভ যে লাল টুকটুকে টপটা পড়েছিলেন- ওটা কোন কোম্পানির? মহারাজকে মিস্টি লাগছে ওটাতে।আর লোয়ার ট্র‍্যাকস‍্যুটটাও একই ব্র‍্যান্ডের। পায়ের লাল টুকটুকে হাল্কা স্নিকারটা? সেটাও দেখলাম একই ব্র‍্যান্ডের। আন্তর্জাতিক জুতো, স্পোর্টস সাজ সরঞ্জাম প্রস্ততকারক-পুমা। সৌরভ একসময় এই সংস্থার ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার ছিলেন। এখনও আছেন হয়তো। এটাই "নয়া"। ভারতীয় ক্রিকেটে এর আগে কোনও বোর্ড সভাপতি'র এন্ডোর্সমেন্ট লিস্টই ছিল না। অ‍্যাড শুটিংয়ের কথা তো বাদই  দিলাম। আবার শুনছি, টিম ইন্ডিয়ার ' কিট' স্পনসর নাইকি সরছে। আর বাড়াতে চায় না এমন মোটা অর্থের চুক্তি। অনেক কম অর্থ দিতে চায়। বোর্ডকর্তারা সেলস-মার্কেটিং বেশ ভালোই বোঝেন। ব‍্যাক আপ টিম থাকে চারপাশে। সেখানেই ভেসে উঠেছে "পুমা" আর "অ‍্যাডিডাসের " নাম। ভারতীয় ক্রিকেট আর অ‍্যাডিডাস মানেই সেই তো " মাস্টার ব্লাস্টার" সচিন তেন্ডুলকর। আর "পুমা" শরীরে রেখে সর্বভারতীয় বাজারে বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

ভাই বাহ্। প্লিজ, এরমধ‍্যে "পুমা" বাজি জিতলে বোর্ড সভাপতিকে নিয়ে বাঁকা কথা বলবেন না। ভুলে যাবেন না, হতে পারে সৌরভ এখন বোর্ড সভাপতি -- আসলে তিনি সেই লর্ডসের ব‍্যালকনিতে আদুল গায়ে গেঞ্জি উড়ানো দাপুটে ভারতীয় ক‍্যাপ্টেন। বলুনঃ দা-দা-গি-রি। " পুরানা ছোড়ো, নয়া লাও"। 

Tuesday, August 4, 2020

ক্রিকেটে আজ "রাজনীতির গিরগিটি"র দাপাদাপি











দীপঙ্কর গুহ


এক সময় স্লোগানটির ভালো চল ছিলঃ"হিন্দি-চিনি ভাই -ভাই"। কে কাকে বলেছিলেন? ইতিহাসে ইতিউতি চাইতেই মিলল উত্তর। ভারতীয় এলাকা দখলের চেষ্টা চীন বহুদিন ধরেই করে চলেছে। এমনই এক পরিস্থিতিকে সামাল দিতে আলোচনার টেবলে বসতে চলেছিলেন তৎকালীন চীনা প্রধানমন্ত্রী চাউ-এন-লাই এবং ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে। সভায় বসার আগে চীনাদের কূটনৈতিক চটুল চালটি শুনিয়েছিলেন লাই। বলেছিলেন- "ইন্ডিয়ান্স -চাইনিজ আর ব্রাদার্স"। ভারতীয়দের কাছে হিন্দি তর্জমায় যা হয়ে উঠেছিল- "হিন্দি-চিনি ভাই-ভাই।" 
গুজরাট ক্রিকেট সংস্থায় যখন এখনকার প্রধানমন্ত্রী মোদিজী আর তাঁর ছায়াসঙ্গী অমিতজী ছিলেন-তখনও মধুর মিত্র ছিল "হিন্দুস্তান আর চায়না"। ভাবখানা ছিল, অন‍্য মেজাজ চাইনা। আর সেই সেদিনের সু- মিঁত্রো আজ কু-মিঁত্রো! 

গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে ভারতে চীন বিরোধী মনোভাব অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ প্রকট। ভারত জুড়েই ডাক উঠেছে চীনা পণ্য বর্জনের। এমনকি সরকার ইস্তাহার জারি করে চীনের অ‍্যাপ ব‍্যান করেছে। কিন্তু ব্যাপারটা যতোটা রাজনৈতিক, ঠিক ততোটাই কি বাস্তবিক? কিন্তু কিছু ঘটতে চলেছে যা স্বাভাবিক লাগবে জনসমক্ষে। তবুও তা অস্বাভাবিক। 

চীনবিরোধী জাতীয়তাবাদী ভাবনাটা সবচেয়ে বিপাকে ফেলে দিয়েছে ভারতের খেলার দুনিয়াকে। ক্রিকেটের তো " ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থায় । নানান রাস্তা খোঁজা চলছে।  টি-টোয়েন্টি জনপ্রিয়  ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের টাইটেল স্পনসর স্বত্ব অনেক আগেই চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভোর কাছে বিক্রি করা। এবার দেশের সেনাদের প্রাননাশের পর দাবি উঠেছিল এই স্পনসরশিপ বাতিলের। কিন্তু আগামী সেপ্টেম্বরে আরব আমির শাহিতে আইপিএল-১৩ তে নতুন আসরেও ‘ভিভো’ থাকছে - এটাই নিশ্চিত ছিল। সঙ্গে থাকছে চীন-সংশ্লিষ্ট অন্য পৃষ্ঠপোষকেরাও।  তাতেই জলঘোলা শুরু হয়ে গেছে। এই ইস‍্যু রাজনীতির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ইংগিত স্পষ্ট এখন ভারতীয় ক্রিকেটে।

আইপিএলের নয়া দিনক্ষণ ঘোষণা হওয়ার পর চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাটির সঙ্গে সম্পর্কচ্ছেদের দাবি উঠেছে ভারতজুড়ে। এই প্রতিষ্ঠানটি প্রতিবছর বিসিসিআইকে প্রায় ৪০০ কোটি টাকা করে স্পন্সরশিপ ফি  দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) সতীর্থ সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ (এসজেএম) বাজার গরম করে দেয়। রব উঠেছিল আইপিএল থেকে সব ধরনের চীনা প্রতিষ্ঠানকে সরিয়ে দেওয়া হোক।
গালোয়ানের ঘটনার পর থেকেই বিজেপি'র ভাবধারার সমর্থক সংস্থা এসজেএম ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছে। চীনা পণ্য বর্জনের ব্যাপারে ভারতীয়দের সচেতন করার কাজটিও করে যাচ্ছে এই এসজেএম। ব‍্যবহার করা হচ্ছে সব ডিজিটাল প্ল‍্যাটফর্মকে। তারা দাবি জানিয়েছে, যদি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে পৃষ্ঠপোষকতার চুক্তি বাতিল করা না হয়, তাহলে ভারতীয় জনগণই নাকি এই বছরের আইপিএল না দেখার সিদ্ধান্ত নেবে। মানুষই আইপিএল বর্জন করবে। দেশের স্বার্থ ও দেশ মাতৃকার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। দেশপ্রেমকে প্রাধান্য দিতে গেলে, রাস্তা একটাই। আপাতত কোভিড কম্পনে ভিভো বলে বসবে, আর্থিক সঙ্কটে ৪০০ কোটি তো নয়ই- ১৫০ কোটিও দেওয়া যাবে না। তাই, এবছর রেহাই চাই। ক্রিকেট বোর্ড আর দেশের সরকার বোর্ড - আত্মনির্ভর ভারত মন্ত্রে এবার আদানি কিংবা আম্বানিকে চাইবে। ৪০০ কোটি এবার দিলে এবছরই অন‍্য ডিলে ৫০০ কোটি মিলবে না? আর চীনা ভিভোর  চুক্তির মেয়াদ ২০২২ সাল ছাড়িয়ে ২০২৩ হতেই পারে। দ‍্যাখ-কেমন লাগে। 

বাহ্। এই না হলে দেশপ্রেম! কিন্তু তাঁদের এমন ডাককে তো পাত্তাই দিচ্ছিলেন না মোদি - শাহ জুটি! দেশের মহাবলীরা বলছেন " চীনা হঠাও"। আর সেই আওয়াজ মিহি হয়ে যায় দেশের ক্রিকেট বোর্ডের জন‍্য। অমিতজী'র শান-জান ছেলে জয় বাবুজী যে দেশের ক্রিকেট বোর্ডের সচিব। সেখানে অর্থই শেষ কথা। চীনা হঠাও- আওয়াজ তুলে শুরুর দিকে সেখানে অনর্থ চাননা "ওঁরা"।  কী বিচিত্র-তাই না? কিন্তু জনমতে আর বিরোধী মতে ফাঁটল চাই। তাই মেইন স্পনসর ভিভোর বাই-বাই। আবার এই সংস্থার ফেরার রাস্তাও খোলা রাখা হল। শেষ হয়ে যাওয়া চুক্তি ২০২২ থেকে চলে যাবে পরের বছর-২০২৩ সালে। কতো খেলা! 
ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। গর্ববোধ করেন। রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিতে তিনি ইন্ডিয়ান  টিমের ব্লেজার পরে যাননি। গিয়েছিলেন সেনাবাহিনীর ইউনিফর্মে। তিনি টের পেয়েছেন- কাশ্মীরে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে একমাস কটিয়ে, দেশ তাঁদের কাছে কী। মাহি জানেন সেই সেনাদের "হত‍্যা" করা হলে বাকি সতীর্থরা কি চান? ব-দ-লা। মোদি-শাহ'রাও তো তাই চান। জাতীয়তাবাদকে উস্কে দিতে যাঁরা ওস্তাদ-তাঁরাই আবার মুখোশের আড়ালে শর্ত ছাড়াই আইপিএল আরবে করার ছাড়পত্র দেন। এমন এক টুর্নামেন্টের ছাড়পত্র- যাতে মূল চীনা স্পনসরের প্রচার চালাবে "ভারতীয়" ক্রিকেট বোর্ড। তাও আবার বিশ্ব জুড়ে! বিরোধীপক্ষ ঝাঁপিয়ে পড়তেই গেম প্ল‍্যান বদলে শাহ শাহেনশারা। বোঝাতে হবে অমিতজী .... দেশের। অমিতজী পুত্র জয়জী- ভারতীয় ক্রিকেটের। দুজনই রাজ করতে চান। 
ছিঃ, এত্তা জঞ্জাল!

এস জে এম- সংগঠনটির জাতীয় আহ্বায়ক কমিটির প্রধান অশ্বিনী মহাজনের মতে চীনা পণ্য বর্জনের দাবিটি কেবল তাঁর সংগঠনেরই নয়, এটি এখন গোটা ভারতেরই দাবি। বলছেনও গলা ফাঁটিয়ে-" চীনা পণ্য বর্জনের বিষয়টি এখন ভারতের প্রাণের দাবি। এটি কেবল এসজেএমের দাবি নয়; এ মুহূর্তে ভারতীয়দের মন মানসিকতা চীনা পণ্য ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেই।"
অশ্বিনী মহাজন বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে বলেছেন , " যেখানে গোটা বিশ্ব চীনের বিরুদ্ধে। গোটা বিশ্বই যখন চীনা পণ্য ও প্রতিষ্ঠান বয়কট করছে, তখন আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ড চীনকে আশ্রয় দিচ্ছে নিজেদের কোলে! ’ কিন্তু একটিও শব্দ খরচ করা নেই বোর্ড সচিবের বিপক্ষে! কারণ, ওঁনার পদবী-শাহ? বোর্ড সচিবের বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে ব‍্যক্তি বচন বন্ধ! ভাই বাহ্। 

কেবল আরএসএস বা এসজেএম নয়, আইপিএলে চীনা প্রতিষ্ঠানকে রেখে দেওয়ার সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। দলটির মুখপত্র রণদীপ সিং সূর্যওয়ালা এরই মধ‍্যে টুইট করেছেন ‘আত্মনির্ভরভারতঅভিযান’ হ্যাশট্যাগ দিয়ে। তিনি লিখেছেন, ‘আইপিএলের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিজেপির দ্বিচারিতা আবারও মানুষের সামনে চলে এল ।’ ভিভোকে সরিয়ে ( নাকি আপাতত সরিয়ে) ভারত জাগো ডাক। এবার আদানি কিংবা আম্বানি। মেইন স্পনসর সরলেও আরও বেশ কিছু চীনা যোগ কিন্তু আইপিএলে রয়েই গেল। তার কি হবে?

২০১৭ সালে চীনা প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। চুক্তির শর্ত অনুযায়ী ভিভো বিসিসিআইকে আইপিএলের টাইটেল স্পনসরশিপ বাবদ ২ হাজার ১৯৯ কোটি টাকা দিচ্ছিল। ভিভো মোবাইলে বাজার ভারতে তুঙ্গে। বলিউড ফিল্ম স্টারদের ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার  বানানো হয়েছে। তাঁরা চীনা অর্থ নেন। ভারতে চীনার অর্থ আসছে-তাতে লাভ নাকি দেশের। বিদেশী মুদ্রা আসছে। এমনটাই দাবি করেছিলেন বিজেপি 'র কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধামাল। তিনি আবার বোর্ডের কোষাধ‍্যক্ষ।  আর তাঁরা যে প্রোডাক্ট বেচে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে-তার কি ব‍্যবস্থা হবে ? 
আমাদের ভূমি লুটবে সুযোগ পেলেই। সেনা ভাইদের জান নেবে চূড়ান্ত নৃশংসভাবে। আর অামরা? রাজনীতির গিরগিটিই হবো!



মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...