দীপঙ্কর গুহ
প্রথম শ্রেনির ক্রিকেটই খেলেননি। তাই সতীর্থদের কথা তাঁর তো ভাবারই সুযোগ নেই। তবু ক্রিকেটারদের কথা ভাবলেন। পেশায় ব্যবসায়ী। নেশায় ক্রিকেট প্রশাসক। এই মুহূর্তে সিএবি'র সভাপতি তিনি। অভিষেক ডালমিয়া। একসময় ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের জন্ম নিয়েছিল তাঁর বাবা প্রয়াত জগমোহন ডালমিয়ার সময়ে। বলা ভালো প্রয়াত বোর্ড সভাপতি বিশ্বনাথ দত্তের সময়ে। সঙ্গে ছিলেন জেডিও। ক্রিকেট মহল জানে, ক্রিকেটারদের এই সংস্থাকে কোনও দিনই মেনে নেয়নি বিসিসিআই। সেই সংস্থার নব জন্ম ঘটেছে মাস আটেক আগে। কমপক্ষে ১০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা দেশের ক্রিকেটারদের নিয়ে এই সংস্থা। সদস্য সংখ্যা এখন প্রায় ১৮০০। বিনামুল্যে মেলে সদস্য পদ। অভিষেকের সদস্য হওয়ার যোগ্যতা নেই। তাতে কী! দুস্থ ক্রিকেটারদের জন্য তহবিল গড়া হচ্ছে শুনে ব্যক্তিগতভাবে দিলেন ৫০ হাজার টাকা। রাজ্য ক্রিকেট সংস্থার কতো প্রথম শ্রেণির ক্রিকেটার এখনও সজ্ঞানে আছেন-তার হিসেবেই মিলছে না। এ রাজ্য থেকে কতোজন দেশের হয়ে খেলেছেন? হিসাবটা পেলাম। আর অবাক হলাম। ক্রিকেটার না হয়েও অভিষেক যা ভাবতে পারেন, বাংলার সেইসব স্টার ক্রিকেটাররা এখনও ভাবতে পারছেন না কেন? সতীর্থ ক্রিকেটাররা না থাকলে তাঁরা পরতেন এই পর্যায় পর্যন্ত পৌঁছতে? তাহলে আইসিএ'র এই মহান প্রয়াসে তাঁরা কেন মুখ এখনও ঘুরিয়ে?
বাদ দিলাম অভিষেকের কথা। এক রাশ স্বপ্ন নিয়েও বাংলার হয়ে প্রথম শ্রেনি ক্রিকেটে খেলার সুযোগ পাননি সিউড়ির আব্দুল মুনায়েম। কলকাতা ক্লাব ক্রিকেটে চুটিয়ে খেলেছেন বড় দলে। এখন ক্লাব কোচিংয়ে তিনি এক সফল কোচ। আইসিএ'র সদস্য তিনি হতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্কের এই কর্মী কিন্তু আইসিএ তহবিলে অর্থ সাহায্য পাঠিয়েছেন। দুস্থ ক্রিকেটারদের জন্য তিনিও ভেবেছেন। বাকিরা?
এখন সারা মরশুম খেললে একজন প্রথম শ্রেণির ক্রিকেটার পান ২৪-২৫ লাখ টাকা। আইপিএল বাদ দিলাম। সেখান থেকে এক হাজার টাকা দেওয়া যায় না? বাংলা রঞ্জি ট্রফি জয়ী দলের এক সদস্য ঠিক এভাবেই বললেন, " আইসিএ-র মেম্বার না হয়েও অনেকে এই প্রয়াসে অর্থ দিচ্ছে। আমরা এখনকার ক্রিকেটারদের মতো এতো টাকা পেতাম না। জানি না, সতীর্থ কোনও ক্রিকেটারের জীবন যুদ্ধে কাজে লাগবে -এটা জেনেও কেউ নীরব থাকতে পারে!!"
নীরব থাকতে নারাজ আইসিএ। সংস্থার সভাপতি অশোক মালহোত্রা বাংলার প্রাক্তন অধিনায়ক যেমন, তেমনি প্রাক্তন জাতীয় ক্রিকেটার কাম কোচ কাম নির্বাচকও। বলছেন, " এই আইসিএ আগের সব পর্বের মতো চলবে না। বোর্ড সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি বসার পর অ্যাড হক ভিত্তিতে বিসিসিআই ২ কোটি টাকা দিয়েছে সংস্থাকে। তাই নিয়ে কাজ শুরু করেছি আমরা। বেঙ্গালুরুতে আমাদের অফিস হয়েছে। এখন আমাদের কাছে অনেক ক্রিকেটারের আবেদন পৌঁছেছে আর্থিক সাহায্য চেয়ে। তাদের জন্য দেশের প্রাক্তন ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। প্রায় ৬০ লাখ টাকা সংগ্রহ হয়েছে ১৫ মে পর্যন্ত। ২২ মে সংস্থার ৮ জন কর্তা আলোচনায় বসার কথা ছিল। আমফান সুপার সাইক্লোনে বেসামাল কলকাতা। নেটওয়ার্ক সমস্যা। তাই অনলাইন ভিডিও কনফারেন্স মিটিং হচ্ছে ২৪মে। ৩৫ জন দুস্থ ক্রিকেটারদের তালিকা শর্ট লিষ্ট করা হয়েছে। ওই মিটিংয়ে পাঁচটি জোনে নির্দিষ্ট সংখ্যক দুস্থ ক্রিকেটারদের সাহায্য করা হবে।"
যদিও এখনও এই ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে মেনে নিতে পারছে না ভারতীয় বোর্ডের বড় অংশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ শুরু করেছে আইসিএ। বিসিসিআইয়ের থেকে ১২ কোটি টাকা চেয়ে মিলেছে আপাতত ২ কোটি। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন সৌরভ গাঙ্গুলি এবং দলের সিনিয়ররা বোর্ডের সঙ্গে কয়েকটি ইস্যুতে কথাবার্তা চালাতে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে অনিল কুম্বলেকে এগিয়ে দিয়েছিলেন। এবার থেকে আইসিএ এইসব কাজ সারবে।
এমন কাজই শুরু হল প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ প্রভাকরের ১৫ বছর ধরে আটকে থাকা বেনিভোলেন্ট ফান্ডের অর্থ মুকুব করা ইস্যু নিয়ে। সংস্থার সভাপতি অশোক যখন বললেন- বোর্ড সভাপতি সৌরভ দায়িত্ব নেওয়ার পর মনোজের এই আবেদন মতন অর্থ দেওয়া হল, তখন মনে হল বোর্ডের সঙ্গে পায়ে পা মিলিয়ে ভারতীয় ক্রিকেটকে আরও মজবুত করতে পারবে আইসিএ।
কয়েকটি ইস্যু নিয়ে এমনভাবে আইসিএ ভাবছে, তা হয়তো দেশের ক্রিকেটারদের সত্যিই ভালো হবে। প্রাক্তন জাতীয় ক্রিকেটাররা পেনসন পান সরকারি নিয়ম মেনে। ক্রিকেটাররা মারা গেলে তাঁর স্ত্রীকে পেনসন দেওয়ার চল আছে বিসিসিআইয়ে। এবার আইসিএ চায় প্রথম শ্রেণি ক্রিকেটাররা, যাঁরা পেনসনের আওতায় - তাঁদেরও নমিনিরাও যাতে পরবর্তী সময় পেনসনটা পায়। এখনও বিশ্ব ক্রিকেটার্স সংস্থা -ফিকার অনুমোদন নেওয়া হয়নি। তা দ্রুত সেরে ফেলা হবে, ওয়েবসাইট আর বাকি পরিকাঠামো তৈরি হলেই।
সভাপতি মালহোত্রাও চান এক মজবুত পরিকাঠামো। বলছিলেন, " আজ ডিজিটাল মিডিয়ামের যুগ। করোনার প্রকোপে আমরা অনেকেই বাধ্য হয়েছি এই প্রযুক্তিতে মানিয়ে নিতে। তাতে লাভই হচ্ছে। গোটা দেশের সব ক্রিকেটারদের জন্য এই সংস্থা কাজ করতে চায়।"
আইসিএ কর্তারা চান, বেঙ্গালুরু থেকে সংস্থার অফিস -বোর্ড অফিসের শহরে নিয়ে আসতে। অর্থাৎ মুম্বাইয়ে। কিন্তু সেখানে অফিস আর অফিস কর্মী রেখে কাজ করতে মাসে প্রায় লাখ টাকার খরচ। সেই অর্থ সংগ্রহ করাটাই কর্তাদের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ।
বাংলার এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় ইচ্ছে থাকলেও আইসিএ'র প্রয়াসে সামিল হতে পারলেন না বলে আফশোষ করছিলেন। করোনা লকডাউনে শরদিন্দু আইসিএ ওয়েবসাইট খুঁজে চেষ্টা করেছিলেন সদস্য হতে। সফল হননি। চেয়েছিলেন দুস্থ ক্রিকেটারদের তহবিলে সাহায্য করতে। ওয়েবসাইটে একটি নম্বর দেওয়া আছে। যা বেঙ্গালুরু অফিসের নম্বর। কেউ ফোন ধরেও নাকি সঠিক দিশা দিতে পারেননি। শরদিন্দু তো সরাসরি আইসিএ সভাপতি অশোককে ফোন করতেই পারতেন। একসঙ্গে খেলেছেন ওঁরা। কিন্তু সিস্টেমে কাজটা হওয়াও দরকার।
আবার সংস্থার সঙ্গে যে বিসিসিআই বা কোনও রাজ্য ক্রিকেট সংস্থার বিরোধ নেই-এটাই দেশের ক্রিকেটাররা জানেন না। এমনকি, সুপ্রিম কোর্ট নির্দেশে আবার চালু হওয়া ক্রিকেটারদের এই দেশীয় সংস্থায় থাকলে "কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট" ইস্যুটা ক্রিকেটারদের সমস্যায় ফেলবে কিনা, তা নিয়েও দোটানায় অনেক প্রাক্তন ক্রিকেটাররা। শুনলাম, সৌরভ নিজেও জানতে চেয়েছিলেন এই সংস্থার মেম্বার হলে "সিওআই" নিয়মে সমস্যায় পড়বেন কিনা।
মেম্বার হওয়া নিয়ে দ্বিধা থাকতেই পারে, কিন্তু দুস্থ ক্রিকেটারদের সাহায্য করতে তো কোনও দ্বিধা থাকার কথা নয়। এই ব্লগ যখন লিখছি, তখনও বাংলার এই তারকা ক্রিকেটারের আর্থিক অনুদান দানের কথা শুনিনি। আমি নিশ্চিত সৌরভ ব্যক্তিগতভাবে আইসিএ-তে থাকবেন। আবার সৌরভও আছেন জানলে আরও অনেক ক্রিকেটারই এগিয়ে আসবেন, এটা হলফ করে বলতে পারি।
উইকিপিডিয়া ঘেঁটেঘুঁটে দেখলাম-প্রজ্ঞান ওঝাকে নিয়ে ১২ জন ক্রিকেটার আছেন, যাঁরা বাংলার হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলে খেলেছেন বা খেলছেন ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত। আইসিএ অন্য অনেকের সঙ্গে এঁদের কাছেও মেল পাঠিয়েছিল সদস্য হওয়ার জন্য। অনেকেই সদস্য হননি। সদস্যপদ বিনামুল্যে মেলে। শুধু ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে ১০ টি এবং মেয়েদের ক্ষেত্রে ৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। সেই একি ডেটাবেস থেকে সকলের কাছে আইসিএ আবার একটি মেল পাঠায় পরবর্তীকালে। তাতে দেশের দুস্থ ক্রিকেটারদের সাহায্য করতে কমপক্ষে এক হাজার টাকা অর্থ সংস্থার তহবিলে দেওয়ার আবেদন করা হয়েছিল। শুনে অবাক হয়েছি, এই ১২ জনের থেকে তেমন সাড়াই মেলেনি। শেষ ২০ বছরে বাংলা রঞ্জি দলে খেলেছেন কম বেশি ১০০ জন। তাঁরাই বা কেন আরও অনেক সমাজসেবার সঙ্গে এই প্রয়াসে সামিল নন! কেন? উত্তর খোঁজার চেষ্টা করছি। পেয়ে গেলে সকলের সামনে রাখবো।
এইসব খোঁজ করতে গিয়ে বুঝেছি, অনেকেই জানেন না সংস্থায় যোগ দিলে কী কী সুবিধা পাবেন। কী ভাবে যোগ দিতে হবে? ইত্যাদি-ইত্যাদি। মনোজ প্রভাকরের সঙ্গে কথা বলে বুঝেছি, বোর্ড সভাপতি সৌরভের সদিচ্ছার সঙ্গে আইসিএ'র তদ্বির -- তাঁর বকেয়া বেনিভোলেন্ট ফান্ড ১৫ বছর পরে পেতে সাহায্য করেছে। মনোজ চান দেশে এক শক্তিশালী ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে। বাকিরা?



