Monday, May 11, 2020

সানি-কপিলদের পর ভিশি, তবু আইসিএ'র প্রয়াসে এখনই নেই হালফিলের তারকারা





সানি-কপিলদের পর ভিশি, তবু আইসিএ'র প্রয়াসে এখনই নেই হালফিলের তারকারা

দীপঙ্কর গুহ


প্রায় ১৬ বছর পর জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকরের বেনিভোলেন্ট ফান্ড রিলিজ করলো বিসিসিআই । এই ফান্ড আটকে ছিল মনোজের বিরুদ্ধে ম‍্যাচ গড়াপেটার জন‍্য অভিযোগ থাকায়। সেই অভিযোগ থেকে মহম্মদ আজহারউদ্দিনের মতো মনোজ মুক্ত হন বেশ কয়েক বছর আগে। 
মনোজ প্রভাকর নিজে একাধিকবার এই ফান্ড চেয়ে বোর্ডের কাছে আবেদন জানিয়েছিলেন। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ‍্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটার পর, এই সংস্থার পক্ষ থেকে দরবার করা হয় মনোজের আবেদন নিয়ে। সংস্থার সভাপতি অশোক মালহোত্রা জানান, "বিসিসিআইকে ধন‍‍্যবাদ জানাই, প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকরের বেনিভোলেন্ট ফান্ড রিলিজ করার অনুমতি দেওয়ার জন‍্য। আইসিএ খুশি এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে এই ইস‍্যুতে সব রকম সাহায্য করতে পারার জন‍্য।"
                       অন‍্যদিকে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ‍্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার ফান্ড বানানোর উদ্যোগে এবার সামিল হলেন প্রাক্তন আরেক জাতীয় ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ। তিনিও আর্থিক সাহায্য করেছেন। ফলে গাভাসকার, কপিল, আজহার, দ্রাবিড়ের পর এবার এই সংস্থার সঙ্গে জড়ালেন ভিশিও। 
সংস্থার সভাপতি অশোক মালহোত্রা সোমবার রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, " যেভাবে সতীর্থ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে প্রাক্তন তারকা ক্রিকেটাররা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাতে আমরা অভিভূত। আপাতত ১৫ মে'র মধ‍্যে যে অর্থ পাওয়া যাবে তা আর্থিক সহায়তা চাওয়া ক্রিকেটারদের মধ‍্যে ভাগ করে দেওয়া হবে। এখনও প্রায় চারদিন বাকি। আমি আশাবাদী, ৩০ নয় হয়তো ৫০ জন ক্রিকেটারকে এই কঠিন সময় সাহায্য করা যাবে।" 
অশোক কিন্তু হতাশ বর্তমান ক্রিকেটারদের  বা সাম্প্রতিক অতীতে ( বছর ১০ এর মধ‍্যে) অবসর নেওয়া স্টার ক্রিকেটারদের নিষ্পৃহ মনোভাব দেখে। রাজ‍্য দলে কোনও না কোনও  সময়ে একসঙ্গে খেলা সতীর্থদের পাশে দাঁড়ানোর জন‍্য এইসব ক্রিকেটারদের কাছে আরও একবার আবেদন জানালেন প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার কাম কোচ কাম জাতীয় নির্বাচকটি। 
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রাক্তন জাতীয় ক্রিকেটার ( আইসিএ'র সদস‍্য) এই ইস‍‍্যুতে একহাত নিলেন এইসব তারকা ক্রিকেটারদের। বললেন, " মুখ‍্যমন্ত্রী ফান্ড, প্রধানমন্ত্রী ফান্ড, কোনও রাজ‍্যের পুলিশ ফান্ডে এরা অর্থ দান করছেন। খুব প্রশংসনীয় পদক্ষেপ। কিন্তু অনেক প্রাক্তন ক্রিকেটার প্রথম শ্রেণি ক্রিকেট খেলা শুরু করেছিলেন দৈনিক ২৫ টাকাতে ( '৭৩-`৭৪ সালে)। ১৯৯৫ এর কাছাকাছি সময় অবসর যখন নেন, প্রথম শ্রেণি ক্রিকেটে দিনে ৫০০০ টাকা করে পেতেন। সেই সময়ের ক্রিকেটাররা অনেক সংখ‍্যায় এগিয়ে এসেছেন এই প্রয়াস সফল করতে। আর এখন তো প্রথম শ্রেণি ক্রিকেটে ম‍্যাচ পিছু ১.৫ লাখ টাকা করে পাওয়া যায়। একটি মরশুমে প্রায় ২৫ লাখ। আর জাতীয় দলে খেললে, এখন তো কোটিপতি। আই পি এল আছে আবার। এতকিছুর থেকে সকলে সামান‍্য কিছু করে দিলেই তো হয়। কেন প্রাক্তন জাতীয় ক্রিকেটারদের বারবার এইসব তারকা ক্রিকেটারদের মনে করাতে আবেদন জানাতে হবে!"
একসময় দাপটের সঙ্গে খেলা "ফ‍্যাব-ফাইভের" মধ‍্যে থাকা রাহুল দ্রাবিড় ছাড়া বাকিদের এই প্রয়াসে সামিল হওয়ার কোনও খবর এখনও মেলেনি। সংস্থার সভাপতি অশোক অবশ‍্য বলেছেন, অনেকে আছেন যাঁরা চাননা তাঁদের নাম প্রচারমাধ‍্যমে আসুক। 
প্রশ্ন হল, অন‍্য ফান্ডে অর্থ সাহায্য দিলে তাঁদের নাম তো প্রচার মাধ‍্যমে আসছে। কেউ কেউ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের প্ল‍্যাটফর্ম থেকে প্রচারও করেন কায়দা করে। তাহলে দেশের দুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে কেন এমন নিরবতা? কেন এমন অন‍্য মানসিকতা?
 ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সানি-কপিলরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তখন এখনও কেন সচিন-সৌরভরা অপেক্ষায় আছেন? কেন ধোনি-কোহলিরা এখনও সাড়া দিচ্ছেন না? যদিও সময় পালিয়ে যাচ্ছে না। তবু তারকারা সামনে এসে দাঁড়ালে অনেক কাজ যে সহজ হয়- এটা সকলেই মানছেন। আইসিএ কর্তারা অবশ‍্য আশাবাদী সকল তারকা ক্রিকেটারদের পাশে পাওয়া যাবে। সময় বলবে-কবে? 

No comments:

Post a Comment

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...