দীপঙ্কর গুহ
করোনা কামড় সামলে ফুটবল খেলা শুরু হয়ে গেল। শুক্রবার তা হল এশিয়ারই এক দেশ - দক্ষিণ কোরিয়াতে। জেয়নজু ওয়ার্ল্ড কাপ ফুটবল স্টেডিয়ামে। দর্শকাসন ৪২,৪৭৭। কিন্তু স্টেডিয়াম ছিল দর্শকশূণ্য।
মারাত্মক মহামারীতে বিশ্বের জীবনযাত্রা গেছে থমকে। চলছে লকডাউন। বিশ্বজুড়ে মৃত্যূ মিছিল। বন্ধ হয়ে গেছে লা লিগা থেকে বুন্দেশলিগা। ইংল্যাডের ইপিএল থেকে ইতালির লিগ। এখনও বল গড়ায় নি।
এই ম্যাচের দিকে নজর ছিল ফুটবল বিশ্বের। মাঠে দর্শকহীন অবস্থায় ম্যাচের লড়াই কেমন হয়-তা ছিল দেখার। কী কী মেনে বল গড়ালো -সেদিকেও ছিল সকলের সমান নজর।
দক্ষিণ কোরিয়ার কে লিগ শুরু হল। আর কাপ জয়ী সুয়োন ব্লুউইংস ছিল প্রতিপক্ষ।
মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল গতবারের লিগ খেতাব জয়ী দল-জেয়নবুক মোটরস। প্রতিপক্ষ ছিল কাপ জয়ী সুয়োন ব্লুউইংস। ম্যাচে ১-০ গোলে জিতল জেয়নবুক। মাঠে দর্শক বলতে সাংবাদিকরা আর দু-দলের সাপোর্ট স্টাফ। এবং কিছু নিরাপত্তারক্ষী। শোনা যাচ্ছিল ওঁদেরই গলা। স্টেডিয়ামের অধিকাংশ আসনে সাঁটা ছিল লেখা কাগজ। " # সি_ইউ_সুন" আর ছিল " স্টে স্ট্রং"।
অন্য দিকের গোল পোস্টের পিছনে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রাখা ছিল বিশাল এক "ম্যাড গ্রিন বয়েজ"দের ফ্ল্যাগ। জেয়নবুক ফ্যান ক্লাবের ফ্ল্যাগ।
করোনা মোকাবিলায় ছিল নানান স্বাস্থ্য নীতি মেনে ব্যবস্থা। ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ। কর্মকর্তা থেকে ম্যাচ অফিসিয়ালস। সকলকে একটি গেট দিয়ে ঢুকতে হল। প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপা হল। স্টেডিয়ামে সব জায়গায় রাখা হ্যান্ড স্যানিটাইজার। মুখে সকলের মাস্ক।
এমন ম্যাচ মাঠে বসে চাক্ষুষ করতে পারলো না ফুটবলপ্রেমীরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর জার্মানি সমেত বিশ্বের ৩৬ টি দেশে ম্যাচ দেখানোর চুক্তি আছে কে-লিগের। গত মরশুমে এশিয়ার মাত্র ৬ টি দেশে দেখানোর স্বত্ব বেচা হয়েছিল। ফাঁকা এই বিশাল এই ফুটবল স্টেডিয়ামে হয়ে যাওয়া ম্যাচটি দেখলেন বহুদূর থেকে। ২০০২ বিশ্বকাপের তিনটি ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে। এদিন স্বাক্ষী রইল অন্য কিছুর।
প্লেয়ারদের ম্যাচ শুরুর আগে আবার মনে করিয়ে দেওয়া হল, গোল করে মাত্রাতিরিক্ত উচ্ছাস দেখানো যাবে না। চলবে না হ্যান্ডশেক। করা যাবে না কড়া ট্যাকল্। আর নাক ঝাড়া যাবে না। থুতু ফেলা যাবে না অবিরাম।
দু'মাস পর শুরু হল কে লিগ। ইউটিউবে আর টুইটারে লাইভ দেখানো হল ম্যাচ। সঙ্গে ইংরেজিতে গ্রাফিক্স আর ধারাভাষ্য। বিবিসি শুধু উদ্বোধনী ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখানোর স্বত্ব নিয়েছিল। তা দেখা গেল বিবিসি ওয়েবসাইটে। "ফুটবল ইজ ব্যাক" এভাবেই বলতে শোনা গেল ব্রিটিশ ধারাভাষ্যকরকে। শেষ প্রিমিয়ার লিগ ম্যাচের ৫৯ দিন পর মাঠে আবার ছুটলো ফুটবল।
"বো" ( কোমরের উপরের অংশ সামনে ঝুঁকিয়ে অভিনন্দন জানানোর স্টাইল ) ছিল। ছিল না কোনও হ্যান্ডশেক। গোটা ইউরোপ তাকিয়ে কে লিগের দিকে। ১৬ মে থেকে শুরু বুন্দেশলিগা। আয়োজকদের নজরও এই কোরিয়ান লিগে।
খেলার ফলাফল পরে বলছি। বরং জানা যাক কিভাবে সাজানো হয়েছে করোনা মোকাবেলার প্ল্যান।
◆ প্রতিটি ম্যাচে সকলের শরীরের তাপমাত্রা মাপা হবে। ৯৯.৫ ফারেনহাইট মানেই আইসোলেশনে চলে যাওয়া। আর যাবতীয় পরীক্ষা শুরু।
◆ মরশুম চলাকালীন যদি করোর পরীক্ষায় ধরা পড়ে যে করোনায় আক্রান্ত, সেই দলের সকলকে আর এই দলের বিরুদ্ধে খেলেছিল-দু'দলকেই ১৪ দিনের বাধ্যতামূলক গৃহবন্দী।
◆ হ্যান্ডশেক বন্ধ। অনেকটা দূরত্ব থেকে "বো"- অর্থাৎ মাথা সামনে ঝুঁকিয়ে শুভেচ্ছা জানাতে হচ্ছে।
◆ মাঠের বলবয়দের মাস্ক পড়াটা বাধ্যতামূলক।
◆ মাঠের পাশে দু-দলের কোচ, রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলাররা কিংবা সাপোর্ট স্টাফদের প্রত্যেককে মাস্ক পরে থাকাটাও বাধ্যতামূলক।
◆ ম্যাচ রেফারি বা লাইন্সম্যানদের সঙ্গে বেশি কথা বলা যাবে না।
◆ মাঠের পাবলিক অ্যাড্রেস সিষ্টেম দিয়ে মেকি উদ্দীপনার আওয়াজও ছড়িয়ে দেওয়া হয়েছে। গোল হলে চালিয়ে দেওয়া হয়েছে- উল্লাস।
No comments:
Post a Comment