Saturday, January 30, 2021

মিনিস্টার নয়, ক্রিকেটার সৌরভকেই চাই


















দীপঙ্কর গুহঃ


যে খবরটা দারুণ স্বস্তি দিল তা হল, নিজের বুকে তিন নম্বর স্টেন্ট বসানোটি নিজের চোখে মনিটারে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়‍্যাল বেঙ্গল টাইগার।

এখন ঠিক দিনক্ষণ মনে নেই, ইডেনে কোনও একটা টেস্ট ম‍্যাচ ছিল। তাঁর এই প্রিয় মাঠে তখনও সেঞ্চুরি নেই। সৌরভ নিজেই বরাবর নিজের মোটিভেশনের পন্থা খুঁজে নিতেন। বহুদিন সেভাবে এখন আর যোগাযোগ নেই। এখনও এটা বহাল আছে ধরেই নিচ্ছি। সেবার নিজের সঙ্গে একটি ইংলিশ বই নিয়ে ঘুরছিলেন। র‍য়‍্যাল বেঙ্গল টাইগারের সম্পর্কে বই। মলাটে ডাক ছাড়ছে এমন এক বাঘ মশাইয়ের ছবি ছিল। পেপার ব‍্যাক বই নয়-সেটা মনে আছে । বইটা দেখে অবাক হয়েছিলাম। সৌরভ কাগজ পড়তে যতো ভালোবাসেন, ঠিক ততোটাই অপছন্দ করেন বই পড়তে। আর তাঁরই সঙ্গে বই! - অবাক হওয়ারই কথা। হয়েওছিলাম অবাক।

এটা কেন? - প্রশ্ন করতে তখন মুখে সৌরভোজিত চাপা হাসি। আর মলাটটিকে দেখে বলেছিলেন, " ছবিটায় মেজাজটা দেখো বাঘবাবুর"। তখন বর্তমান কাগজের হয়ে কাজ করতাম। এটা নিয়েই স্টোরি লিখেছিলাম। আজকের মতো তখন মোবাইলের চল ছিল না। তাই বইটির ছবি ছাপা হয়নি সেই প্রতিবেদনের সঙ্গে । আমাদের সম্পাদক বরুণ সেনগুপ্ত রাতে পাতায় কী কী স্টারি যাবে ঠিক করতেন। "ডামি"হত। সেদিন এই স্টোরিটা প্রথম পাতায় উনি দিতে বলেছিলেন।
কিন্তু সেই ম‍্যাচে সৌরভ সেঞ্চুরি পাননি। কিন্তু সিরিজে সেঞ্চুরি করেছিলেন। ওই বইটির কভার ছবি, নাকি বনের রাজার জীবন যাত্রা-কোনটা সৌরভের মধ‍্যে আগুন জ্বালিয়েছিল, জানা হয়নি। জানার চেষ্টাও করিনি। এগুলো বড়ই একান্ত আপন।

সেই "বাংলার বাঘ " ( মহারাজ) আজ ক্ষত ( হৃদযন্ত্রের সমস‍্যা) সারিয়ে নিজেকে ফিরে পাচ্ছেন তা জেনে আর বুঝে- খুব খুশি হচ্ছি। কিন্তু সৌরভ আমাদের দলে চলে এলেন। কোলেস্ট্রলের ওষুধ, সঙ্গে আরও কিছু ওষুধের লিস্ট থাকবে হয়তো এরপর। আমরা অনেকেই যেমন ৪৫-৫০ টপকে নানান "না" তালিকায় অভ‍্যস্ত হয়েছি, সৌরভকে হয়তো হতে হবে। মশলাদার খাবারে রাশ টানতে হবে হয়তো। বিরিয়ানি? -চলবে না, এটা সৌরভের নামের সঙ্গে বেমানান। কিন্তু দার্জিলিং চা টা চলবে। দুধ মিশিয়ে হয়তো হবে না, লিকার হবে। তা হোক। একমাসে দুবার যে ধাক্কা সামলালেন -তাতে তিনি নিজেই সাবধানে থাকতে চাইবেন।

এরপর? সৌরভকে কাজের চাপ কমাতে হবে আপাতত। ডাক্তাররা নিশ্চতভাবে সেই পরামর্শ দেবেন। নিয়মিত হেলথ্ চেক আপে থাকতে হবে। সূঁচ ফোটানোর ভয় নিশ্চিত এই ক'দিনে কেটে গেছে এবার। আর স্ত্রী-মেয়ে- মা'র কথা শুনতে হবে একটু বেশি।

এসব ক্ষেত্রে চিকিৎসকরা পেসেন্ট আর পেসেন্ট পার্টিকে বলেই দেন যতোটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকতে হবে। আশেপাশের সকলকেও । সানার উচিত মায়ের চেকআপটা করিয়ে লন্ডনে আবার পড়ার জন‍্য যাওয়া। এখন যদিও করোনার নয়া স্ট্রেনে ইংল‍্যান্ড মার্চ পর্যন্ত লকডাউনে থাকবে বলে খবর পাচ্ছি। ওখানে থাকা আত্মীয় -বন্ধুরা তাই জানাচ্ছে।

কিন্তু সৌরভের জন‍্য ভাবনা হানা দেয়। কাজ ছাড়া থাকতে পারবেন না। ক্রিকেট অন্ত প্রাণ। ভারতীয় বোর্ডের সভাপতি। ছ'মাস থাকার কথা ছিল-লোধা কমিটির সংস্কার মতে। কিন্তু বোর্ড মনে করে মহারাজকে সামনে চাই। আদালতের কাছে বোর্ড দরবার করছে। মহামান‍্য সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটি হয়। সেই কমিটির দেখানো পথে এখন বিসিসিআই চলছে। সৌরভের নেতৃত্বে করোনার মাঝে আরবে আইপিএল শেষ করে বোর্ড বিরাট আর্থিক ক্ষতি সামাল দিয়েছে। ঘরোয়া ক্রিকেট চালু হয়েছে। রনজি ট্রফি শুরু করার চেষ্টা চলছে। চেন্নাই-আমেদাবাদে ভারত-ইংল‍্যান্ডের লম্বা সিরিজ শুরু হতে চলেছে। প্রথমবার স্টেন্ট বসিয়ে বাড়ি ফিরে সৌরভ ওয়েবের সাহায্যে বোর্ডের দুটি লম্বা মিটিংও সারেন। ক্রিকেটারের দৃষ্টিভঙ্গিতে সঠিক রাস্তা দেখিয়ে চলেছেন। শুনেছিলাম ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের আবেদন শোনা হবে। সেই দিনক্ষণ এখন পিছনে চলে গেছে। না হয় সৌরভ তিনবছরের কুলিং পিরিয়ডে থাকবেন। এই সময়টা আবার ক্রিকেট কমেন্ট্রি করুন। তা থেকে ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করবেন না-প্লিজ। তিনবছর দেখতে দেখতে কেটে যাবে। আবার বোর্ড সভাপতি হয়ে ফিরবেন। তখন কোনও রাজনীতির কুশিলবকে দরকার হবে না। দেশ চায়। আর নিয়মই তো এখন রাজনীতিতে থাকা মানুষদের বোর্ডে থাকতে দিচ্ছে না। এটাই তো চাই। এমনকি আইসিসি'র চেয়ারম‍্যান। বাঙালি স্বপ্নবিলাসী। আপনি দেখিয়েছে, স্বপ্নকে বাস্তব কী করে করতে হয়। 

আসলে সৌরভ দেশের সেবা করতে ভালোবাসেন। এত বড় মাপের ক্রিকেটার...ক্রিকেটে থেকেই তা ওঁকে করতে দেওয়া ভালো। আসলে আজকাল সবেতেই রাজনীতি। ক্রিকেটে আর ক্রিকেট বোর্ডেও তা ছিল। থাকবেও। কিন্তু ক্রিকেটের তারকাদের "ঘুঁটি" বানিয়ে রাজনীতি না করাই ভালো। মানছি, সৌরভের বোর্ড সভাপতির হওয়ার পিছনে এক " টুইস্ট" ছিল। ছিল। থাকতেই পারে। সৌরভই চেয়ে ছিলেন হয়তো। সেই তাগিদটা তো ভারতীয় ক্রিকেটের জন‍্য ছিল। সৌরভের এই পদে বসার জন‍্য যাঁরা নেপথ‍্যে ছিলেন-তাঁরা বরঞ্চ দেশের কথা অন‍্যভাবে ভাবুন প্লিজ। "ব্ল‍্যাকমেল"টা নাই বা করা হল।

আজকে যখন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে দেশে ফেরে-কাদের মাথা উঁচু হয়? ভারতীয়দের।ভারতবাসীর। টুইটারে লড়াই চলে এইসব রাজনৈতিক কুশিলবদের। দেশপ্রেম দেখাতে হয় তো। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা সকলের মাথা উঁচু করেন খেলোয়াররা। এই জায়গাতে সৌরভের মতোই কাউকে চাই। বিচক্ষণ-সফল অধিনায়ককে। এই অধিনায়ক মাঠের। সবুজ মাঠের। কোন মঞ্চের নয়। কোনো মেলার নন। কোনো একটি গোষ্ঠীর নন। সকলের।

এবার সোজা কথাটা সোজা ভাবে সৌরভকেই বলি। আপনার সুস্থ থাকাটা জরুরি। নিজের পরিবারের জন‍্য। দেশের ক্রিকেট পরিবারের জন‍্য। আপনি চাপের কাছে আগে কখনও নতিস্বীকার করেছেন? তাহলে এখন কেন করতে হবে? আপনি সৌরভ--দেশের গৌরব। আগে দেশ। পরে বাংলা। এই রাজনীতি আপনার জন‍্য নয়। আপনাকে মানাবে না। আপনি পারবেন কোনও রাজনৈতিক বক্তব‍্য রাখতে? ভেবে দেখেছি এটা। মানতে পারছি না। এইসব রাজনৈতিক মঞ্চ মানেই তো, অকথা-কুকথা। তারচেয়ে আপনি রাজ‍্যসভার সবদলের সম্মতিতে যান। দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হোন। কিন্তু কোন রংয়ের জামা শরীরে না চাপিয়ে এটা হওয়া উচিত। জানি, এটা অবাস্তব ভাবনা। অন্তত আজকের ভারতে।

ওই তো প্রথমবার আপনি অসুস্থ হয়ে পড়লেন। উত্তরপ্রদেশের এখনকার উপ-মুখ‍্যমন্ত্রী আপনাকে দেখে গেলেন। দ্রুত সুস্থ হতে শুভেচ্ছা জানিয়ে গেলেন। কিন্তু প্রচারমাধ‍্যমের সামনে তিনি যা করে গিয়েছিলেন তা কাম‍্য ছিল কি? ট্রেডমার্ক ধ্বনিতে হাসপাতাল চত্বর কাঁপিয়ে বলে গেলেন, " দাদা সুস্থ হোক। বাকি কথা তখন হবে।"
কী সেই বাকি কথা? কিসের কথা? কে বলবে? আর সৌরভকে কী বলতে হবে?

সকলে সব বোঝেন। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমনই কিছু " খেলা"তে মেতেছিলেন কি কেউ? ভুলে গেলে চলবে না "নেতা"ধোনি দেশকে দুটি বিশ্বকাপ দিয়েছেন। দিয়েছেন আরও অনেক জয়। তারজ‍ন‍্য মাঠে তাঁকে বিদায় কুর্নিশ কি জানানো যায়না? নাকি তিনিও কোনও অজানা কারণে শাস্তি ভোগ করছেন। কোনো মানসিক যন্ত্রনাতে কি তিনিও ভুগছেন এখনও?

খোঁজ নিলে অনেককিছু জানা যায়। কাদা ঘাঁটতে কার ভালো লাগে। হাত -পা নোংরা হয়। প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়।

এ রাজ‍্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দুই মহা দলে নানান মানুষ জনকে যোগদান করানো হচ্ছে। আগে হলে লিখতাম - যোগ দিলেন। এখন যোগদান করানোটা দেখানো হয়। আচ্ছা, মানুষ কি এতোই বোকা? কিছুই বোঝে না?

সব বোঝে জনতা। ভোটের ইভিএম বলুন আর সিল মেরে ভোট বলুন---জনতাই জনার্দন। কতো ছাপ্পা আর কৌশলে ভোট লুঠ হবে? তবুও জনতার জয়ই বাঁধা। তাহলে এই জনতার দরবারে যান এই রাজনীতির বেওসায়ীরা। আগাম জানতে চান- ক্রিকেটার সৌরভ চান, নাকি মিনিস্টার সৌরভ চান? গোপন ব‍্যালটের দরকার হবে না। জনতার দরবারে আওয়াজ উঠবে - ক্রিকেটার সৌরভকে চাই।

সৌরভ কি চান?- উনি কোনও দিন বলেছেন কি ( অন‍্য অনেকের মতো পোষাক বদলে) - " আমি বাংলার মানুষের জন‍্য কিছু করতে চাই। যুব সম্প্রদায়ের জন‍্য কাজ করতে চাই। চাকরির জন‍্য দরবার করতে রাজনীতির মঞ্চ চাই"। কোথাও বলেননি। কারণ সৌরভ-সচিন-রাহুল-ধোনিরা জানের ওঁদের ক্রিকেট মাঠের উপস্থিতিই কচিকাঁচা কিশোর যুবদের অন‍্য ধরনের অনুপ্রেরণা দেয়। আজ ক্রিকেটার গৌতম গম্ভীর দেশের নির্বাচন লড়ে সাংসদ। ক'জন তাঁর মুখে রাজনীতির কথা শুনতে চান? বরঞ্চ ওঁর ক্রিকেট নিয়ে বিশ্লেষণ অনেকে আগ্রহ নিয়ে শোনে। যারা শোনে সকলে একটি বিশেষ রাজনৈতিক দলের নন। কেন্দ্রে আরও একজন মন্ত্রী আছেন যিনি দেশকে ওলিম্পিক মেডেল এনে দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক পরিচিতি আজও ফিকে। এতো দূরে নয়, বাংলাতেই দেখুন। লক্ষ্মীরতন শুক্লা। নিজের ইচ্ছাতেই রাজনীতিতে এসেছিলেন। এক মন্ত্রীর সহকারি মন্ত্রী হয়েছিলেন। বাংলাকে খেলার মাঠে যা যা দিয়েছিলেন, তার কতো অংশ রাজনৈতিক নেতা হয়ে দিতে পেরেছেন? পারেননি বলেই, মন্ত্রীত্ব ছেড়েছেন। দল এখনও ছাড়েননি। মাননীয়া দলের নেত্রীকে বলেছেন, তিনি ক্রিকেট মাঠে ফিরতে চান। খাঁচায় বন্দি হয়ে থাকা মনকে গুরুত্ব দিয়েছেন মমতা। মুক্তি দিয়েছেন। লক্ষ্মী কিন্তু হাওড়া ব্রিগেডের সঙ্গে বিশেষ বিমান চেপে আপাতত দিল্লি যাননি। এইখানেই মমতার মুন্সিয়ানা। ইচ্ছুকদের টেনেছেন, অনিচ্ছুক বুঝেই আর জোর করেননি।

সৌরভকে দেখে তো বোঝাই যায়-রাজনীতিতে তিনি অনিচ্ছুক। হ‍্যাঁ, মুখ ফুটে বলতে পারেননি এখনও। চলুন আমরা সকলে মিলে বলি : উই ওয়ান্ট স্ট্রেস ফ্রি সৌরভ। হোক কলরব। চলুক হ‍্যাশট‍্যাগ প্রচার। #wewantstressfreeSOURAV

Tuesday, January 19, 2021

বদলা নিয়ে বদলে গেছে টিম ইন্ডিয়া






দীপঙ্কর গুহঃ

ধন‍্যবাদ ললিত মোদী।
ধন‍্যবাদ রাহুল দ্রাবিড়।
ধন‍্যবাদ রবি শাস্ত্রী।
ধন‍্যবাদ অস্ট্রেলিয়া।
কোথাও প্রথম সারিতে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় পাওয়া ভারতীয় দল নিয়ে ধন‍্যবাদজ্ঞাপন বার্তা কিছু লিখলাম না। কারণ, শুরুতে যাঁদের ধন‍্যবাদ জানালাম তাঁদের জন‍্যই এই ঐতিহাসিক সাফল‍্য পেল টিম ইন্ডিয়া। কোনও সন্দেহ নেই, কোহলি - রাহানের দল অভাবনীয়ভাবে যে সাফল‍্য মাঠে ব‍্যাট-বলের লড়াইয়ে তুলে নিল তার সব কৃতিত্ব তাঁদেরই। কিন্তু তবুও "ধন‍্যবাদ" শুরুতে উল্লেখিত নামেদের উদ্দেশ্যে।
কেন ললিত মোদি?
আইপিএল শুরু করেছিলেন বলে। এই খেলাটা ভারতের মাটিতে তিনিই চালু করিয়ে দিয়েছিলেন। তারপর তিনি কী করেছেন, সেসবে আমার আর আগ্রহ নেই। আইন আইনের পথে চলুক। কিন্তু আইপিএল বিশ্বের তাবড়-তাবড় ক্রিকেটাদের সঙ্গে গা ঘষাঘষি করে থাকার সুযোগ করে দিয়েছে দেশের উঠতি ক্রিকেটারদের । ভারতের ক্রিকেটাররা আইপিএলের এই ১৩ টি বছরে বিশ্বের পয়লা থেকে একাদশ সেরাদের সঙ্গে কিংবা বিপক্ষে খেলেছে। আর বেড়েছে আত্মবিশ্বাস। আমিও পারি বা আমরাও পারি মনোভাবটা দিনের পর দিন মজবুত হয়েছে।
কেন রাহুল দ্রাবিড়?
এই দলটির অধিকাংশ ক্রিকেটারদের মেন্টর হয়ে ওঠার জন‍্য। এই দলটার সাফল‍্যের বীজ বুনে দিয়েছেন তিনি। রাজস্থান রয়‍্যালসের হয়ে খেলার সময় রাহানে কাছ থেকে "দ‍্য ওয়াল"কে দেখেছেন। আর শিখেছেন। পরে আবার ইন্ডিয়া- এ দলের কোচ হয়ে এক ঝাঁক ক্রিকেটারকে আগলে রেখে মানসিকতাটিই ইস্পাত কঠিন বানিয়ে দিয়েছেন। শুভমান গিল, ময়াঙ্ক, হনুমা, পন্থ, শার্দূল, সুন্দর, সাইনি, কুলদীপ, সিরাজ....কে নয়! তাই তো রাহুল আজ খুশি। দেশের সাপ্লাই লাইন তৈরি করেই যাচ্ছেন। বেঙ্গালুরুতে ক্রিকেট আকাদেমিতে ঘষামাজা চলে আজও। চোট পেলে তাঁর সামনে আবার মানসিকভাবে এঁরা নিজেদের ফিরে পাওয়ার লড়াই করে চলে। তাই হয়তো সিনিয়র দলের কোচের পদ পেতে তিনি লালায়িত হন না।
কেন রবি শাস্ত্রী?
সারাদিন কি করেন তিনি জানি না। জানার ইচ্ছেই নেই। গত কয়েকটি বছর ধরে জেনেছি -বুঝেছি তিনি এই দলের বড়দাদা। ঘন্টা খানেক করে সময় দিয়ে এইসব ক্রিকেটারদের মধ‍্যে বিশ্বাসটি গেঁথে দিয়েছেন-তোমারই পারো। দূরদর্শী। তাই ঋষভ পন্থকে বাড়তি প্রশ্রয় দিয়েছেন। মঙ্গলবার ব্রিসবেন গাব্বায় প্রশ্রয় পাওয়া পন্থ দেশকে একটা ঐতিহাসিক জয় এনে দিয়ে ম‍্যাচের সেরা হলেন। কিরমানি চেয়েছেন, ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত হতে। তাঁর থেকে পন্থ উইকেটকিপিং তা আরও শানিয়ে নিতে যদি পারেন-তাহলে তিনি অনেক ম‍্যাচের রং একাই বদলে দিতে পারেন। জানি, বিশ্বের এখনকার সেরা টেস্ট উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এই দলে সাইড বেঞ্চে বসে। দলের আজ পন্থের মতো অকুতোভয় বাঁহাতি ব‍্যাটসম‍্যান চাই। দলে বাড়তি বোলার নিয়ে নামতে হবে জেনে সেরা উইকেটকিপারকে প্রথম একাদশের বাইরে রেখে দল সাজিয়ে দিয়েছিলেন রবি।
কেন অস্ট্রেলিয়া?
বিরাট কোহলি সমেত ভারতীয় ব‍্যাটিংকে ৩৬ রানে থামিয়ে দিয়েছিল বলে। সেদিনই শপথটা ওঁরা মনের ভিতর গেঁথে নিয়েছিলেন। বদলা আর বদল - দুটোই চাই। ব্রিসবেন তার সাক্ষী হয়ে রইলো। অ‍্যাডিলেডে ৩৬ রানের লজ্জাসমেত ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। রাহানের নেতৃত্বে মেলবোর্নে বদলা নিল টিম ইন্ডিয়া। সেই ৮ উইকেটেই জয়। এরপর সিডনিতে ১৩১ ওভার পেয়ে অজিরা ৪০৭ রানের পাহাড় চাপিয়েও ভারত বধ করতে ব‍্যর্থ হল। গিল-পন্থ-সুন্দর-শার্দূলের বদলে দেওয়ার খেল শুরু। তৃতীয় টেস্ট চতুর্থ ইনিংসে ৫ উইকেটে ৩৩৪ তুলে ড্র হয়েছিল। বদলের বারুদে জ্বললো সোমবার।
চতুর্থ টেস্টের শেষদিন কি পরিস্থিতি ছিল?
ভারতকে ৩২৪ রানের আগে থামাতে হবে। হাতে ৯৬.১ ওভার। বিশ্বের সেরা বোলিং শক্তি অস্ট্রেলিয়ার। আর টিম ইন্ডিয়ার কি আছে? সিডনিতে একবার শিঁকে ছিঁড়ে গেছে ওদের- এই ছিল অজিদের মনোভাব। সকালে দশ ওভার না গড়াতেই রোহিত ফিরলেন। শুভমন গিল ব‍্যাট হাতে শাসন করতে শুরু করলেন। বেচারা! ১৪৬ বলে ৯১ রানের ইনিংসটা থেমে গেল। উল্টো দিকে পূজারাকে উপড়ে ফেলা দেওয়া কঠিন হবে বলে শুরু হল বডিলাইন বোলিং। তাতেও ২১১ বলে করলেন ৫৬ রান। এই দুজন অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্নকে ভেঙে দিয়ে গেলেন। অধিনায়ক রাহানে ২২ বলে ২৪ রান আঁচটা দিয়ে গিয়েছিলেন-তাঁরা কী চান। মানছি- আজ জয় না পেলে আফশোষ হতো রাহানে, ময়াঙ্ক আর সুন্দরের ওভাবে আউট হয়ে যাওয়ায়।
কিন্তু বদলে গেলেন যে ঋষভ পন্থ! সিডনি টেস্টে বেহিসাবি ড্রাইভটি না নিলে সেদিন ৯৭ রানে ফিরতেন না। সেই ড্র ম‍্যাচটি ভারত জিতে যেতেও পারতো। সোমবার পন্থ হিসেবি ছিলেন। তাই ৫ ওভারে ১৫ রানে জয় দেখে চালিয়ে দেননি। ম‍্যাচ জয়ের শেষ "গর্বের বাউন্ডারি " টি তিনিই হাঁকালেন। ১৩৮ বলে অপরাজিত রইলেন ৮৯ রানে। ভারত ৩ উইকেটে জয়ী। ধন‍্যবাদ ক‍্যাপ্টেন টিম পেইন এন্ড টিম অস্ট্রেলিয়া। ৩৬ রানের ধাক্কাটা দেওয়ার জন‍্য। এই জয়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে পয়লা নম্বরে উঠে এল ভারত। সরতে হল অজিদের । এবার ফেব্রুয়ারিতে দেশের চার টেস্টের সিরিজে সামনে জো রুটের ইংল‍্যান্ড। বদলা নিয়ে করোনা কালের দম আটকানো অবস্থা সামলে ছ'মাস পর দেশে ফিরছে দল। বদলে যাওয়া ভারতীয় দল। সাবাশ।

ছবিঃ সৌ- বিসিসিআই ; টুইটার 

Tuesday, January 12, 2021

বাবুল প্লিজ, লোক হাসাবেন না








দীপঙ্কর গুহ ঃ 


আপনি গায়ক থেকে আজ জন- প্রতিনিধি। সাংসদ। খুব ছেলেবেলা থেকে আপনাকে দেখা আর চেনার সুযোগ আমার হয়েছিল। ব‍্যান্ডেল ডন বসকো স্কুলে পড়তেন। স্কুল ছুটির পর বড়াল গলির বাড়ি থেকে সর্বজনীন ক্লাবের গঙ্গা পাড়ের মাঠে ফুটবল খেলতে আসতেন। আমাদের কিছু বন্ধু গাবলু-গুবলু চেহারার আপনার সঙ্গে খুনসুটি করতো। ক্রেডিট নিচ্ছি না, সেদিন আমি ছোট্ট আপনাকে তখন আড়াল করে আপনাদের সমবয়সীদের সঙ্গে খেলার জন‍্য পাঠিয়ে দিতাম। ফুটবলপ্রেমী আপনি। মোহনবাগান সাপোর্টার। মাঝে মধ‍্যে গায়ক আপনাকে ইডেনে দেখেছি। তিন তলার ঝুলন্ত প্রেস বক্সে কয়েকজন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে হাই-হ‍্যালো করতে আসতেন। সৌজন‍্য আদান প্রদান হতো। কতো ছোটো থেকে আপনাকে চিনি। গর্ব বোধ হয়। এরপর রাজনীতিতে যখন পা রাখলেন- একটু অবাকই হয়েছিলাম। মনে হত, হুগলিতে দেবীপার্কের দুর্গোপুজোর সময় মঞ্চে মাইক ধরে গাওয়া বাবুলই তো ভালো। আপনার গানে ফ‍্যান আজও। যখন সাংসদ হলেন - সত‍্যি গর্বিত হয়েছিলাম। আপনার অলরাউন্ড এবিলিটি দেখে।
কিন্তু কী দরকার ছিল, ফেসবুকে  আর টুইটারে সিডনিতে হনুমা বিহারী ব‍্যাটিং নিয়ে বোকাবোকা কথা লিখার? আপনি কেন খেয়াল রাখেননা আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। একজন ক্রিকেটার ব‍্যাট হাতে কী অবিশ্বাস্য লড়াই লড়ালেন দেশের সম্মান বাঁচাতে--আর আপনি কি লিখলেন! দল জিতে যেত, বিহারী যদি এমন খুটখুট করে না খেলতো! আপনি আবার এসব লেখার সঙ্গে আবার ফুট নোটের মতন লিখলেন-ক্রিকেটটা নাকি তেমন বোঝেন না। যখন বোঝেনই না - তখন দেশের সেন্টিমেন্ট নিয়ে এসব লিখলেখি কেন! প্রচারে থাকতেই হবে! 

হনুমা বিহারী  সিডনি টেস্টের শেষ দিন দেখিয়েছেন জান বাজি রেখে লড়ার মানসিকতা। অথচ গায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয় মশাই মনে করেন একটু মেরে খেললেই নাকি ম্যাচটা ভারত জিততে পারত!
হনুমা বিহারী সিডনি টেস্টের শেষ দিন কী ব্যাটিংটাই না করলেন! নেমেই হ‍্যামস্ট্রিংয়ে চোট। নতুন নিয়মে রানার পাওয়া যায় না। প‍্যাভিলিয়নে ফিরলে হাড়ে চিড় ধরা অবস্থায় জাদেজাকে ব‍্যাট হাতে নামতে হবে। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে তাই ধীরস্থির ব্যাটিং করে ভারতকে বাঁচিয়েছেন নিশ্চত পরাজয় থেকে। এই জুটি ২৫৯ বল মোকাবিলা করে দাঁতে দাঁত চেপে।  তিনি অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে হতাশ করেছেন তাঁদের ঠান্ডা মাথায় , মন বসিয়ে  ব্যাটিং করে । বিহারী  নিজে মাত্র ২৩ রান করেছেন ১৬১ বল খেলে। অশ্বিনও ১২৮ বল খেলে করেছেন ৩৯ রান। পরিস্থিতির চাহিদা অনুযায়ীই ছিল এ জুটির ব্যাটিং, যে ব্যাটিংকে রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছে গোটা ক্রিকেট দুনিয়া। 
কিন্তু সংগীতশিল্পী ও ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়রই এমন ব্যাটিং ভালো লাগেনি। না লাগতেই পারে। উনি কি ভোররাত খেলাটা সাত ঘন্টা ধরে দেখছিলেন? হলফ করে বলতে পারি-নাহ, দেখেননি।  বিশেষ করে হনুমা বিহারীকে নিয়ে তিনি খুবই বিরক্ত। ভারতের এই তরুণ ব্যাটসম্যান যখন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়ে যাচ্ছেন দলকে হার থেকে বাঁচাতে, ঠিক তখনই বাবুল একটা টুইট করে নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন। টেস্ট ক্রিকেটের এবিসিডি না বুঝে ভারতীয় সংগীতশিল্পী ও কেন্দ্রীয় মন্ত্রীর এমন টুইট জন্ম দিয়েছে ব্যাপক হাস্যরসের। নেট দুনিয়ার ট্রোল হয়েছেন। তাঁকে অনেকেই পরামর্শই দিয়েছেন খেলা না বুঝে এমন ফালতু মন্তব্য না করতে। এ কোন বাবুল? কেন্দ্রীয় মন্ত্রীমশাই। হীরক রাজার দেশের এক ষড়যন্ত্রী মশাই। 

বিহারী তখন ১০৯ বলে ৭ রান করে অপরাজিত। ঠিক সেই সময় বাবুলের টুইট, " ৭ রান করতে ১০৯ বল! একে নির্মমতা বললেও কম বলা হয়। হনুমা বিহারী কেবল ভারতের ঐতিহাসিক এক জয়ের সুযোগই নষ্ট করছে না, সে ক্রিকেটকেও খুন করছে। জেতার পথে না হাঁটা, সেটা যতই সংকীর্ণ হোক না কেন, একধরনের অপরাধ।" তিনি অবশ্য টুইটের শেষে যোগ করেন, ‘আমি জানি, আমি ক্রিকেটটা কম বুঝি।’
বাবুলের বিচারে বিহারী খুনী। বা খুনের অপরাধী।
বাবুলের এ টুইট দেখে অনেকেই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, " ক্রিকেট নিয়ে আপনাকে মন্তব্য করতে হবে না। গানবাজনা আর রাজনীতি নিয়েই থাকুন।" কেন্দ্রীয় মন্ত্রী মশাই কেমন লাগলো পাবলিক প্ল‍্যাটফর্মে এমন জবাব শুনতে? 
তাঁর বুদ্ধিমত্তার  সংকীর্ণতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। একজনের মন্তব্য, " টুইটার অ্যাকাউন্টে নামের পাশে ওই নীল ছাপলেই তাঁর বুদ্ধিবৃত্তি নিয়ে নিশ্চিন্ত হওয়া উচিত নয়।’ 
তীব্র ট্রল আর সমালোচনার মুখে বাবুল অবশ্য কিছুক্ষণ পর আরও একটা টুইট করেছেন। তবে তিনি তাতে জানিয়েছেন, আগের টুইটের বক্তব্য থেকে তিনি সরে আসবেন না, " যদি হনুমা একটু উদ্যোগী হতো, কেবল দাঁড়িয়ে না থেকে খারাপ বলগুলোয় মারত, তাহলে ভারত একটা ঐতিহাসিক জয় পেলেও পেতে পারত। ঋষভ পন্ত যা করেছে, সেটা কেউই প্রত্যাশা করেনি। আমি আবারও বলছি, সেট ব্যাটসম্যান হিসেবে হনুমা বাজে বলগুলো মারতে পারত।’ বাবুল হ‍্যামস্ট্রিরের চোট কি ধরনের জানেন? পারলে আপনার প্রিয় বাবলুদার ( ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ) থেকে জেনে নেবেন। এতক্ষণে জেনেছেন নিশ্চয়, ওভাবে চোট নিয়ে প্রায় ৪৪ ওভার ব‍্যাট করে শেষ টেস্টটি খেলার সুযোগ হারিয়েছেন। 
ভারতীয় মন্ত্রী মশাই যা-ই বলুন না কেন,  হনুমা বিহারীর ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকারসহ অনেকেই। ভারত একজন দুর্দান্ত টেস্ট ক্রিকেটার পেয়ে গেল—এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। কিন্তু বাবুল সুপ্রিয় স্রোতের বিপরীতে গিয়েই শুধু নয়, ক্রিকেটীয় ব্যাপার-স্যাপারগুলোকে কেন বুড়ো আঙুল দেখিয়ে এমন মন্তব্য করে ফাঁসলেন, সেটা একটা বড় প্রশ্ন।
আরও একবার প্রমান করলেন সস্তা বাজার গরম করা এখন তাঁর পেশা - নেশা হয়। বাবুলের কথার গুরুত্ব কমছে এই বাজারে- বুঝবেন কবে? যে দলেই থাকুন, বাবুল ভুলে যাবেন আপনি বাংলার গর্ব-গায়ক বলে। জন নায়ক বলে নয়।

ছবিঃ সৌ-টুইটার, ফেসবুক। 

Monday, January 11, 2021

দ‍্যাখ কেমন লাগে! মেরা ভারত মহান..























দীপঙ্কর গুহঃ

বাংলায় এটা পৌষ মাস। ভারতেরও। আর "সর্বনাশ"টা হল অস্ট্রেলিয়ার। চতুর্থ ইনিংসে ভারতের উপর ৪০৭ রানের বোঝা চাপিয়ে দিনের এক্কেবারে শেষবেলায় ছ'বল বাকি থাকতে পেইনরা মেনে নিলেন-এই টেস্ট তাঁরা জিততে আর পারবেন না । একে অপরের মুঠি ছোঁয়ালেন। সিডনি টেস্ট ড্র হল।
চোয়াল কষা লড়াই লড়ে অশ্বিন-বিহারী বুক চিতিয়ে ফিরলেন। তখনও ৫ টি উইকেট মজুত। রবীন্দ্র জাডেজা গ্লাভসের একটা অংশ কেটে তাতে চিড় ধরা হাত গলিয়ে প‍্যাড এঁটে প্রস্তুত ছিলেন ব‍্যাট করতে যাওয়ার জন‍্য। ডাক্তাররা ছ'সপ্তাহের বিশ্রাম লিখে দিয়েছেন জাদেজাকে। তবুও দেশের জন‍্য জান বাজি ধরা ছিল।
এমন লড়াই টিম ইন্ডিয়াকে খুব কম করতে দেখেছি। ভারতীয় ড্রেসিংরুমে দাঁড়িয়ে তোলা চার ক্রিকেটারের ছবি ভাইরাল হল সোশ‍্যাল মিডিয়াতে। চারজনও শেষদিনের নায়ক। আমার বিচারে নায়কদের র‍্যাঙ্কি হলঃ হনুমা বিহারী, ঋষভ পন্থ, অশ্বিন এবং পূজারা।
সকলে এইভাবে সাজালে একমত হবেন না। পন্থকে শুরুতে বসাতে লড়ে যাবেন। কাকভোরে ( ভারতীয় সময়ে)টিভির সমানে ম‍্যাচ দেখতে বসে একটি টেস্ট ম‍্যাচ শেষ বলটি পর্যন্ত দেখিয়ে ছেড়েছে। শেষ দিনের খেলা কতোবার যে ম‍্যাচ এদিক থেকে ওদিকে হেললো, তার ইয়ত্তা নেই।
আমার যুক্তিতে কেন হনুমা এক নম্বর?

এই সিরিজে তাঁর ব‍্যাটিং স্কোরের দিকে চোখ বুলিয়ে দেখুন।
প্রথম টেস্টঃ ১৬ এবং ৮।
দ্বিতীয় টেস্টঃ ২১, ব‍্যাট করতে হয়নি।
তৃতীয় টেস্টঃ ৪ (৩৮ বল, রান আউট) ; অপরাজিত ২৩ (১৬১ বলে)।

এই টেস্টেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ব‍্যাটিংয়ের সময় দুটো সহজ ক‍্যাচ ফেলেছিলেন বিহারী। একটি অশ্বিনের বলে। অন‍্যটি বুমরাহের বলে। দলে রয়েছেন এক্কেবারে মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান হয়ে। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মরণপন লড়াই না লড়তে পারলে হয়তো জাতীয় দলের হয়ে টেস্ট খেলার স্বপ্ন ছেড়ে যেতে হত এই সিডনিতে। 
কেন মরণপন লড়াই লিখলাম? পরিস্থিতি বিচার করা যাক। দিনের খেলা শুরু হতে চলতি সিরিজে সেঞ্চুরি পাওয়া ব‍্যাটসম‍্যান-অধিনায়ক রাহানে আউট। দিনের দ্বিতীয় ওভার। স্পিনার লিয়নের বল অফ স্টাম্পে পড়ে রাহানের শরীরে চলে এল। হাত আলগা করার আগেই ব‍্যাটের ছোঁয়া নিয়ে বল চলে গেল সর্ট লেগে। ওয়াডে ক‍্যাচটা ধরেও ফেললেন। 
হনুমার আগে ব‍্যাট করতে  ক্রিজে চলে গেলেন চোট পাওয়া পন্থ ( ঋদ্ধিমান তাই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কিপিং করে চারটি শিকার নেন। কিন্তু নয়া নিয়মে তা নাকি তাঁর পরিসংখানে যুক্ত হবে না!)। বিহারী টিমের সঙ্গে বসে দেখলেন, সেই লিয়নের বলে চার ওভারের মধ‍্যে পন্থ ক‍্যাচ দিলেন। উইকেটকিপার -দলনেতা পেইন তা গ্লাভসে জমাতে পারলেন না। পন্থের প্রথম জীবন মিলল। এরপর লিয়নের ছন্দ নষ্ট করতে পাল্টা মার শুরু করলেন পন্থ। চার-ছয় আসতে শুরু করলো। উল্টো দিকে পূজারা হাফ সেঞ্চুরি করে ফেললেন। জুটিতে ১৬ ওভারে ৫০ রান যোগ হয়ে গেল। একসময় লিয়নের পরপর দুই বলে দুটি ছয় হাঁকালেন পন্থ। পরের বলে এক রান নিয়ে ব‍্যাট তুললেন। নিজস্ব ৫০। প‍্যাভেলিয়নে প‍্যাড বাঁধা অবস্থায় দেখছেন বিহারী-- পন্থ করে দিলেন একটি -৫০। পূজারাও ধীরস্থির গতিতে ৫০ টপকালেন। পূজারা-পন্থ জুটি প্রায় ৪০ ওভার খেলে নিয়েছেন। স্টার্ক-কামিন্সরাও দুই ভারতীয় ব‍্যাটসম‍্যানের ব‍্যাট থেকে বাউন্ডারি হজম করে চলেছেন। ৭৮ তম ওভারে লিয়নের শেষ দুটি বলে  পন্থ ব‍্যাট চালিয়ে পরপর দুটি বাউন্ডারি পেয়ে নিজস্ব ৯৭ রানে পৌঁছে গেলেন। সেই অস্ট্রেলিয়া! টেস্টে করা পন্থের প্রথম টেস্ট সেঞ্চুরি যে এই দেশেই। আবার এই দেশেই সুযোগ এসে গেছে। 
লিয়নের পরের ওভার। অস্ট্রেলিয়ার ৮০ তম ওভারের প্রথম বল। ফ্লাইট দিলেন। পন্থ নিজের মেজাজ টপ গ্রিয়ারে তুলে নিয়েছেন। ভগবানের নামে স্টেপ আউট করে ওভারের প্রথম বলটাই চালালেন। ব‍্যাকওয়ার্ড পয়েন্ট রাখাছিল। কামিন্স ক‍্যাচটা ধরে নিলেন। তৃতীয়বার ক‍্যাচ দিয়ে আর প্রাণ ফিরে পেলেন না পন্থ । আউট। ৪১ ওভার জুটির লড়াই শেষ। প্রায় তিন ঘন্টার লড়াই থামলো। ক্রিজে এলেন বিহারী। আমার বিচারে দিনের হিরো। 
পূজারার সঙ্গে ৮ ওভার কাটতেই উল্টোদিক থেকে দেখলেন সিনিয়র পার্টনার আউট। দ্বিতীয় নতুন বলের অষ্টম ওভারেই বোল্ড হলেন পূজারা (  রান -৭৭, বল-২০৫, বাউন্ডারি -১২)। দুই সেট ব‍্যাটসম‍্যান ফিরত গেছেন। ক্রিজে অশ্বিন। প‍্যাভেলিয়নে চোট পাওয়া জাদেজা আর টেল এন্ডার বোলাররা। ম‍্যাচ বাঁচানোর লড়াই সামনে। মোকাবিলা করতে হবে ৪৪ ওভার! ২৬৪ বল। 

এসবের মধ‍্যেই অশ্বিনের ডাকে সাড়া দিয়ে সিঙ্গল রান নিতে গিয়ে ডান পায়ের হ‍্যামস্ট্রিংয়ে টান! সোজা থ্রো ঊইকেটে লাগলে বিহারী আবার রান আউটও হয়ে যেতেন । খোঁড়াতে - খোঁড়াতে ক্রিজে ফিরলেন। এটা সেই ওভার যে ওভারের দ্বিতীয় বলে পূজারা ফিরেছেন। সেই ওভারের শেষ বলে চোট বিহারীর । আইসিসি'র নয়া নিয়মে আর রানার নিয়ে ব‍্যাট করা যায়না। ফিরে যাও, ট্রিটমেন্ট নাও। আবার এসে ব‍্যাট কর। এটা মানে তো -সেই মারাত্মক চোট পাওয়া জাদেজাকে আসতে হবে!  ক্রিজ ছাড়লেন না বিহারী। 
তারপর এক অবিশ্বাস্য লড়াই। অজিরা ১৩১ ওভার পর্যন্ত চেষ্টা করে থামলো,  দিনের শেষ এক ওভার আগে। অশ্বিনের স্কোর -১২৮ বলে ৩৯ ( ৭ টি চার)। আর হনুমা বিহারী -১৬১ বলে ২৩ ( ৪ টি চার)। ভারতীয় লড়াই থামলো ৫ উইকেটে ৩৩৪ রানে। টিভিতে দেখলাম, অশ্বিন একটি স্ট‍্যাপ তুলে নিলেন। স্মারক হল। হওয়াই স্বাভাবিক। এই ড্র তো দলের কাছে জয়ের সমান। 

এই টেস্ট মনের মনিকোঠায় জমে থাকবে বেশ কিছু কারণে। 
# ভারতীয় দলের প্রথম একাদশের অধিকাংশ প্লেয়ার নেই। 
# প্রায় ছ' মাস ধরে বায়ো বাবলসে থেকে শেষ টেস্ট নিয়ে বিতর্ক।
# বর্ণবিদ্বেষী বিদ্রুপ। 
# পন্থ-জাদেজার চোট।
# হনুমার হ‍্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ব‍্যাটিং।
# অশ্বিনের বুকের পাঁজরে বলের ছোবল।
# অজিদের বিখ‍্যাত স্লেজিং।
# পন্থের ব‍্যাটিং গার্ড নেওয়ার দাগ - স্মিথের মুছে দেওয়ার মতো নোংরামি। 

শেষ করার আগে এটুকু না লিখলে মন ভরছে না। 

২০১৮ঃ "নো ওয়ার্নার, নো স্মিথ। এই কারণে অস্ট্রেলিয়া জিততে পারেনি।"
২০২১ঃ ওয়ার্নার আছে। স্মিথ আছে। দলনেতা কোহলি দেশে ফিরে গেছে। ইশান্ত নেই। ভূবি নেই। সামি নেই। উমেশ নেই। চোট নিয়ে ফিরে গেছে রাহুল। জাদেজা-পন্থের চোট। হ‍্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ব‍্যাট করে যাওয়া হনুমা। 
তবুও অস্ট্রেলিয়া জিততে পারেনা। নিজেদের মাঠে। 
আক্ষেপ একটাইঃ আজ যদি ভেরি ভেরি স্পেশাল নামের কেউ ক্রিজে ব‍্যাট হাতে থাকতো....
গ‍্যালারিতে থেকে রোজ গালমন্দ? 
দ‍্যাখ কেমন লাগে! 
ভারতীয় ক্রিকেটের "দ‍্য ওয়াল" রাহুল দ্রাবিড়ের জন্মদিনে অবিস্মরণীয় লড়াই টিম ইন্ডিয়ার। 
অধিনায়ক কোহলির কন‍্যা-সন্তান লাভ। সবই একই দিনে। 
মেরা ভারত মহান। 



Sunday, January 10, 2021

ঋদ্ধির ভরসা তাহলে সিদ্ধিদাতা!




দীপঙ্কর গুহঃ












দ্রোনাচার্য পি কে বন্দ‍্যোপাধ‍্যায় বেঁচে থাকলে নিশ্চতভাবে বলতেনঃ " বাঘের বাচ্চা"। গুরু পিকে'র মতো "ছোট বেকেনবাওয়ার" গৌতম সরকারও একইভাবে বললেনঃ সাবাশ। বাঘের বাচ্চা। ভারতের অন‍্যতম সফল প্রাক্তন টেস্ট উইকেটকিপার সৈয়দ কিরমানি বলে বসেছেন- ঋষভ কিপিংটা ঠিক করে আগে শিখুক সাহার থেকে।
সকলে টিভিতে দেখে বুঝতে পারছেন, বড় ক্রিকেট বোদ্ধা ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বুঝতে পারছেন না! আসলে বুঝতে চান না। ধোনি-শাস্ত্রী জুটিতে সাহাকে সরিয়ে রাখা হত। ধোনির পর কোহলি-শাস্ত্রী জুটি অনেককে নিয়ে ছেলেখেলা করেছেন। চলতি অজি সিরিজে প্রথম টেস্ট খেলে কোহলি দেশে ফিরলেন। শাস্ত্রী পেলেন নয়া নেতা রাহানেকে। সিরিজে পিছিয়ে পড়া দলের নয়া দায়িত্ব নিয়ে নেতার কীই বা বলার থাকে? থাকে না। কোচের কপচানি মেনে নিতে হয়। আর একনকার টিম ইন্ডিয়ার " বেস্ট এন্টারটেনার"-" বেস্ট বেবী সিটার" একজনই। ঋষভ পন্থ। একজন আক্রমণাত্মক ব‍্যাটসম‍্যান যিনি গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াতে পারেন। টেস্ট খেলে ফেললেন.....l

পন্থ সিরিজের দ্বিতীয় টেস্ট খেললেন দল ব‍্যাটিং শক্তি বাড়াবে বলে। উইকেটকিপার ১০ রান বাই দিলেন। অশ্বিনের বলে ক‍্যাচ ফেললেন। ব‍্যাটসম‍্যান হয়ে ২৯ রান করলেন। আখেরে কোথায় শক্তি বাড়ালেন! হতে পারে নিয়ম করে ২০-২৫ রান করে দেন। কিন্তু কিপিংয়ে যে রান গলান আর ক‍্যাচ-স্টাম্পিং ছাড়েন-এটা পন্থ বলে দোষ নয়! আর টেস্ট ম‍্যাচে নিয়মিত দারুণ কিপিং করে নিয়মিত ২০-২৫ রান করেন না বলে দোষ সাহার ঘাড়ে! বাহ্ রে বিচার।
চলতি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পন্থ কিপিংয়ের কী নমুনা রেখেছেন? প্রথমদিন অভিষেক ঘটা অজি ওপেনার পুকোভস্কির ক‍্যাচ দু-দু'বার ফেলে দিয়েছিলেন। সেই টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি করেন পুকোভস্কি। থ‍্যাঙ্কস টু পন্থ।
প‍্যাট কামিন্স বলে আগুন ঝড়াচ্ছেন। তখন আর্ম গার্ড ছাড়াই "মহাবলী" মেজাজে ব‍্যাট করতে গেলেন। ভেতরের হাতের কনুইয়ে চোট পেলেন। কিপিং করতে নামতেই পারলেন না। আইসিসি'র নয়া নিয়মে সেই ঋদ্ধি। কথায় আছে "রাখে হরি তো মারে কে।" সচিন তেন্ডুলকর যাঁকে সার্টিফিকেট দেন " এখনকার বিশ্ব শ্রেষ্ঠ উইকেটকিপার" -তাঁকে নিয়ে এমন ছেলেখেলা কেন?

কারোর হাতা-চামচা হওয়ার বান্দা নন ঋদ্ধি। নিজের দক্ষতার বিশ্বাস আছে, তাই ঋদ্ধিকে দেখেন সিদ্ধিদাতা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোরকার্ড দেখুন। দেখবেন এই ইনিংসে ভারতীয় উইকেটকিপারের চারটি শিকার। তারমধ‍্যে বাঁ-হাতি লেবুস্চানের ক‍্যাচ বাঁদিকে শরীর মেলে প্রায় প্রথম স্লিপের সামনে থেকে যে দক্ষতায় দু-হাতে ধরেছেন- তা অবিশ্বাস্য। ৩৭ এর ঋদ্ধির এই ক‍্যাচ স্মিথ-লেবু'র জুটি ভেঙে দিয়েছিলেন। এই ক‍্যাচ শাস্ত্রীদের চোখে আঙ্গুল দিয়ে আবারও বোঝায়, তাঁর ফিটনেস - রিফ্লেক্স ১৭ বছরের কারোর সমান। পন্থ ২৪ বছরের যে ওজন নিয়ে কিপিং করেন, তিনি স্বপ্নেও ভাবতে পারবেন না-তিনি এমন ক‍্যাচ ধরছেন।

এবার ঋদ্ধির জন‍্য সুযোগ। তিনি পরিবর্ত উইকেটকিপার হয়ে কাজের কাজটি ভালো মতন করেছেন। এবার ভুলে যান দলে আপনি উইকেটকিপার। মনে করুন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। আইপিএলে যে মেজাজে ব‍্যাট করেন-করতেই পারেন। ওপেনার হয়ে ২০ ওভার খেলে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন অনেকবার। এবার একটা অন‍্য ইনিংস চাই। চাপের মুখে লর্ডসে এক বাঙালি বাঁ-হাতি ব‍্যাটসম‍্যানকে কোনও মানসিক প্রস্তুতি না দিয়ে বলা হয়েছিল-তিন নম্বরে যাও ব‍্যাট করতে। সেই বাঙালি চোয়াল চেপে চ‍্যালেঞ্জটা নিয়েছিলেন। তিনি এক বাঙালি হয়ে দেশকে অনেক কিছু দিয়েছেন। তিনি এখন বোর্ড সভাপতি। অার আপনি সোমবার শেষদিনে ব‍্যাট হাতে নামার সুযোগ পাবেন। জানি আপনার ব‍্যাটিং অর্ডার নীচের দিকেই থাকবে। কিন্তু আপনি পারবেন একদিকে অপরাজিত রয়ে যেতে। শুধু এটুকু চাই। বাকি -ভগবান ভরসা।

ছবিঃ সৌ- ফেসবুক ও টুইটার 

Saturday, January 9, 2021

শাস্ত্রী মশাই কী করছেন!







দীপঙ্কর গুহঃ










ব‍্যাকফুটে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া হোটেল ফিরেছে ১৯৭ রানে এগিয়ে। হাতে ৮ উইকেট। চতুর্থদিন দুটি সেশন যদি অস্ট্রেলিয়া ব‍্যাট করে চা-পান বিরতির পর ভারতকে আবার ব‍্যাট করতে ডেকে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তৃতীয় দিন ২৯ ওভারে ১০৩ রান তুলে নিলেন স্মিথরা ।
পরিসংখানে দেখা যাচ্ছে সিডনি টেস্টে তিনদিনই দিনের শেষে পিছিয়ে থেকেছে ভারতীয় দল। প্রথমদিন ১৬৬ রানে। দ্বিতীয়দিনে ২৪২ রানে। শনিবার -তৃতীয় দিন শেষে ১৯৭ রানে। বলাই যায়, ম‍্যাচে এখনও চালকের আসনে অস্ট্রেলিয়া।

একসময় বলা হচ্ছিল টেস্টে "দ‍্য ওয়াল"-রাহুল দ্রাবিড়ের স্থান ভরাট করতে প্রস্তুত পূজারা। কিন্তু ব‍্যাড প‍্যাচ কাটিয়ে রানে ফিরতে সিডনিতে পূজারা যা যা করলেন -তা রাহুল কোন ইনিংসে করেননি। টিমের সেরা ব‍্যাটসম‍্যান বলে তিন নম্বরে ব‍্যাট করতে আসেন সেই দলের ব‍্যাটস‍ম‍্যান। এই ইনিংসে পূজারা ৫০ রান করলেন স্ট্রাইট রেট ২৮.৪১ তে হামাগুড়ি দিয়ে। স্ট্রাইক রোটেট করলেন না। প্রচুর ডট বল খেললেন। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ব‍্যাটসম‍্যান তাঁর এমন ব‍্যাটিং দেখে চাপে থাকলেন। এমনকী প‍্যাভেলিয়নে অপেক্ষায় থাকা পরবর্তী ব‍্যাটসম‍্যানদের উপর চাপ আরও বাড়লো। পঞ্চাশ রানের গন্ডি টপকে কি ভাবে আউট হলেন? প‍্যাট কামিন্সের বলের সুইং আর গতিতে বেসামাল হয়ে ব‍্যাট বাড়ালেন। উইকেটরক্ষকের হাতে সহজভাবে বন্দী হলেন। ১৭৫ টি বল খেলে এমনভাবে আউট!

অস্ট্রেলিয়ার মাটিতে ভিভিএস লক্ষ্মণের মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। হনুমা বিহারী রান আউট হলেন। অজি ব‍্যাটসম‍্যানরা এখনও বুঝিয়েছেন, উইকেটে টিঁকে গেলে রান করে যেতে হয়। ভারতীয় ব‍্যাটসম‍্যানদের এই মানসিকতার অভাব রয়ে গেছে। এই টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় একজন টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের তিন অঙ্কের রান করাটা খুব জরুরী ছিল। মানসিক লড়াইয়ে টিকে থাকার জন‍্য। হয়নি। ফলে ভরসা সেই বোলাররা।

এই ইনিংসে সবচেয়ে ভালো স্ট্রাইকিং রেট রেখে ব‍্যাট করেছেন বাঁ-হাতি ব‍োলার- অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২৮ রানে নট আউট থাকলেন। পূজারা ৫ টি বাউন্ডারি মেরেছেন ১৭৬ বলের মোকাবিলা করে। আর সমান সংখ‍্যক ৫ টি বাউন্ডারি মারলেন জাড্ডু- মাত্র ৩৭ বলে! জাদেজা হয়তো দুটি রান আউটের জন‍্য দায়ী হবেন। কিন্তু পাল্টা জবাব তো দিয়েছেন। ব‍্যাট করতে গিয়ে বোলিং আর্ম-এ চোট পেলেন। তবু ক্রিজ ছাড়েননি। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ব‍্যাটিং গ্লাভস হাতে ঢোকাতে গিয়ে যন্ত্রনায় শরীর বেঁকে যাচ্ছিল। তবু ক্রিজ ছাড়েননি।
পন্থ তো আরও সাহসী। চোস্ত ব‍্যাটসম‍্যানরা অস্ট্রেলিয়ার উইকেটে চেস্ট গার্ড, ইনার থাই গার্ড, আর্ম গার্ড নিয়ে ক্রিজে যান। উনি যান না। ব‍্যাটিং টেকনিকে ফাঁকফোকর আছে-কিন্তু লড়ে যাওয়ার মানসিকতাও আছে। লাভ কী হল! বাঁহাতি ব‍্যাটসম‍্যান। ভিতরের হাতের কনুইয়ে এমন বলের ছোবল নিলেন- স্ক‍্যান করতে ছুটতে হল। জাদেজাও গেলেন। এখনও সিরিজে একটি টেস্ট বাকি। ভারতের প্রথম চার বোলার চোটে ঘায়েল। ঈশান্ত শর্মা সিরিজ শুরুর আগে ছিটকে যান। তারপর অজি সফরে গিয়ে শামি ( প্রথম টেস্টে), উমেশ যাদব ( দ্বিতীয় টেস্ট), কে এল রাহুল ( তৃতীয় টেস্টের আগে অনুশীলনে ), ঋষভ পন্থ ( তৃতীয় টেস্টের তৃতীয় দিন ব‍্যাটিং করতে নেমে), রবীন্দ্র জাদেজা ( তৃতীয় টেস্টের তৃতীয় দিন ব‍্যাটিং করতে নেমে)। রোহিত শর্মা প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি কোভিড কোয়ারান্টাইনে আটকে থাকায়। আর কোহলি প্রথম টেস্টের পর দেশে ফিরেছেন পিতৃত্বকালীন ছুটিতে। মনে পড়ে সৌরভের একমাত্র সন্তান সানার জন্মগ্রহনের কথা। বাল‍্য বন্ধু সঞ্জয় দাস ছবি তুলে স্ক‍্যান করে মেইল করে পাঠিয়েছিলেন বিদেশ সফরে খেলতে থাকা সৌরভকে । মাসখানেক পর মহারাজ নিজের মেয়ে সানাকে কোলে তুলতে গিয়ে টের পান মেয়ের কাছে বাবা অপরিচিত হয়ে রয়েছে! সময় বদলেছে। মানসিকতা বদলেছে। কোহলি তাই স্ত্রী অনুষ্কার সঙ্গে।

যাক সে সব। এখন? এরপর। রাস্তা একটাই খোলা। ভারতীয় বোলাররা নেগেটিভ বোলিং করুক। আর ভারতীয় ব‍্যাটসম‍্যানরা প্রথম ইনিংসে সমালোচিত চেতেশ্বর পূজারার মতো ব‍্যাট করতে হবে। অর্থাৎ সেশন টু সেশন উইকেট আঁকড়ে ব‍্যাট করতে হবে। আর চতুর্থদিন প্রথম ঘন্টাতে যদি অজি ব‍্যাটসম‍্যানরা আরও ১০০ রান তুলে ফেলে - তাহলে মহা বিপদ। বৃষ্টি? হ‍্যাঁ-ভারতের লাজ রুখতে পারে। পন্থের বদলে নয়া নিয়মে কিপিং করতে নেমেছেন ঋধিমান সাহা। পেসার সিরাজের বলে ওপেনার পুকোভস্কির ক‍্যাচ গ্লাভস বন্দী করলেন। বাই দেননি। ভরসা উইকেটের পিছনে। দরকার উইকেটের সামনের লড়াই। রবি শাস্ত্রী কিছু চমক আপনি দেখাতে পারবেন?



Saturday, January 2, 2021

শুধু তোমাকেই চাই.....













দীপঙ্কর গুহ ঃ 


হার্ট অ‍্যাটাক। হৃদয়ে আক্রমণ? -ভালো লাগছে না শুনতে। আচ্ছা, যদি বলি-হৃদয়ে ধাক্কা? এটাই যে ঘটলো শনিবারের বারবেলাতে। " দাদা" মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও হৃদয়ে ধাক্কাটা নিলেন। এবং আমরা - সৌরভ ভক্তরাও সেই ধাক্কা খেলাম। খবরটা জানাজানি হতেই, খুব অসহায় লাগছিল খোদ নিজেকেই। এতো "ডিসিপ্লিন" লাইফ, এতো মনের জোর, এতো "ফিটনেস" সচেতনতা -তাঁরই হৃদয়ে ধাক্কা! তাহলে আমার তো যে কোনও সময়.....। ভাবতেই ভয়। 

রাজ‍্যের মাননীয় মুখ‍্যমন্ত্রী উদ্বিগ্ন। ফোনে-ফোনে খোঁজখবর নেওয়া। নার্সিংহোমের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলা। সরকারি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের পাঠিয়ে সৌরভের চিকিৎসার তদারকি করে যাচ্ছিলেন। সময় পেয়ে, সৌরভ বিপদ কাটিয়ে উঠেছেন জেনে " দিদি" হয়ে দেখা করে গেলেন। সকলের সচেতন হওয়ার মতন কয়েকটি কথা বলে গেলেন প্রচারমাধ‍্যমের সামনে। 

" এত কম বয়সের বাচ্ছা ছেলে সৌরভরা নাকি নিয়মিত কোনও টেস্ট করতো না! আমি অভিষেক ডালমিয়াকে ( প্রয়াত জগমোহন ডালমিয়ার ছেলে- সি এ বি'র সভাপতি ) বলে গেলাম, তোমরা সকলে টেস্ট করে নিজেদের দিকে খেয়াল রেখো। " 

সত‍্যিই কি তাই? সৌরভ এই আকস্মিক ঘটনাটা ঘটে যাওয়ার আগে নিয়মিত কোনও ওষুধ খেতেন না। দরকার পড়তো না। তাই খেতেন না। খাওয়া দাওয়ায় অনেক লাগাম নিজেই টেনে রেখেছিলেন। মিষ্টি ভালোবাসেন, কিন্তু আর খান না। বিরিয়ানি? বড্ড ভালোবাসেন যে। খেয়েছেন। আর পরক্ষণেই জিমে গিয়ে এক্সসারসাইজ করে "ক‍্যালোরি" পুড়িয়ে নিতেন। 

সেই রাস্তাতেই কি শনিবারও হাঁটতে চেয়েছিলেন? নিউ ইয়ার্সের একটু খাওয়া-দাওয়া? একটু বেহিসাবি হয়ে ওঠা? পারিবারিক সূত্র বলছে-খাওয়া দাওয়া ছিল। কিন্তু মাত্রাতিরিক্ত তা নয়। ২০২১ এর দোসরা জানুয়ারিতেই তিনি সকলের হৃদয়ে এমন ধাক্কা দিয়েও নিজে অন‍্যদের খোঁজ নিচ্ছেন! মাননীয়া মুখ‍্যমন্ত্রীও হতবাক। বলেই ফেলেছেন, " আমাকে দেখে সৌরভ জানতে চাইলো আমি কেমন আছি! আরে! অত‍্যন্ত গর্বের ছেলে আমাদের। দেশের গর্ব। আশাকরি, ও সব বিপদ কাটিয়ে উঠবে"। 

হৃদরোগ বিশেষজ্ঞদের কথাবার্তার জেরে বুঝে গেছি, আরও কিছু সিদ্ধান্ত নেওয়ার বাকি। শুরুতে যাঁরা ওঁর সঙ্গে-সঙ্গে হাসপাতালে পৌঁছে যান-তাঁদের সকলের সঙ্গে কথাবার্তা বলে গেছেন সারাক্ষণ। শরীরের ভিতর অস্বস্তিটা বাড়ছিল দেখে স্ত্রী ডোনা-দাদা স্নেহাশিস আর পাড়ার প্রিন্স ক‍্যাটারারের মালিক কালুদাদের নিয়ে সোজা নার্সিংহোমে। তারপরই একের পর এক টেস্ট। টেস্ট করতে করতে ডাক্তারদের সব কিছু টের পাওয়া। দিনের শেষে একটি আর্টারিতে স্টেইন বসিয়ে বিপদমুক্ত। ডাক্তারি ভাষায়। কিন্তু সৌরভের পাস্ট হিস্ট্রি রিপোর্ট কিছুই নেই। পরিবারে বাবা(মেসোমশাই) চন্ডী গঙ্গোপাধ্যায়ের হৃৎপিণ্ডের সমস‍্যা। ইংল‍্যান্ডে বাইপাস (১৯৮৯-৯০) করিয়েও মাঝেমধ‍্যে একটু সমস‍্যা হত। ওঁনার তিনটি আর্টারিতে ব্লকেজ ছিল। সঙ্গে সুগার-কোলেস্ট্রলও ছিল বলে মনে পড়ছে।  শেষমেষ এই হৃদয়ই তাঁকে টেনে নিয়ে যায় এক প্রবল "ধাক্কা"য়। আরেক কাকারও এক অবস্থা হয়। ডাক্তাররা বলছেন, পরিবারের জিনগত সমস‍্যা- এটার দিকে নজর রাখাটা জরুরী। 

আবার ডাক্তারদের একাংশের মাথায় ঢুকছে না , পাস্ট হিস্ট্রি তেমন না থাকায়-নিয়মিত কোনো ওষুধের প্রয়োজন হয় না, তাহলে এই "ধাক্কা"র কারণ কী? অভিজ্ঞদের আশঙ্কা- অত‍্যাধিক মানসিক চাপ। এই চাপ মনের ভিতর হয়তো অনেকদিন ধরেই "ধাক্কা" মারছিল, সৌরভ পাত্তা দেননি। সৌরভের কী কী মানসিক চাপ তাহলে হালে তাঁকে বেসামাল করে দিয়েছে? 

আমার নিজের ধারনা, হয়তো এটা - রাজনীতিতে  যোগ দেওয়ার চাপ। কিংবা লক্ষ‍্যপূরণের চাপ। হয়তো, চাপের যাঁতাকলে আটকে যাওয়া। সৌরভের এমনভাবে "হৃদয় ধাক্কা"র খবরে হতবাক রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। প্রচারমাধ‍্যমে উনি যা-যা বললেন, তা মন দিয়ে শোনার পর - রাজনীতির অ‍্যানাকন্ডাকে নিয়েই মন কু-ডাকছে। অশোকবাবু বলেছেন, " আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের এমনসব প্রচুর চাপ নিয়ে চলতে হয়। ও এসবের সঙ্গে যুক্ত নয়। সামাল দেওয়া সহজ নয়। এখন ভালো আছে শুনে স্বস্তি পাচ্ছি। কলকাতা যাচ্ছি। দেখা করবো। কথা বলবো।" শুক্রবার রাত দশটার পর নাকি সৌরভ নিজে ফোন করে অশোকবাবুর সঙ্গে কথাও বলেন। সৌরভের সেইসময়ও শরীরে অস্বস্তি ছিল। হজম-অম্বলের ওষুধ খেয়েছিলেন নিশ্চিত। বমি করেছিলেন আগের রাতে। শনিবার বেলায় ডোনাদের বাড়িতে জিম করতে গিয়ে ট্রেড মিলে বিপদটা ধাক্কা মারে। ব্ল‍্যাক আউট হওয়া, আবার বমি হওয়া, বাঁ-হাত ধরে যন্ত্রনা উঠে এসে বুকে চেপে ধরা- সব মহারাজকে ছন্দহীন করে দেয়। তারপর ভালো লাগছে না বুঝে চিকিৎসকদের মাঝে নিজেকে নিয়ে যাওয়া। এক কথায়- সঠিক টাইমিং। ডাক্তাররাও বলছেন তা। জানা গেছে, তিনটি আর্টারিতেই ব্লকেজ আছে। সবচেয়ে বিপজ্জনক অংশে স্টেইন বসে গেছে। বাকি আরও দুটি মেডিক্যাল বোর্ড বসবে ৪৮ ঘন্টা পর। 

আমজনতার একটাই প্রশ্নঃ দাদা-ঠিক আছে তো?  একই খোঁজ সারাদিন ধরে রাজনীতির অনেক কুশিলবই নিয়েছেন। নিচ্ছেন। নেবেনও। আচ্ছা, সৌরভ তো সুরভিত সবুজ মাঠে। অনেক হারা ম‍্যাচের লড়াই একা লড়ে জিতে এসেছেন। একবার-দু'বার নয়। বারবার। ক্রিকেট মাঠেই তো সৌরভের অক্সিজেন। কেন তাহলে " দূষিত " রাজনীতির ঘেরাটোপে ওঁকে আটকে ফেলার চেষ্টা? এটাই কি কাল হল? " অন‍্য অপরিচিত খেলা'কে সামলাতে গিয়েই কি এমন "হৃদয়-যন্ত্রনা"? 

আমার থুড়ি আমাদের ক্রিকেট মাঠের সৌরভকে চাই। দাদি -কে চাই। শুধু  তোমাকে চাই। সময় কম তা জেনেও বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন। একরাশ স্বপ্ন ছিল। এখনও আছে-তাও জানি। কিন্তু "ওঁরা" যে অন‍্য কিছু চায়। ওঁরা রাজনীতির ব‍্যাপারি। ওঁদেরও যে সৌরভ-ধোনি আপনাদের মতো মানুষদের চাই। তাই সেই মঞ্চে (ধোনিও পড়ুন) ধ্বনি ওঠেঃ তোমাকে চাই। ঝাড়খন্ড স্বপ্ন খন্ড -খন্ড হয়। জাগে কি ভয়? তাই সুযোগ বুঝে " শকুনি মামা"রা কু-মন্ত্রনা দেন। এসব বন্ধ হোক। রাজনৈতিক কর্তাদের আজ কেন সেলেবদের দরকার! আগে কি ছিল? আগে দেশ চালানো কিংবা রাজ‍্য চালানোর লোকের অভাব ছিল? তাহলে এখন কেন! 

স্বেচ্ছায় যাঁরা খেলার মাঠের কিংবা অন‍্য দুনিয়ার  নায়ক-নায়িকা হয়ে রাজনীতিতে নাম লেখাতে চান -সে তো অন‍্য কথা। তাতে মনের সায় থাকে। মনই তো আসল। মন না চাইলে -মান যায় যাক, এটা কেন আমরা ভাবতে পারিনা? আসলে আমরা মানুষ। তারকারা উচ্চাসনে থাকতে চান। তা দোষের নয়। মন সায় না দিলে? তখনই তো ট্রাপিজের খেলা। চাপের খেলা শুরু। সৌরভ কি তাহলে এই চাপটাই নিজের মনে অজান্তে বয়ে বেড়াচ্ছিলেন? 

আগে পরিবার। তারপর পাড়া। বাকি আসে পরপর। ডোনা-সানা আর মাসিমার ( সৌরভের মা ) এবার মনে হয় বলা উচিৎ , আমরা তোমাকেই চাই। সুস্থ হয়ে ঘরের ছেলে ঘরে ফিরুক। এটাই প্রার্থনা।  অভিজ্ঞ ডাক্তাররা বলছেন, যে সমস‍্যা মাথাচাড়া দিয়েছে- তা সামলাতে সৌরভকে " স্ট্রেসহীন" জীবন কাটাতে হবে। তাতে আমার চাই ওনলি " ক্রিকেট কমেন্ট্রি"। ভেবেছিলাম, একদিন ভারতীয় কোচ হয়ে সৌরভ বিশ্বকাপ কোনও একটা জিতবেন। ক‍্যাপ্টেন হয়ে যা হয়নি। ভেবেছিলাম, বিসিসিআইয়ের পর আইসিসিতে সৌরভকে দেখবো। এখন? নাহ্- কিছুই চাই না। সানার বাপি হয়ে থাকুন। ভালো থাকুন। ডোনার মহারাজ হয়ে থাকুন-সুখে থাকুন। মাসিমার ছেলে হয়ে স্বাস্থ‍্যবান থাকুন-আনন্দে থাকুন। 

জানি সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও  ঘেরাটোপে বন্দী হয়ে থাকা চরিত্র নন। এক চ‍্যালেঞ্জ-প্রিয় চরিত্র। তাই বলি- কাম অন, মহারাজ। আবার একবার ঘুরে দাঁড়িয়ে বলতে হবে- ভুলেতো নেহি?  

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...