ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া হোটেল ফিরেছে ১৯৭ রানে এগিয়ে। হাতে ৮ উইকেট। চতুর্থদিন দুটি সেশন যদি অস্ট্রেলিয়া ব্যাট করে চা-পান বিরতির পর ভারতকে আবার ব্যাট করতে ডেকে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তৃতীয় দিন ২৯ ওভারে ১০৩ রান তুলে নিলেন স্মিথরা ।
পরিসংখানে দেখা যাচ্ছে সিডনি টেস্টে তিনদিনই দিনের শেষে পিছিয়ে থেকেছে ভারতীয় দল। প্রথমদিন ১৬৬ রানে। দ্বিতীয়দিনে ২৪২ রানে। শনিবার -তৃতীয় দিন শেষে ১৯৭ রানে। বলাই যায়, ম্যাচে এখনও চালকের আসনে অস্ট্রেলিয়া।
একসময় বলা হচ্ছিল টেস্টে "দ্য ওয়াল"-রাহুল দ্রাবিড়ের স্থান ভরাট করতে প্রস্তুত পূজারা। কিন্তু ব্যাড প্যাচ কাটিয়ে রানে ফিরতে সিডনিতে পূজারা যা যা করলেন -তা রাহুল কোন ইনিংসে করেননি। টিমের সেরা ব্যাটসম্যান বলে তিন নম্বরে ব্যাট করতে আসেন সেই দলের ব্যাটসম্যান। এই ইনিংসে পূজারা ৫০ রান করলেন স্ট্রাইট রেট ২৮.৪১ তে হামাগুড়ি দিয়ে। স্ট্রাইক রোটেট করলেন না। প্রচুর ডট বল খেললেন। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটসম্যান তাঁর এমন ব্যাটিং দেখে চাপে থাকলেন। এমনকী প্যাভেলিয়নে অপেক্ষায় থাকা পরবর্তী ব্যাটসম্যানদের উপর চাপ আরও বাড়লো। পঞ্চাশ রানের গন্ডি টপকে কি ভাবে আউট হলেন? প্যাট কামিন্সের বলের সুইং আর গতিতে বেসামাল হয়ে ব্যাট বাড়ালেন। উইকেটরক্ষকের হাতে সহজভাবে বন্দী হলেন। ১৭৫ টি বল খেলে এমনভাবে আউট!
অস্ট্রেলিয়ার মাটিতে ভিভিএস লক্ষ্মণের মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। হনুমা বিহারী রান আউট হলেন। অজি ব্যাটসম্যানরা এখনও বুঝিয়েছেন, উইকেটে টিঁকে গেলে রান করে যেতে হয়। ভারতীয় ব্যাটসম্যানদের এই মানসিকতার অভাব রয়ে গেছে। এই টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় একজন টপ অর্ডার ব্যাটসম্যানের তিন অঙ্কের রান করাটা খুব জরুরী ছিল। মানসিক লড়াইয়ে টিকে থাকার জন্য। হয়নি। ফলে ভরসা সেই বোলাররা।
এই ইনিংসে সবচেয়ে ভালো স্ট্রাইকিং রেট রেখে ব্যাট করেছেন বাঁ-হাতি বোলার- অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২৮ রানে নট আউট থাকলেন। পূজারা ৫ টি বাউন্ডারি মেরেছেন ১৭৬ বলের মোকাবিলা করে। আর সমান সংখ্যক ৫ টি বাউন্ডারি মারলেন জাড্ডু- মাত্র ৩৭ বলে! জাদেজা হয়তো দুটি রান আউটের জন্য দায়ী হবেন। কিন্তু পাল্টা জবাব তো দিয়েছেন। ব্যাট করতে গিয়ে বোলিং আর্ম-এ চোট পেলেন। তবু ক্রিজ ছাড়েননি। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ব্যাটিং গ্লাভস হাতে ঢোকাতে গিয়ে যন্ত্রনায় শরীর বেঁকে যাচ্ছিল। তবু ক্রিজ ছাড়েননি।
পন্থ তো আরও সাহসী। চোস্ত ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার উইকেটে চেস্ট গার্ড, ইনার থাই গার্ড, আর্ম গার্ড নিয়ে ক্রিজে যান। উনি যান না। ব্যাটিং টেকনিকে ফাঁকফোকর আছে-কিন্তু লড়ে যাওয়ার মানসিকতাও আছে। লাভ কী হল! বাঁহাতি ব্যাটসম্যান। ভিতরের হাতের কনুইয়ে এমন বলের ছোবল নিলেন- স্ক্যান করতে ছুটতে হল। জাদেজাও গেলেন। এখনও সিরিজে একটি টেস্ট বাকি। ভারতের প্রথম চার বোলার চোটে ঘায়েল। ঈশান্ত শর্মা সিরিজ শুরুর আগে ছিটকে যান। তারপর অজি সফরে গিয়ে শামি ( প্রথম টেস্টে), উমেশ যাদব ( দ্বিতীয় টেস্ট), কে এল রাহুল ( তৃতীয় টেস্টের আগে অনুশীলনে ), ঋষভ পন্থ ( তৃতীয় টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করতে নেমে), রবীন্দ্র জাদেজা ( তৃতীয় টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করতে নেমে)। রোহিত শর্মা প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি কোভিড কোয়ারান্টাইনে আটকে থাকায়। আর কোহলি প্রথম টেস্টের পর দেশে ফিরেছেন পিতৃত্বকালীন ছুটিতে। মনে পড়ে সৌরভের একমাত্র সন্তান সানার জন্মগ্রহনের কথা। বাল্য বন্ধু সঞ্জয় দাস ছবি তুলে স্ক্যান করে মেইল করে পাঠিয়েছিলেন বিদেশ সফরে খেলতে থাকা সৌরভকে । মাসখানেক পর মহারাজ নিজের মেয়ে সানাকে কোলে তুলতে গিয়ে টের পান মেয়ের কাছে বাবা অপরিচিত হয়ে রয়েছে! সময় বদলেছে। মানসিকতা বদলেছে। কোহলি তাই স্ত্রী অনুষ্কার সঙ্গে।
যাক সে সব। এখন? এরপর। রাস্তা একটাই খোলা। ভারতীয় বোলাররা নেগেটিভ বোলিং করুক। আর ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে সমালোচিত চেতেশ্বর পূজারার মতো ব্যাট করতে হবে। অর্থাৎ সেশন টু সেশন উইকেট আঁকড়ে ব্যাট করতে হবে। আর চতুর্থদিন প্রথম ঘন্টাতে যদি অজি ব্যাটসম্যানরা আরও ১০০ রান তুলে ফেলে - তাহলে মহা বিপদ। বৃষ্টি? হ্যাঁ-ভারতের লাজ রুখতে পারে। পন্থের বদলে নয়া নিয়মে কিপিং করতে নেমেছেন ঋধিমান সাহা। পেসার সিরাজের বলে ওপেনার পুকোভস্কির ক্যাচ গ্লাভস বন্দী করলেন। বাই দেননি। ভরসা উইকেটের পিছনে। দরকার উইকেটের সামনের লড়াই। রবি শাস্ত্রী কিছু চমক আপনি দেখাতে পারবেন?






No comments:
Post a Comment