দীপঙ্কর গুহ ::
রাত ২.২০। বিগ বি অমিতাভ বচ্চনের টুইট ভেসে উঠলো। তিনি ক্রিকেট ফ্যান। সিনিয়র টিম (#meninblue) সাফল্যে কিংবা ব্যর্থতায় বিগ বি'র বার্তা সবসময় পায়। রাত জেগে জুনিয়র টিমের (#boysinblue) বিশ্ব সেরা হওয়ার লড়াই দেখে বেশ কিছু কথা লিখেছেন। তাতে তাঁর ভাবনার আঁচটা ধরা পড়েছে। লিখেছেন: "ব্রিটিশদের ধাক্কা মেরে হারিয়েছো"..."পরিণত মানসিকতা, অফুরন্ত প্রতিভা আর শান্ত আত্মবিশ্বাস দিয়ে এক দুর্দান্ত জয়"। যুব ভারতীয় দলের বিশ্ব সেরা হওয়ার প্রতিবেদনটি অমিতজীর টুইট দিয়েই শুরু করতে বাধ্য হলাম। তিনি ক্রিকেটার নন। তিনি দেশের মানুষের কাছে সেলিব্রিটি। এন্টারটেইনার। তাঁর ভাবনায়- এই জয়ে ব্রিটিশদের হারিয়ে দেওয়া গুরুত্ব পেয়েছে। তাঁর ভাবনায়, দুই জেনারেশন পরের যোদ্ধাদের মানসিকতার মাপকাঠি দিয়ে মাপা আছে। ১৩০ কোটি ভারতীয় নিশ্চয়ই এই ভাবেই ভাবতে পারে।
সাবাশ। যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া! ভিভ রিচার্ডসের নামাঙ্কিত মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস ছোট ভারতীয় দলের। আগের বার ফাইনালে, বাংলাদেশের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারের জয় - ৫ বারের চ্যাম্পিয়ন করে গোটা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিতে পেরেছে, রোহিত - কোহলিদের পরও স্বপ্নের জাদুগরদের কমতি নেই দেশে।
https://twitter.com/SrBachchan/status/1490065408569016321?t=GxgZmyDHhmmwTul4hUXMGw&s=19
যশ গিল,হরনুর সিং, শেখ রশিদ,নিশান্ত সিন্ধু, দীনেশ বানা, রাজ বাওয়া, রবি কুমাররা দুই প্রজন্ম আগের ব্রিটিশদের কাছে পরাধীনতার অত্যাচারের গল্পও হয়তো শোনেনি। কিন্তু একটা শব্দের মর্ম ওরা জানে - জয়। কপিল দেব এটাই ছুঁতে চাইতেন। সচিন এই ছাড়া আর কিছুই ভাবতেন না। ধোনির মন্ত্র ছিল তা। আর কোহলির আগ্রাসী মনোভাব তো এটাকে আঁকড়ে ধরে। যশ-রা এইভাবে তৈরি। এই দলের সঙ্গে সঙ্গে রয়েছেন, ভি ভি এস লক্ষণ। যিনি রাহুল দ্রাবিড়ের পর, জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে। খুব বেশি দিন হয়নি, তিনি এই কাজ সামলাচ্ছেন। তিন মাস হবে। দারুণ এক মোটিভেটর। তিনি এক মাস ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে থেকে যখন এই সাফল্যের পর বলেন - বাকি কুশীলবদের কথা, তখন বোঝা যায় : “প্রথমে নির্বাচক কমিটিকে ধন্যবাদ জানানো উচিৎ। কারণ এই নির্বাচক কমিটি একদম নতুন। সব দায়িত্ব নিয়েছিল। ঠিকঠাক প্লেয়ার বাছাই করা বেশ চ্যালেঞ্জের কাজ ছিল। কোচ হৃষিকেশ কানিতকর সহ সাইরাজ- মুনিশ বালি এবং বাকি সাপোর্ট স্টাফদের ধন্যবাদ প্রাপ্য। যেভাবে ওরা দলকে একজোট করে রেখেছে, সত্যিই প্রশংসার। এই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দলকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করেছে, সেটাও অসাধারণ কৃতিত্বের।”
https://twitter.com/BCCI/status/1490058624827539456?t=K-lvbJYKdF5IUDJm04DzGA&s=19
আর এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তা জানতে টুইটার প্ল্যাটফর্ম তো আছে। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সকলের বার্তা ভেসে বেড়াচ্ছে - সোশ্যাল মিডিয়াতে। সৌরভ আর বোর্ড সচিব এখন একই শহরে। আহমেদাবাদে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচটি খেলতে নামছে রোহিত - কোহলির সিনিয়র ভারতীয় দল। ভারতের ছোটরা বিশ্বসেরা হতেই, টুইটার বার্তা লিখতে দেরী করেননি বোর্ড সভাপতি। সেই লেখাতে দেশের প্রাক্তন অধিনায়কটি বুঝিয়ে দিয়েছেন, লড়াইটা মাঠে আর মাঠের বাইরে সকলে মিলে জিতেছে।
https://twitter.com/SGanguly99/status/1490057206233845761?s=19
বোর্ড সচিব জয় শাহ ক্রিকেট নিয়ে কম বললেই ভালো, সেটা বুঝেই হয়তো অভিনন্দন জানিয়ে লাখ - লাখ টাকার পুরস্কারের ঘোষণা করেছেন সেই টুইটারে। ক্রিকেটারদের জন্য প্লেয়ার পিছু ৪০ লাখ, আর সাপোর্ট স্টাফদের জন্য ২৫ লাখ টাকা করে পুরস্কার অর্থ। সৌরভের লেখায় আছে : এটা অতি সামান্য সাম্মানিক , যা করেছে দেশের যুব দল, তা অসামান্য। সাপোর্ট স্টাফ দের মধ্যে নিশ্চয় নির্বাচকরা থাকবেন।
https://twitter.com/JayShah/status/1490054392157913089?t=L-VotUVGASeJ7BI0YSoWBw&s=19
হাজার হাজার কোটি টাকা আইপিএল থেকেই শুধু বিসিসিআই রোজগার করে, এই লাখের অঙ্ক তাই যত সামান্যই। কিন্তু শনিবার জয়পুরে যে বিশাল ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন সৌরভ - জয়রা তা নাকি বিশ্বের তৃতীয় বৃহত্তম আর দেশের দ্বিতীয় বৃহত্তম। পরিকাঠামো মজবুত করার কাজটা হচ্ছে বলেই হয়তো, এত প্রতিভার পুল তৈরি হচ্ছে।
ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম টুইটার বার্তা দিয়ে আবারও ছোটদের জয়ের জন্য দ্বিতীয় বার্তা লেখেন ২ ঘণ্টা পর। সেখানে লেখেন, ক্রিকেটারদের কঠিন পরিস্থিতিতে লড়ে যাওয়ার মানসিকতাকে তারিফ করে।
https://twitter.com/SGanguly99/status/1490096080674979845?t=MIk1nwTcCBzy4HaeXAabnw&s=19
কিন্তু এই টুইটে বোর্ড সচিব, বোর্ড কোষাধক্ষ্য আর আরেক সিনিয়র বোর্ড কর্তা রাজীব শুক্লাকে ট্যাগ করলেন - তা উনিই জানেন!
https://twitter.com/ViranTilawat/status/1490156475620081666?t=4eAp9stOR3EXiOqnl-fr8g&s=19
খেলার খবর:
ইংল্যান্ডের অধিনায়ক টম প্রেস্ট টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ওঠে। ভারতের দুই পেসার রবি কুমার এবং রাজ বাওয়া দুজনের মধ্যে ৯ উইকেট ভাগাভাগি করে ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেন। একসময় ইংল্যান্ড ৭ উইকেট ৯১ রানে খুঁইয়ে বিপর্যস্ত হয়ে পড়ে।
অষ্টম উইকেটে জেমস র (১১৬ বলে ৯৫) আর জেমস সেলস (৬৫ বলে ৩৪) ৯৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে ১৮৯ রানে পৌঁছে দেয়।
এর জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংসে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যায় অঙ্গকৃষ রঘুবংশী (০)। এরপরে দ্বিতীয় উইকেটে হরনুর সিং (৪৬ বলে ২১) এবং শেখ রশিদের (৮৪ বলে ৫০) লড়াইয়ে ভর করে ভারত ম্যাচে ফিরে আসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৯৪ রানের ইনিংস খেলার পরে ফাইনালের মত বড় মঞ্চে ফের আরও একবার নিজের জাত চিনিয়ে দিল রশিদ।
কিন্তু এরপরে ফর্মে থাকা রশিদ এবং ক্যাপ্টেন ধুলের উইকেট অল্প রানের ব্যবধানে খুইয়ে বসে ভারত। তবে ভারতের মিডল অর্ডার চাপের মুখে অনড় ছিল। নিশান্ত সিন্ধু (৫৪ বলে ৫০) এবং রাজ বাওয়া (৫৪ বলে ৩৫) দলকে জয়ের রাস্তায় নিয়ে চলতে থাকে। সিন্ধু অপরাজিত হাফসেঞ্চুরি করে । শেষ মুহুর্তে দীনেশ বানা (৫ বলে ১৩) জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেয়। ১৪ বল বাকি থাকতে ৪৭.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। ব্যাট - বলে সফল রাজ বাওয়া ম্যাচের সেরা হয়।
https://twitter.com/ranadheer63900/status/1490156093388955650?t=amCGTfP9PQq-DpjLzyAdyA&s=19
আর ইংল্যান্ড? যুব বিশ্বকাপে ১৯৯৮ সালে শেষবার ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড। সেবারই টুর্নামেন্টে একমাত্র এবং প্ৰথমবার চ্যাম্পিয়ন হয় ভারতের ছোটরা। এবার বিশ্ব ক্রিকেটের আরেক কুলীন দেশ অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে কুলিজ স্টেডিয়ামে ভারত সহজেই পরাস্ত করেছিল। সেই অস্ট্রেলিয়া এবার তৃতীয় স্থান পেল, আফগানিস্তানকে হারিয়ে।
ভারত টুর্নামেন্টের শুরুতে বেশ সমস্যায় পড়ে কোভিডের ভাইরাসের দাপটে । নেতা যশ ধুল এবং সহ নেতা শেখ রশিদ করোনা আক্রান্ত হয়ে প্ৰথম দুটো ম্যাচে খেলতেই পারেনি। তবে এই দলের গভীরতা এতটাই ছিল, হতে মাত্র ১১ জন ক্রিকেটার নিয়ে গ্রুপের শেষ দুটি ম্যাচ জিতে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
ফাইনাল জিতে অধিনায়ক ধুলকে যখন দলের সাপোর্ট স্টাফদের প্রশংসা করতে শুনলাম, মনে হল - জেন নেক্সট আরও পরিণত। ধুল বলে গেল: “দেশের জন্য এরকম কিছু করতে পেরে আমরা গর্বিত। টুর্নামেন্টের শুরুতে করোনার কারণে কম্বিনেশন ঠিক করতে সমস্যায় পড়তে হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা একটি পরিবারের মত হয়ে উঠতে পারেছি। ড্রেসিংরুমের পরিবেশও দারুণ ছিল। এমন সাপোর্ট স্টাফের অধীনে খেলতে পারাটা দারুণ স্মরণীয় হয়ে থাকল।”
এরপর? এদের নিয়ে আইপিএল মেগা অকসনে মাতামাতি হবে। আজ লাখ টাকা থেকে কেউ কোটি টাকার ক্রিকেটার হয়ে উঠবে চোখের নিমেষে। এরপরই দেখার, কতো জন সিনিয়র দলে দেশকে আরও জয় এনে দিতে একটানা খেলে যেতে পারে।
ছবি: সৌ টুইটার।
