Saturday, April 17, 2021

সাবাশ সি এ বি....



দীপঙ্কর গুহ : 










সাবাশ সি এ বি সভাপতি এবং সচিব।
আলাদা করে ধন্যবাদ জানতে চাই জগমোহন ডালমিয়ার সুযোগ্য পুত্র অভিষেক ডালমিয়াকে। আর চন্ডী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। শনিবার তারা এক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ক্লাবের সরকারি অভিযোগকে গুরুত্ব দিয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দুই ক্রিকেটারের বিরুদ্ধে এবং ক্লাবের বিরুদ্ধে তদন্ত শেষ করল সি এ বি । দ্বিতীয় ডিভিশনের ক্লাব ক্রিকেট নিয়ে প্রচুর অভিযোগ। আধার কার্ড জালিয়াতি - যার অন্যতম। এই ধরনের অভিযোগ পেয়ে সব কিছু খতিয়ে দেখে শাস্তিও দিল সি এ বি। এক ক্রিকেটার এমন জালিয়াতি করেছে ধরা পড়তেই সেই দোষীকে দু ' বছরের জন্য ব্যান করা হল। ক্লাবকেও এক লাখ টাকা জরিমানা করা হল। আর সেই ম্যাচের পয়েন্ট দিয়ে দেওয়া হল - প্রতিপক্ষ দলকে।

এই ধরনের নানান দুর্নীতি নিয়ে ক্রমাগত খবর পাই। নিজের ব্লগে লিখিও। গত সপ্তাহে ইডেনে গিয়েছিলাম জে সি মুখার্জি ট্রফির ফাইনাল দেখতে। খেলা ছিল - ভবানীপুর আর ইস্ট বেঙ্গলের । আমার একটাই লক্ষ্য ছিল, খোলা মাঠে যে কোনো ম্যাচ গ্যালারীতে বসে দেখা। করোনার দাপাদাপির মাঝেও  চিত্তাকর্ষক এক ক্রিকেট দেখলাম। ক্লাব পর্যায়ে নুতন এক চ্যাম্পিয়ন দলকে দেখলাম। 

সঙ্গে জমাটি ক্রিকেট আড্ডা। প্রথম অর্ধে ভবানীপুর ব্যাট করছিল। আগে পিছনে পাশে বসা  এক ঝাঁক প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আড্ডা। উদয়ভানু ব্যানার্জী, অভীক মিত্র, কল্যাণ ঢাল, পার্থ সেন , দেবেন্দের রায়। সব আড্ডা মাতানো ক্রিকেটার। এরা অনেকে এখন সি এ বি' র জুনিয়র নির্বাচক। 

এটাও জানলাম সিনিয়র নির্বাচকরা ক্লাব হাউসের বক্সে বসে খেলা দেখছে। সঙ্গে বেঙ্গল রঞ্জি দলের কয়েকজন সাপোর্ট স্টাফও ছিল। এদের কেউ প্রাক্তন রঞ্জি ক্রিকেটারও বটে। তাদের মধ্যে কেউ হয়তো আমায় গ্যালারীতে দেখে খুব খুশি নাও হতে পারে। আসলে ইডেনে এলে আর ময়দানে ঘোরাঘুরির ফলে আজ এদের অনেকের নানান রূপ আমার জানা। তাই হয়তো তাদের কেউ আমার দেখে "দাদাগিরি" দেখাতে আমাকে দেখে " অভ্যর্থনা"সূচক  শব্দ ব্যবহারও করে থাকবে ( গা**) । কিন্তু নিজে জানি নিজের ধান্ধা গুছিয়ে নিতে সাংবাদিকতা করিনি। করিও না। আর সাদাকালোকে সাদা আর কালো বলতে দুবার ভাবিনা। এই ধরনের প্রাক্তন ক্রিকেটাররা যত পিছনে এসব বলবে - আমি খুশিই হই। বুঝতে পারি, সঠিক সময় সঠিক লেখাগুলো এদের নিজেদের কাছে নিজেদের চেহারাটা ধরিয়ে দিয়েছে এবং এখনও তা করছে। 


থাক এদের কথা।

আসলে এরাই নিজেদের স্বার্থে বাংলার ক্রিকেটকে এগুতে দিতে চায় না। ইস্ট বেঙ্গল যখন ব্যাটিং শুরু করলো, সি এ বি সভাপতি অভিষেক ডালমিয়া ক্লাব হাউসের লোয়ার টিয়ারে এল। আলাদা করে দুজনে আড্ডা দিতে শুরু করলাম। অনেক ইস্যুতে অভিষেক আমার সঙ্গে সহমত হচ্ছিল না। যে সকল মানুষ বাংলার ক্রিকেটকে ভোগ করে --- অভিষেক সেই দলের নয়। বরঞ্চ উল্টোটা। বিস্তর ভাবে। সকলকে নিয়ে কিছু করার কথাও ভাবে। আমাদের আড্ডাতে কিছুক্ষণ পরে যোগ দিল সচিব স্নেহাশিসও। ক্রিকেট আড্ডা আরও জমলো।

সেদিনই কথা হচ্ছিল বাংলার ক্রিকেটের খোলনলচে নিয়ে। দ্বিতীয় ডিভিশন ক্লাব ক্রিকেটের দুর্নীতি নিয়ে। নানান যুক্তি - তক্ক দিয়ে আমরা একে অপরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সেদিন এসেছিল - এই আধার কার্ড জালিয়াতি চক্রের কথা। অভিষেক একবার বলেছিল, "কেউ তো অফিসিয়ালি কমপ্লেইন করবে ! তা না করলে কি করতে পারি আমরা।"
ঠিক এক সপ্তাহের মধ্যে ভিক্টোরিয়া আর পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচে কমপ্লেইন হল। দেখতে চেয়েছিলাম অভিষেক - স্নেহাশিসরা কথা রাখতে পারে কিনা।

ওরা কথা রেখেছে। বাংলার ক্রিকেটের দুর্নীতি চক্র ভাঙতে কড়া পদক্ষেপই করেছে। ভিক্টোরিয়া ক্লাবের দুই ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ করা হয়। একজনের নাম মুদিত প্রভাকর রাই। অন্যজন রৌনক সিং। প্রথম জনের আধার কার্ড সরকারি ওয়েবসাইট মিলিয়ে দেখা যায় সঠিক তথ্য দেওয়া আছে। কিন্তু রৌনক সিং - এর ক্ষেত্রে দুটো ঠিকানার হদিস মেলে আধার কার্ডে। সি এ বি ' তে প্লেয়ার রেজিস্ট্রেশনে মেলে কলকাতার ঠিকানা। আর সরকারি ওয়েবসাইট জানায় তার বাড়ি উত্তরপ্রদেশ। ধরা পড়ে কারচুপি। এই ক্রিকেটারও দুটি বছরের জন্য সাসপেন্ড হয়ে গেল। আর ক্লাবের আর্থিক জরিমানাও হল - এক লাখ টাকা। এই ভিক্টোরিয়া ক্লাব এখন যিনি চালান তিনি প্রথম ডিভিশনের আরও একটি বড় ক্লাবের সঙ্গেও যুক্ত।

অভিষেক - স্নেহাশিস জুটি একটা দারুণ বার্তা দিল। ক্রিকেটাররা এই রাস্তায় হাঁটলে কড়া শাস্তি পাবে। আর দায় এড়াতে পারবে না ক্লাবও। যদিও বেশ কিছু ক্লাব প্রতিনিধি ( নিজেদের সাদা ইমেজটা ধরে রাখতে) আমায় একাধিকবার বলে গেছে, " ক্লাব কি করবে যদি ক্রিকেটাররা এই ধরনের সার্টিফিকেট দেয়। " সেদিন ইডেনে এই নিয়েই অনেক কথা হয়েছে অভিষেক - স্নেহাশিসদের সঙ্গে। অ্যাপেক্স কাউন্সিল মিটিং ডেকে আরও কিছু নয়া পদক্ষেপ করার প্রস্তুতির ভাবনা সাজানো  হয়ে গেছে। এর মধ্যে প্রতিটি ক্রিকেটারের ইউনিক ওয়ান টাইম রেজিস্ট্রেশন নম্বর চালু হবে। সফটওয়্যার দিয়ে নিমেষে দেখা যাবে সেই ক্রিকেটের এর আগে কোথায় কোথায় খেলেছে। জানি না , কলকাতা ক্লাবে টাকা নিয়ে প্লেয়ার্স খেলানো কি করে এটা দিয়ে আটকানো যাবে। কোচিং সেন্টারের হাতে বেশকিছু  ক্লাব টিম অর্থের বিনিময়ে তুলে দেয়। এরপর সেই কোচিং সেন্টার বা কয়েকজন মিলে ক্লাবকে দেওয়া টাকা তোলা শুরু করে ক্রিকেটারদের থেকে। আজ তা ক্রিকেট ঘিরে নয়া বিজনেস মডেল।  



সি এ বি যদি ক্লাব মেম্বারদের কথা ( ভোট বড় বালাই) না ভেবে বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কড়া ভাবনা আঁকড়ে চলে - তাহলে নিশ্চিতভাবে বলতে পারি "ভূমিপুত্র" এবং অন্য রাজ্যের যোগ্য ক্রিকেটারই বিভিন্ন পর্যায়ে এই রাজ্য দলের হয়ে খেলবে।

আবারও বলছি : সি এ বির প্রথম সারির কর্তারা যদি " নামের পিছনে" না ছুটে রিজার্ভ বেঞ্চ বানিয়ে ফেলতে পারে, তাহলে বদলে যেতে বাধ্য সৌরভ - ঋদ্ধিমান - শামিদের পরবর্তী বাংলা। সেই আশাতেই রইলাম।





 া

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...