Sunday, February 21, 2021

#নোক্রিকেটারনোকেকেআর ?





দীপঙ্কর গুহঃ



হায়দরাবাদ পারে। আমরা - বাংলায় বসেও তা পারিনি। এখনও পারিনি। পারবো বলে টের পাচ্ছি না।

কি পারলো হায়দরাবাদ?

খবরটা আজই পেলাম।

হায়দরাবাদের মাঠে নামতে দেওয়া হবে না সানরাইজার্সকে! ঝাঁঝালো হুমকির মুখে ডেভিড ওয়ার্নাররা।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে এবারও কোনো স্থানীয় ক্রিকেটার নেই। সেই কারণে "তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি"র বিধায়ক দনম নগেন্দর কড়া হুঁশিয়ারি দিলেন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিকে। তিনি সাড়া ফেলে দেওয়া এক বার্তায় নাকি জানিয়ে দিয়েছেন, স্থানীয় ক্রিকেটার এবারও দলে না থাকায় হায়দরাবাদে ম্যাচ খেলতে গেলে আটকানো হবে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষকে।

মিডিয়াকে নগেন্দ্র জানিয়েছেন, “হায়দরাবাদ একটি বিশ্বমানের শহর। মহম্মদ আজহারউদ্দিন-ভিভিএস লক্ষ্মণরা দেশের সফল ক্রিকেটারদের মধ‍্যে অন‍্যতম। রাজ‍্য ক্রিকেট সংস্থায় সাম্প্রতিককালে পরিকাঠামোগত প্রচুর উন্নতি হয়েছে। এখানে প্রতিশ্রুতিমান ক্রিকেটারের অভাব নেই। ওরা রঞ্জি ট্রফি, অনুর্দ্ধ-১৯ সহ একাধিক টুর্নামেন্ট খেলছে। ওদের আইপিএলে নেওয়া উচিত, কিন্তু হচ্ছে কোথায়? ”


এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, “কেবলমাত্র মহম্মদ সিরাজই নজর কেড়েছে নিজের প্রতিভায়। অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে। তাদের সুযোগ দেওয়া উচিত। এই ডেভিড ওয়ার্নার- বল বিকৃতি কাণ্ডের মূল হোতা। তিনিই আবার এই শহর দলের ক্যাপ্টেন। আমরা সানরাইজার্স কর্তৃপক্ষের কাছে স্থানীয় ক্রিকেটার নেওয়ার দাবি জানালাম। তা না হলে হায়দরাবাদে যাতে ম্যাচ না হয় সেটা আমরা বুঝে নেব।”

হুমকির পর হুমকি!

নগেন্দ্র কার্যত কথাবার্তায় আগুন ছড়িয়ে দিয়েছেন। স্থানীয় ক্রিকেটাররা না থাকায় এই দলের নাম থেকে যেন ‘হায়দরাবাদ’ শব্দ মুছে ফেলা হয়। শুধু এই বিধায়ক নগেন্দ্রই নন, জানা গিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনও স্থানীয় ক্রিকেটাররা সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন।


নিলামে সানরাইজার্স হায়দরাবাদ মাত্র ১০.৭৫ কোটি টাকা নিয়ে নেমেছিল। নিলামের আগেই হায়দরাবাদ ঠিক করে নিয়েছিল কোনো বড় নামের পিছনে ছুটবে না তারা। সেই অনুযায়ী, নিলামে মাত্র তিন ক্রিকেটারকে সই করিয়েছে সানরাইজার্স- কেদার যাদব (২ কোটি), মুজিব উর রহমান (১.৫ কোটি টাকা) এবং জগদীশ সুচিত (৫০ লাখ)।

আর আমরা?

কলকাতা? বাংলা? সিএবি? বাংলার তো "ক্রিকেটপ্রেমী বিধায়ক"-এর খামতি নেই। ইডেনে ম‍্যাচ থাকলে ভিভিআইপি টিকিট নিয়ে বুক চিতিয়ে সদলবলে মাঠে ঢোকেন।

কোই এই যে আইপিএল অকশন হয়ে গেল, এবারও একজন বাংলার ক্রিকেটারকে কেকেআর দলে নিল না-কোই কেউ তো টুঁ শব্দটিও করলেন না!

সিএবিতে খোঁজ নিয়ে জেনেছি, মিনি অকশনে এবার নিয়ম বদল হওয়ায় পাঁচ ক্রিকেটারের নাম পাঠানো হয়েছিল। বিবেক সিং নাম কেনা বেচায় উঠতে দেখেছিলাম। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি। কেকেআর তো নয়ই।

ঋধিমান সাহা, শ্রীবস্ত গোস্বামী, শাহবাজ নাদিম, ঈশান্ত পোড়েলদের নিজ-নিজ দল এবারও রেখে দিয়েছে। কারোর কথা কেকেআর আগে কিন্তু ভাবেইনি। তাই ওঁরা অন‍্য দলে।

এবারের মিনি অকশন দেখছিলাম। কেকেআর টেবলে বসেছিলেন এই দলের মালিকানায় থাকা শাহরুখ খানের ছেলে আরিয়ান। আর জুহি চাওলা কন‍্যা জাহ্নবী। গ্ল‍্যামার বাড়াতে বসেছিলেন। ক‍্যামেরায় যা ধরা পড়লো-তাতে স্পষ্ট কেকেআরের রিং মাস্টার সিইও ভেঙ্কি মাইসোর। কতো টাকা নিয়ে কার জন‍্য কতোটা পর্যন্ত যাওয়া যাবে -সব জানতেন। মস্তানি দেখাচ্ছিলেন।

একজন বাংলার ক্রিকেটার কি নেওয়া যেত না? আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা অনুষ্টুপ মজুমদার? পাতে দেওয়া যায় না? ঘরোয়া ক্রিকেটে- সীমিত ওভারের ক্রিকেটে ওঁর স্ট্রাইক রেট দেখেছেন - ভেঙ্কি? বিবেক সিংয়ের ব‍্যাটিং দেখেছেন? অভিমুন‍্য ঈশ্বরনকে চলতি টেস্ট সিরিজে স্ট‍্যান্ড বাই রাখা হয়েছিল। ব‍্যাস্- দায় শেষ। শুনছিলাম, রাজ‍্যের এক প্রাক্তন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হয়েছিল -সিনিয়র দলের প্রতিভা থাকলে নাম পাঠাতে। পাঠিয়েছিলেন? নাকি ভুল করে নিজের নামটাই লিখে দিয়েছিলেন! রসিকতা করে লিখলাম। এটা করেননি। কিন্তু তিনি ও সিএবি'র কর্তারা কেউ হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজহারের মতন এখনও প্রতিক্রিয়া দিয়ে বলেননি-বাংলার ক্রিকেটারদের কাউকে দলে না নিয়ে ঠিক করা হল না।

বাংলার দুয়ারে সরকার নির্বাচনের ডাক। বাংলার ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার শাহরুখ খানের সমালোচনা এখনকার শাসক দলের বিধায়ক করে কিছু বলবেন না। যেটা হায়দরাবাদে এমএলএ নগেন্দ্র করে দেখাতে পারেন। প্রতিবাদ চাই। একজোটে হয়ে প্রতিবাদ। কেকেআর দলে বাংলার ক্রিকেটার না রাখলে ইডেনে " নো আইপিএল "। যে দল "সোনার বাংলা" বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে পথে-ঘাটে তাঁদের কেউ তো বলুক বাংলার ক্রিকেটারদের হয়ে! ওটাও দিল্লি না বল্লে করা যাবে না। কারণ সেলেবদের যে ওই দলের সবসময় প্রয়োজন। তাই সে স‍োশ‍্যাল মিডিয়ায় এক স্বরই হোক আর যাই হোক।

তাহলে কী দাঁড়াচ্ছে? এখানেও বাংলা বঞ্চনার শিকার। কেন এর পাল্টা স্বর চড়ানো হবে না? কেন মেগা স্টারদের বিনা বাধায় দল নিয়ে ইডেনে ঢুকতে দেব? কেন হায়দরাবাদের মতো বলতে পারবো না- আরে স্টিভ স্মিথ তো বল বিকৃতির আরেক খলনায়ক। তাঁকে কোটি টাকা বিলিয়ে কেন কিনতে হল! কেকেআর নামের সঙ্গে আজও "ক‍্যালকাটা " নামটা জড়িয়ে। কেন আওয়াজ উঠবে না, কলকাতার নাম ছাড়ো। নাইট রাইডার্সে কলকাতা বা বাংলার কেউ নেই ২৫ জনে। মেনে নেবো। কিন্তু " কলকাতা "নামের মধু নেব-সিএবি'কে মোটা টাকা দেব কিন্তু প্লেয়ার নেব না। এসব চলবে না -- চলবে না। হোক হ‍্যাশট‍্যাগঃ নোক্রিকেটারনোকেকেআর(#NoCricketerNoKKR)



Thursday, February 18, 2021

টেম্পো চালকের ক্রিকেটার ছেলে চেতন হলেন কোটিপতি










দীপঙ্কর গুহঃ


৭২ ঘন্টা কাটেনি, অটো চালকের মেয়ের মিস ইন্ডিয়া রানার্স আপ হওয়ার ঘটনা জানার পরই খবর মিললো টেম্পো চালক ছেলের কোটিপতি হওয়ার । একটি লাইভ শো এই ছেলেকে কয়েক মিনিটে কোটিপতি বানালো। নাহ্, বিগ বি'র "কৌন বনেগা ক্রোড়পতি"তে চাম্পিয়ন হননি তিনি । তিনি কোটিপতি হলেন বৃহস্পতিবার আইপিএল প্লেয়ার্স মিনি অকশনে। নামঃ চেতন সাকারিয়া। গুজরাতের ভাবনগর থেকে ১০ কিলোমিটার দূরের একটি ছোট্ট শহর -ভারতেজের ছেলে । বাঁহাতি পেসার। রনজি ফাইনালে সৌরাষ্ট্রকে প্রথমবার ট্রফি জিততে বড় ভূমিকা নিয়েছিলেন। প্রতিপক্ষ ছিল বাংলা।

এইসব প্রতিভারা মনের প্রবল ইচ্ছাশক্তিতে - ভালোবেসে যা করেন তাতে ঠিক পুরস্কার পান। চেতনের বাড়িতে পাঁচ বছর আগেও টেলিভিশন সেট ছিল না। খেলা দেখতে হেঁটে -হয় বন্ধুদের বাড়ি যেতে হতো। কিংবা টিভি বিক্রি হয় এমন কোনো দোকানের সামনে দাঁড়িয়ে খেলা দেখতো।

ঈশ্বর এমনসব প্রতিভার জীবনে সব সময় পরীক্ষাই নেন বোধহয়। একমাস আগে জানুয়ারিতে চেতন যখন রাজ‍্য দলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে খেলতে ব‍্যস্ত, সেই সময় দাদা -রাহুল, গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির কেউ এই খবর ওঁকে জানায়নি। ফোনে নিয়মিত বাড়িতে সকলের খোঁজ নিলেই বলা হত , রাহুল ( চেতনের দাদা) দোকান গেছে-জিনিষপত্র আনতে। নয়তো বাইরে গেছে। খেলে বাড়ি ফিরে জানে তাঁর ক্রিকেটের মস্ত বড় সাপোর্টার তাঁকে ছেড়ে চলে গেছে। মারাত্মক শোকের ধাক্কা সামলে ওঠার আগে পরিবারের কাছে এল চেতনের আইপিএলে খেলার খবর। এবং তাও আবার কোটিপতি হয়ে! ২০ লাখ বেস প্রাইসের চেতনকে নিয়ে কেনার টেবলে লড়াই হয় আরসিবি ( বেঙ্গালুরু) এবং আরআর ( রাজস্থান) এর মধ‍্যে। দর কষাকষিতে চেতন শেষমেশ চলে গেলেন রাজস্থান শিবিরে।তাঁর জন‍্য শেন ওয়ার্ন-শিল্পা শেঠির টিম খরচ করলো ১.২০ কোটি। এখন - কোটিপতি চেতন।

চেতন খুশি হতেন যদি বিরাট কোহলির দলে জায়গা পেতেন। কেন? তা শোনা যাক চেতনের মুখেইঃ গতবার আরবে আইপিএলের সময় আরসিবি সঙ্গে ছিলাম নেট বোলার হয়ে। নেটে বল করতাম। দলের কোচ মাইক হেসন আর সাইমন কাটিচ সারাক্ষণ উৎসাহ দিতেন। বলেছিলেন, আইপিএলে খেলার সব যোগ‍্যতা আমার আছে। আত্মবিশ্বাস বাড়ে। এবার আইপিএলে খেলার সুযোগ পাব -সেই আশায় ছিলাম। আরসিবি আমাকে নিতে অকশনে আগ্রহ দেখায়। কিন্তু রাজস্থানে সুযোগ পেয়েছি অকশনের নিয়মে। আইপিএল খেলবো-স্বপ্ন ছিল। এখন যে দলেই খেলি -সেরাটা দিতেই হবে। আজ খুব আনন্দ হত যদি আমার দাদা রাহুল এই দুনিয়ায় থাকতো।"

কী ভীষণ মানসিক ঝড়! বাবা কুঞ্জভাই আর বাড়ির সকলে চাইতেন- চেতন পড়াশুনা করে একটা সরকারি চাকরি জোগাড় করে নিক। কিন্তু ক্রিকেট ওঁকে হাতছানি দিয়ে টানতো। সংসারে টানাটানি। এমনসময় পাশে দাঁড়ান এক কাকা। সেই কাকার স্টেশনারি দোকান আছে। শর্ত ছিল, পড়াশুনার চালিয়ে যাওয়ার জন‍্য আর খেলার জন‍্য খরচ তিনি দেবেন। কিন্তু দোকানে তাঁকে সাহায্য করতে হবে চেতনকে । এইছিল ক্রিকেটে ভেসে থাকার লড়াই।

চেতনের প্রথম সাফল‍্য সৌরাস্ট্র দলের হয়ে অনূর্ধ ১৯ রাজ‍্য দলের হয়ে খেলা। কোচবিহার ট্রফিতে ১৮ টি উইকেট পায় বাঁহাতি এই পেসার। ডাক পায় এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে। সেইসময় একটি স্পাইক সমেত ভালো বোলার শ‍্যু পর্যন্ত তাঁর ছিল না। তাঁর এক সতীর্থ ক্রিকেটার এমআরএফ ক‍্যাম্পে যাওয়ার আগে চেতনকে দেয়। এরপর শুরু হয় চেতনের বুক চিতিয়ে বল হাতে বোলারের দৌড়। রাজ‍্য দলের হয়ে রনজি ট্রফিতে খেলার প্রথম সুযোগ মেলে ২০১৮-১৯ মরসুমে। একটি ম‍্যাচ বাঁহাতি পেসার জয়দেব উনতকর খেলতে পারেননি চোটের জন‍্য। চেতন খেলেন। এবং নজর কাড়েন। সেই ম‍্যাচেই ৫ উইকেট নেন। গোটা রনজি মরসুম খেল ৩০ টি উইকেট পান। ফাইনালে সৌরাষ্ট্রের অধিনায়ক উনতকরের সঙ্গে খেলেন বাংলার বিপক্ষে। সেই ম‍্যাচে চেতনের নাম করতে পারলেন বাংলা দলের অন‍্যতম বোলিং কোচ উৎপল চট্টোপাধ্যায়। বললেন, " সৌরাষ্ট্রের ক্রিকেটটা কিন্তু বাহারি নয়, বরঞ্চ কার্যকারিতা দিক দিয়ে এগিয়ে। উনতকট ছাড়া আরেকটি ছেলে ছিল বাঁহাতি পেসার। দারুণ কিছু সেই ম‍্যাচে মনে হয়নি। তবে লিমিটেড ওভার ম‍্যাচ দেখিনি। যা শুনলাম, জীবনের লড়াইটা কঠিন ওর। আজ আইপিএলে কোটিপতি হয়েছে। নিশ্চয় খুশি। এইসব পরিবারের মধ‍্যে হার না মানা প্রতিভা বেশি থাকে। আইপিএলে দর পাওয়াটা কপালের ব‍্যাপার। শুভেচ্ছা রইল। ম‍্যাচে দেখতে চাই।"

রনজি দলে সুযোগ পাওয়ার পর চেতনের পেশাদার ক্রিকেটের জন‍্য লাখ টাকা মিলেছে ঘরোয়া ক্রিকেট খেলে। করোনায় ক্রিকেট বন্ধ হওয়ায় কোনঠাসা হয়ে পড়েছিল পরিবার। দাদাকে হারাতে হল। হার মানতে নারাজ চেতন আর বাবাকে টেম্পো চালিয়ে সংসার টানতে দেননা। ক্রিকেট খেলে আজ সংসার টানছেন। এবার তো কোটিপতি? উত্তরে চেতনের ভাবনাঃ আরো ভালো খেলতে হবে। আগে কিছু টাকা পেলে রাজকোটে ভালো জায়গায় থাকার জায়গা নেব। সকলকে সেখানে নিয়ে থাকবো। আরও প্র‍্যাকটিসে সময় দিতে পারবো। আফসোস, একটা মাস আগে এটা হলে...দাদাকে হয়তো..।

গলায় কান্নার ইংগিত পেয়ে শুভেচ্ছা জানিয়ে ছেড়েছিলাম লাইন।

ক্ষণিকের জন‍্য থমকে বসে ছিলাম। ভাবনায় এল একটা কোলাজ: এক অতি সাধারণ টেম্পো চালকের ছেলে ক্রিকেট খেলে কতো ঝড়-ঝাপটা সামলে ২২ বছর বয়সে আইপিএলের কোটিপতি।

আর একজন? কোটিপতির ছেলে। ২০ লাখে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নিল। চেতন আর এই অর্জুন- দু'জনই বাঁহাতি পেসার। অর্জুনের বাবার জিন তাঁর শরীরে। বাবার নাম-সচিন। বাবা আর ছেলের পদবী-তেন্ডুলকর। চেতন আর অর্জুনের এটাই প্রথম আইপিএল। ঈশ্বরের কী আজব খেলা!

Friday, February 12, 2021

সেই সেলেবরা এখন চুপ কেন!









দীপঙ্কর গুহঃ


কোথায় গেল সেই #indiaTogether ক‍্যাম্পেন? যা কিষাণ আন্দোলন নিয়ে ' ভিন দেশের তারা ' - রা সোশ্যাল মিডিয়ায় আলোচনা চাইতেই আমাদের সেলেব ক্রিকেটাররা সরব হয়েছিলেন। এবার তো ক্রিকেট দুনিয়ায় - কলরব। প্রাক্তন জাতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর উত্তরাখন্ডের কোচের পদে ইস্তফা দিতেই, সংস্থার সচিবের ঘোষণা এলঃ এই প্রাক্তন ক্রিকেটার সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। এর সমার্থক ইংরেজি শব্দ হলঃ communal ( কমিউনাল)। কে এসব বললেন? তাঁর নামঃ মহিম ভার্মা। ইনি ক'দিন আগেও বিসিসিআইয়ের সহ-সভাপতি ছিলেন। বোর্ড সচিব জয় শাহ ( সকলেই জানেন, তবু খেয়াল রাখুন -উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে ) এবং বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের গা ঘেঁষে থাকতেন। ক‍্যামেরার ফ্রেমে নিজেকে ঢুকিয়ে নিতেন। এখন লোধা নিয়মে ' এক ব‍্যক্তি এক পদ ' চালু হওয়ায় বোর্ডের সহ-সভাপতি পদ ছেড়ে দেন। উত্তরাখন্ড ক্রিকেট বোর্ডের সচিব হয়ে যান ( এই সংস্থা নয়া অনুমোদন পায়) নির্বাচনে জিতে।

এসব তথ‍্য। প্রশ্ন হলঃ প্রাক্তন জাতীয় এক ক্রিকেটারের দিকে সাম্প্রদায়িকতার তীর হানা হল কেন? এখন সেই " ক্রিকেট কর্তা"রা কোথায়-- যে বা যারা কিষাণদের (পক্ষে তো নয়ই) আন্দোলন ইস‍্যুতে বিদেশী হস্তক্ষেপে ক্ষেপে উঠে সেলেব ক্রিকেটারদের ডিজিটাল আন্দোলনে নামিয়েছিলেন? বোর্ড সচিব জয় শাহের নির্দেশে ইংল‍্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে কোহলিরা টিম মিটিংয়ে "কিষাণ ইস‍্যু" নিয়ে আলোচনা পর্যন্ত করেন ( প্রি-ম‍্যাচ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে কোহলিই তা জানান)। 

আর এখন?

বিহার ক্রিকেট সংস্থায় চূড়ান্ত অরাজকতা চলছে। সৈয়দ মুস্তাক আলি ক্রিকেট টুর্নামেন্টের সময় বোর্ড সভাপতি বিহার পাঠিয়েছিলেন সিএবি'র সহ-সভাপতি নরেশ ওঝাকে। এবং পূর্বাঞ্চলের জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে। একরাত কাটিয়ে দুই প্রতিনিধি কলকাতা ফেরেন। বিহার ক্রিকেট সংস্থার সভাপতির নির্বাচিত দলকে খেলতে দেওয়া হয়েছিল। বাতিল হয়েছিল সচিবের নির্বাচিত দল। বিহারও উত্তরাখন্ডের মতোন নতুন অনুমোদন পেয়েছে। এবার বিজয় হাজারে ট্রফির খেলা চালু হতে যাচ্ছে। তাই দলগঠন চলছে সব রাজ‍্য দলে। বিহার সামলাতে আবার বোর্ড দুই জাতীয় নির্বাচক দেবাং গান্ধী আর আবে কুরুভিল্লাকে সেই রাজ‍্যের দল গড়তে পাঠিয়েছে। সারা বছর যে সব ক্রিকেটার ভালো খেলেছেন, তাঁরা জায়গা পাবেন কি? নাকি ব-কলমে সেই সভাপতি রাজই চলবে? যাই চলুক, বিসিসিআই কিন্তু ক্রিকেটারদের কথা ভেবে হস্তক্ষেপ করেছে।

কিন্তু জাফর-উত্তরাখন্ড পর্বে বোর্ড নীরব কেন? মুম্বইতে ফোনে আর হোয়াটসঅ‍্যাপে যোগাযোগ করে জানলাম, কুম্বলে - ইরফান পাঠান- মনোজ তিওয়ারির পর অমল মুজমুদার দাঁড়ালেন প্রাক্তন এই ভারতীয় ওপেনারের পাশে। 
কিন্তু বোর্ড? সেই সংস্থার এক সদ‍্য প্রাক্তন সহ-সভাপতি ( যিনি সাম্প্রদায়িকতার অভিযোগ করেছেন) যা যা বলছেন, তারজন‍্য কি পদক্ষেপ করা হয়েছে ? 

নীরবতা। মৌন মন্ত্র--এই হচ্ছে গুজরাট মিশনে চলতে থাকা এখনকার বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরের উপর দিয়ে ঝড় বয়ে গেছে শেষ এক মাসে। হৃদযন্ত্রে তিনটি আর্টারিতে ব্লক ছিল, তাতে স্টেইন্ট বসেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। কিন্তু কোথাও কি বিসিসিআই নিয়েও আগ্রহ হারাচ্ছেন এমনসব অ-ক্রিকেটীয় কারনে? 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক ) বলেই দিলেন, "এশিয়ান ক্রিকেট কাউন্সিলে চেয়ারম্যান পদের টার্মে এবার ভারতীয় বোর্ড প্রতিনিধির থাকার কথা। আমরা সকলেই চেয়েছিলাম বিসিসিআই প্রেসিডেন্ট -স্বনামধন‍্য প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় আসুন। কিন্তু ওঁনার শারীরিক অক্ষমতার জন‍্য ভারতীয় বোর্ড  হয়ে জয় শাহের নাম পাঠায়। তাই তিনিই দায়িত্বে এসেছেন।"
জয় শাহ এসিসি'র চেয়ারম্যান হওয়ায় মোটেই খুশি নয় পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড সচিবের বাবা অমিত শাহের জন‍্য ছেলেও যে নিরপেক্ষ থাকতে পারবেন না---এটাই পাক মুলুকের বদ্ধ ধারনা। ইতিমধ্যে তাঁদের আশঙ্কা এশিয়া কাপও বাতিল হয়ে যাবে। এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। নিজেদের দেশে তা আয়োজন না করে আরব আমির শাহিতে এই টুর্নামেন্ট করতে চেয়েছে পাক বোর্ড। একটাই লক্ষ‍্য -ভারত এই টুর্নামেন্টে খেলুক।
২০২১ সালে আইপিএল আর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে ভারতে। এরমধ‍্যে পাকিস্তানের এশিয়া কাপ হবে না বলেই পাক বোর্ডের ধারনা।

একটু অন‍্যদিকে নজর ঘোরাতে হল সবদিকটা বোঝাতে।

কেন ওয়াসিম জাফর দায়িত্ব ছাড়লেন?স্বয়ং তিনি টুইট করেছিলেন তা জানিয়ে। দল নির্বাচনে তাঁর কথা না শোনা, কোচের কাজে হস্তক্ষেপের অভিযোগ তো ছিল। পরে সাম্প্রদায়িকতার অভিযোগ শুনে বিহ্বল জাফর টুইট করে লেখেনঃ ১. আমি জয় বিস্তাকে অধিনায়ক করার প্রস্তাব দিই। ইকবালের নাম বলি নি। উত্তরাখন্ডের কর্তারা ইকবালকে নেতা চেয়েছিলেন। ২. আমি কোনও মৌলবীকে নামাজ পড়তে অনুশীলনে ডাকিনি। ৩. আমি দায়িত্ব ছেড়েছি নির্বাচক-কর্তাদের অযোগ‍্য ক্রিকেটারদের দলে নেওয়ার প্রতিবাদে। ৪. দলে একটা চল ছিল শিখ জাতির নামে স্লোগান দেওয়ার। আমার প্রস্তাব ছিল -" গো উত্তরাখন্ড, গো "। 

জাফরের দাবিঃ " আমি যদি সাম্প্রদায়িক মানসিকতার হতাম, তাহলে দলে চাইতাম সামাদ ফাল্লাহ এবং মহম্মদ নাজিম। এসব শোনার পর খুব খারাপ লাগে।"

আরও খোঁজ নিলে মিলছে আরও তথ‍্য। তিনবছরে এই নিয়ে তৃতীয়বার হল--  সিনিয়র দলের কোচ মাঝপর্বে সরে দাঁড়ালেন। কেউ জাফরের মতো কারণটা সকলের সামনে বলেননি। তিনি মুখ খুলতেই -জাফর সাম্প্রদায়িক!

কোথায় সচিন? কোহলি-শাস্ত্রী? রোহিত? বিবিসিআই সচিব জয় শাহের টুইট? কিংবা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ' রিটুইট '? ওফফফ...সরি। জাফর নিয়ে তো কেউ হ‍্যাশট‍্যাগ বানিয়ে কোনো ইস‍্যুই খাড়া করেননি। কাজেই সৌরভের রিটুইটের কথাই নেই।

অবাক হতে হয় ইন্ডিয়ান ক্রিকেটার্স অ‍্যাসোসিয়েশেনের ভুমিকা নিয়ে। ওয়াসিম জাফর তো প্রাক্তন জাতীয় ক্রিকেটার। যতদূর জানি জাফরের মেম্বারশিপ আছে এই সংস্থার। কী করছে এই সংস্থা? সভাপতি অশোক মালহোত্রার মুখ বন্ধ করতে তৎপর হয়েছিলেন একাধিক কর্তা-কর্ত্রী। সচিব আবার গুজরাটের প্রতিনিধি। সেই গুজরাট মডেল!

বরঞ্চ বাহবা দিতে হয় বাংলার মনোজ তিওয়ারিকে। কারেন্ট ক্রিকেটার। অবসর নেননি। কিন্তু নিজের মত পোষণ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। টুইট করে লিখেছেন, " উত্তরাখন্ডের মুখ‍্যমন্ত্রীকে (বিজেপি) অনুরোধ করছি এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করতে।" এরআগে বিধর্ভের সিনিয়র দলের কোচ ছিলেন জাফর। দলের ক্রিকেটাররা প্রশংসাই করেন ওঁর। সেখানে তো আরএসএসের সদর দপ্তর ( নাগপুর)। সমস‍্যা সেখানে -তখন হয়নি। এখন কেন?

এ কী অসন্তোষ! ছেয়ে যাচ্ছে সারা দেশে।
যিশুক্রিষ্টকে যখন একদল দুর্বৃত্তরা ক্রশে পেড়েকে বিঁধছিল তখন তিনি বলেছিলেন, হে সর্বশক্তিমান এদের ক্ষমা কোরো-এরা জানেনা এরা কী ভুল করছে!
ভুলটা হচ্ছে বারবার। কতোবার ক্ষমা মিলতেই থাকবে!






Thursday, February 4, 2021

সচিন! তাহলে আপনিও...












দীপঙ্কর গুহঃ 




সত‍্যি! 

দিল্লি কৃষকদের ধর্ণা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের টিম মিটিংয়ে আলোচনা হল! বিরাট ইংল‍্যান্ডের বিপক্ষে খেলতে নামা প্রথম টেস্টের আগে মিডিয়ার কাছে যা বললেন তা ধরে নিচ্ছি-বিশ্বাসযোগ‍্য। কেন? কৃষকদের নিয়ে আলোচনা হল? ওঁদের দু'মাসের বেশি রাস্তায় বসে আন্দোলন কি টিম ইন্ডিয়াকে  মোটিভেশনও জোগাচ্ছে? এইটুকু বলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিসের ইংগিত দিলেন? 

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর রাজ‍্যসভার সাংসদ ছিলেন। তাই অপেক্ষায় ছিলাম - কৃষক আন্দোলন নিয়ে কিছু কবে আপনি পোস্ট করেন।  অবশেষে করলেন।  ৩ ফেব্রুয়ারি, সন্ধ‍্যা ৭.০৪। আপনার টুইটার হ‍্যান্ডেলে ভেসে এল বার্তা। কিন্তু এ কী বার্তা! এতো আপনার নিজস্ব স্টাইলের-মানসিকতার সঙ্গে মেলে না। আচ্ছা, আপনার টুইটার অ‍্যাকাউন্টে কী লিখলেন সেটা এখানে আরো একবার " কপি-পেস্ট" হোক। 
" India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants. 
Indians know India and should decide for India. Let's remain united as a nation.
#IndiaTogether 
#IndiaAgainstPropaganda"

দুটি হ‍্যাশট‍্যাগ ( #) প্রমোশনে আপনিও সামিল হলেন। #indiaTogether আর #indiaAgainstPropaganda। কেন-হঠাৎ? এটাই কি একমাত্র কারণ যে একজন বিশ্ব পরিচিত ভিনদেশের সেলেব টুইট করলেন - এই কৃষকদের নিয়ে কিছু আলোচনার ডাক দেওয়ায়?  নাকি অন‍্য কিছু বোঝানোর দায় নিলেন? 

প্রচার মাধ‍্যম আর আপনার -আমার চৌহদ্দিতে আটকে নেই। স‍োশ‍্যাল মিডিয়ার দাপটে বিশ্বের সব খুঁটিনাটি বিশ্বের উল্টো প্রান্তে সেকেন্ডে-মিনিটে পৌঁছে যায়। তাতে আপনি মন্তব‍্য করতেই পারেন। টুইটারে আপনি তারকা। আপনাকে ফলো করে লাখে-লাখে। কোটিতে-কোটিতে। আর তাতে অনেক অঙ্ক। সেলেবরা টুইটার-ইনস্টাগ্রাম থেকে মোটা টাকাও পেতে থাকেন। আপনি আর আপনার মতো সেলিব্রিটিরা। 

আচ্ছা প্রায় ৭২ দিন হতে চললো দেশের উত্তরভাগে নয়া কৃষি বিল প্রত‍্যাহার আন্দোলন চলছে । আমাদের দেশের সেলেবরা এতোদিন কি জেগে ঘুমোচ্ছিলেন? কঙ্গনা রনয়াত। তিনি তো তাঁর ভাষণ টুইট করে বসলেন ২৬ জানুয়ারি লালকেল্লা বিতর্ক নিয়ে। আচ্ছা, লালকেল্লা থেকে কতোদূরে এই অবস্থান বিক্ষোভ চলছিল তা রূপোলী পর্দার এই নায়িকা জানতেন? জানতেন নিশ্চয়। তিনি তো সব জানেন। সুশান্ত সিং রাজপুত নিয়ে তাঁর ডিজিটাল লড়াই হঠাৎ ফিকে হয়ে গেল কেন? তাঁরজন‍্য তো কেন্দ্রীয় সরকার " বডিগার্ড" দিয়ে দিয়েছে। নীরব কেন?

 আসলে এঁরা এরকমই। নিজেদের নিজেরাই বড় বানিয়ে নেন। ভাবেন তাঁরাই জনতার মুখ। আর তাঁদের মুখ থেকে বেরিয়ে আসা শব্দ মানেই- জনগনের আওয়াজ। বলে রাখি, মুর্খের স্বর্গে বাস করছেন- এঁরা। জনতা সব জানে। 

ভারতীয় ক্রিকেট ড্রেসিংরুমে তাঁকে " গড" বলা হয়। তিনি তেন্ডুলকর। সবে কয়েকদিন আগে কাজের জন‍্য মুম্বই থেকে ফিরলাম। ক্রিকেট মহলের বন্ধুদের সঙ্গে কিছু আড্ডা হল। শুনে অবাক হলাম, ছেলে অর্জুনের জন‍্য নাকি ৫-৬ জনের ভিনদেশের সাপোর্ট স্টাফ কাজ করে চলেছেন! সচিন নিজে যা পাননি, হয়তো ছেলেকে দিচ্ছেন-যাতে অর্জুন আরো বড় প্রতিভা হয়ে ওঠে। হলে তো দেশের ভালো। কিন্তু সচিন ছেলের জন‍্য বিদেশীদের দরকার হল? আর রিহানা বিদেশ থেকে কী বললেন- তাতেই আপনাকে দুটো হ‍্যাশট‍্যাগকে এগিয়ে নিয়ে যেতে বাজারে নামতে হল!!

 "এক্কেবার মানাইচ্ছে না রে!"  

সচিনের টুইট দেখে মনে হল, দেশের এইসব সেলেবরা এতদিন কোমায় ছিলেন....
রিহানার  মোক্ষম দাওয়াইতে জ্ঞান ফিরেছে। যাক ওঁরা আমাদের বাবু-বিবিদের এই ইস‍্যুতে জাগাতে তো পারলেন। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে রিহানা। আমিও আপনাকে সেভাবে জানতাম না। টুইটারে আপনাকে জানার পর ফলোয়ার হলাম। কোটিতে আপনার ফলোয়ার! এবং আপনার সঙ্গে সঙ্গে তো দেখছি আরও অন্যান্য আন্তর্জাতিক সেলিব্রেটিরা ভারতের এই কৃষকদের নিয়ে চিন্তিত। 

আচ্ছা সচিন না হয় এখন আলোচনা থেকে বাদ গেলেন। তাই বলে প্রায় গোটা টিম ইন্ডিয়া! কোহলি, রবি শাস্ত্রী, ধাওয়ান, রোহিত, রাহানে এমনকি প্রজ্ঞান ওঝা! সকলে রিহানার টুইট পর্বের কাউন্টার করতে "কমন দুটি হ‍্যাশট‍্যাগে" লিখে ভাসালেন। আসলে ক্রিকেটাররা হয় আম্বানি-আদানিতে আটকে। সেলেব যে ওঁরা---বিজ্ঞাপনের মডেল ওঁরা। বিসিসিআইয়েরর মাইনে দেওয়া কর্মী সকলে। মালিকপক্ষ যা বলবে, তাতেই - জো হুজুর তো বলতেই হবে। 
আবার এটাও ঘটনা - " একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর!" মোদিজী- শাহজীরা যখন ভক্তদের টুইট লড়াইয়ে নামাচ্ছেন-তখন জুনিয়র শাহ কমতি যান কেন? জয় শাহ - বিসিসিআই সচিব। অমিত শাহ পুত্র। তিনি ক্রিকেটটা দেখে নিচ্ছেন। ক্রিকেটার-কোচদেরও দেখে নিচ্ছেন। বলা ভালো দেখে নিয়ে কাজ করিয়েও নিয়েছেন। 

গত দশ বছরে ভারতীয় ক্রিকেট দলে এমনসব ক্রিকেটার এসেছেন, খেলেছেন--সবই প্রায় ছোট ছোট শহরের বা গ্রামের । অনেকের পরিবার কৃষক পরিবার। জমিজমা- ফসলের বুনিয়াদ। তাঁরাও লিখলে বুঝতে হবেঃ কর্তার ইচ্ছায় কর্ম। 

এখনো হরভজনের টুইট দেখিনি। যুবরাজের দেখলাম- জাদেজার কোথায়? ভারতীয় ক্রিকেটারদের কি জড়ানোটা জরুরি ছিল? হয়তো ছিল। ফলোয়ারের যোগফলটা নিয়ে যাঁরা ভাবেন-তাঁদের তো এই সকলদের দরকার। রাহুল দ্রাবিড়ের টুইটার অ‍্যাকাউন্টই নেই। তিনি তাই " ক্লিন" ইমেজে রইলেন। সবচেয়ে বিষ্ময়কর সৌরভ  গঙ্গোপাধ্যায়। তিনি এখনও নিজের নাম এই জোড়া হ‍্যাশট‍্যাগে ঢোকাননি। রাঁচী ফার্মহাউসে বসে "খেতিবাড়ি" করা ধোনি এখনও নিরবই। সানি-কপিলরা? এখনও লাইন লম্বা করেননি। 

কিন্তু গত দুমাসের এই লড়াইয়ে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ট‍্যাগ অব ওয়ারটা দিনকেদিন খারাপ হচ্ছে। ছলেবলে কৌশলে এই লড়াইটা মোদী -শাহরা জিততে চান। একবার চোখ বুলোনো যাক অত‍্যাচারের নমুনা তালিকায়। 

বিদ‍্যুতের সংযোগ বন্ধ করে রাখা আছে। 
জল সরবরাহ বন্ধ। 
ইনটারনেট পরিষেবা বন্ধ।
রাস্তা আটকাতে সেখানে বড়-বড় পেড়েক বসিয়ে রাকা হয়ছে।  এক রাজনৈতিক দলের লোকজন পাথর ছুঁড়েছে ওঁদের দেখে। 
অস্থায়ী শৌচাগারও সরিয়ে নেওয়া হয়েছে। 

এইসব পরিসেবা বন্ধ করে যেন বোঝানো চলছে--" ওঁরা দেশ আর দশের কথা ভাবেনা। এঁরা দেশদ্রোহী! এরপর এঁরা টুইটে হ‍্যাশট‍্যাগ বানিয়ে লিখেছে "#IndiaStandsTogether"। টুগেদারের ডাক দিয়ে যা যা করেছে তা তো আগেই পড়লেন। আগে দেখেছি, মার্কিন প্রসিডেন্ট ট্রাম্পের জন‍্য ভোট টানতে এদেশের প্রধানমন্ত্রী বার্তা দেন। আর এখন ১৮ বছরের এই সুইডিস গায়িকা-নায়িকার ভারতীয় কৃষকদের দাঁড়াতেই গোটা দেশের গায়িকা ( লতা মঙ্গেশকর )- নায়ক ( কানাডা পুত্তর অক্ষয়কুমার)-ক্রিকেটার ( সচিন তেন্ডুলকর)- প্লেয়ার ( সাইনা নেওয়াল) সকলকে নামানো হল দেশের এই টুইট ফাইটে। বলিহারি।

একদিন এরপর হয়তো দেখবো এই অক্ষয়কুমার কোনও কৃষকের ভূমিকায় সিনেমায় অভিনয় করবেন। সচিন হয়তো আম্বানি-আদানিরা কৃষি সার বাজারে আনলে তার ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার হবেন। তাই তো এঁরা সেলেব। এই ক'দিন আগেই আয়কর দপ্তর থেকে জানলাম, সচিন আয়করে বড় অঙ্কের ছাড় পেতে নিজের পরিচয় পেশাদার ক্রিকেটার না বলে বলেছেন -তিনি একজন আর্টিস্ট। অ‍্যাড ফিল্মে কাজ করেন। তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। তিনি শিল্পী -অভিনেতা।

 সচিন, আপনি না কেরলের একটি গ্রামকে মডেল গ্রাম বানিয়েছেন। আপনার শাশুড়ির অ‍্যানাবেল ম‍্যাডামের একটি এনজিও'র কাজ করেন। নীরবে ২০০-৪০০ অনাথদের যাবতীয় দেখভাল করেন! মনে পড়ে আমেরিকার বেসবল প্লেয়ার ফ্লয়েডকে রাস্তায় মাটিতে ফেলে এক পুলিশ কর্মী তাঁর গলায় পা চেপে মেরে ফেলায় আপনি প্রতিবাদ জানিয়েছিলেন! সকলে নিন্দা করেছিল। আজ নিজের দেশের কৃষকদের সঙ্গে যে ব‍্যবহার করা হচ্ছে তারজন‍্য প্রতিবাদ করলেন না তো? এই দু'মাস কি শীত ঘুমে ছিলেন? আর ১৮ বছরের টিনএজারের  ( আপনার মেয়ে সারার চেয়েও ছোট) একটি টুইটে আপনাকে ৫৬ ইঞ্চি ছাতির মান বাঁচাতে টুইট ফাইটে নামতে হলো? কী লাভ হল? আপনি ট্রোলড হলেন বেশি। বুঝতে পারলেন কি কৃষকদের পাশে কতো মানুষ?

আপনাকে গুরু মানেন যুবরাজ সিং। তিনি পাঞ্জাব পুত্তর। আপনার টুইট ফলোয়ার। আপনার দুটি হ‍্যাশট‍্যাগের একটিকে নিয়ে ( #🇮🇳indiaTogether) যা লিখে টুইট করলেন তা আপনাদের মতো অন‍্যের 'ব্রিফ' করা ভাষা নয়। আপনারই ফ‍্যান রোহিত শর্মা লিখলেন টুইট। কিন্তু সেই লেখায় বোঝালেন এই জট কাটা উচিত। 

জানি আপনাদের অনেকে বক্সার মহম্মদ আলির আত্মজীবনী পড়ে অনুপ্রাণিত হন। কিন্তু আলির মতো তখনকার সরকারের অপ্রিয় সিদ্ধান্তের প্রতিবাদ করে খেলা ছাড়ার কথা ভাবতেই পারবেন না। আলির মেরুদন্ড আছে। এবং তা মজবুত। আপনাদের ধাতে নেই এসব। 

সৌরভ আপনি নিশ্চিতরূপে দেখছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে  জয় শাহ- আপনারই সঙ্গে কাজ করা বোর্ডের বড় কর্তা হলে কী হয়।  আপনাকে ট‍্যাগ করে জয় শাহ দেখলাম এই টুইট লড়াইয়ে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন‍্য ধন‍্যবাদ বিলিয়েছেন। তবু আপনি-দ্রাবিড়-ধোনি কেউ নেট দুনিয়ায় সচিনের মতো করে ট্রোলড হননি। 

এসবের মধ‍্যেও বোর্ডকর্তার কথা শুনে রোহিত শর্মা যে টুইটটা করলেন সেটা পড়তে পড়তে এই প্রতিবেদন শেয় করা শ্রেয়। 
Rohit Sharma (3Feb, Timing- 23.43 ) 
India has always been stronger when we all stand together and finding a solution is the need of the hour. Our farmers play an important role in our nation’s well being and I am sure everyone will play their roles to find a solution TOGETHER. #IndiaTogether 🇮🇳

রোহিত ডাক দিয়েছেন সকলকে। এই জট খুলতে সকলের নিজ নিজ ভূমিকা পালন করার কথা বলেছেন। রোহিত মন শক্ত রাখবেন। রান না পেলে আপনার উপর বাতিলের খাড়া নামতে পারে। 

একটি জনপ্রিয় হিন্দি  সিনেমার একটি গানের লাইন অন‍্যভাবে মনে আসছে। " ইয়ে কাহা আ গ‍্যায়ে হাম"!! 

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...