Sunday, June 27, 2021

এরিকসেন, শুধু যে তোমারই জন্য ....


দীপঙ্কর গুহ: 

একটা মাঠে ঘটা ঘটনা, একটা দলের চেহারাই বদলে দিতে পারে! পারে। ইউরো কাপ , ডেনমার্ক আর এক ফুটবলার - এর প্রমাণ। সেটা টের পেয়েছেন ডেনমার্ক দলের কোচ কাসপের জুলমান্ড। ওয়ালেসকে প্রি -কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে হারিয়ে দিয়ে ম্যাচ শেষে কী বলছেন ডেনিস কোচ , সেটা শোনা যাক। "মাঠে এরিকসনের হার্ট অ্যাটাকের পর আমার চারপাশের দুনিয়াটা আজ বদলে গেছে। কেন যেন মনে হচ্ছে, আমরা পুরো অন্য একটা দলে বদলে গেছি। সকলের ভালোবাসা, সকলের আবেগ আমাদের লড়ার বাড়তি শক্তি জুগিয়েছে।"

একটু পিছনে তাকালেই বুঝতে পারা যায় কোন আবেগ টেনে নিয়ে চলেছে ডেনিস শিবিরকে। এবারের ইউরো কাপ ফুটবলের প্রথম ম্যাচ ডেনমার্কের ছিল ফিনল্যান্ড দলের বিপক্ষে। সেই ম্যাচ গোলশূন্য চলছিল। হঠাৎ মাঠের মধ্যে বল ধরতে গিয়েই মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। জ্ঞান হারিয়ে ফেলেন । সতীর্থরা তাঁকে ঘিরে 'মানব প্রাচীর' তৈরি করে। মাঠে সকলের থেকে এরিকসনের চিকিৎসা আড়াল করাই ছিল, এই পন্থার কারণ। আর সকলে হয় আতঙ্কে চোখের জল ফেলছিলেন-নতুবা প্রার্থনা সারছিলেন। মাঠের  প্রার্থনা কাজে লাগে। সিপিআর পদ্ধতিতে হৃৎপন্দন ফিরে এলে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে। জানা যায়, মাঠেই হৃদরোগে আক্রান্ত হন ১০ নম্বর জার্সির ফুটবলারটি। এরপর অস্ত্রোপচার করে একটি কৃত্রিম যন্ত্র বসানো হয় তাঁর বুকে। এই যন্ত্রটি হৃৎপিণ্ডের স্পন্দন প্রক্রিয়া স্বাভাবিক রাখছে । 
যেদিন হাসপাতাল থেকে এরিকসন বাড়ি ফেরেন তার ঠিক পরদিনই পৌঁছে গিয়েছিলেন ডেনমার্ক ফুটবল শিবিরে। যেখানে ইউরোর জন্য বাকিরা অনুশীলন সারছিল। প্রত্যেকের সঙ্গে দেখা করেন। বুকে জড়িয়ে অভিনন্দন জানান, তাঁকে সেদিন মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনার জন্য। সেদিন তাঁর সঙ্গে ছিল স্ত্রী, আর দুই সন্তানও। গোটা ফুটবল দল, এরিকসেন পরিবারের সঙ্গে লাঞ্চ করে। দারুণভাবে অনুপ্রাণিত হয় গোটা দল। 

ডেনিস দল সেইদিন মাঠের সেই আতঙ্কের ঘটনাটি ঘটার দেড় ঘন্টা পর ম্যাচটি খেলতে নেমে ফিনল্যান্ডের কাছে এক গোলে হেরে যায়। পরের ম্যাচও হেরে যায় বেলজিয়ামের কাছে । সকলে ধরে নিয়েছিল এবার ডেনমার্কের দৌড় শেষ। কিন্তু এরিকসেনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তাদের মাঝে চলে আসা অন্য টনিকের কাজ করে চলেছে । এরিসেনের জন্য ইউরো চাই - স্লোগানে চাঙ্গা ডেনিস শিবির। গ্রুপ লিগের ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ১৬ তে চলে গেছে ডেনমার্ক। তারপর শনিবার আবার ঝাঁপিয়ে পড়ে ওয়েলসের উপর। আবার জয় ৪-০ গোলে। এবার আটের লড়াই টপকে চারে ঢোকার পালা। 
বদলে গেছে ডেনমার্ক। কোচ নিজেও টের পাচ্ছেন। তাই শেষ ষোলোর ম্যাচ জিতে প্রচার মাধ্যমের সামনে বলেছেন,' আমরা সারাক্ষণ মনে করি এরিকসেন আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই ম্যাচের শুরুতে ওর ১০ নম্বর জার্সি নিয়ে আমাদের ফুটবলাররা মাঠে গিয়েছিল। '

আমস্টারদামে জোহান ক্রুইফ স্টেডিয়াম ভর্তি সমর্থকদের প্রবল সমর্থনে চার গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় ডেনিসরা। চলে গেছে শেষ আটে। দুটি গোল করেন কাসপার ডলবের্গ । একটি করে গোল করেন জোয়াকিম মাহলে আর মার্টিন ব্রাইথওয়াইতে। 
এই মাঠেই নাকি শেষবার ক্রিস্টিয়ান খেলে ডেনমার্ক ছেড়ে বিদেশের ক্লাবে খেলতে চলে গিয়েছিলেন। কোচ আবেগঘন ভাবে বলতে থাকেন, 'আমি সবসময় চাই এরিকসেন আমাদের সঙ্গে সঙ্গেই থাক। কিন্তু এখন ওকে সুস্থ হয়ে উঠতে হবে। আমি জানি ও সারাক্ষণ দলের সঙ্গেই আছে।' দলের অন্যতম ফুটবলার ডলবের্গও একসম়য় আজেক্সে এরিকসেনের সতীর্থ ছিলেন। শেষ ম্যাচে গোল করে তা উৎসর্গ করেছেন বন্ধু এরিকসেনকে। ম্যাচের পর বলেন,' এখানে দলের হয়ে খেলতে নামবো ভাবিনি। কী উন্মাদনা! এই মাঠ থেকেই আমার খেলা শুরু হয়েছিল। সেই এখানে খেলেই আবার আরেক দৌড় শুরু করলাম। এই দলে থাকাটাই গর্বের ব্যাপার। দারুণ এক দল। '

প্রথম দুটি ম্যাচে ডলবের্গ চূড়ান্ত দলে জায়গা পাননি। দুটি ম্যাচই হেরে গিয়েছিল ডেনমার্ক। রাশিয়া ম্যাচে ৩০ মিনিট খেলার সুযোগ পান। কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে ডলবের্গ শুরু থেকে খেলেন ইউসুফ পুলসেনের চোট থাকায়। গোলও করেন।

এরপর ডেনমার্কের সামনে নেদারল্যান্ডস কিংবা চেক রিপাবলিক। সেই ম্যাচ হবে ৩ জুলাই বাকুতে। 
ইউরো কাপে ডেনমার্ক আর এরিকসেন মিলেমিশে একাকার। তাই বোধহয় ওয়েলস দলের পক্ষ থেকে ম্যাচ শুরুর আগে একটি জার্সিতে সকলে সই করে তা এরিকসেনের জন্য ডেনমার্ক দলের হাতে তুলে দেয়। 

ডেনমার্ক যদি এবার ইউরো কাপ চাম্পিয়ন হয়, তাহলে তা যে এরিকসেনকে উৎসর্গ করা হবে - তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

ছবি: সৌ- টুইটার। 
















    








 








Saturday, June 26, 2021

আইসিসিরও ভরসা বিসিসিআই !




দীপঙ্কর গুহ : 
আইসিসির সবচেয়ে ক্ষমতাশালী সদস্য দেশের নাম কী? এখন চট করে এক নিঃশ্বাসে যে কেউ বলে দেবে - ভারত। প্রমাণ? আজই দেখুন আইসিসির ঘোষণায় কী মিললো! আইপিএল পার্ট টু ১৫ অক্টোবর ফাইনাল। আর দুদিন পরই শুরু হবে একই দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক - বিসিসিআই। 


মে মাসের প্রথমেই থমকে গেছে, আইপিএল ২০২১। অতিমারি করোনার দ্বিতীয় হানায় গোটা দেশ বেসামাল। এমনকি বায়ো বাবল ভেদ করে ভাইরাস ছোবল মারে ক্রিকেটারদের শিবিরে। বোর্ড বাধ্য হয়, আইপিএল সেখানেই থামাতে। কিন্তু সেইদিন থেকেই ভাবনা শুরু হয়, এই টুর্নামেন্ট শেষ করা যায় কিভাবে। 


এখন তো করোনায় এশিয়ার মাটিতে ক্রিকেট চালিয়ে যাওয়ার একটাই ঠিকানা। আরব আমির শাহি। আবু ধাবি , দুবাই আর শারজা - তিনটি স্টেডিয়াম। আগের বছর গোটা আইপিএল হয়েছিল সেখানে। বেশ নিশ্চিন্তে। বিনা বাধায়। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও মাঝপথেই দেশে থামিয়ে দিয়েছিল - পাকিস্তান সুপার লিগ। কারণ সেই করোনা। আর এই দুদিন আগেই বাকিটা শেষ করে নিল, এই মরু শহরে।

বিসিসিআই বড়কর্তা সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং নিজে দলবল নিয়ে কয়েকদিন ছিলেন - ওই মরু শহরেই। সেখানে দুবেলা একটার পর একটা মিটিং করে ছিলেন। প্রথমে ছিল আইপিএলটাকে শেষ করার ছক সাজিয়ে ফেলা। তারপরই অক্টোবরে আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্ল্যান এ আর প্ল্যান বি নিয়ে আলোচনা সেরে ফেরেন কলকাতায়। তারপর মুম্বইয়ে এক - দুদিন গেলেও, ইংল্যান্ড আর যাননি। শুনেছিলাম, সেখানে ১২ দিনের কোয়ারানটাইনে থাকতে হবে আর চাননি। কিন্তু ম্যাচের ফল জানার পর মনে হচ্ছে না গিয়ে ভালোই করেছেন। শাস্ত্রী - কোহলি কাহিনীতে তিনি জড়াননি। 

যাক সে সব। কিন্তু আইসিসি এভাবে ভারতীয় বোর্ডের সামনে হাঁটু গেড়ে বসে গেল! আইসিসির নাকি নিয়ম আছে, আন্তর্জাতিক ম্যাচ হওয়ার প্রায় ১৫ দিন আগে থেকে  মাঠ পরিচর্চার জন্য খালি রাখতে হয়। খালি মানে, কোনও ম্যাচ হবেনা। কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেট আইপিএল ফাইনাল হবে আরব আমির শাহিতে ১৫ অক্টোবর। আর আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে - ১৭ অক্টোবর। দুদিনের ব্যবধানে! আইসিসি'র নিয়ম নীতি? 
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখছিলাম, ম্যাচটির স্পনসর সব কটি কোম্পানির ব্যবসার বাজার ভারত। অধিকাংশ কোম্পানি ভারতের। এটাতে স্পষ্ট, ভারতীয় ক্রিকেটের বাজার এত্তো বড় যে আইসিসি নামটাও তার পাশে নস্যি। 

ঘোষণার পর থেকেই দেখলাম, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ক্রিকেপ্রেমীদের লম্ফঝম্ফ চলছে। যুক্তি হল, এই করোনা কালে ভারতে ক্রিকেট হতে পারে না - এটাই নাকি পাক বোর্ড বলছিল। তাই নাকি ভারত থেকে বিশ্বকাপ সরে এল আইসিসির সদর দপ্তর শহরে। আর পাক ক্রিকেটপ্রেমীদের কাছে আরব দুনিয়া নাকি তাদের দ্বিতীয় হোম। আর এই দেশে পাক দলের সীমিত ওভারের ম্যাচের পরিসংখ্যান যথেষ্ট ভালো। মনের চাপ সরিয়ে ক্রিকেটাররা নাকি এখানে খেলতে পারবে।  পাক বোর্ড কর্তারা মনে করেন, ভারতের জন্য ২০২১ এর এশিয়া কাপ তারা করতে পারছে না। তা পিছিয়ে চলে গেছে ২০২৩ সালে। তাই ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরে আসায় তারা মনে করছে- বদলা নেওয়া গেল। এটুকু বলতে পারি, ভুল ভাবনা। ভারত আজ বিশ্ব ক্রিকেটের পাওয়ার সেন্টার। তা অর্থের বিচারে। জনপ্রিয়তার বিচারেও। 


কোনও বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আবার একটি নিরপেক্ষ দেশে হতে চলেছে। নিউজিল্যান্ড প্রথমবার বিশ্বসেরা হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ৮ টি বড় দলের মধ্যে ৭টি দেশ এর আগে বিশ্ব সেরার কোনও না কোনও বার খেতাব জিতেছে। বাকি কেবল দক্ষিণ আফ্রিকা। এবার তাহলে....
এবার আসা যাক টিম ইন্ডিয়ার শিবিরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দল কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে গিয়েছিল। আইপিএল থেমে যাওয়ার পর। বাধা না পড়লে টি টোয়েন্টি ক্রিকেট খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতেন বিরাট কোহলিরা। হরেদরে তাই হলো। বিনা প্রস্তুতিতে খেলা। ইংল্যান্ডের মাটিতে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পরাজয় মানতে হলো আইসিসির একটি টুর্নামেন্টে। 

টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাই হতে যাচ্ছে। বিভিন্ন দলের হয়ে ভারতীয় ক্রিকেটাররা একই ধরনের ক্রিকেট খেলবে। আর বাকি দলগুলির চলবে বিশেষ প্রস্তুতি। বেশ কিছু দলের বেশ কিছু ক্রিকেটার হয়তো আইপিএল খেলবেন। তাতে মূল দলের প্রস্তুতি মনে হয় না ভেস্তে যাবে। 
আরও একটা বাড়তি ঝুঁকি থাকছে এমন পিঠোপিঠি টুর্নামেন্ট হওয়ার। অনেক নির্ভরযোগ্য ক্রিকেটার চোটের কবলে পরে হয়তো বিশ্বকাপে খেলতেই পারবেন না। তবুও আইপিএল হবে। আর ঠিক তারপরই - টি টোয়েন্টি বিশ্বকাপও হবে। নিন্দুকরা আজ যদি বলে, বিসিসিআই শুধু অর্থ বোঝে। দেশের সাফল্যের জন্য কোনও সঠিক পদক্ষেপ করে না - খুব কি ভুল বলবে? 
উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু বোর্ড কর্তা দের সঙ্গে কথা বলতে হল। তাতে বুঝলাম, আইপিএল এখন বোর্ডের কাছে সোনার ডিম পারা এক রাজহাঁস। সেই দিনের সাইজ দিনকে দিন বড় হচ্ছে। যুক্তি হল: দেশের ক্রিকেট পরিকাঠামো আজ বদলে গেছে আইপিএলের জন্য। দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা বছরে কোটি টাকার মাহিনা পায় এই টুর্নামেন্টের জন্য। দেশের কয়েকশো প্রাক্তন ক্রিকেটার পেনশন পান এই আইপিএলের থেকে পাওয়া টাকার দৌলতে। ঘরোয়া ক্রিকেটে খেলে বছরে ১২-১৬ লাখ টাকা পান অধিকাংশ ক্রিকেটাররা। তাঁরা পেশাদার ক্রিকেটারের তকমা নিয়ে পুরো পরিবার নিয়ে বাঁচার স্বপ্ন দেখতে ভয় পায়না। মেয়েরাও আজ বোর্ডের চুক্তির অধীনে এসে লাখ টাকা উপার্জন করে। একজন আম্পায়ার হয়ে পরিবার টানার ভরসা পায়। একজন স্কোরার একটাকে ভালো চাকরি ভাবতে পারে - পরিবার টানছে। 

এই সব সত্যি। কিন্তু বাস্তব সত্যিটা হল, বোর্ড বাবুরা অলিম্পিকের প্রস্তুতির জন্য যত তাড়াতাড়ি  ৭ কোটি টাকা দিয়ে দেন, সেই তৎপরতায় ঘরোয়া   ক্রিকেটারদের বকেয়া বা অনুদান দেন না। আবার প্রতিশ্রুতি দিয়েও করোনা কালে প্রথম শ্রেণির ক্রিকেটারদের অনুদান দেয়নি বিসিসিআই।এবার জানলাম , কমিটি গড়া হয়েছে - এই অনুদান বণ্টনের। প্রশ্ন একটাই, শরদ পাওয়ার বোর্ড সভাপতি থাকতে প্রথমবার অন্য স্পোর্টসকে আর্থিক সাহায্য করেছিল বিসিসিআই। তখন পাওয়ারের বন্ধু ছিল কেন্দ্র সরকার। আর এবার ? কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ এখন বোর্ড সচিব। ভুলে গেলে চলবে না, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই এখন বোর্ডের কোষাধক্ষ্য। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এটা যে ভুলতে পারছিনা। চাইও না ভুলতে। 

Thursday, June 24, 2021

বলিহারি বিসিসিআই !


দীপঙ্কর গুহ : 

বিসিসিআই । ভারতীয় ক্রিকেট বোর্ডের পোশাকি নাম। এখন যদি কেউ লেখেন বা বলেন বিসিসিআই এর পুরো কথা হল : বিজনেস কমার্শিয়াল কাউন্সেলিং ইনস্টিটিউশন- ভুল করবেন? এই ব্লগ লেখার আগে যখন জানতে পারি যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর নিউজিল্যান্ড বোর্ড ঠিক করেছে, আইপিএল পার্ট টু তে ক্রিকেটারদের ছেড়ে দেবে বলে ঠিক করেছে - অবাক হতে হয়। এই তো শুনছিলাম , ইংল্যান্ড - অস্ট্রেলিয়ার মতন কিউই বোর্ডও দেশের খেলা ছেড়ে, আইপিএল খেলতে ক্রিকেটারদের ছাড়বে না। হঠাৎ হল কি? 

হতে পারে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ন হয়ে ১৭ কোটি টাকার প্রাইজ মানি পেয়ে মন বদলেছে কিউইদের। নিন্দুকরা যতই বলুক , আইপিএল বাঁচাতে নাকি টিম ইন্ডিয়ার এটা 'গট আপ'- মানতেই রাজি নই। হতে পারে আমাদের দল দুই ইনিংসে সুনাম অনুযায়ী ব্যাটিং করতে পারেনি। তাবড় তাবড় ব্যাটসম্যানরা কেউ একজন ৫০ রানের ইনিংস দলকে দিতে পারেননি। হতে পারে আমরা ৪৮ ঘণ্টা আগে ( বৃষ্টির প্রকোপ না দেখেই) আমাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছিলাম। তো তাতে কী হল? এটা আমাদের ' আত্ম অহংকার ' । যা নাকি জমাট আত্মবিশ্বাস থেকে আসে। হেড কোচের বডি ল্যাঙ্গুয়েজ - তাই বলে। আর তার প্রতিফলন দলের নেতার মধ্যেও। 
এসব মাথায় আর মনে যখন ঘুরছে, তখনও এই ব্লগ লেখা শুরু করিনি । অপেক্ষা করছিলাম, বিরাট কোহলির জন্য। আজ যখনই দেখলাম , টুইট করেছেন ভিকে, তখন মনে হল - কাজ শুরু হোক। কী লিখেছেন বিরাট? লিখেছেন, ' This isn't just a team. It's a family. We move ahead. TOGETHER.' এর পর নীল রঙের লাভ সাইন। মেন ইন Blue বলে হয়তো।  আর তার পাশে জাতীয় পতাকার ছবি। আর সঙ্গে জুড়ে দিয়েছেন  মাঠে নামার আগে ভারতীয় দলের 'টিম হাডল' - এর একটি  ছবি। 

TOGETHER ! ক্যাপিটালে কেন লেখা ! জোর কোথায় দিতে হচ্ছে? দল তো একজোট। জিতলেও। হারলেও। নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে শঙ্কা বাড়ছে? হেড কোচ রবি জী আবার বেশি পোস্ট করেন না। কিন্তু করান হয়তো। কোহলির এই পোস্ট তাই চিন্তায় রাখল। একবছর আগে নিউজিল্যান্ড সফর থেকে হেরে ফিরেও তো বিরাট 'TOGETHER ' ডাক দেননি। এবার কেন! 

শুরুতেই লিখেছি, বিসিসিআই এর এখনকার পুরো কথাটার অর্থ কী। জানলাম , ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নাকি ভারতীয় বোর্ডের অনুরোধ মত দিনক্ষণ বদলে নিয়েছে। অর্থাৎ এবারের আইপিএল পার্ট টু তে গেইলদের পাওয়া নিশ্চিত  হয়ে গেছে। এই তো শুনতে পাচ্ছি, নিউজিল্যান্ডও ক্রিকেটারদের আটকাবে না। ইংল্যান্ডে দ্বিতীয় টেস্ট খেলে নাকি বুঝে গেছে , ওদের রিজার্ভ বেঞ্চ তৈরি। তাই সেই ম্যাচে তারকা ছয় ক্রিকেটারকে ' বিশ্রাম ' দিয়েছিল। তাতেই টেস্ট জিতেছিল। সেরাদের নিয়ে খেলে প্রথম টেষ্ট ড্র হয়েছিল। কাজেই নাকি আসন্ন সিরিজে দ্বিতীয় দল খেলবে। আর আইপিএলে খেলতে যাবে বাকি সব ক্রিকেটাররা । বিচিত্র !  কেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আগে অন্য কিছু ঘোষণা করা হয়েছিল? বুঝি না , বাবা। কী যে সব মতি গতি! 

যাক করোনার তৃতীয় ওয়েভ নিয়ে দেশের সকলে আশঙ্কায় প্রহর গুনলেও আইপিএল পার্ট টু হবে। সেই আরব আমির শাহিতে। ভারতীয় বোর্ড কর্তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতেই পারেন : লগে রহ , মুন্না ভাই। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন হারের পর কেউ একটা টুইট করলেন না! সমালোচনার ঝড় বইছে। নেতা কোহলির পদত্যাগ না মিললে , এক ভারতীয় ক্রিকেট ফ্যান তো আবেগে লিখেই ফেলেছেন - খেলাই দেখবেন না। বলিহারি আবেগ!

কিন্তু অন্য আবেগটা কোথায়? বিশ্ব টেস্ট  চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আগে বোর্ড সচিব  জয় শাহ টুইট করে লিখেছিলেন, দু'বছর ক্রমাগত ভালো খেলে যাওয়ার ফসল - এই ফাইনালে খেলা। খেলা তো শেষ। এমন সমালোচনার ঝড় - ঢাল হয়ে না দাঁড়িয়ে জয় কোথায়? বোর্ড সভাপতি ছুটে বেড়াচ্ছেন দেশ - বিদেশ , আইপিএল শেষ করতে। আর অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিখুঁত করতে হবে । 
সৌরভ গঙ্গোপাধ্যায় কে যত টুকু চিনি, তাতে বলতে পারি শাস্ত্রী - কোহলি জুটি আরও একটি আইসিসি টুর্নামেন্ট পর্যন্ত সময় পাবেন। টি টোয়েন্টি বিশ্বকাপ এই জুটির কাছে অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। জুলাই মাসে আরেক জাতীয় কোচ রাহুল দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন শিখর ধাওয়ানের দলের সঙ্গে। সকলের নজর এখন সেদিকে থাকবে। বেশি করে থাকবে, কারণ সেইসময় কোহলি - শাস্ত্রীরা টেমস নদীর দেশে ফ্যামিলি ভ্যাকেশনে থাকবেন। যা খবর পাছে, যদি কোনো ক্রিকেটার ইংল্যান্ডেই থাকেন, খরচ দেবে বিসিসিআই। দলের অনেকের প্ল্যান স্কটল্যান্ড যাবে। তাহলে খরচা নিজেদের। 

তারপর? ১৪ এপ্রিল আবার ইংল্যান্ডের হোটেলে ঢুকে পড়া। আবার নুতন ভাবে কোয়ারানটিনে - বায়ো বাবলে থাকা। তার মাঝে ভ্যাকসিনের প্রথম ডোজ ( যারা নেননি) কিম্বা দ্বিতীয় ডোজ পর্ব। এরপর মাঠে ফেরার পালা। টানা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যা দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাউন্ট পর্ব চালু করে দেবে। 
এই পর্বের জন্যই হয়তো কোহলির 'TOGATHER' লেখা। 

নিউজিল্যান্ড জেতার পর প্রাক্তন জাতীয় ক্রিকেটার ( যিনি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন) বীরেন্দ্র সেওয়াগ টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন নিউজিল্যান্ড দলকে। আলাদা করে বাহবা দিয়েছিলেন কেন উইলিয়ামসন আর রস টেলরকে। ২০১৯ সালে এই ইংল্যান্ডেই তারা ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারে নি। এবার আইসিসির বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ন তো হল। একেই হয়তো বলে - করে দেখানো। 

আর আমরা? 

ফিরে দেখি একবার। 
দেশে যখন কংগ্রেস শাসন --- তিনটি আইসিসি ট্রফি জয়। 

২০০৭ ওয়ার্ল্ড টি টোয়েন্টি কাপ জয়
২০১১ বিশ্বকাপ (৫০ ওভারের) জয়
২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি (৫০ ওভারের) জয়

দেশে যখন বিজেপি শাসন --- ছয়টি আইসিসি টুর্নামেন্টে হার। 

২০১৪ ওয়ার্ল্ড টি টোয়েন্টি ফাইনাল - হার
২০১৫ বিশ্বকাপ (৫০ ওভারের) সেমিফাইনাল -হার
২০১৬ ওয়ার্ল্ড টি টোয়েন্টি সেমি ফাইনাল - হার
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল - হার
২০১৯ বিশ্বকাপ (৫০ ওভারের) সেমি ফাইনাল-হার
২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল -হার

বার বার আইসিসি টুর্নামেন্ট হার!  ' আচ্ছে দিনের'  এই নমুনা! 

পরিসংখ্যান ঘেঁটে দেখলাম আই সি সি টুর্নামেন্টের ফাইনালে কোন দেশ কত বার হেরেছে।  ভারত এখন দ্বিতীয়! 

৬ বার হার - ইংল্যান্ডের। 
৫ বার হার - ভারতের। 
৪ বার হার - শ্রীলঙ্কার। 
৩ বার হার - অস্ট্রেলিয়ার। 
৩ বার হার - ওয়েস্ট ইন্ডিজের। 
 
মানছি ক্রিকেট ঘোর অনিশ্চয়তার খেলা। কিন্তু লড়াই করে হার মানা যায়। বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ন ফাইনালে এমন হার মেনে নেওয়া কঠিন। বেশ কঠিন। 

এইসব হারের বহর গুনলে তো ' চোকার্স ' ট্যাগটা টিম ইন্ডিয়ার সঙ্গে আটকে যাওয়া আর অস্বাভাবিক নয়। 

ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে উড়ে আসার আগে একটা গান গেয়ে এসেছিলেন। ' এমন টুর্নামেন্টের ৩ ম্যাচের ফাইনাল হওয়া উচিৎ'। বুধবার হারের পর নেতা কোহলিও শোনালেন, সেই কথা।
টুর্নামেন্টের শুরু দু ' বছর আগে। নিয়মাবলী সকলের জানা ছিল। তাহলে ফাইনালের আগে কেন এমন শাস্ত্রীয় সংগীত শুনিয়ে রেখেছিলেন? কিছু আন্দাজ করেছিলেন কি? পরে হেরে কোহলি সেই ৩ ম্যাচের ফাইনালের  কথা বলে বসলেন। তার আগে অবশ্য মাঠে কোহলির বুকে সেরার তকমা জিতে মাথা এলিয়ে দিয়েছেন কিউই নেতা কেন। কোহলি বলেছেন, যোগ্য দল ফাইনাল জিতেছে। 

কিন্তু তিন ম্যাচের ফাইনাল হওয়া মানে কতো দিনের ফিরিস্তি তা তো শাস্ত্রী আর কোহলি জানেন। পাঁচ দিনের তিনটি টেস্ট। ম্যাচ ডে - ১৫ দিন। প্রতি  ম্যাচের আগে কমপক্ষে ৪ দিন করে বিশ্রাম । অর্থাৎ আরো ১২ দিন । মোট ২৭ দিন ধরে লড়াই। নিরপক্ষ মাঠে। 

বিসিসিআই আইপিএলের দল বাড়িয়ে খেলার জন্য বেশি দিনের সময় চেয়েছিল আইসিসির কাছে। সেই ' ডিল ' আজ ' ডান' হয়েছে একটাই শর্তে : প্রতি বছর আইসিসি একটি করে টুর্নামেন্ট করবে। ভারতীয় বোর্ড শুরুতে এই প্রস্তাবে প্রবল বিরোধিতা করেছিল। আর আজ?  আইপিএলের জন্য আপসের রাস্তা বেছে নিয়েছে। 
কিন্তু জাতীয় দল নিয়ে ভাববে কারা ? ২০১৯ সালের ইংল্যান্ড  বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড হেরেছিল। দুজন সিনিয়র ক্রিকেটার লড়ে ছিলেন। কেন উইলয়ামসন ৬৭ রান (৯৫ বল) আর রস টেলর ৭৪ রান ( ৯০ বল)।  ২০২১ সালে সেই ইংল্যান্ডে আবার এক আইসিসি টুর্নামেন্ট ফাইনালে সেই লড়ে গেলেন এই দুই সিনিয়র। একজন অধিনায়ক কেন - অপরাজিত ৫২ রান এবং টেলর - অপরাজিত ৪৭ রান। দু'বছর সেই সিনিয়র দুজনের লড়াই । নেতা কেন প্রথম ইনিংসে ৬ ঘণ্টা ক্রিজে ছিলেন।  কোহলিরা কিছু শিখবেন? 

এরপরও বলবো, এই দল পারে অনেক কিছু। আগে একটা সময় ছিল, জিম্বাবুয়ে আর কেনেয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া তৃপ্তির ঢেঁকুর তুলতো। এখন বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে। কিছু তো দম আছে। শুধু শাস্ত্রী মশাইকে একটা প্রশ্ন করতে চাই, কোচ হয়ে একজন চার চারটি বিশ্ব পর্যায়ের টুর্নামেন্টে ব্যর্থ। সেই কোচের সরে দাঁড়ানো উচিত - নাকি সরিয়ে দেওয়া উচিত। 
ছবি: সৌ - টুইটার

















Tuesday, June 22, 2021

অভিষেক টেস্ট সেঞ্চুরি আর দোস্তির ২৫ বছর


দীপঙ্কর গুহ : 
২৫ বছর। কি বলা যায়, কোয়ার্টার সেঞ্চুরি? ক্রিকেটে সেঞ্চুরি এক বিরল সম্মান। হাফ সেঞ্চুরিও তাই। ক্রিকেটার আর টিভি বিশেষজ্ঞ ,  ক্রিকেট প্রশাসক কিংবা কোচ হয়ে ২৫ বছর সেই একই পর্যায়ের ক্রিকেটে থেকে গেলে এভাবে সেঞ্চুরির আগে কোয়ার্টার লিখলে বাড়াবাড়ি হবে বলে মনে হয়না। আর যাঁদের জন্য এই ২৫ বছরের কথা লেখা, তাঁদের নাম যদি সৌরভ গঙ্গোপাধ্যায় আর রাহুল দ্রাবিড় হয় - তাহলে হাততালিই মিলবে। বিরোধীতা নয়। 

এই সেই ২২ জুন। লর্ডসের মাটিতে অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুরু হয়েছিল রাহুল দ্রাবিড়ের টেস্ট কেরিয়ার। ১৯৯৬ সাল আজ বছরের পর বছর টপকে ২৫ এ পা রাখল ২০২১ সালে। সেই টেষ্টে সৌরভ মহারাজকীয় এক সেঞ্চুরি করেছিলেন। আর নব্বইয়ের ঘরে আউট হয়ে ফিরেছিলেন দ্রাবিড়। 

মঙ্গলবার টুইট করে এই ২৫ বছরপূর্তি জানান দিল  বিসিসিআই। লেখা হল, " এই দিনটিতেই ১৯৯৬ সালে অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন সৌরভ। টেস্ট ক্রিকেটে এই ম্যাচেই অভিষেক ঘটেছিল রাহুলের । বাকিটা আজ ইতিহাস।" 
সময় গড়িয়েছে। এই দুই কিংবদন্তী ক্রিকেটার  ভারতকে নেতৃত্বও  দিয়েছেন সাফল্যের সঙ্গে। আর এই মুহূর্তে সৌরভ সামলাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দায়িত্ব। সভাপতি তিনি। আর জাতীয় ক্রিকেট একাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড় এবার সিনিয়র দল নিয়ে যাবেন শ্রীলঙ্কা সফরে। 
সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মধ্যেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং হয়েছে ভারতীয় ক্রিকেটের এইদিনটি। ১৯৯৬ সালের ২২ জুন লর্ডসে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেষ্টটি শুরু হয়েছিল ২০ জুন। সেদিন  হয়েছিল টেস্ট অভিষেক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ঐতিহাসিক ইনিংস দেখতে দেখতে ২৫ বছর পার করে ফেললো। সেদিন সৌরভের থেকে  কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে মাঠে ঢুকেছিলেন অনেকেই। বাংলার মানুষ সকলে।  কেউ তাঁর কাকু - কাকিমা। কেউ ছিলেন তাঁর বাল্যবন্ধু ক্রিকেটার।
২৫ বছর পরও মনে আছে  সেদিনের সব ঘটনা। লর্ডস টেষ্টে ভারতীয় দলের চুড়ান্ত একাদশে ঢোকার কথাই ছিল না সৌরভের । কিন্তু শেষ মুহূর্তে তা হয়েছিল। ভারত আগে ফিল্ডিং করেছিল। মাঠ, পরিবেশ আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলেন সৌরভ । মহারাজ খেলছে -- জানার পর থেকে তাঁর মা নিরূপা নিজেকে সারাক্ষণ আটকে রেখেছিলেন দোতলার ঠাকুর ঘরে। বাড়ির আরাধ্য দেবী মা চণ্ডীর সামনে। এই ঠাকুর ঘরের উল্টোদিকে ছিল একটা ছোট লম্বা ঘর। সেখানে বসে টিভিতে ম্যাচ দেখা চলছিল। বাবা চন্ডী গঙ্গোপাধ্যায় বসে থাকতেন সেখানে। নড়তেন না। সৌরভের মা মাঝে মাঝে এসেও কখনও উঁকি দিয়ে যেতেন। তখন একটি সংবাদপত্রের হয়ে এই দিনটিতে সৌরভের বাড়িতে বসেই সব দেখছিলাম। তারপর সেই অন্তিম লগ্নে আবেগে ভাসল বাংলা। লর্ডসে মহারাজ হয়ে উঠলেন সৌরভ। 
পরে অফিসে ফিরে রাতে থেকে গিয়েছিলাম। সৌরভ হোটেলে ফিরলে, ওঁর থেকে ফোনে অনুভূতি জানবো বলে। তখন মোবাইল ফোনের চল ছিল না। হোটেলে ফোন করে রুম নম্বর বলতে হত। সৌরভের  রুম নম্বর পেয়ে গিয়েছিলাম, ওঁর বাড়ির থেকে। হোটেল রুমে ফোনে ধরতেই, ধীর স্থির শান্ত গলায় সৌরভ জানতে চেয়েছিল, ' ভালো আছো তো?' আগেরদিনই তো কথা হয়েছে। পরদিন কেমন আছি জানতে চাওয়া! এটাই সৌরভের স্টাইল। অভিনন্দন পর্ব সেরে সেদিন জানতে চেয়েছিলাম অনেক কিছু। একটা কথা আজও ভুলতে পারিনি। বলেছিল সেঞ্চুরি করে ফেলার রহস্যটা 'ভেবেই রেখছিলাম, ২০ রান করে গুনবো। ১ থেকে ২০ তে পৌঁছে গেলে, আবার নুতন করে গুনতে শুরু করেছিলাম। দেখতে দেখতে সেঞ্চুরি হয়ে গেল। ' জানতে চেয়েছিল , আমার কেমন লেগেছে ব্যাটিং। আরে! বাংলা নুতন নায়ক পেয়ে গেছে, ব্রিটিশ রাজ্যে। ভালো লাগার তৃপ্তিই তো আলাদা। 

পরদিন কাগজের প্রথম পাতায় এই ' ২০ '  রানের লক্ষ্যে ছুটে সেঞ্চুরি করার খবরটা ছাপা হয়েছিল। আর এরপর রাহুল দ্রাবিড়ের সঙ্গে কটকে কথা হয়েছিল লর্ডসের সেই দিনটি নিয়ে। রাহুল আফসোস করে বলেছিলেন , ' সৌরভ পেরেছিল, আমি পারিনি। আমি নিজে সৌরভের থেকে জেনেছিলাম , কী মানসিক শক্তি দিয়ে সে মোকাবিলা করেছিল। '

সৌরভ সবসময় বলতেন , " আমরা পাঁচজন একদিন প্রায় একসঙ্গে হয়তো সরে যাব, কী হবে দলটার ? " কোন পাঁচজন? সৌরভের তালিকার সেই পাঁচ ছিলেন, সচিন - রাহুল - কুম্বলে - সেহবাগ - ভিভিএস। সচিনের পরই রাখতেন , রাহুলকে। সেই রাহুলকে ওয়ান ডে টিমে একাদশে রাখতে নেতা সৌরভ তাঁকে দিয়ে কিপিং পর্যন্ত করিয়েছিলেন। আর রাহুলের অন্যতম প্রিয় বন্ধু শ্রীনাথ শুধু অভিযোগ জানতেন নেতা সৌরভের কাছে , রাহুল উইকেটের পিছনে থাকলে তাঁর উইকেট শিকারের সংখ্যা কমে যাবে। আসলে শুরুতে শ্রীনাথের ভরসার উইকেটকিপার ছিলেন না রাহুল। কিন্তু সুযোগ পেয়ে নিজেকে আরও উন্নত করে নিয়েছিলেন রাহুল। 

সৌরভ আজও এই বাকি চার মুর্তিকে নিয়েই চলতে চান । তাই কুম্বলে একসময় সিনিয়র দলের কোচ হয়েছিলেন। এখন সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হয়ে, যুব দলের থেকে রাহুলকে টেনে এনে সিনিয়র টিমের কোচ করে শ্রীলঙ্কা সফরে পাঠাচ্ছেন। জানেন - রাহুল আরও ভাল  কিছু ক্রিকেটারকে এই সফর থেকে তুলে আনবে। 

আজ সৌরভের সেই সেঞ্চুরির ২৫ বছর পূর্তিতে সকলে মেতেছিলেন । কিন্তু রাহুল দ্রাবিড়ও সৌরভের অভিষেক টেস্টের সেঞ্চুরিতে সঙ্গী ছিলেন। সৌরভ করেছিলেন ১৩৬ রান। আর সৌরভের পর  সাত নম্বরে নেমে করেছিলেন ৯৪ রান।

ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে সৌরভ টেস্টের তৃতীয় দিন শতরান পূরণ করেন। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৪৪ রান করেছিল। ভেঙ্কটেশ প্রসাদ পাঁচ উইকেট শিকার করেছিলেন।

সেই ম্যাচে  সৌরভ তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।  ৩০১ বলে ১৩১ রানের একটি ইনিংস খেলেন। ওই ইনিংসে  ২০ বার বল  বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন। আর ষষ্ঠ উইকেটে সৌরভ সঙ্গী আরেক অভিষেক হওয়া রাহুল দ্রাবিড়কে নিয়ে ৯৪ রান তুলেছিলেন। ম্যাচ ড্র হয়ে যায়।
এরপর টিম ইন্ডিয়ার মানসিকতারই রদবদল ঘটে যায়। সৌরভকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।  দেখতে দেখতে তিনি দেশের সফলতম অধিনায়কদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারত পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই টেস্ট সিরিজে হারিয়ে এসেছিল।
২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপে সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শুরুর দিকে সৌরভ একান্ত আলাপচারিতায় প্রায়ই বলতেন, ' দেশের হয়ে ১০ বছর টানা খেলে যেতে চাই।' 
তা করেন।  সৌরভ ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। তাঁর  মোট ১৬টি টেস্ট সেঞ্চুরি।  আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ সবমিলিয়ে মোট ১৮,৫৭৫ রান করেছেন। ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসনে বসেন।

২৫ বছরের আবর্তে তিনি এবং বন্ধু রাহুল আজও দেশের ক্রিকেটে জড়িয়ে।  
২২ জুন ১৯৯৬। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের মক্কা লর্ডসে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। সেই মহারাজ আজ ২৫ বছর পূর্তিতে বিসিসিআইয়ের সভাপতি। 

Monday, June 21, 2021

WTC : বৃষ্টি ম্যাচের বিশ্বসেরার দায় নিক আইসিসি


দীপঙ্কর গুহ: 
দুবছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই চলছে। ৮টি দেশের লড়াই । ফাইনাল নিরপেক্ষ মাঠে হবে, এটা শুরু থেকেই ঠিক ছিল। তাই নাকি ইংল্যান্ডে হচ্ছে এই ফাইনাল। এমন ফাইনাল যার প্রথম দিন টসই করা যায়নি। পরেরদিন খেলা হল ৬৪.৪ ওভার। তৃতীয় দিন খেলা হল - ৬৬.৩ ওভার। চতুর্থ দিন সারাদিনের খেলা আবার বাতিল।  খলনায়ক বৃষ্টি আর মন্দ আলো। 

টেস্ট ম্যাচের নিয়ম মেনে এই তিনদিন খেলা হওয়ার কথা ছিল ২৭০ ওভার। প্রতিদিনের ৯০ ওভারের হিসেবে। এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমদিনের খেলা ভেস্তে যাওয়ার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড ঠিক করেন , প্রতিদিন ৯৮ ওভার করে খেলা হবে। দিনে ৬ ঘণ্টার লড়াই। ম্যাচের চারদিন হয়ে গেল, একদিনও ৬ ঘণ্টা খেলা হয়নি। ৯০ বা ৯৮ ওভার - তার ধরে কাছেও পৌঁছনো যায়নি। কেন? কারণ বৃষ্টি। আর মন্দ আলো। 
এই টুর্নামেন্টটি আইসিসির। সকলে প্রশ্ন তুলেছে , আইসিসি কেন এই ফাইনাল ম্যাচ এমন সময় ইংল্যান্ডে আয়োজন করতে গেল? আইসিসি বলছে, করোনা অতিমারিতে এটাই ছিল একমাত্র রাস্তা। আসলে, নিউজিল্যান্ড এই ফাইনালের আগে ইংল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলতে নেমেছিল। তাই কোয়ারানটিনের নিয়ম মেনে ইংল্যান্ডের মাটিতে ম্যাচটি খেলতে সুবিধে ছিল নিউজিল্যান্ডের। 

মেনে নেওয়া যাক , এটা ছাড়া উপায় ছিল না। কিন্তু ক্রিকেট মাঠ কি শুধু পিচ নিয়ে খেলা চলে? ২২ গজ ছাড়াও আউটফিল্ডের একটা বড় অংশ জুড়ে খেলাটা চলে। সাদাম্পটনের মাঠে শুধু পিচ আর বোলার রান আপ ঢাকা দেখে গোটা ক্রিকেট বিশ্ব অবাকই হয়েছে। বাকি মাঠ নিরাবরণ! 

বেশ মনে আছে একটা ঘটনার কথা।  সি এ বিতে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তখন সহ সচিব। আন্তর্জাতিক ম্যাচ ছিল ইডেনে।  তিনি ঠিক করেছিলেন, গোটা মাঠ ঢাকা হবে বৃষ্টি থেকে মাঠ বাঁচাতে। সেইসময় স্নেহাশিসকে বলতে শুনেছিলাম,'  ইংল্যান্ডের অনেক মাঠে দেখেছি, বৃষ্টি থেকে ম্যাচ বাঁচাতে সারা মাঠ ঢাকা হত। আমরাও সেটাই করে  দেখি। ' ভাবনাকে বাস্তবে বদলে দিতে বড়বাজার থেকে বড় বড় মাপের প্লাস্টিক ত্রিপল কেনা হয়েছিল। বড় বড় লোহার রড আর ভারী পাইপ দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেই ত্রিপল। বৃষ্টি হয়েছিল। আবার ম্যাচও হয়েছিল।
স্নেহাশিসের পর সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সি এ বির প্রশাসকের আসনে বসেন, তখন ইংল্যান্ড থেকেই অত্যাধুনিক প্রযুক্তির পিচ কভার আনিয়েছিলেন। এখন সিএবি গোটা মাঠ ঢেকে রাখতে পারে। মাঠের  চারপাশের ড্রেনেজ সিস্টেম সংস্কার করা হয়েছে। বাড়তি সুপার সপার আনা হয়েছে। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে তাই এখন প্রায়ই বলতে শুনি, 'একটানা বৃষ্টি না হলে ম্যাচ ঠিক হবে। ওভার কমতে পারে। ' 

ইডেন। মনে ভারতের একটি টেস্ট সেন্টার। তাদের পরিকাঠামো এমন বলেই, চ্যালেঞ্জ নিতে পারে। আইসিসি তো বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তারা কেন এভাবে ভাবতে পারেনি ? 

এখন বিজ্ঞান এতোটাই প্রযুক্তির হাত ধরে এগিয়ে গেছে যে,  এক মাস আগের অবহাওয়ার আঁচ পাওয়া যায় স্যাটেলাইটের পাঠানো বার্তা থেকে। আইসিসি নিশ্চয়ই তা নেয়নি। নাহ, আঁচ পেয়েছিল। তাই তো রিজার্ভ ডে রেখেছিল। কিন্তু এমন হাল হবে জানা নাকি ছিল না। 
আমরা সোশ্যাল মিডিয়াতে নানান ছবি দেখেছি এই এজেস বোল স্টেডিয়ামের । দেখেছি প্রথমদিনের টি টাইমে মাঠের একদিক জল জমে ছোটো ডোবা হয়ে গিয়েছিল। দেখেছি মাঠের ধরে সুপার সপার চলছে। আর মাঠের জল, সেই যন্ত্রের পাইপ দিয়ে যেন শহর কলকাতার রাস্তায় লাগানো কলবিহীন গঙ্গা জলের গতিতে গল গল করে বেড়িয়ে আসছে। 
আকাশ মেঘে ঢাকা। রোদ্দুরের দেখা নেই। মাঠ জল মুক্ত হলেও আউটফিল্ড ভিজে। মাটি নরম। ফিল্ডিংয়ের অনুপযুক্ত। এই স্টেডিয়াম ফ্লাড লাইট আছে। কিন্তু ইডেনের মত হাজার হাজার ওয়াটের নয়। ফলে তা জ্বালিয়ে মাঠ শুকনো যায় না। দর্শকদের স্বাচ্ছন্দ্য নেই। গ্যালারির উপর আচ্ছাদন নেই। দর্শকদের ভিজতেই হবে! আইসিসি কেন এমন মাঠে খেলা রেখেছে! 
আই সি সির হাতে আর কী কী করার সুযোগ ছিল? গত দেড় বছর ধরে করোনা গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। তারই মধ্যে কিন্তু ক্রিকেট চলেছে। তাহলে কেন আইসিসি অনেক সময় পেয়ে এমন নিরপেক্ষ দেশ বাছেনি, যেখানে এই সময় বৃষ্টি মাথাব্যাথার কারণ হত না। নিরপেক্ষ দেশ মানেই তো শুধু ইংল্যান্ডই নয়। 

জুন মাস আর ইংল্যান্ড মানেই তো বৃষ্টি। আইসিসি'র সদর দপ্তর এখন দুবাইয়ে। সেখানে আইসিসির নিজস্ব পরিকাঠামো খুব ভালো। এই মরু দেশে গতবার গোটা আইপিএল আয়োজন করে ভারতীয় বোর্ড দেখিয়ে দিয়েছিল সাংগঠনিক দক্ষতা। কোরোনা আতিমারির মধ্যে  নির্বিঘ্নে টুর্নামেন্ট শেষ হয়েছিল। এখন এই মরু শহরে চলছে, পাকিস্তান সুপার লিগের খেলা। বৃষ্টিতে একটাও ম্যাচ ভেস্তে যায়নি। তাহলে অনেক আগে থেকে আইসিসি এখানে ফাইনাল করার উদ্যোগ নেয়নি কেন ? যে দলই খেলত, নিরপেক্ষ মাঠই তো হত। 
এবার ফাইনাল নিয়ে দুটি কথা লিখি। একটা টুর্নামেন্ট যখন লিগভিত্তিতে খেলা হয়, তখন সব দেশেরই সমান সমান ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত।  পরিসংখ্যান বলছে, ফাইনালে খেলা ভারত খেলেছে ২২ টি ম্যাচ। আর সেখানে নিউজিল্যান্ড ১১ টি! এ আবার কেমন টুর্নামেন্ট! ভারত - অস্ট্রেলিয়া , ভারত - ইংল্যান্ড, অস্ট্রেলিয়া - ইংল্যান্ড, অস্ট্রেলিয়া - দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান - ইংল্যান্ড , পাকিস্তান - নিউজিল্যান্ড এইসব সিরিজ কটা করে ম্যাচের হল? কোনটায় ৫ ম্যাচের সিরিজ, কোনটায় ৪ কিম্বা তিন। কেন এটা হবে না, সিরিজে যে কটা ম্যাচের হয় হোক-- তিনটে করে ম্যাচ নির্দিষ্ট থাকা উচিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। এই তিন ম্যাচের পয়েন্ট বিবেচ্য হবে। হল কই! ভারত - বাংলাদেশ আর ভারত - অস্ট্রেলিয়া সিরিজ এক দাড়িপাল্লা মাপা যায়! 
এই ফাইনাল বৃষ্টির জলে ভাসছে। ভারতের জাতীয় ক্রিকেট সংস্থা আজ বিশ্বের সবচেয়ে ধনী সংস্থা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতলে ১৭ কোটি টাকা পাওয়াটা বলা যায় বিসিসিআইয়ের কাছে নস্যি। কিন্তু সম্মানটা? বিশাল। আর নিউজিল্যান্ডের কাছে বিশ্ব সেরা হয়ে ১৭ কোটি টাকা পুরস্কার অর্থ পাওয়া - এক বিরাট পাওনা। নিউজিল্যান্ড এই ম্যাচে এখনও পর্যন্ত চালকের আসনে। ভারত প্রথম ইনিংস শেষ করেছে। নিউজিল্যান্ড প্রথম ইনিংস খলেছে। ৪০ ওভার খেলার মাঝে ২ উইকেট খুয়ে তিন অঙ্কের রানের গন্ডিতে ঢুকে পড়েছে। এই ম্যাচের শেষদিন মঙ্গলবার -২২ জুন। 
বৃষ্টি রেহাই দেবে মঙ্গলকে,  এমন ইঙ্গিত এখনও নেই। তাই কাল টপকে বুধবার রিজার্ভ ডে তে খেলা গড়িয়ে যাবে। কিন্তু দুই দলের একটা করে ইনিংস শেষ হবে কি? আইসিসি এই ফাইনালে 'ড্র'  সিস্টেম রেখেছে। যেমন যে কোনো টেস্টেই হয়। কিন্তু এমন এক টুর্নামেন্ট চালিয়ে, একটা ম্যাচেই ফাইনাল দিয়ে বিশ্বসেরার বিচার! ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী কিছু ভুল প্রস্তাব দেননি। ' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়া উচিত তিন টেস্টের সিরিজ।' আইসিসি , ভেবে দেখুন - বাড়তি দুটো ম্যাচ মিলবে। অর্থ তো মিলবেই। ক্রিকেটও মিলবে। 

ছবি: সৌ - টুইটার। 



Saturday, June 19, 2021

WTC : এ কোন বিরাট কোহলি !


দীপঙ্কর গুহ: 

সময়ে শুরু হয়েছিল। কিন্তু সময় শেষ হয় নি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ রিপোর্ট লিখতে গেলে - শুরুর লাইনটাই , দিনের ট্যাগ লাইন।

প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর, শনিবার দ্বিতীয় দিনের খেলা ঝলমলে রোদ্দুরের মাঝে শুরু হয়। টস হয়। কোহলি হারেন কেনের কাছে। টস করতে কোহলি নেমেই রেকর্ড গড়লেন। দেশের টেস্ট অধিনায়ক হয়ে সবচেয়ে বেশি ম্যাচের পরিসংখ্যান তাঁর দখলে চলে গেল।
কোহলির আগে এই রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির (৬০ টেস্ট)। টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে ধোনি টপকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ( ৪৯ টি ম্যাচ)।


এই ম্যাচে নিউজিল্যান্ড সব পেসার খেলাচ্ছে। কিন্তু সেই অর্থে গ্রেড ওয়ান ডিউক বলে সুইংয়ের ভেলকি দেখাতে পারেননি কিউই বোলাররা।
চা পান বিরতির আগে মন্দ আলোতে খেলা বন্ধ হয়। আর সেই মন্দ আলো ভালো হল না। ভারতীয় দলের স্কোর রয়ে গেল : ৩ উইকেটে ১৪৬ রান। ৬৪.৪ ওভার হল। হওয়ার কথা ছিল ৯৮ ওভার। ৩৩.২ ওভার কম হল। প্রায় সোয়া দুই ঘণ্টা খেলা নষ্ট। ম্যাচ রেফারি ক্রিস ব্রড সব সময়ের হিসেব রাখা শুরু করে দিয়েছেন।

যেটুকু ব্যাট - বলের লড়াই হল তাতে অ্যাডভান্টেজ করা নিয়ে মাঠ ছাড়লো? - এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই মিলছে ভারতের নাম। কেন হবে না! এমন ভারী আবহাওয়ায় টস জিতে বল করা দিয়ে শুরু করে মাত্র ৩ উইকেট নিয়ে কিছুটা হতাশ বোল্ট - সাউদিরা। কারণ একটাই। ক্রিজে কোহলি। সঙ্গে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান রাহানে।
ইংল্যান্ডে টেস্ট অভিষেক হল রোহিত - গিল 'ওপেনিং জুটির'। এর আগে রোহিত খেলেছিলেন ইংল্যান্ডে একটি মাত্র টেস্ট। তাও সেই ২০১৪ সালে। ৮ বছর আগে। আর গিলের এটা প্রথম টেস্ট ইংল্যান্ডের মাটিতে। দুজনেই দেখলেন, ওঁরা টিম ম্যান। নুতন বলে ক্রিজে প্রথম দেড় ঘণ্টা কাটিয়ে দেওয়া, ২০ ওভার খেলে ওভার পিছু ৩ করে তুলে নেওয়া। শর্মা - গিল মোট ৯ টি বল বাউন্ডারিতে পাঠানো - বলে দিল টিম ইন্ডিয়া লড়াইটা লড়ে নিতে নেমেছে। মাঠের আউট ফিল্ড নরম না থাকলে বাউন্ডারির সংখ্যা আরও বাড়তে পারতো।

নিউজিল্যান্ড বিশ্বের সেরা ফর্মে থাকা পেস বোলিং অ্যাটাক নিয়ে নেমেছে। চার পেসার - ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং কাইল জামিসন। এই দলের একমাত্র স্পিনার আজাজ প্যাটেলকে না খেলিয়ে , আনা হয়েছে কলিন ডে গ্র্যান্ডহমিকে। পাঁচ জনেই ৬৪.৪ ওভার বল করেছেন। ২৪ টি মেডেন ওভার নিয়েছেন । আবার এই সময়ের মধ্যে ১৬ টি বাউন্ডারি হজম করেছে। সবচেয়ে বেশিবার (৬ বার) সাবলীল ড্রাইভে রোহিত বল মাঠের বাইরে পাঠিয়েছেন। গিল ৩ বার। এরমধ্যে গিলকে একটি বাউন্সার হেলমেটে ছোবল মারে। ৬২ রানে রোহিত আর ৬৩ রানের মাথায় গিল ফিরতেই যেন ছন্দ ফেরে বোল্টদের। 

পূজারা (৫৪ বলে ৮ রান) ক্রিজে থাকলেন প্রায় ২০ ওভার। তারমধ্যে হেলমেটে একবার বাউন্সার আছড়ে পড়ল। মাথার পিছন দিকের হেলমেট অংশ ভেঙ্গে ছিটকে গেল। সব কিছু ক্রিজের উল্টো প্রান্ত থেকে দেখলেন নেতা কোহলি। ৪১ তম ওভারে দলের ৮৮ রানের স্কোর - পূজারা ফিরলেন। 

ক্রিজে নেতা আর সহনেতা। এক অনন্য মেজাজের বিরাট কোহলিকে দেখা গেল। রাহানে স্বভাবসিদ্ধ মানসিকতা নিয়ে পিচ আর বোলারদের বোঝার কাজ শুরু করেছেন। 
তাক লাগিয়ে দিয়েছেন কোহলি! পরিসংখ্যান বলছে ১২৪ বলের মধ্যে প্রায় ৩৪% বল দেখে শুনে ছেড়ে দিয়েছেন! এ কোন কোহলি! লাঞ্চ আর চা পান বিরতির মাঝে যে ৯৬ টি বল ছেড়েছেন , তার ৯ টিতে অস্বস্তিতে ছিলেন। আর শেষ সেশনে ছেড়ে দেওয়া ৩০ টি বলে ৭ টি বল তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছিল। মন বসিয়ে লড়ছেন তিনি। তাই দিনের শেষে ১২৪ বলে তাঁর স্কোর অপরাজিত ৪৪। মাত্র একটি বাউন্ডারি ভিকে' র! খেলে ফেলেছেন প্রায় ৪০ ওভার। মনেই পড়ছে না, শেষ কোন ম্যাচে কোহলি ক্রিজের উল্টোদিকে থেকে দেখেছেন - তাঁর পার্টনাররা ছ - ছটা বাউন্ডারি মারছেন , আর নিজে মাত্র একটিতেই সন্তুষ্ট! খেলার মাঠে একটা কথা চালু আছে, সন্তানের বাবা বা মা হলেই সেই খেলোয়াড় অনেক দায়িত্বশীল হয়ে ওঠেন। কোহলির এই ইনিংস  হয়তো তারই নিদর্শন। 
সঙ্গে দোসর রাহানে। যিনি এই গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন। দুবছর ধরে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ তিনি হাজার রানের গণ্ডি টপকে গেছেন। অপরাজিত ৭৯ বলে ২৯ রানে। যাতে আছে ৪ টি বাউন্ডারি। 

দিনের খেলার শেষ সাংবাদিকদের সামনে এসেছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।বলে গেছেন, ' উইকেট আর আবহাওয়া যা তাতে ২৫০-৩০০ রান ভালো স্কোর। ' কোহলিরা তার অর্ধেক টপকে গেছেন। 
উল্টো শিবির থেকে পাঠানো হয়েছিল রোহিত শর্মার উইকেট নেওয়া পেসার জামিসনকে। ১৪ ওভার করে ৯ টি মেডেন! দিনের সফলতম বোলার। লাঞ্চ আর টি পর্বের মাঝে ১১ ওভারে ভারত মাত্র ১৬ রান জোগাড় করতে পারে। মেডেনের পর মেডেন হতে থাকে। কিন্তু ১৪৬ রানের মধ্যেও প্রায় ৫০% রান এসেছে বাউন্ডারি থেকে। মাঠ বৃষ্টিতে ভিজে নরম। তাই অনেকগুলো ৩ রান হয়েছে। জামিনসন জানেন , এই লড়াইয়ে স্কিল আর মাইন্ড গেমের লড়াই। তাই বলে গেছেন, ' ওরা যদি ভেবে থাকে আমাদের সহজে মাঠের বাইরে পাঠাবে, ব্যাটিং টেকনিক দিয়ে, ভুল ভাবছে। আমরা সঠিক নিশানায় উইকেটে বলটা রেখে গেলে তার ফায়দা মিলবেই।' 


বৃষ্টি আর মন্দ আলো ম্যাচে বিঘ্ন ঘটাচ্ছে বারবার। তারই মধ্যে চলে বাটে - বলে - মনে তীব্র লড়াই। রবিবার বৃষ্টির হুমকি প্রবল। খেলা হলেই লড়াইয়ে দেখা মিলবেই। 

ছবি: সৌ - আইসিসি, টুইটার। 


WTC : জেনে নিন মাচের সব নিয়ম

দীপঙ্কর গুহ : 

শনিবার সাদাম্পটনে ভোর হতেই আশায় বুক বাঁধছে ক্রিকেটপ্রেমীরা। ভোর রাত থেকে আর বৃষ্টি নেই। সকাল সাড়ে ছ'টায় ( ভারতীয় সময় বেলা বারোটা) আকাশ ঝকঝকে। রোদ্দুর আলো ছড়াচ্ছে। মাঠের ছবি উপর থেকে দেখলে ঘন সবুজ দেখাচ্ছে। ২২ গজের উইকেটের উপর থেকে যাবতীয় ঢাকনা সরিয়ে ফেলা হয়েছে। হওয়া আর রোদ্দুর কতোটা তাড়াতাড়ি মাঠ আর পিচ খেলার যোগ্য হয়ে ওঠে, এখন তাই দেখার অপেক্ষায় সকলে।
টস যখন হবে তার আগে জানা যাবেনা , বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দুই দল কোন ১১ জনকে নিয়ে নামছে। আবহাওয়া পূর্বাভাসের যা , তাতে আজ বৃষ্টির প্রকোপ কম থাকবে। কিন্তু মাঝে মধ্যে বিঘ্ন ঘটাবে। কিন্তু রবিবার আবার দাপিয়ে বৃষ্টির সম্ভাবনা। আপাতত এই পর্যন্ত নজর দেওয়া ভালো। 
একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আজ থেকে  পরের দিনগুলিতে কী কী নিয়ম মেনে চলবে এই ম্যাচ। 

১) প্রতিদিন ৬ ঘণ্টা করে খেলা বাধ্যতামূলক। 
২) এই ৬ ঘণ্টায় ৯০ ওভারের বদলে ৯৮ ওভার করে বল করতে হবে। 
৩) এভাবে চলতে চলতে ম্যাচের নিষ্পত্তি ২২ জুনের মধ্যে হয়ে গেলে যাবতীয় ভাবনা শেষ। 
৪) যদি প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার মত অবস্থা আরও একদিন ঘটে, তাহলে ম্যাচ রেফারি দেখবেন ম্যাচের কতো সময় খেলা হল না। 
৫) রিজার্ভ ডে আছে বলেই তা কাজে লাগবে, এমন কিন্তু নয়। ২২ জুনে এই ম্যাচের নির্ধারিত পাঁচদিনের শেষ ঘণ্টায় ম্যাচ রেফারি জানাবেন, খেলা পরের দিন , অর্থাৎ রিজার্ভ ডে তে খেলা হবে কিনা। 
৬) যদি ম্যাচ রেফারি বোঝেন , দুদলের মিলিয়ে তিনটি ইনিংস শেষ হয়ে, ২২ জুনে চতুর্থ ইনিংস শুরু হয়ে গেছে - তাহলে রিজার্ভ ডে ব্যবহার নাও হতে পারে। 
৭) অর্থাৎ, ৫ দিনের টেস্ট ম্যাচের খেলাই খেলতে হবে দু ' দলকে। এমন নয় যে, ম্যাচের নিষ্পত্তি করতে ২৩ জুন রিজার্ভ ডে তে টেনে নিয়ে যাওয়া হবে এই ম্যাচকে। 
৮) এর ফলে , যুগ্ম বিজয়ী হওয়ার সম্ভাবনা এই ম্যাচর পঞ্চম দিন (২২ জুন) পর্যন্ত বহাল থাকছে। 
৯) ম্যাচ রেফারি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস ব্রড চেষ্টা চালাবেন, দিনের ওভার সংখ্যা বাড়িয়ে ম্যাচ ৫ দিনেই শেষ করতে।
১০) যদি দেখা যায় ৫ দিনের ম্যাচ ৩০ ঘণ্টা খেলা হচ্ছে না, ক্রমাগত বৃষ্টি বিঘ্ন ঘটা়নোর জন্য - তখন আসবে রিজার্ভ ডে কে কাজে লাগানোর কথা। 
১১) ম্যাচের রিজার্ভ ডে ব্যবহারের চূড়ান্ত সিধ্যান্ত নেবেন কেবলমাত্র ম্যাচ রেফারি। 
প্রথমদিনের খেলা বাতিল হওয়ার পর ম্যাচ রেফারি, স্টেডিয়ামেই নিজের নির্দিষ্ট ঘরে বসে পুরো নিয়মটি বুঝিয়ে দিয়েছেন দুই দলের কোচ -  অধিনায়ককে।  এরফলে আজ ম্যাচ শুরুর আগে দুই শিবির সেই বুঝে ম্যাচের প্ল্যান সাজাতে পারবে। 
অর্থাৎ আজ থেকে পিচে বল পড়লেই, লড়াই চলবে বাকি চারদিনের কথা মাথায় রেখেই। 

ছবি: সৌ - টুইটার

Thursday, June 17, 2021

WTC : বৃষ্টি ভাবনা, ১৮ আর ২২ নম্বরের বিচিত্র সমীকরণ!

দীপঙ্কর গুহ 
'রেন রেন গো অ্যাওয়ে'। শুরু হয়ে গেছে এই প্রার্থনা। আজ শুক্রবার ইংল্যান্ডের সাদাম্পটনে শুরু হচ্ছে আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত - নিউজিল্যান্ড। কিন্তু দুই শিবিরই চিন্তায় স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে। জানানো হয়েছে , আজ সেখানে বৃষ্টি হবে। কাল ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টি হতে পারে।
বৃষ্টি আর ভারত - নিউজিল্যান্ড ম্যাচ মানেই বিঘ্ন। ইংল্যান্ডে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে গ্রুপ লিগে কোহলি - কেনদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দুই দল পয়েন্ট ভাগ করে নিয়েছিল। এরপর আবার দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। সেই ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিয়েছিল। ম্যাচ অবশ্য শেষ হয়েছিল। ফল সকলের আজ জানা। হেরেছিলেন কোহলি বাহিনী। সেই হারের বদলা এবার কি নিতে পারবে বিরাট বাহিনী? কিন্তু বৃষ্টি! 

কেউ কেউ তো সেই শহর থেকে টুইট করতে শুরু করেছে, একটি প্রশ্ন তুলে: টস হবে তো? 

আকাশে মেঘ আর মাঝে মাঝে বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটালে ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৮ জুন ম্যাচ শুরু। পাঁচদিনের টেস্টটি শেষ হওয়ার কথা ২২ জুন। যদি ম্যাচে বৃষ্টি সময় কেড়ে নেয়,  তাহলে ম্যাচ শেষ হবে ২৩ জুন। 
একটা  বিচিত্র বিষয় চোখে পড়েছে এই সংখ্যা গুলি নিয়ে। টেস্ট শুরু হচ্ছে ১৮ তারিখ। ১৮ হল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির টেস্ট জার্সি নম্বর। আর ম্যাচটি শেষ হওয়ার কথা ২২ তারিখ। এটা আবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জার্সির নম্বর। মাথায় ঘুরছে অন্য এক ভাবনা, তাহলে কী ১৮ তারিখ দিনটি হবে কোহলির! টস জিতে ভারতীয় দল দাপট দেখাতে শুরু করবে? আর নির্ধারিত দিনেই ম্যাচ যদি শেষ হয়, তাহলে ২২ নম্বরের দাপটে নিউজিল্যান্ড ম্যাচ জিতবে! কিন্তু বৃষ্টি যদি ম্যাচ ২৩ তারিখ টেনে নিয়ে যায়? এই লাকি নম্বর না কোহলির , না কেনের। তাহলে ' ম্যাচ সমান সমান ' ? মানে - ড্র! 
১৯৮৩ সালের জুনে মাসে এই ইংল্যান্ডেই প্রথমবার ' বিশ্ব চ্যাম্পিয়ন' হয়েছিল ভারত।  ওয়েস্ট ইন্ডিজের ট্রফি জয়ের হ্যাটট্রিক আটকে দিয়েছিল টিম ইন্ডিয়া । এবারও প্রথম বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের লড়াই । সেই ইংল্যান্ড। সেই জুন মাস। কপিল ডেয়ার ডেভিলস ২৫ জুন লর্ডসে বিশ্ব সেরার স্বীকৃতি পেয়েছিল। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতে ছিল দক্ষিণ আফ্রিকার মাঠে। 



মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...