দীপঙ্কর গুহঃ
সত্যি!
দিল্লি কৃষকদের ধর্ণা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের টিম মিটিংয়ে আলোচনা হল! বিরাট ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামা প্রথম টেস্টের আগে মিডিয়ার কাছে যা বললেন তা ধরে নিচ্ছি-বিশ্বাসযোগ্য। কেন? কৃষকদের নিয়ে আলোচনা হল? ওঁদের দু'মাসের বেশি রাস্তায় বসে আন্দোলন কি টিম ইন্ডিয়াকে মোটিভেশনও জোগাচ্ছে? এইটুকু বলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিসের ইংগিত দিলেন?
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর রাজ্যসভার সাংসদ ছিলেন। তাই অপেক্ষায় ছিলাম - কৃষক আন্দোলন নিয়ে কিছু কবে আপনি পোস্ট করেন। অবশেষে করলেন। ৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭.০৪। আপনার টুইটার হ্যান্ডেলে ভেসে এল বার্তা। কিন্তু এ কী বার্তা! এতো আপনার নিজস্ব স্টাইলের-মানসিকতার সঙ্গে মেলে না। আচ্ছা, আপনার টুইটার অ্যাকাউন্টে কী লিখলেন সেটা এখানে আরো একবার " কপি-পেস্ট" হোক।
" India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.
#IndiaTogether
#IndiaAgainstPropaganda"
দুটি হ্যাশট্যাগ ( #) প্রমোশনে আপনিও সামিল হলেন। #indiaTogether আর #indiaAgainstPropaganda। কেন-হঠাৎ? এটাই কি একমাত্র কারণ যে একজন বিশ্ব পরিচিত ভিনদেশের সেলেব টুইট করলেন - এই কৃষকদের নিয়ে কিছু আলোচনার ডাক দেওয়ায়? নাকি অন্য কিছু বোঝানোর দায় নিলেন?
প্রচার মাধ্যম আর আপনার -আমার চৌহদ্দিতে আটকে নেই। সোশ্যাল মিডিয়ার দাপটে বিশ্বের সব খুঁটিনাটি বিশ্বের উল্টো প্রান্তে সেকেন্ডে-মিনিটে পৌঁছে যায়। তাতে আপনি মন্তব্য করতেই পারেন। টুইটারে আপনি তারকা। আপনাকে ফলো করে লাখে-লাখে। কোটিতে-কোটিতে। আর তাতে অনেক অঙ্ক। সেলেবরা টুইটার-ইনস্টাগ্রাম থেকে মোটা টাকাও পেতে থাকেন। আপনি আর আপনার মতো সেলিব্রিটিরা।
আচ্ছা প্রায় ৭২ দিন হতে চললো দেশের উত্তরভাগে নয়া কৃষি বিল প্রত্যাহার আন্দোলন চলছে । আমাদের দেশের সেলেবরা এতোদিন কি জেগে ঘুমোচ্ছিলেন? কঙ্গনা রনয়াত। তিনি তো তাঁর ভাষণ টুইট করে বসলেন ২৬ জানুয়ারি লালকেল্লা বিতর্ক নিয়ে। আচ্ছা, লালকেল্লা থেকে কতোদূরে এই অবস্থান বিক্ষোভ চলছিল তা রূপোলী পর্দার এই নায়িকা জানতেন? জানতেন নিশ্চয়। তিনি তো সব জানেন। সুশান্ত সিং রাজপুত নিয়ে তাঁর ডিজিটাল লড়াই হঠাৎ ফিকে হয়ে গেল কেন? তাঁরজন্য তো কেন্দ্রীয় সরকার " বডিগার্ড" দিয়ে দিয়েছে। নীরব কেন?
আসলে এঁরা এরকমই। নিজেদের নিজেরাই বড় বানিয়ে নেন। ভাবেন তাঁরাই জনতার মুখ। আর তাঁদের মুখ থেকে বেরিয়ে আসা শব্দ মানেই- জনগনের আওয়াজ। বলে রাখি, মুর্খের স্বর্গে বাস করছেন- এঁরা। জনতা সব জানে।
ভারতীয় ক্রিকেট ড্রেসিংরুমে তাঁকে " গড" বলা হয়। তিনি তেন্ডুলকর। সবে কয়েকদিন আগে কাজের জন্য মুম্বই থেকে ফিরলাম। ক্রিকেট মহলের বন্ধুদের সঙ্গে কিছু আড্ডা হল। শুনে অবাক হলাম, ছেলে অর্জুনের জন্য নাকি ৫-৬ জনের ভিনদেশের সাপোর্ট স্টাফ কাজ করে চলেছেন! সচিন নিজে যা পাননি, হয়তো ছেলেকে দিচ্ছেন-যাতে অর্জুন আরো বড় প্রতিভা হয়ে ওঠে। হলে তো দেশের ভালো। কিন্তু সচিন ছেলের জন্য বিদেশীদের দরকার হল? আর রিহানা বিদেশ থেকে কী বললেন- তাতেই আপনাকে দুটো হ্যাশট্যাগকে এগিয়ে নিয়ে যেতে বাজারে নামতে হল!!
"এক্কেবার মানাইচ্ছে না রে!"
সচিনের টুইট দেখে মনে হল, দেশের এইসব সেলেবরা এতদিন কোমায় ছিলেন....
রিহানার মোক্ষম দাওয়াইতে জ্ঞান ফিরেছে। যাক ওঁরা আমাদের বাবু-বিবিদের এই ইস্যুতে জাগাতে তো পারলেন। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে রিহানা। আমিও আপনাকে সেভাবে জানতাম না। টুইটারে আপনাকে জানার পর ফলোয়ার হলাম। কোটিতে আপনার ফলোয়ার! এবং আপনার সঙ্গে সঙ্গে তো দেখছি আরও অন্যান্য আন্তর্জাতিক সেলিব্রেটিরা ভারতের এই কৃষকদের নিয়ে চিন্তিত।
আচ্ছা সচিন না হয় এখন আলোচনা থেকে বাদ গেলেন। তাই বলে প্রায় গোটা টিম ইন্ডিয়া! কোহলি, রবি শাস্ত্রী, ধাওয়ান, রোহিত, রাহানে এমনকি প্রজ্ঞান ওঝা! সকলে রিহানার টুইট পর্বের কাউন্টার করতে "কমন দুটি হ্যাশট্যাগে" লিখে ভাসালেন। আসলে ক্রিকেটাররা হয় আম্বানি-আদানিতে আটকে। সেলেব যে ওঁরা---বিজ্ঞাপনের মডেল ওঁরা। বিসিসিআইয়েরর মাইনে দেওয়া কর্মী সকলে। মালিকপক্ষ যা বলবে, তাতেই - জো হুজুর তো বলতেই হবে।
আবার এটাও ঘটনা - " একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর!" মোদিজী- শাহজীরা যখন ভক্তদের টুইট লড়াইয়ে নামাচ্ছেন-তখন জুনিয়র শাহ কমতি যান কেন? জয় শাহ - বিসিসিআই সচিব। অমিত শাহ পুত্র। তিনি ক্রিকেটটা দেখে নিচ্ছেন। ক্রিকেটার-কোচদেরও দেখে নিচ্ছেন। বলা ভালো দেখে নিয়ে কাজ করিয়েও নিয়েছেন।
গত দশ বছরে ভারতীয় ক্রিকেট দলে এমনসব ক্রিকেটার এসেছেন, খেলেছেন--সবই প্রায় ছোট ছোট শহরের বা গ্রামের । অনেকের পরিবার কৃষক পরিবার। জমিজমা- ফসলের বুনিয়াদ। তাঁরাও লিখলে বুঝতে হবেঃ কর্তার ইচ্ছায় কর্ম।
এখনো হরভজনের টুইট দেখিনি। যুবরাজের দেখলাম- জাদেজার কোথায়? ভারতীয় ক্রিকেটারদের কি জড়ানোটা জরুরি ছিল? হয়তো ছিল। ফলোয়ারের যোগফলটা নিয়ে যাঁরা ভাবেন-তাঁদের তো এই সকলদের দরকার। রাহুল দ্রাবিড়ের টুইটার অ্যাকাউন্টই নেই। তিনি তাই " ক্লিন" ইমেজে রইলেন। সবচেয়ে বিষ্ময়কর সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এখনও নিজের নাম এই জোড়া হ্যাশট্যাগে ঢোকাননি। রাঁচী ফার্মহাউসে বসে "খেতিবাড়ি" করা ধোনি এখনও নিরবই। সানি-কপিলরা? এখনও লাইন লম্বা করেননি।
কিন্তু গত দুমাসের এই লড়াইয়ে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ট্যাগ অব ওয়ারটা দিনকেদিন খারাপ হচ্ছে। ছলেবলে কৌশলে এই লড়াইটা মোদী -শাহরা জিততে চান। একবার চোখ বুলোনো যাক অত্যাচারের নমুনা তালিকায়।
বিদ্যুতের সংযোগ বন্ধ করে রাখা আছে।
জল সরবরাহ বন্ধ।
ইনটারনেট পরিষেবা বন্ধ।
রাস্তা আটকাতে সেখানে বড়-বড় পেড়েক বসিয়ে রাকা হয়ছে। এক রাজনৈতিক দলের লোকজন পাথর ছুঁড়েছে ওঁদের দেখে।
অস্থায়ী শৌচাগারও সরিয়ে নেওয়া হয়েছে।
এইসব পরিসেবা বন্ধ করে যেন বোঝানো চলছে--" ওঁরা দেশ আর দশের কথা ভাবেনা। এঁরা দেশদ্রোহী! এরপর এঁরা টুইটে হ্যাশট্যাগ বানিয়ে লিখেছে "#IndiaStandsTogether"। টুগেদারের ডাক দিয়ে যা যা করেছে তা তো আগেই পড়লেন। আগে দেখেছি, মার্কিন প্রসিডেন্ট ট্রাম্পের জন্য ভোট টানতে এদেশের প্রধানমন্ত্রী বার্তা দেন। আর এখন ১৮ বছরের এই সুইডিস গায়িকা-নায়িকার ভারতীয় কৃষকদের দাঁড়াতেই গোটা দেশের গায়িকা ( লতা মঙ্গেশকর )- নায়ক ( কানাডা পুত্তর অক্ষয়কুমার)-ক্রিকেটার ( সচিন তেন্ডুলকর)- প্লেয়ার ( সাইনা নেওয়াল) সকলকে নামানো হল দেশের এই টুইট ফাইটে। বলিহারি।
একদিন এরপর হয়তো দেখবো এই অক্ষয়কুমার কোনও কৃষকের ভূমিকায় সিনেমায় অভিনয় করবেন। সচিন হয়তো আম্বানি-আদানিরা কৃষি সার বাজারে আনলে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবেন। তাই তো এঁরা সেলেব। এই ক'দিন আগেই আয়কর দপ্তর থেকে জানলাম, সচিন আয়করে বড় অঙ্কের ছাড় পেতে নিজের পরিচয় পেশাদার ক্রিকেটার না বলে বলেছেন -তিনি একজন আর্টিস্ট। অ্যাড ফিল্মে কাজ করেন। তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। তিনি শিল্পী -অভিনেতা।
সচিন, আপনি না কেরলের একটি গ্রামকে মডেল গ্রাম বানিয়েছেন। আপনার শাশুড়ির অ্যানাবেল ম্যাডামের একটি এনজিও'র কাজ করেন। নীরবে ২০০-৪০০ অনাথদের যাবতীয় দেখভাল করেন! মনে পড়ে আমেরিকার বেসবল প্লেয়ার ফ্লয়েডকে রাস্তায় মাটিতে ফেলে এক পুলিশ কর্মী তাঁর গলায় পা চেপে মেরে ফেলায় আপনি প্রতিবাদ জানিয়েছিলেন! সকলে নিন্দা করেছিল। আজ নিজের দেশের কৃষকদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তারজন্য প্রতিবাদ করলেন না তো? এই দু'মাস কি শীত ঘুমে ছিলেন? আর ১৮ বছরের টিনএজারের ( আপনার মেয়ে সারার চেয়েও ছোট) একটি টুইটে আপনাকে ৫৬ ইঞ্চি ছাতির মান বাঁচাতে টুইট ফাইটে নামতে হলো? কী লাভ হল? আপনি ট্রোলড হলেন বেশি। বুঝতে পারলেন কি কৃষকদের পাশে কতো মানুষ?
আপনাকে গুরু মানেন যুবরাজ সিং। তিনি পাঞ্জাব পুত্তর। আপনার টুইট ফলোয়ার। আপনার দুটি হ্যাশট্যাগের একটিকে নিয়ে ( #🇮🇳indiaTogether) যা লিখে টুইট করলেন তা আপনাদের মতো অন্যের 'ব্রিফ' করা ভাষা নয়। আপনারই ফ্যান রোহিত শর্মা লিখলেন টুইট। কিন্তু সেই লেখায় বোঝালেন এই জট কাটা উচিত।
জানি আপনাদের অনেকে বক্সার মহম্মদ আলির আত্মজীবনী পড়ে অনুপ্রাণিত হন। কিন্তু আলির মতো তখনকার সরকারের অপ্রিয় সিদ্ধান্তের প্রতিবাদ করে খেলা ছাড়ার কথা ভাবতেই পারবেন না। আলির মেরুদন্ড আছে। এবং তা মজবুত। আপনাদের ধাতে নেই এসব।
সৌরভ আপনি নিশ্চিতরূপে দেখছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে জয় শাহ- আপনারই সঙ্গে কাজ করা বোর্ডের বড় কর্তা হলে কী হয়। আপনাকে ট্যাগ করে জয় শাহ দেখলাম এই টুইট লড়াইয়ে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ বিলিয়েছেন। তবু আপনি-দ্রাবিড়-ধোনি কেউ নেট দুনিয়ায় সচিনের মতো করে ট্রোলড হননি।
এসবের মধ্যেও বোর্ডকর্তার কথা শুনে রোহিত শর্মা যে টুইটটা করলেন সেটা পড়তে পড়তে এই প্রতিবেদন শেয় করা শ্রেয়।
Rohit Sharma (3Feb, Timing- 23.43 )
India has always been stronger when we all stand together and finding a solution is the need of the hour. Our farmers play an important role in our nation’s well being and I am sure everyone will play their roles to find a solution TOGETHER. #IndiaTogether 🇮🇳
রোহিত ডাক দিয়েছেন সকলকে। এই জট খুলতে সকলের নিজ নিজ ভূমিকা পালন করার কথা বলেছেন। রোহিত মন শক্ত রাখবেন। রান না পেলে আপনার উপর বাতিলের খাড়া নামতে পারে।
একটি জনপ্রিয় হিন্দি সিনেমার একটি গানের লাইন অন্যভাবে মনে আসছে। " ইয়ে কাহা আ গ্যায়ে হাম"!!








মার্ক মাসকারেনহাসের মৃত্যুর পরেও শচীন ঠিক এভাবেই ভেঙে পড়েছিল। কারনটা খুব সহজেই অনুমান করা যায় না কি? স্পনসর। ঠিক যেমন এখন স্পন্সর মোদির অন্নদাতা আম্বানি। ফলে চোখের জলটা কৃষকদের জন্য না বেরিয়ে আম্বানি-রানির জন্যই বেরোবে। এটাই তো স্বাভাবিক।45 হাজার টাকার মামুলি প্যান্ট আর 30 হাজার টাকার মামুলি সারা জীবন বাঁচিয়ে রাখতে গেলে তো এটুকু দুঃখ পেতেই হয়!
ReplyDelete🙋♂️
Delete