Saturday, January 2, 2021

শুধু তোমাকেই চাই.....













দীপঙ্কর গুহ ঃ 


হার্ট অ‍্যাটাক। হৃদয়ে আক্রমণ? -ভালো লাগছে না শুনতে। আচ্ছা, যদি বলি-হৃদয়ে ধাক্কা? এটাই যে ঘটলো শনিবারের বারবেলাতে। " দাদা" মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও হৃদয়ে ধাক্কাটা নিলেন। এবং আমরা - সৌরভ ভক্তরাও সেই ধাক্কা খেলাম। খবরটা জানাজানি হতেই, খুব অসহায় লাগছিল খোদ নিজেকেই। এতো "ডিসিপ্লিন" লাইফ, এতো মনের জোর, এতো "ফিটনেস" সচেতনতা -তাঁরই হৃদয়ে ধাক্কা! তাহলে আমার তো যে কোনও সময়.....। ভাবতেই ভয়। 

রাজ‍্যের মাননীয় মুখ‍্যমন্ত্রী উদ্বিগ্ন। ফোনে-ফোনে খোঁজখবর নেওয়া। নার্সিংহোমের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলা। সরকারি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের পাঠিয়ে সৌরভের চিকিৎসার তদারকি করে যাচ্ছিলেন। সময় পেয়ে, সৌরভ বিপদ কাটিয়ে উঠেছেন জেনে " দিদি" হয়ে দেখা করে গেলেন। সকলের সচেতন হওয়ার মতন কয়েকটি কথা বলে গেলেন প্রচারমাধ‍্যমের সামনে। 

" এত কম বয়সের বাচ্ছা ছেলে সৌরভরা নাকি নিয়মিত কোনও টেস্ট করতো না! আমি অভিষেক ডালমিয়াকে ( প্রয়াত জগমোহন ডালমিয়ার ছেলে- সি এ বি'র সভাপতি ) বলে গেলাম, তোমরা সকলে টেস্ট করে নিজেদের দিকে খেয়াল রেখো। " 

সত‍্যিই কি তাই? সৌরভ এই আকস্মিক ঘটনাটা ঘটে যাওয়ার আগে নিয়মিত কোনও ওষুধ খেতেন না। দরকার পড়তো না। তাই খেতেন না। খাওয়া দাওয়ায় অনেক লাগাম নিজেই টেনে রেখেছিলেন। মিষ্টি ভালোবাসেন, কিন্তু আর খান না। বিরিয়ানি? বড্ড ভালোবাসেন যে। খেয়েছেন। আর পরক্ষণেই জিমে গিয়ে এক্সসারসাইজ করে "ক‍্যালোরি" পুড়িয়ে নিতেন। 

সেই রাস্তাতেই কি শনিবারও হাঁটতে চেয়েছিলেন? নিউ ইয়ার্সের একটু খাওয়া-দাওয়া? একটু বেহিসাবি হয়ে ওঠা? পারিবারিক সূত্র বলছে-খাওয়া দাওয়া ছিল। কিন্তু মাত্রাতিরিক্ত তা নয়। ২০২১ এর দোসরা জানুয়ারিতেই তিনি সকলের হৃদয়ে এমন ধাক্কা দিয়েও নিজে অন‍্যদের খোঁজ নিচ্ছেন! মাননীয়া মুখ‍্যমন্ত্রীও হতবাক। বলেই ফেলেছেন, " আমাকে দেখে সৌরভ জানতে চাইলো আমি কেমন আছি! আরে! অত‍্যন্ত গর্বের ছেলে আমাদের। দেশের গর্ব। আশাকরি, ও সব বিপদ কাটিয়ে উঠবে"। 

হৃদরোগ বিশেষজ্ঞদের কথাবার্তার জেরে বুঝে গেছি, আরও কিছু সিদ্ধান্ত নেওয়ার বাকি। শুরুতে যাঁরা ওঁর সঙ্গে-সঙ্গে হাসপাতালে পৌঁছে যান-তাঁদের সকলের সঙ্গে কথাবার্তা বলে গেছেন সারাক্ষণ। শরীরের ভিতর অস্বস্তিটা বাড়ছিল দেখে স্ত্রী ডোনা-দাদা স্নেহাশিস আর পাড়ার প্রিন্স ক‍্যাটারারের মালিক কালুদাদের নিয়ে সোজা নার্সিংহোমে। তারপরই একের পর এক টেস্ট। টেস্ট করতে করতে ডাক্তারদের সব কিছু টের পাওয়া। দিনের শেষে একটি আর্টারিতে স্টেইন বসিয়ে বিপদমুক্ত। ডাক্তারি ভাষায়। কিন্তু সৌরভের পাস্ট হিস্ট্রি রিপোর্ট কিছুই নেই। পরিবারে বাবা(মেসোমশাই) চন্ডী গঙ্গোপাধ্যায়ের হৃৎপিণ্ডের সমস‍্যা। ইংল‍্যান্ডে বাইপাস (১৯৮৯-৯০) করিয়েও মাঝেমধ‍্যে একটু সমস‍্যা হত। ওঁনার তিনটি আর্টারিতে ব্লকেজ ছিল। সঙ্গে সুগার-কোলেস্ট্রলও ছিল বলে মনে পড়ছে।  শেষমেষ এই হৃদয়ই তাঁকে টেনে নিয়ে যায় এক প্রবল "ধাক্কা"য়। আরেক কাকারও এক অবস্থা হয়। ডাক্তাররা বলছেন, পরিবারের জিনগত সমস‍্যা- এটার দিকে নজর রাখাটা জরুরী। 

আবার ডাক্তারদের একাংশের মাথায় ঢুকছে না , পাস্ট হিস্ট্রি তেমন না থাকায়-নিয়মিত কোনো ওষুধের প্রয়োজন হয় না, তাহলে এই "ধাক্কা"র কারণ কী? অভিজ্ঞদের আশঙ্কা- অত‍্যাধিক মানসিক চাপ। এই চাপ মনের ভিতর হয়তো অনেকদিন ধরেই "ধাক্কা" মারছিল, সৌরভ পাত্তা দেননি। সৌরভের কী কী মানসিক চাপ তাহলে হালে তাঁকে বেসামাল করে দিয়েছে? 

আমার নিজের ধারনা, হয়তো এটা - রাজনীতিতে  যোগ দেওয়ার চাপ। কিংবা লক্ষ‍্যপূরণের চাপ। হয়তো, চাপের যাঁতাকলে আটকে যাওয়া। সৌরভের এমনভাবে "হৃদয় ধাক্কা"র খবরে হতবাক রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। প্রচারমাধ‍্যমে উনি যা-যা বললেন, তা মন দিয়ে শোনার পর - রাজনীতির অ‍্যানাকন্ডাকে নিয়েই মন কু-ডাকছে। অশোকবাবু বলেছেন, " আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের এমনসব প্রচুর চাপ নিয়ে চলতে হয়। ও এসবের সঙ্গে যুক্ত নয়। সামাল দেওয়া সহজ নয়। এখন ভালো আছে শুনে স্বস্তি পাচ্ছি। কলকাতা যাচ্ছি। দেখা করবো। কথা বলবো।" শুক্রবার রাত দশটার পর নাকি সৌরভ নিজে ফোন করে অশোকবাবুর সঙ্গে কথাও বলেন। সৌরভের সেইসময়ও শরীরে অস্বস্তি ছিল। হজম-অম্বলের ওষুধ খেয়েছিলেন নিশ্চিত। বমি করেছিলেন আগের রাতে। শনিবার বেলায় ডোনাদের বাড়িতে জিম করতে গিয়ে ট্রেড মিলে বিপদটা ধাক্কা মারে। ব্ল‍্যাক আউট হওয়া, আবার বমি হওয়া, বাঁ-হাত ধরে যন্ত্রনা উঠে এসে বুকে চেপে ধরা- সব মহারাজকে ছন্দহীন করে দেয়। তারপর ভালো লাগছে না বুঝে চিকিৎসকদের মাঝে নিজেকে নিয়ে যাওয়া। এক কথায়- সঠিক টাইমিং। ডাক্তাররাও বলছেন তা। জানা গেছে, তিনটি আর্টারিতেই ব্লকেজ আছে। সবচেয়ে বিপজ্জনক অংশে স্টেইন বসে গেছে। বাকি আরও দুটি মেডিক্যাল বোর্ড বসবে ৪৮ ঘন্টা পর। 

আমজনতার একটাই প্রশ্নঃ দাদা-ঠিক আছে তো?  একই খোঁজ সারাদিন ধরে রাজনীতির অনেক কুশিলবই নিয়েছেন। নিচ্ছেন। নেবেনও। আচ্ছা, সৌরভ তো সুরভিত সবুজ মাঠে। অনেক হারা ম‍্যাচের লড়াই একা লড়ে জিতে এসেছেন। একবার-দু'বার নয়। বারবার। ক্রিকেট মাঠেই তো সৌরভের অক্সিজেন। কেন তাহলে " দূষিত " রাজনীতির ঘেরাটোপে ওঁকে আটকে ফেলার চেষ্টা? এটাই কি কাল হল? " অন‍্য অপরিচিত খেলা'কে সামলাতে গিয়েই কি এমন "হৃদয়-যন্ত্রনা"? 

আমার থুড়ি আমাদের ক্রিকেট মাঠের সৌরভকে চাই। দাদি -কে চাই। শুধু  তোমাকে চাই। সময় কম তা জেনেও বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন। একরাশ স্বপ্ন ছিল। এখনও আছে-তাও জানি। কিন্তু "ওঁরা" যে অন‍্য কিছু চায়। ওঁরা রাজনীতির ব‍্যাপারি। ওঁদেরও যে সৌরভ-ধোনি আপনাদের মতো মানুষদের চাই। তাই সেই মঞ্চে (ধোনিও পড়ুন) ধ্বনি ওঠেঃ তোমাকে চাই। ঝাড়খন্ড স্বপ্ন খন্ড -খন্ড হয়। জাগে কি ভয়? তাই সুযোগ বুঝে " শকুনি মামা"রা কু-মন্ত্রনা দেন। এসব বন্ধ হোক। রাজনৈতিক কর্তাদের আজ কেন সেলেবদের দরকার! আগে কি ছিল? আগে দেশ চালানো কিংবা রাজ‍্য চালানোর লোকের অভাব ছিল? তাহলে এখন কেন! 

স্বেচ্ছায় যাঁরা খেলার মাঠের কিংবা অন‍্য দুনিয়ার  নায়ক-নায়িকা হয়ে রাজনীতিতে নাম লেখাতে চান -সে তো অন‍্য কথা। তাতে মনের সায় থাকে। মনই তো আসল। মন না চাইলে -মান যায় যাক, এটা কেন আমরা ভাবতে পারিনা? আসলে আমরা মানুষ। তারকারা উচ্চাসনে থাকতে চান। তা দোষের নয়। মন সায় না দিলে? তখনই তো ট্রাপিজের খেলা। চাপের খেলা শুরু। সৌরভ কি তাহলে এই চাপটাই নিজের মনে অজান্তে বয়ে বেড়াচ্ছিলেন? 

আগে পরিবার। তারপর পাড়া। বাকি আসে পরপর। ডোনা-সানা আর মাসিমার ( সৌরভের মা ) এবার মনে হয় বলা উচিৎ , আমরা তোমাকেই চাই। সুস্থ হয়ে ঘরের ছেলে ঘরে ফিরুক। এটাই প্রার্থনা।  অভিজ্ঞ ডাক্তাররা বলছেন, যে সমস‍্যা মাথাচাড়া দিয়েছে- তা সামলাতে সৌরভকে " স্ট্রেসহীন" জীবন কাটাতে হবে। তাতে আমার চাই ওনলি " ক্রিকেট কমেন্ট্রি"। ভেবেছিলাম, একদিন ভারতীয় কোচ হয়ে সৌরভ বিশ্বকাপ কোনও একটা জিতবেন। ক‍্যাপ্টেন হয়ে যা হয়নি। ভেবেছিলাম, বিসিসিআইয়ের পর আইসিসিতে সৌরভকে দেখবো। এখন? নাহ্- কিছুই চাই না। সানার বাপি হয়ে থাকুন। ভালো থাকুন। ডোনার মহারাজ হয়ে থাকুন-সুখে থাকুন। মাসিমার ছেলে হয়ে স্বাস্থ‍্যবান থাকুন-আনন্দে থাকুন। 

জানি সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও  ঘেরাটোপে বন্দী হয়ে থাকা চরিত্র নন। এক চ‍্যালেঞ্জ-প্রিয় চরিত্র। তাই বলি- কাম অন, মহারাজ। আবার একবার ঘুরে দাঁড়িয়ে বলতে হবে- ভুলেতো নেহি?  

No comments:

Post a Comment

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...