Monday, January 11, 2021

দ‍্যাখ কেমন লাগে! মেরা ভারত মহান..























দীপঙ্কর গুহঃ

বাংলায় এটা পৌষ মাস। ভারতেরও। আর "সর্বনাশ"টা হল অস্ট্রেলিয়ার। চতুর্থ ইনিংসে ভারতের উপর ৪০৭ রানের বোঝা চাপিয়ে দিনের এক্কেবারে শেষবেলায় ছ'বল বাকি থাকতে পেইনরা মেনে নিলেন-এই টেস্ট তাঁরা জিততে আর পারবেন না । একে অপরের মুঠি ছোঁয়ালেন। সিডনি টেস্ট ড্র হল।
চোয়াল কষা লড়াই লড়ে অশ্বিন-বিহারী বুক চিতিয়ে ফিরলেন। তখনও ৫ টি উইকেট মজুত। রবীন্দ্র জাডেজা গ্লাভসের একটা অংশ কেটে তাতে চিড় ধরা হাত গলিয়ে প‍্যাড এঁটে প্রস্তুত ছিলেন ব‍্যাট করতে যাওয়ার জন‍্য। ডাক্তাররা ছ'সপ্তাহের বিশ্রাম লিখে দিয়েছেন জাদেজাকে। তবুও দেশের জন‍্য জান বাজি ধরা ছিল।
এমন লড়াই টিম ইন্ডিয়াকে খুব কম করতে দেখেছি। ভারতীয় ড্রেসিংরুমে দাঁড়িয়ে তোলা চার ক্রিকেটারের ছবি ভাইরাল হল সোশ‍্যাল মিডিয়াতে। চারজনও শেষদিনের নায়ক। আমার বিচারে নায়কদের র‍্যাঙ্কি হলঃ হনুমা বিহারী, ঋষভ পন্থ, অশ্বিন এবং পূজারা।
সকলে এইভাবে সাজালে একমত হবেন না। পন্থকে শুরুতে বসাতে লড়ে যাবেন। কাকভোরে ( ভারতীয় সময়ে)টিভির সমানে ম‍্যাচ দেখতে বসে একটি টেস্ট ম‍্যাচ শেষ বলটি পর্যন্ত দেখিয়ে ছেড়েছে। শেষ দিনের খেলা কতোবার যে ম‍্যাচ এদিক থেকে ওদিকে হেললো, তার ইয়ত্তা নেই।
আমার যুক্তিতে কেন হনুমা এক নম্বর?

এই সিরিজে তাঁর ব‍্যাটিং স্কোরের দিকে চোখ বুলিয়ে দেখুন।
প্রথম টেস্টঃ ১৬ এবং ৮।
দ্বিতীয় টেস্টঃ ২১, ব‍্যাট করতে হয়নি।
তৃতীয় টেস্টঃ ৪ (৩৮ বল, রান আউট) ; অপরাজিত ২৩ (১৬১ বলে)।

এই টেস্টেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ব‍্যাটিংয়ের সময় দুটো সহজ ক‍্যাচ ফেলেছিলেন বিহারী। একটি অশ্বিনের বলে। অন‍্যটি বুমরাহের বলে। দলে রয়েছেন এক্কেবারে মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান হয়ে। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মরণপন লড়াই না লড়তে পারলে হয়তো জাতীয় দলের হয়ে টেস্ট খেলার স্বপ্ন ছেড়ে যেতে হত এই সিডনিতে। 
কেন মরণপন লড়াই লিখলাম? পরিস্থিতি বিচার করা যাক। দিনের খেলা শুরু হতে চলতি সিরিজে সেঞ্চুরি পাওয়া ব‍্যাটসম‍্যান-অধিনায়ক রাহানে আউট। দিনের দ্বিতীয় ওভার। স্পিনার লিয়নের বল অফ স্টাম্পে পড়ে রাহানের শরীরে চলে এল। হাত আলগা করার আগেই ব‍্যাটের ছোঁয়া নিয়ে বল চলে গেল সর্ট লেগে। ওয়াডে ক‍্যাচটা ধরেও ফেললেন। 
হনুমার আগে ব‍্যাট করতে  ক্রিজে চলে গেলেন চোট পাওয়া পন্থ ( ঋদ্ধিমান তাই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কিপিং করে চারটি শিকার নেন। কিন্তু নয়া নিয়মে তা নাকি তাঁর পরিসংখানে যুক্ত হবে না!)। বিহারী টিমের সঙ্গে বসে দেখলেন, সেই লিয়নের বলে চার ওভারের মধ‍্যে পন্থ ক‍্যাচ দিলেন। উইকেটকিপার -দলনেতা পেইন তা গ্লাভসে জমাতে পারলেন না। পন্থের প্রথম জীবন মিলল। এরপর লিয়নের ছন্দ নষ্ট করতে পাল্টা মার শুরু করলেন পন্থ। চার-ছয় আসতে শুরু করলো। উল্টো দিকে পূজারা হাফ সেঞ্চুরি করে ফেললেন। জুটিতে ১৬ ওভারে ৫০ রান যোগ হয়ে গেল। একসময় লিয়নের পরপর দুই বলে দুটি ছয় হাঁকালেন পন্থ। পরের বলে এক রান নিয়ে ব‍্যাট তুললেন। নিজস্ব ৫০। প‍্যাভেলিয়নে প‍্যাড বাঁধা অবস্থায় দেখছেন বিহারী-- পন্থ করে দিলেন একটি -৫০। পূজারাও ধীরস্থির গতিতে ৫০ টপকালেন। পূজারা-পন্থ জুটি প্রায় ৪০ ওভার খেলে নিয়েছেন। স্টার্ক-কামিন্সরাও দুই ভারতীয় ব‍্যাটসম‍্যানের ব‍্যাট থেকে বাউন্ডারি হজম করে চলেছেন। ৭৮ তম ওভারে লিয়নের শেষ দুটি বলে  পন্থ ব‍্যাট চালিয়ে পরপর দুটি বাউন্ডারি পেয়ে নিজস্ব ৯৭ রানে পৌঁছে গেলেন। সেই অস্ট্রেলিয়া! টেস্টে করা পন্থের প্রথম টেস্ট সেঞ্চুরি যে এই দেশেই। আবার এই দেশেই সুযোগ এসে গেছে। 
লিয়নের পরের ওভার। অস্ট্রেলিয়ার ৮০ তম ওভারের প্রথম বল। ফ্লাইট দিলেন। পন্থ নিজের মেজাজ টপ গ্রিয়ারে তুলে নিয়েছেন। ভগবানের নামে স্টেপ আউট করে ওভারের প্রথম বলটাই চালালেন। ব‍্যাকওয়ার্ড পয়েন্ট রাখাছিল। কামিন্স ক‍্যাচটা ধরে নিলেন। তৃতীয়বার ক‍্যাচ দিয়ে আর প্রাণ ফিরে পেলেন না পন্থ । আউট। ৪১ ওভার জুটির লড়াই শেষ। প্রায় তিন ঘন্টার লড়াই থামলো। ক্রিজে এলেন বিহারী। আমার বিচারে দিনের হিরো। 
পূজারার সঙ্গে ৮ ওভার কাটতেই উল্টোদিক থেকে দেখলেন সিনিয়র পার্টনার আউট। দ্বিতীয় নতুন বলের অষ্টম ওভারেই বোল্ড হলেন পূজারা (  রান -৭৭, বল-২০৫, বাউন্ডারি -১২)। দুই সেট ব‍্যাটসম‍্যান ফিরত গেছেন। ক্রিজে অশ্বিন। প‍্যাভেলিয়নে চোট পাওয়া জাদেজা আর টেল এন্ডার বোলাররা। ম‍্যাচ বাঁচানোর লড়াই সামনে। মোকাবিলা করতে হবে ৪৪ ওভার! ২৬৪ বল। 

এসবের মধ‍্যেই অশ্বিনের ডাকে সাড়া দিয়ে সিঙ্গল রান নিতে গিয়ে ডান পায়ের হ‍্যামস্ট্রিংয়ে টান! সোজা থ্রো ঊইকেটে লাগলে বিহারী আবার রান আউটও হয়ে যেতেন । খোঁড়াতে - খোঁড়াতে ক্রিজে ফিরলেন। এটা সেই ওভার যে ওভারের দ্বিতীয় বলে পূজারা ফিরেছেন। সেই ওভারের শেষ বলে চোট বিহারীর । আইসিসি'র নয়া নিয়মে আর রানার নিয়ে ব‍্যাট করা যায়না। ফিরে যাও, ট্রিটমেন্ট নাও। আবার এসে ব‍্যাট কর। এটা মানে তো -সেই মারাত্মক চোট পাওয়া জাদেজাকে আসতে হবে!  ক্রিজ ছাড়লেন না বিহারী। 
তারপর এক অবিশ্বাস্য লড়াই। অজিরা ১৩১ ওভার পর্যন্ত চেষ্টা করে থামলো,  দিনের শেষ এক ওভার আগে। অশ্বিনের স্কোর -১২৮ বলে ৩৯ ( ৭ টি চার)। আর হনুমা বিহারী -১৬১ বলে ২৩ ( ৪ টি চার)। ভারতীয় লড়াই থামলো ৫ উইকেটে ৩৩৪ রানে। টিভিতে দেখলাম, অশ্বিন একটি স্ট‍্যাপ তুলে নিলেন। স্মারক হল। হওয়াই স্বাভাবিক। এই ড্র তো দলের কাছে জয়ের সমান। 

এই টেস্ট মনের মনিকোঠায় জমে থাকবে বেশ কিছু কারণে। 
# ভারতীয় দলের প্রথম একাদশের অধিকাংশ প্লেয়ার নেই। 
# প্রায় ছ' মাস ধরে বায়ো বাবলসে থেকে শেষ টেস্ট নিয়ে বিতর্ক।
# বর্ণবিদ্বেষী বিদ্রুপ। 
# পন্থ-জাদেজার চোট।
# হনুমার হ‍্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ব‍্যাটিং।
# অশ্বিনের বুকের পাঁজরে বলের ছোবল।
# অজিদের বিখ‍্যাত স্লেজিং।
# পন্থের ব‍্যাটিং গার্ড নেওয়ার দাগ - স্মিথের মুছে দেওয়ার মতো নোংরামি। 

শেষ করার আগে এটুকু না লিখলে মন ভরছে না। 

২০১৮ঃ "নো ওয়ার্নার, নো স্মিথ। এই কারণে অস্ট্রেলিয়া জিততে পারেনি।"
২০২১ঃ ওয়ার্নার আছে। স্মিথ আছে। দলনেতা কোহলি দেশে ফিরে গেছে। ইশান্ত নেই। ভূবি নেই। সামি নেই। উমেশ নেই। চোট নিয়ে ফিরে গেছে রাহুল। জাদেজা-পন্থের চোট। হ‍্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ব‍্যাট করে যাওয়া হনুমা। 
তবুও অস্ট্রেলিয়া জিততে পারেনা। নিজেদের মাঠে। 
আক্ষেপ একটাইঃ আজ যদি ভেরি ভেরি স্পেশাল নামের কেউ ক্রিজে ব‍্যাট হাতে থাকতো....
গ‍্যালারিতে থেকে রোজ গালমন্দ? 
দ‍্যাখ কেমন লাগে! 
ভারতীয় ক্রিকেটের "দ‍্য ওয়াল" রাহুল দ্রাবিড়ের জন্মদিনে অবিস্মরণীয় লড়াই টিম ইন্ডিয়ার। 
অধিনায়ক কোহলির কন‍্যা-সন্তান লাভ। সবই একই দিনে। 
মেরা ভারত মহান। 



2 comments:

  1. Replies
    1. Derite uttor deoya jonnyo maaf korben...dhannyobad. apnara e amar moto manuser inspiration....

      Delete

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...