Thursday, August 27, 2020

কৌশিক অনুপ্রেরণায়, আরব শহরে স্কোরার " সূর্য" উদয়ের অপেক্ষা














দীপঙ্কর গুহ ঃ


শুক্রবার প্রথম বিদেশ যাত্রা। গন্তব‍্য দুবাই। তারপর ওঁর কাজের জন‍্য নির্দিষ্ট শহরে হাজির হয়ে যাওয়া। স্বাস্থ‍্যবিধি মেনে নিজেকে তৈরি রাখা। বেঙ্গালুরুর বিমানবন্দরে শুক্রবার সকালেই হাজির হবেন বাংলার উঠতি স্কোরার সূর্যকান্ত পান্ডা। তার আগে প্রায় এক সপ্তাহ ধরে ল‍্যাপটপ নিয়ে ম‍্যাচ প্র‍্যাকটিস করে চলেছেন সেখানে। কলকাতা থেকে আগেই চলে গেছেন ওই শহরে। এবার স্বপ্ন সফল করার পালা।

বাংলার সফলতম বোর্ডের অনলাইন স্কোরার প্রয়াত কৌশিক সাহার শহর চুচুঁড়ারই বাসিন্দা এই সূর্য। প্রায় ১৮ বছর আগে বাবার সঙ্গে ওড়িশার বালেশ্বর থেকে এই মহকুমা সদরে এসেছিলেন আজকের ৩৮ বছরের যুবকটি। বাবা দারুন রান্না করতেন। সেটাই ছিল সেদিন রুটিরুজি। মাধ‍্যমিক পাশ করা সূর্যের এই কাজ ভালো লাগতো না। চালা ঘরে থাকতো বাবার সঙ্গে। পাশেই এক মুদিখানা দোকানে দৈনিক মজুরিতে কাজ শুরু করেন। সেই মালিকের ছিল দুধের ব‍্যবসা। অন‍্য খাটাল থেকে দুধ নিয়ে উনিই সাইকেলে পৌঁছে দিতেন ৩০-৪০টি বাড়িতে বাড়িতে। সেই কাজেও লেগে যান সূর্য। মুদির দোকানে এখন তাঁর দৈনিক মজুরি বেড়ে হয়েছে ২৫০ টাকা। চলতে থাকে বাড়ি বাড়ি দুধ বিলির কাজ। আর নেশা ছিল চুচুঁড়ার মাঠে ক্রিকেট। একবার ভলিবল খেলার চেষ্টা করে। সময় হয়ে ওঠে না। সূর্যের কথায়, "সকাল বেলা দুধ বিলি, তারপর সকাল ৯ টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত মুদিখানা দোকানের কাজ। আবার সন্ধ‍্যে ৭টা থেকে দোকানেই কেটে যায় রাত ১১টা পর্যন্ত। খেলার মাঠ টানলেও সংসার টানার জন‍্য এর বাইরে আর কিছু করতেই পারছিলাম না।"
এই যুবক আজও অবিবাহিত। বাবা শরীর খারাপ নিয়ে দেশে ফিরে ২০১০ সালে ওঁদের ছেড়ে চলে যান। তার আগে কলকাতায় চাকরি করা জামাইবাবু বাস এক্সিডেন্টে মারা যান। দিদি সন্তানসম্ভবা। মা চলে যান ২০১৪ তে। এখন ছোটভাই কলকাতায় পরিবার নিয়ে রান্নার কাজই করে। বাবা চলে যাওয়ার পর গোটা পরিবারের দায়িত্ব চলে আসে সূর্যের উপর। চুচুঁড়ায় রোজগার করে,মাসে ৩-৫ হাজার পাঠাতে হয়। খেলোয়ার হওয়ার স্বপ্ন দুমড়ে মুচড়ে শেষ।

কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল অন‍্য কিছু। দুপুর-বিকেলের কিছুটা সময় মাঠে গিয়ে ক্রিকেট দেখতো। সেখানেই দেখা পায় স্কোরার কৌশিক সাহাকে। ওঁর টেবল-চেয়ারের পিছনে কিংবা পাশে দাঁড়িয়ে দেখতে থাকে ক্রিকেটের এক অন‍্য খেলা। স্কোর লেখার খেলা।

কৌশিক শুরুর দিকে খাতায় স্কোরিং করতেন নানান রংয়ের কালি পেনে। নানান রঙে আটকে যেতে শুরু করে সূর্য। শুরু হয় কৌশিকের শিষ‍্য হয়ে ওঠার পালা। কৌশিকের কাছে কাজ শিখে তৈরি হয়ে গেছেন ততদিনে ওই এলাকারই রক্তিম সাধু। সূর্য হাজির হতে থাকে রক্তিমের বাড়ি। এই কাজটা শিখলেই যে ক্রিকেটেই বুঁদ হয়ে থাকা যাবে। শুরু হয়ে যায় প্র‍্যাকটিস। ম‍্যাচ প্র‍্যাকটিস। ম‍্যাচের ভিডিও এনে গভীর রাত পর্যন্ত নিজের চালা ঘরে চলতে থাকে এই প্র‍্যাকটিস।
তারপর? হুগলি জেলা ক্রীড়া সংস্থার ম‍্যাচই এল প্রথম সুযোগ হয়ে। স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে বসতো কৌশিকের সহকারী হয়ে। কৌশিকের নজরে পড়ে সূর্য। লেখা আর চট করে শিখে নেওয়ার গুণ দেখেই বোর্ডের অন‍্যতম সেরা স্কোরার কৌশিক পেয়ে যায় পরের "প্লেয়ার"টি। ততক্ষণে রক্তিম তৈরি হয়ে বিসিসিআইয়ের ম‍্যাচ করতে শুরু করেছে। ২০১৫ তে এই কৌশিকের উদ‍্যোগেই সিএবিতে নতুন স্কোরারদের পরীক্ষায় বসে সূর্য। এবং কৌশিককে খুশি করে পাশ করেন। ম‍্যাচ পিছু শুরু  হয় ৭৭০ টাকা পাওয়া। আর ম‍্যাচ থাকলে আগে থেকে দোকানের মালিক পঞ্চানন বেহেরাকে বলে ছুটি নেন। দৈনিক মজুরি নেন না। মুদি দোকানের মালিকটিও সূর্যোদয় চান সূর্যের জীবনে।
 কোনওদিন ভাবেনি, দেশের বাইরে যাবে ক্রিকেট স্কোরিং করতে! করোনা মহামারিতে আইপিএল এবার আরব দুনিয়ায়। ভারত থেকে যাচ্ছেন একঝাঁক স্কোরার। তিন মাঠে তাঁদের কাজ। এঁদের মধ‍্যে আছেন বাংলার দু'জন। সূর্য -তাঁদেরই একজন। 

পিছনে ফিরে জীবনকে দেখে সূর্য বলছিলেন, "আজ আমার ভাগ্নীর বিয়ে দেওয়া হয়ে গেছে। দিদি থাকে দেশের বাড়িতে। আমার আস্তানা এই চুচুঁড়ায়। এখানে না এলে কৌশিকদাকে পেতামই না। দুঃখ একটাই, যাঁর সার্টিফিকেটে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে-তিনি আজ আমার ধরাছোঁয়ার বাইরে। আমার প্রথম স্কোরিং কৌশিকদার পাশে। আর কৌশিকদার শেষ ম‍্যাচ আমাকে পাশে নিয়ে। কল‍্যানীতে বাংলা-পঞ্জাব রঞ্জি ম‍্যাচে। তারপর তাঁর অসুস্থ হয়ে পড়া। আমার ম‍্যাচ পোস্টিং ছিল ইডেনে। সিএবি কর্তাদের বলে কৌশিকদাকে সুস্থ করে ফেরাতে নার্সিংহোমে পড়ে ছিলাম। কিন্তু পারিনি। অকালে কৌশকদা চলে গেছে এবছর ১৭ জানুয়ারি। আজ তাই মোবাইল ওয়ালপেপারে থাকা কৌশিকদাই আমার যাবতীয় শক্তি। আমার অনুপ্রেরণা।"

২০১৮ সালে সি এ বি সূর্যকে বর্ষসেরা স্কোরার পুরস্কার দেয়। কৌশিক দেখেছিলেন সেই শিরোপা প্রদান। একদিন কথাপ্রসঙ্গে বলেওছিলেন, "রাজ‍্য দল কোন ক্রিকেটার এরপর চুচুঁড়া থেকে কবে পাবে জানা নেই-তবে সফল এক স্কোরার পাবে।" সূর্যের স্কোরিং দেখে একমত ছিলেন দেশের অরেক সফল অনলাইন স্কোরার কর্নাটকের বালা। 

সেই বালাই ফোন করে একদিন সূর্যের কাছে জানতে চান- পাসপোর্ট আছে কিনা। গতবছর প্রথমবার বিমান চড়ে দিল্লি-আগ্রা ঘুরতে যাওয়া সূর্য এমন কিছু জীবনে লাগবে ভাবেননি। মাত্র সাতদিনে এই পাসপোর্ট সিএবি'র ব‍্যবস্থাপনায় তৈরি হয়। কিন্তু অন‍্য সঙ্গী তনয়ের পাসপোর্ট হাতে পেয়ে গেলেও, চুচুঁড়া পোস্ট অফিসে আসতে বেশ সময় লাগে সূর্যের পাসপোর্ট। ১২ আগস্ট তা হাতে পেয়ে ১৯ তারিখের বিমানের টিকিট কেটে বেঙ্গালুরুতে পৌঁছে যান সূর্যরা। ওঁদের টিম ক‍্যাপ্টেন এখন "বালা স‍্যার"।

সূর্য জানেন, আরব গেলে দু'মাস মুদির দোকানে কাজ করা হবে না। বাড়ি-বাড়ি দুধ দেওয়া হবে না। তাই বালেশ্বর বাড়িতে দিদির জন‍্য টাকা পাঠানোর জন‍্য ব‍্যবস্থা করে গেছেন। ফিরে এসে তা দিয়ে শোধ করবেন।  কিন্তু করোনা ভীতি? সূর্যের দাপুটে উত্তরঃ" করোনা নিয়ে ভাবি না, ক্রিকেটের মাঠে প্রাণ চলে গেলে যাবে।" একটি ট্রলি ব‍্যাগ আর ব‍্যাক প‍্যাক ব‍্যাগে প্রভু জগন্নাথ দেব আর বাবা-মা'র ছবি আজ পথের সাথী। ক্রিকেটই জীবন সাথী। তাঁর কৌশিকদার পথে হাঁটা শুরু সূর্যের। 

2 comments:

  1. বাহ্। Another Inspiration for the coming gen

    ReplyDelete
  2. বাহ্। Another Inspiration for the coming gen

    ReplyDelete

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...