Tuesday, August 4, 2020

ক্রিকেটে আজ "রাজনীতির গিরগিটি"র দাপাদাপি











দীপঙ্কর গুহ


এক সময় স্লোগানটির ভালো চল ছিলঃ"হিন্দি-চিনি ভাই -ভাই"। কে কাকে বলেছিলেন? ইতিহাসে ইতিউতি চাইতেই মিলল উত্তর। ভারতীয় এলাকা দখলের চেষ্টা চীন বহুদিন ধরেই করে চলেছে। এমনই এক পরিস্থিতিকে সামাল দিতে আলোচনার টেবলে বসতে চলেছিলেন তৎকালীন চীনা প্রধানমন্ত্রী চাউ-এন-লাই এবং ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে। সভায় বসার আগে চীনাদের কূটনৈতিক চটুল চালটি শুনিয়েছিলেন লাই। বলেছিলেন- "ইন্ডিয়ান্স -চাইনিজ আর ব্রাদার্স"। ভারতীয়দের কাছে হিন্দি তর্জমায় যা হয়ে উঠেছিল- "হিন্দি-চিনি ভাই-ভাই।" 
গুজরাট ক্রিকেট সংস্থায় যখন এখনকার প্রধানমন্ত্রী মোদিজী আর তাঁর ছায়াসঙ্গী অমিতজী ছিলেন-তখনও মধুর মিত্র ছিল "হিন্দুস্তান আর চায়না"। ভাবখানা ছিল, অন‍্য মেজাজ চাইনা। আর সেই সেদিনের সু- মিঁত্রো আজ কু-মিঁত্রো! 

গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে ভারতে চীন বিরোধী মনোভাব অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ প্রকট। ভারত জুড়েই ডাক উঠেছে চীনা পণ্য বর্জনের। এমনকি সরকার ইস্তাহার জারি করে চীনের অ‍্যাপ ব‍্যান করেছে। কিন্তু ব্যাপারটা যতোটা রাজনৈতিক, ঠিক ততোটাই কি বাস্তবিক? কিন্তু কিছু ঘটতে চলেছে যা স্বাভাবিক লাগবে জনসমক্ষে। তবুও তা অস্বাভাবিক। 

চীনবিরোধী জাতীয়তাবাদী ভাবনাটা সবচেয়ে বিপাকে ফেলে দিয়েছে ভারতের খেলার দুনিয়াকে। ক্রিকেটের তো " ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থায় । নানান রাস্তা খোঁজা চলছে।  টি-টোয়েন্টি জনপ্রিয়  ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের টাইটেল স্পনসর স্বত্ব অনেক আগেই চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভোর কাছে বিক্রি করা। এবার দেশের সেনাদের প্রাননাশের পর দাবি উঠেছিল এই স্পনসরশিপ বাতিলের। কিন্তু আগামী সেপ্টেম্বরে আরব আমির শাহিতে আইপিএল-১৩ তে নতুন আসরেও ‘ভিভো’ থাকছে - এটাই নিশ্চিত ছিল। সঙ্গে থাকছে চীন-সংশ্লিষ্ট অন্য পৃষ্ঠপোষকেরাও।  তাতেই জলঘোলা শুরু হয়ে গেছে। এই ইস‍্যু রাজনীতির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ইংগিত স্পষ্ট এখন ভারতীয় ক্রিকেটে।

আইপিএলের নয়া দিনক্ষণ ঘোষণা হওয়ার পর চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাটির সঙ্গে সম্পর্কচ্ছেদের দাবি উঠেছে ভারতজুড়ে। এই প্রতিষ্ঠানটি প্রতিবছর বিসিসিআইকে প্রায় ৪০০ কোটি টাকা করে স্পন্সরশিপ ফি  দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) সতীর্থ সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ (এসজেএম) বাজার গরম করে দেয়। রব উঠেছিল আইপিএল থেকে সব ধরনের চীনা প্রতিষ্ঠানকে সরিয়ে দেওয়া হোক।
গালোয়ানের ঘটনার পর থেকেই বিজেপি'র ভাবধারার সমর্থক সংস্থা এসজেএম ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছে। চীনা পণ্য বর্জনের ব্যাপারে ভারতীয়দের সচেতন করার কাজটিও করে যাচ্ছে এই এসজেএম। ব‍্যবহার করা হচ্ছে সব ডিজিটাল প্ল‍্যাটফর্মকে। তারা দাবি জানিয়েছে, যদি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে পৃষ্ঠপোষকতার চুক্তি বাতিল করা না হয়, তাহলে ভারতীয় জনগণই নাকি এই বছরের আইপিএল না দেখার সিদ্ধান্ত নেবে। মানুষই আইপিএল বর্জন করবে। দেশের স্বার্থ ও দেশ মাতৃকার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। দেশপ্রেমকে প্রাধান্য দিতে গেলে, রাস্তা একটাই। আপাতত কোভিড কম্পনে ভিভো বলে বসবে, আর্থিক সঙ্কটে ৪০০ কোটি তো নয়ই- ১৫০ কোটিও দেওয়া যাবে না। তাই, এবছর রেহাই চাই। ক্রিকেট বোর্ড আর দেশের সরকার বোর্ড - আত্মনির্ভর ভারত মন্ত্রে এবার আদানি কিংবা আম্বানিকে চাইবে। ৪০০ কোটি এবার দিলে এবছরই অন‍্য ডিলে ৫০০ কোটি মিলবে না? আর চীনা ভিভোর  চুক্তির মেয়াদ ২০২২ সাল ছাড়িয়ে ২০২৩ হতেই পারে। দ‍্যাখ-কেমন লাগে। 

বাহ্। এই না হলে দেশপ্রেম! কিন্তু তাঁদের এমন ডাককে তো পাত্তাই দিচ্ছিলেন না মোদি - শাহ জুটি! দেশের মহাবলীরা বলছেন " চীনা হঠাও"। আর সেই আওয়াজ মিহি হয়ে যায় দেশের ক্রিকেট বোর্ডের জন‍্য। অমিতজী'র শান-জান ছেলে জয় বাবুজী যে দেশের ক্রিকেট বোর্ডের সচিব। সেখানে অর্থই শেষ কথা। চীনা হঠাও- আওয়াজ তুলে শুরুর দিকে সেখানে অনর্থ চাননা "ওঁরা"।  কী বিচিত্র-তাই না? কিন্তু জনমতে আর বিরোধী মতে ফাঁটল চাই। তাই মেইন স্পনসর ভিভোর বাই-বাই। আবার এই সংস্থার ফেরার রাস্তাও খোলা রাখা হল। শেষ হয়ে যাওয়া চুক্তি ২০২২ থেকে চলে যাবে পরের বছর-২০২৩ সালে। কতো খেলা! 
ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। গর্ববোধ করেন। রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিতে তিনি ইন্ডিয়ান  টিমের ব্লেজার পরে যাননি। গিয়েছিলেন সেনাবাহিনীর ইউনিফর্মে। তিনি টের পেয়েছেন- কাশ্মীরে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে একমাস কটিয়ে, দেশ তাঁদের কাছে কী। মাহি জানেন সেই সেনাদের "হত‍্যা" করা হলে বাকি সতীর্থরা কি চান? ব-দ-লা। মোদি-শাহ'রাও তো তাই চান। জাতীয়তাবাদকে উস্কে দিতে যাঁরা ওস্তাদ-তাঁরাই আবার মুখোশের আড়ালে শর্ত ছাড়াই আইপিএল আরবে করার ছাড়পত্র দেন। এমন এক টুর্নামেন্টের ছাড়পত্র- যাতে মূল চীনা স্পনসরের প্রচার চালাবে "ভারতীয়" ক্রিকেট বোর্ড। তাও আবার বিশ্ব জুড়ে! বিরোধীপক্ষ ঝাঁপিয়ে পড়তেই গেম প্ল‍্যান বদলে শাহ শাহেনশারা। বোঝাতে হবে অমিতজী .... দেশের। অমিতজী পুত্র জয়জী- ভারতীয় ক্রিকেটের। দুজনই রাজ করতে চান। 
ছিঃ, এত্তা জঞ্জাল!

এস জে এম- সংগঠনটির জাতীয় আহ্বায়ক কমিটির প্রধান অশ্বিনী মহাজনের মতে চীনা পণ্য বর্জনের দাবিটি কেবল তাঁর সংগঠনেরই নয়, এটি এখন গোটা ভারতেরই দাবি। বলছেনও গলা ফাঁটিয়ে-" চীনা পণ্য বর্জনের বিষয়টি এখন ভারতের প্রাণের দাবি। এটি কেবল এসজেএমের দাবি নয়; এ মুহূর্তে ভারতীয়দের মন মানসিকতা চীনা পণ্য ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেই।"
অশ্বিনী মহাজন বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে বলেছেন , " যেখানে গোটা বিশ্ব চীনের বিরুদ্ধে। গোটা বিশ্বই যখন চীনা পণ্য ও প্রতিষ্ঠান বয়কট করছে, তখন আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ড চীনকে আশ্রয় দিচ্ছে নিজেদের কোলে! ’ কিন্তু একটিও শব্দ খরচ করা নেই বোর্ড সচিবের বিপক্ষে! কারণ, ওঁনার পদবী-শাহ? বোর্ড সচিবের বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে ব‍্যক্তি বচন বন্ধ! ভাই বাহ্। 

কেবল আরএসএস বা এসজেএম নয়, আইপিএলে চীনা প্রতিষ্ঠানকে রেখে দেওয়ার সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। দলটির মুখপত্র রণদীপ সিং সূর্যওয়ালা এরই মধ‍্যে টুইট করেছেন ‘আত্মনির্ভরভারতঅভিযান’ হ্যাশট্যাগ দিয়ে। তিনি লিখেছেন, ‘আইপিএলের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিজেপির দ্বিচারিতা আবারও মানুষের সামনে চলে এল ।’ ভিভোকে সরিয়ে ( নাকি আপাতত সরিয়ে) ভারত জাগো ডাক। এবার আদানি কিংবা আম্বানি। মেইন স্পনসর সরলেও আরও বেশ কিছু চীনা যোগ কিন্তু আইপিএলে রয়েই গেল। তার কি হবে?

২০১৭ সালে চীনা প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। চুক্তির শর্ত অনুযায়ী ভিভো বিসিসিআইকে আইপিএলের টাইটেল স্পনসরশিপ বাবদ ২ হাজার ১৯৯ কোটি টাকা দিচ্ছিল। ভিভো মোবাইলে বাজার ভারতে তুঙ্গে। বলিউড ফিল্ম স্টারদের ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার  বানানো হয়েছে। তাঁরা চীনা অর্থ নেন। ভারতে চীনার অর্থ আসছে-তাতে লাভ নাকি দেশের। বিদেশী মুদ্রা আসছে। এমনটাই দাবি করেছিলেন বিজেপি 'র কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধামাল। তিনি আবার বোর্ডের কোষাধ‍্যক্ষ।  আর তাঁরা যে প্রোডাক্ট বেচে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে-তার কি ব‍্যবস্থা হবে ? 
আমাদের ভূমি লুটবে সুযোগ পেলেই। সেনা ভাইদের জান নেবে চূড়ান্ত নৃশংসভাবে। আর অামরা? রাজনীতির গিরগিটিই হবো!



2 comments:

  1. ক-এ কাশ্মীরে এক দেশ এক নীতি। আবার ক-এ ক্রিকেটে‌ এক দেশ‌দুই নীতি? ধন্য ডিলারের দল!

    ReplyDelete
    Replies
    1. খুব ভালো লিখিছিস তো---👏

      Delete

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...