Wednesday, July 8, 2020

জন্মদিনে এক জনতার চিঠি


















ভাই সৌরভ,
শুভ জন্মদিন।
চিঠিটা লিখছি, কারণ নিয়মিত আর দেখা হয় না। ঠিকানা লিখে পোস্ট করার অভ‍্যাসটা শেষ হয়ে গেছে। তাই এই ডিজিট‍্যাল প্ল‍্যাটফর্মেই লিখছি।
রাতে একটা ছবি একজন পাঠিয়েছিল। দেখলাম তোমার সেই ঘরোয়া ড্রেস। সাদা কুর্তা। আর তোমার প্রিয় মহারাজকীয় হাফ হাতা সাদা পাঞ্জাবিতে -তুমি । সামনে একটি টেবলে ঝুঁকে জন্মদিনের কেক কাটতে যাচ্ছ। কেকের লেখাটা পড়লাম। বুঝলাম, মিস্টি মেয়ে সানার আনানো কেক কাটছো। তোমার কোনও জন্মদিনে কেক কাটার স্বাক্ষী আমি ছিলাম না। এক পলকে এই ছবিটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল- এই বাঙালি যৌথ পরিবারের ঘরের কোণে কেন তুমি বেশি থাকতে ভালোবাসো। আজকের সমাজে এটা শিক্ষনীয়।
আজ বুধবার। কাল ছিল মঙ্গলবার। মাসিমা (তোমার মা) নিশ্চয়ই কাল মা মঙ্গলচন্ডী মা - এর ব্রত সেরেছেন। প্রসাদি ফুল-প্রসাদ পেয়েছো। আজও পাবে। কালও পাবে। একবার মাসিমা মা মঙ্গলচন্ডীর ল‍্যামিনেট করা ছোট ছবিও দিয়েছিলেন সঙ্গে সঙ্গে রাখার জন‍্য।
হঠাৎ মনে পড়ছে "মেসোমশাই"য়ের কথা। কতো স্মৃতি। ওঁনার শ্রাদ্ধ কাজে মনে হয় শেয়বার তোমাদের সেই চেনা বাড়িতে গিয়েছিলাম। মেসোমশাইয়ের ফটোর সামনে দাঁড়িয়ে আমার ঘনিষ্ঠ এক বন্ধুকে বলেছিলে একটা ছবি হোক। "সেই ছবি" আজও আছে, কিন্তু সেই ক‍্যামেরা হাতে ধরা বন্ধু "রনি" ( রায়) যে আজ আর নেই! স্মৃতি চোখের কোনটাও ভেজায় মাঝেমাঝে।
জানি, কাল রাত থেকেই তোমার মোবাইলের মেসেজ বক্সে উপচে পড়ছে। জন্মদিনের শুভেচ্ছাবার্তা সব। তোমার জন‍্য ফেসবুক আজ ভাসবে। তোমার টুইটার একাউন্টে অজস্র মেসেজ। ছবি। তোমার থেকে ইনস্টাগ্রামে ছবির অপেক্ষায় তোমার ফলোয়াররা। তোমার নামে ফ‍্যানেদের এফবি পেজে " পুরানো সেই দিনের কথা"র ছবি আর ভিডিওগুলো বারবার বোঝায়- ওঁরা " তোমাকে চায়"। তাই এঁদের কেউ - কেউ হয়তো আজ দিনের কোনও এক সময় পৌঁছে যাবে বীরেন রায় রোডের ( ইস্ট) " গাঙ্গুলি " বাড়িতে। জানি, তোমার মোবাইল এই করোনা কম্পনে " বিখ‍্যাত" অনেকেরএস এম এস আসেঃ" সাবধানে থেকো। দরকার না পড়লে বেড়িয়ে পোড়ো না। "
তুমি খেয়াল রেখেছো নিশ্চিত - তুমি মানেই মানুষের আবেগ। তুমি মানেই এক স্বপ্নের সফল সওদাগর। তুমি মানেই-আমি পারি।
আজ তুমি "আমি পারি"-এটা ছড়িয়ে দিতে চাও অনেকের মাঝে। কয়েক হাত দূরত্ব থেকে তা এইবছর ১৪ ফেব্রুয়ারি আবার চাক্ষুষ করেছি। তুমি হাজির হয়েছিলে গ্র‍্যান্ড হোটেলে। ডিটিডিসি'র অনুষ্ঠানে। সংস্থার ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডার তুমি। এই সংস্থার কর্ণধার শুভাশিস চক্রবর্তীকে নিয়ে লেখা বইঃ "ড্রিম ডেয়ার ডেলিভার" এর জন‍্য অনুষ্ঠান ছিল। সেদিন কাকতলীয়ভাবে আমার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিল। আমার সঙ্গে কলকাতা টিভিতে কাজ করা এক ভাই রমেনের অনুরোধে রাজি হয়েছিলাম। একটা বাড়তি টান ছিল। খুব জানতে চেয়েছিলাম, " তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো"।
সেদিন রাতে সিঙ্গাপুর যাওয়ার বিমান ধরার তাড়া ছিল। ওই বিশাল রুমের সকলে যখন তোমাকে ঘিরে ছিল, তখন পিছন থেকে বলেই বিমানবন্দরে দৌঁড়ে ছিলাম। এতো ভিড়ে আমার চলে যাওয়ার কারণ শুনে "সেই আগের মতো" নিজের লোকের জন‍্য উদ্বিগ্ন হয়েই যেন বলেছিলে, " সেকি! এইসময়? সাবধানে যেও। মাস্ক পড়ে থেকো।" বুঝে গিয়েছিলাম, " তুমি সেই আগের মতোই আছো।"
মহারাজ বদলে যেও না। জানি আশেপাশের অনেক মুখ সব বদলে গেছে। স্বাভাবিক। ডোনা আর তোমার ছবি আর ভিডিও দেখলে অনেক "পুরানো সেইদিনের কথা " মনে করায়। তোমরা ভালো থেকো। সানার বড় হওয়ার সঙ্গে সঙ্গে সময় বয়ে গেছে। আমাদের ছেলে-মেয়েদের চোখের সামনে বাড়তে দেখে বুঝতে পারি " সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় "।
চারমাস আগের সেই অনুষ্ঠানে সহ সঞ্চালিকা ছিল টিভির নিউজ অ‍্যাঙ্কার রেনেসাঁ। একসময় ক্রিকেট খেলত সে। আজ বিভিন্ন চ‍্যানেলে চাকরি করে এনডিটিভি বাংলা নিউজ পোর্টালে কাজ করে। ওরও ইচ্ছে ছিল, তোমার সঙ্গে একটা ছবি তুলবে। অতো হুড়োহুড়ির মাঝে ওর সেই ইচ্ছেকেই মর্যাদা দিয়েছিলে। বুঝতে পেরেছিলাম, সেভাবে " অনেকখানি বদলে যাওনি তুমি"।
এই পর্যন্ত পড়ে অনেকে অবাক হবেন। আমার "ডিজি টক" ব্লগ আমিই লিখি কিনা এই নিয়ে বাকা হাসি হাসবেন। হাসুন। কারণ আজ মিলছে না অনেক কিছু, তাই তো ? সরাসরি "প্রশাসক সৌরভ বিরোধী "; " অন‍্যের তামাক টানা ব্লগার" - হয়ে এসব কেন লিখছি?
আসলে "আমি-আমারই মতো"। হয়তো তোমার "মাঠের তুমি" থেকে কিছুটা টোকা। মনে আছে, বর্তমানে সাংবাদিকতা করার সময়ে, তোমার খুড়তুতো ভাই সন্টাইয়ের ( শুভ্রদীপ ) বাংলা রঞ্জি দলে ডাক পাওয়ার পর পত্রিকায় নিজের নামে প্রতিবেদন লিখেছিলাম। সমালোচনা ছিল তাতে। তোমার দাদা স্নেহাশিস তখন বাংলার সিনিয়র নির্বাচক। যেদিন লেখাটা ছাপা হয়েছিল, সেদিন বেলার দিকে তোমার মামা- চঙ্কুমামা বাড়ির ফোনে ( তখন তো ল‍্যান্ড ফোন) আমাকে ধরেছিলেন। বলেছিলেন" ফ্রেন্ড, ধরো-চন্ডীদা কথা বলবে"। মেশোমশাইয়ের প্রচুর স্নেহ পেয়েছি। কিন্তু সেদিন উনি কড়া ভাবে বলেছিলেন, ".....মিলিয়ে নিস, তুই লিখলি তো, সন্টাই মহারাজের চেয়ে অনেক বড় খেলবে।" আমি চুপ করে সবটা শোনার ফোনে চ‍্যালেঞ্জ জানিয়েছিলাম ওঁনাকে-" আমি ভুল প্রমাণিত হলে সবচেয়ে খুশি হবো। কিন্তু হলফ করে বলতে, মহারাজ - একটাই হবে।" আজ মেসোমশাই নেই। পরের সব কিছু সকলের জানা। সেইসময় মহারাজ তুমি ভারতীয় দলে। বাংলা দলের খেলা ছিল শিলিগুড়িতে। তুমি ছিলে সেখানে। তখনও এবং আজও-সেই সন্টাইকে নিয়ে লেখা প্রসঙ্গে একটাও শব্দ আমার কাছে খরচ করোনি। আজও "ডিজি টক" লিখতে বসে আমি নিরপক্ষ হয়ে শব্দ টাইপ করি। সিএবি'তে সাংবাদিক হয়ে পা রাখা সেই '৯৮ তে। তার আগে অতি সামান‍্য এক ক্লাব ক্রিকেটারদের ভিড়ে ময়দানে যাতায়াত '৮৪ থেকে। দুঃখীরাম ক্রিকেট কোচিং সেন্টারে তোমার বুকের কাছে বল ধরে বোলিং রান আপ-ফলো থ্রু আর কংক্রিটের উপর ম‍্যাটে ব‍্যাটিং - সব ফ্ল‍্যাশব‍্যাকে মনে পড়ে যায়। তখন তোমার বন্ধু সঞ্জয় দাস তারকা। দেশের সেরা ক্রিকেটার। সেই বদ্রিদা- যার কাছে "মশলাকোলা" গলায় ঢালতে বরফ ফেলে।
অনেক কিছু দেখা। তাই সিএবি'র সব কথা জানতাম অন‍্য মাত্রায়। বিশুদার-জগুদার সিদ্ধান্ত নিয়ে তখনও লিখেছি। তা ওঁরাও জানতেন। আজও তাই "অন‍্য কিছু " দেখলে লিখেছি। সমালোচনা করার কিছু না থাকলে সবচেয়ে খুশি হব। আলোচনায় মেতে থাকবো।
এই " ডিজি টক" তুমি পড় কিনা জানা নেই। সময় কোথায় তোমার! ক্রিকেটখেলা ছাড়ার পর যেন তোমার ব‍্যস্ততা আরো বেড়েছে। সেটাই স্বাভাবিক। নিজের ক্রিকেট আর দেশের ক্রিকেটকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছো, তা অবিশ্বাস্য। সেই তোমার কানে অনেক কিছু পৌঁছে গেছে। আগেও যেভাবে যেত। পাশের মানুষগুলো " আপডেট " করে তোমায়। আমি তোমার জায়গায় থাকলে জানার চেষ্টা করতাম কেন এসবে জড়ানো হচ্ছে। একবারও তা করোনি। উল্টে সেদিন ডিটিডিসি'র অনুষ্ঠানে বারবার বললে, "দীপঙ্কর আমাকে সেই আন্ডার ফিফটিন খেলার সময় থেকে জানে, চেনে"। বা বলে উঠেছো খেলায় সময়কার কথা বলতে বলতে, " এইসব ব‍্যাপার মনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে করতাম। সংস্কার মনে হবে হয়তো। দীপঙ্করও জানে"।
সেই জানা সৌরভ -চেনা সৌরভকে আজ দূর থেকে দেখে অচেনাই লাগে। সেদিন ডেভিড গাওয়ার যখন তোমার জন‍্য আইসিসি চেয়ারম্যান হওয়ার পক্ষে কথাগুলো বলেছিলেন-অবাক হয়েছিলাম। গাওয়ার বলেছিলেন, সৌরভের বিসিসিআই সভাপতিৈ হওয়ার সব খবর শুনেছি। বুঝেছি, ভারতীয় বোর্ডের শীর্ষে যিনি বসেন এভাবে তিনি প্রশাসনিকভাবে সব কিছু সামলাতে যখন সামলে। আইসিসির চেয়ারম্যান হওয়া তো তার কাছে নস‍্যি। এমনই সব গাওয়ার বুঝিয়েছিলেন।
কিন্তু ক্রিকেটার বা ক‍্যাপ্টেন সৌরভ তো...দলের জন‍্য সবকিছু করতো-এসব কী! হতে পারে সি এ বিতে তোমাকে মাননীয়া মুখ‍্যমন্ত্রী চেয়েছিলেন। হতে পারে বিসিসআইয়ের অঙ্ক এমনই কিছু ছিল। ভারতীয় ক্রিকেটে তোমাকে অনেকটা সময় ধরেই চাই। কিন্তু লোধা নিয়মে বদলটা না এলে? তাহলে ভারতীয় ক্রিকেটে "কুলিং অফ" পিরিয়ড মেনে তোমায় হয়তো দূরে থাকতে হবে। সেই সময় তোমাকে আইসিসিতে চাইলে নিশ্চিতরূপে কেউ এসব রটাতে পারবে না।
ক্রিকেট ময়দানে তোমার উপস্থিতি সবসময় অগ্রাধিকার পাবে সকলের কাছে। কারণ একটাই, দেশের সব বয়সের - সব দলের মানুষ তোমাকে চায়। কিন্তু ব‍্যালান্সের খেলা রাজনৈতিক ময়দানে চলে না মনে হয়। এতোদিন ধরে দেখছি, বাম-ডান কেউ তাদের দিকে তোমায় টেনে নিয়ে দাঁড় করাতে পারেনি। এই এতগুলো বছরে কতোই তো পালাবদলের খেলা দেখলাম। সরাসরি আসরে নেমে রাজনীতির ম‍্যাচ জেতাতে চাও নি। নিন্দুকরা বলছে, ২০২১ নাকি অন‍্য কিছু তোমাকে ভাবাচ্ছে? সত‍্যি - মিথ্যা তুমি জানো। আজ দেশের রাজনীতির জল বেজায় ঘোলা। ঘোলা জলে মাছ ধরতে অনেকেই নামতে পারে- তুমি নও। তোমার জন‍্য সেই আসন মানানসই যাতে দাদার দরবারে বিভাজনের হবে না। বামফ্রন্ট "ফ্রন্টফুট" এ তোমাকে পায়নি। তৃণমূল "মূলের মাঝে" তোমাকে রাখতে পারেনি। মনে হয় বিজেপি "বাজার" এ তোমাকে নামাতে পারবে না। কংগ্রেস তো এতদিন " কিং মেকার" বানাতে তোমাকে টানতে পারেনি। তুমি এমনই থাকো। আমফান নিয়ে এডিটিভির লাইভ অনুষ্ঠানে সুন্দরবন নিয়ে তোমার গভীরে গিয়ে কিছু বলা কথা-অবাক করেছিল। এতো রাজ‍্যের অধিনায়কের মতো বক্তব‍্য! তাহলে কী!!
আর তাহলে নয়। মানুষের জীবনে সব ভালো হয়না। মিশিয়ে জীবন গড়ায়। তোমারও এমন জীবন। কিন্তু তোমার সাফল‍্যের গ্রাফ বরাবরই এভারেস্টের মতো। কারগিল লড়াইয়ের সময় সেনাদের মাঝে ছুটে যেতে তোমার মন চেয়েছিল। কিন্তু যেতে না পেরে আর্থিক সাহায্য করেছিলে শহীদ পরিবারের জন‍্য। আজও এমন কিছু তো করতেই থাকো। তাই চাই, তুমি ভালো থাকো। সুস্থ থাকো। সকলের মনের রাজসিংহাসনে বোসো মহারাজ।
একটা আব্দার আছে। ক্রিকেটার সৌরভ পারেনি। অধিনায়ক সৌরভও পারেনি। বিশ্বকাপ জিততে। কোচ সৌরভ তা জিতুক। পারলে এই চাহিদাটা মিটিও।
সানা-ডোনা আর সকলকে নিয়ে খুব ভালো থেকো। সকলকে ভালো রেখো।
ইতি...
দীপঙ্কর

13 comments:

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...