দীপঙ্কর গুহ :
৪০০০ কোটি! ম্যাচ শুরুর ৩৬ ঘণ্টা আগে ! চমকে গেছি , কিছুটা বমকেও আছি। এতো টাকা বেটিংয়ে লেগে গেছে ভারত - পাকিস্তান ম্যাচে। ভাবা যায়! ম্যাচ আবার মরু শহরে। সেই শহর ,যেখানে আবার আইসিসির সদর দপ্তর। সব ঠিকঠাক এগুবে তো? - প্রশ্নটা আমার অতি পরিচিত ক্রিকেটপ্রেমী দুঁদে লালবাজারের পুলিশ কর্তার। তিনিই ভাবছেন। আমজনতা?
শেষবার ভারত - পাকিস্তান ম্যাচ হয়েছে ২০১৯ সালের ১৬ জুনে। ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপে। ইংল্যান্ডের ম্যানচেষ্টারে। ভারত সেই ম্যাচ ( বৃষ্টি বিঘ্নিত) ৮৯ রানে জিতেছিল। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ করে ম্যাচের সেরা হয়েছিলেন। তারপর এবার আবার।
এবারটা কেমন হতে যাচ্ছে?
পাকিস্তানের দিকে নজর দেওয়া যাক। ঘরের মাঠে, খেলতে নেমেও নিউজিল্যান্ড জঙ্গি হানার আতঙ্কে পাকিস্তান ছেড়ে চলে যায়। এরপর ইংল্যান্ড জানিয়ে দেয়, তারাও আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না। আরও একটা সফর বাতিল মানে বড় আর্থিক ক্ষতি। একের পর এক এমন ঘটনায় মুষড়ে পড়া জাতীয় দলের ক্রিকেটারদের ডেকে মানসিক দাওয়াই দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। সেই খান সাহেব, যিনি দেশকে প্রথমবার বিশ্বকাপ জিততে নেতৃত্ব দিয়েছিলেন।
পাক মিডিয়ার খবর থেকে জেনেছিলাম, ক্রিকেটারদের বিশ্বের সেরা দল হয়ে ওঠার জিদ ধরতে বলেছেন। যাতে পাকিস্তানের সঙ্গে খেলার জন্য সব দেশ মুখিয়ে থাকে। আর তাই, বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেই মিশন শুরু করা দরকার। দেশের প্রধানমন্ত্রী মনের মধ্যে আগুন উস্কে দুবাই পাঠিয়েছেন দলকে। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা বলে বসেছেন, এক ধনকুবের ব্যবসায়ী নাকি বলেই রেখেছেন - ভারতকে হারতে পারলে পাক বোর্ডের জন্য ব্ল্যাঙ্ক চেক দেবেন। অর্থের মূল্য বসিয়ে নিতে পারা যাবে। অর্থাৎ, ভারতকে হারাও - পাক ক্রিকেট বাঁচাও।
বিশ্ব ক্রিকেটের বাজারে 'রান কুবের' দের তালিকায় ভারতীয় অধিনায়ক কোহলিকে পিছনে ফেলে এগুতে শুরু করেছেন পাক নেতা বাবর আজম। তিনি আবার এই হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের গেমপ্লান সাজিয়ে ১২ জনের দল জানিয়ে দিয়েছেন ভারতীয় শিবিরের চেয়ে অনেক আগেই। আর দাবি করেছেন, তাঁর দলের ব্যাটিংই যাবতীয় শক্তি। তারমানে দাঁড়ালো ভারতীয় বোলারদের সঙ্গে পাক ব্যাটারদের লড়াই।
তাহলে ভারতীয় দলের কী ভাবা উচিত? দলে কমপক্ষে ৫ জন বোলার নিয়ে খেলতে নামা। আর সেখানেই প্রথম হোঁচট খেয়েছে কোহলি কোম্পানি। হার্দিক পান্ডিয়া এখনও পিঠের পেশীর চোট সামলে নিতে পারেননি। কিন্তু তিনি নাকি দলে অপরিহার্য। ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলবেন। তাহলে দেখা যাক, দলে হাত ঘোরানোর দলে ক'জন রইলেন। কে এল রাহুল আর ঋষভ পন্থ - দু'জনই খেলবেন। দু' জনই ব্যাটসম্যান - উইকেটকিপার। কেউ বল করেন না। যদি খেলেন, ঈশান কিষাণ - তাহলেও বল হাতে হাত ঘোরানোর লোক কই? ঈশান উইকেটকিপার - ব্যাটসম্যান। বল হাতে নিতে পারবেন না , এই ম্যাচে। অর্থাৎ, ভারতীয় দলকে তাহলে আবার সেই ৬-১-৪ ছক? কোহলির বলা কথা মাপলে বোঝা যাচ্ছে, হার্দিক খেলছেন। রাহুল , রোহিত থাকছেন । বিরাটও। Sky অর্থাৎ সূর্যকুমার যাদব খেললে, কিষাণ খেলবেন না। একজন ব্যাটসম্যান আরও চাই। উইকেটকিপার ঋষভ পন্থ। বাকি ৪ বোলার। জাদেজা ব্যাটে আছেন, স্পিনার হয়ে আছেন। আরেকজন স্পিনার? অশ্বিনকে খেলানো উচিৎ। কারণ, তিনি ব্যাটিংটা চোস্ত করতে পারেন। আর দুই জোরে বোলার - বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার কিংবা সামি। কুমার বা বুমরাহ - কারোর ব্যাটের হাত চোস্ত নয়। সেখানে শার্দুল ঠাকুর হলে ব্যাটিং আরও জোরদার হতে পারে।
ভাবনা কাদের কাদের ? শাস্ত্রী - কোহলি আর রোহিতের কথায় প্রথম একাদশ গড়ার কথা। সঙ্গে মহাবলী মাহি আছেন এবার। বিরাটকে ইউটিউবে একটা ক্লিপে দেখতে পেলাম পাকিস্তান ম্যাচে উইকেট নিয়ে আনন্দে লাফাচ্ছেন। সেটা ভোলেননি সেদিনের নেতা ধোনি। তাই কি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলিকে বল করতে দেখলাম? ধোনির 'লেডি লাক' যদি রবি আর বিরাটের সঙ্গে জুড়ে যায়, তাহলে কেল্লা ফতে।
শেষে সেই পুলিশ কর্তা বন্ধুটির সেই প্রশ্নটা গোত্তা মেরে মনে ঢুকলো। ভারতীয় ক্রিকেট যখন এই ম্যাচ ফিক্সিং কাণ্ডে কুঁকড়ে যাচ্ছিল, নেতা সৌরভ হাল ধরেছিলেন। আর এখন বোর্ডের সভাপতি তিনি। তাঁর সময় ভারতীয় ক্রিকেট কোনও ঘটনায় কালিমালিপ্ত হতে পারে না। দলের সঙ্গে ধোনিকে জুড়ে দিয়ে , শুধু কি ভাগ্য পরিবর্তনের চাইছেন সৌরভ? নাকি শারজায়, দুবাইয়ে ভারতীয় শিবিরে এক জাতীয় দলের সামরিক বাহিনীর মানসিকতার এক মানুষকে ঢুকিয়ে দিয়েছেন। ধোনি একসময় ভারতীয় সেনাদের সঙ্গে ১৫ দিন কাশ্মীরে কাটিয়ে এসেছিলেন। তাঁর দেশপ্রেমের মাত্রা আবার বাঁধন ছাড়া। কাজেই মরু শহরের ডনদের জাল বিছনোর খেলা ধোনি ধারে কাছে ঘেঁষতে দেবেন না।
তাহলে ৪০০০ কোটি টাকা ! তার খেলা চলছে। এবার বিশ্বকাপ যাত্রার আগে আমাদের প্রধানমন্ত্রী 'মন কি বাত' শোনেননি কোহলিদের। ডিজিটাল মোদীজি এখনও নীরব। কিন্তু কেন! ভারত ক্রিকেট মাঠে বিশ্বকাপে ১১-০ ম্যাচ জয়ের রেকর্ডে নিয়ে রবিবার পাকিস্তানের বিপক্ষে নামছে। অসমুদ্র হিমাচল ভারতবর্ষ 'জয় হো' আওয়াজ তুলবে। আর পাকিস্তান? জার্সিতে 'ইন্ডিয়া ২০২১' শুরুতে না লিখলেও , এখন আইসিসির চাপে বাধ্য হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় শিবিরের কাছে আবদার বেড়েই চলছে, এই ম্যাচ জিততেই হবে, বিশ্বকাপ চাইনা! আর কোথাও কোথাও পাক সমর্থকদের আকুতি, 'জেতা ম্যাচ এবার কিন্তু হেরে যাওয়ার বোকামি করা যাবে না'। বিশ্বের এ এক বিচিত্র ডুয়েল। যে ম্যাচের আগে কোনও দলই নিজেদের ফেভারিট ভাবতে পারেনা। অপেক্ষা রবিবাসরীয় ব্যাটলের।
ছবি: সৌ - টুইটার।





No comments:
Post a Comment