Monday, December 8, 2025

DGTalk : বাংলার কোটি টাকার আইপিএল ক্রিকেটাররা ব্যর্থ, বাংলার বিদায়!





প্রথম সারির প্রচারমাধ্যম শুধু সাফল্যের কথা লেখে। ব্যর্থতার কথা লেখেও না, ছাপেও না - বলেও না। কিন্তু এসব প্রচার মাধ্যম প্রতিনিধিরা হয়তো ভুলে গেছে সেই কথা গুলো: ব্যর্থতাই সাফল্যের আগের ধাপ। 

আমি বাংলার সাফল্য চাই। আজ না হলে কাল আসবেই। আলোচনা আর সমালোচনা - সমানভাবে সামলাতে হবে। #CAB তে অনেক প্রাক্তন ক্রিকেটার আছেন, ব্যর্থতার বাধা সরিয়ে তাঁরা একাধিকবার সফল হয়েছেন। #cricketassociationofbengal সংস্থায় এঁদের অনেকেই এখন প্রশাসকের ভূমিকায়। জানি আর মানি, তাঁরা আর মাঠে নেমে খেলবেন না। কিন্তু যাঁরা খেলছেন, তাঁদের উপর লাগাম আছে তো? নাকি, "দায়িত্ব ভাগ করা আছে - সকলে বুঝে নেবে" - এই মানসিকতা দেখিয়ে, কেউ বিশেষ কারণে "অপ্রিয়" হতে চান না ! যা যা কথা কানে আসছে, আগের লাইনটা আমার কাছে জোরালো হয়ে উঠছে। 

এসব কথা আপাতত সরিয়ে রাখি।

নভেম্বর টপকে ডিসেম্বর মাস পড়েছে। এরই মধ্যে বাংলার পুরুষ দল কি মহিলা দল - একের পর এক ব্যর্থতার খবরই আসছে। অনূর্ধ্ব ২৩ এর ছেলেরা ফাইনালে পৌঁছতে পারেনি। আর ২ টো ম্যাচ জিতলে ট্রফি ছিল! কোচ ঋদ্ধিমান সাহা। জানি সঙ্গে উৎপল চ্যাটার্জি, দেবব্রত দাসরা আছেন। কিন্তু সকলে তাকিয়ে ছিলাম এই ঋদ্ধির দিকেই। মোক্ষম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। মুম্বই থেকে ঘরে ফেরা, খালি হাতে। এরপর আরও কী কী জানবো, জানি না। 


এরপর, অনূর্ধ্ব ২৩ মেয়েদের পালা। প্রাথমিক পর্বের বাধা টপকে নকআউট পর্বে পৌঁছানোর আগে গ্রুপে বাংলা ছিল শীর্ষস্থানে। তারপরই প্রথম ম্যাচেই বিদায়। আর হরিয়ানার কাছে। এই দলের কোচ ঋতুপর্ণা। গোটা দেশে প্রমীলা কোচ হিসাবে তাঁর একটা সুনাম আছে। কিন্তু যা যা খবর পেয়েছি তাতে বুঝেছি তিনি বড্ড বাংলার "দিদি"দের ভক্ত। এক দিদি তাঁর "গডমাদার" প্রায়। সাফল্য - কিংবা বার্থডে সেলিব্রেশনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় অনবরত ছাড়েন। কিন্তু ব্যর্থতার দিন? প্রচার মাধ্যম জানতে চায় না বলে কিছুই বলেন না। আমার প্রশ্ন, তিনি কি কারোর কাছে এই ব্যর্থতার জন্য দায়বদ্ধ ? বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে? এই মেয়েদের অভিভাবকদের কাছে? কারণ এখন, সকলে চোখের সামনে " রিচা ঘোষ" কে দেখছে। WPL দেখছে। মেয়েদের বিশ্বকাপ জেতার পর লাখ-লাখ, কোটি-কোটি টাকার আর্থিক পুরস্কার পেতে দেখেছে। চাকরি পেতে দেখছে। বাংলার সকলে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। শতকরা ৭৭ ভাগ জেলার মেয়েরা। একরাশ স্বপ্ন নিয়ে ওরা ঝুলানকে টপকে মান্ধনা - হারমনপ্রীত - জেমাইমা - শেফালি - রিচা হতে চায়। 

আর এবার বিদায়ের পালা সিনিয়র বাংলা দলের। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ক্রিকেটের খেলা। দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি নিজে এখনও যতটা ফিট, তাতে ব্যাট - বল হাতে নামলে হয়তো এই কম ওভারের খেলায় ম্যাচের নায়ক হতেন। কিন্তু তাঁর দল ব্যর্থ। গ্রুপ সিতে আট দলের লড়াইয়ে, এখন পর্যন্ত পয়েন্টের তালিকায় বাংলার স্থান ৫ নম্বরে। এই প্রতিবেদনের সাথে সেই গ্রুপের অবস্থান দেওয়া রইল একবার দেখে নিতে পারেন। প্রথম দুই দলে জায়গা না মেলায়, গুডবাই নিতে হল। 
মহম্মদ সামি ১০ কোটির ক্রিকেটার! 

এই দলে এমন ৫ জন ক্রিকেটার আছেন যাঁরা #ipl এ ১০-৩ কোটির প্লেয়ার! চারজন বোলার! একজন ক্রিকেটার আছেন যিনি ৫ কোটি টাকায় আইপিএলে একটি দলে জায়গা ধরে রেখেছেন। অথচ অভিষেক শর্মা -- ঈশান - রিঙ্কুরা যখন রান করেন তখন তিনি কী করেন সেটা কোচই বলতে পারবেন। সামি - মুকেশ - আকাশ - শাহবাজ দলে থাকলে টস জেতার পর দল আগে ফিল্ডিং নেবে। বাংলাও ঠিক করেছিল। কিন্তু এমন বোলারদের পিটিয়ে ১৯১ রান! ১৫০ রানে বেঁধে রাখার মানসিকতার ঝাঁজ কোথায় উবে গেল! এতো সেই ফুটবলের নীতি কথা। ডার্বি ম্যাচে বাঙালি কোথায় - যে ইজ্জত রুখতে মাঠে লড়বে! 
দুটি ম্যাচে ৪ উইকেট নিয়েও দল জেতে নি। 

বাংলা শিবির বারবার দাবি করছিল - এই দলের পেসাররা ভারতের সেরা । সামি নেতৃত্ব দিচ্ছিলেন। হরিয়ানা তাদের তারকা ক্রিকেটারদের বাদ দিয়েই খেলছে। এই দল ওভার পিছু প্রায় ১০ রানের কাছাকাছি তুলে ১৯১ রান স্কোর বোর্ডে ঝুলিয়ে রাখে। আর বাংলা? ১৬৭ রানে অলআউট। হরিয়ানার কাছে পরাজয় ২৪ রানে। সেই বলে - ব্যাটে বেসামাল। এটাও ব্যর্থতা। 

হরিয়ানা - পঞ্জাব নক আউটে https://x.com/DipankarRish/status/1998008181134589962?t=jm2Y-8LomYUCzfKuHdguOw&s=19


হরিয়ানা। দেশের প্রাক্তন অধিনায়ক - অলরাউন্ডার কপিল দেবের রাজ্য। '৮৩ বিশ্বকাপের অধিনায়ক এখন হরিয়ানার -- না কোচিংয়ে , না প্রশাসনে-- কোথাও বিরাজ করেন না। তবুও হরিয়ানা এগিয়ে যাচ্ছে। তা সে ছেলেরাই হোক আর মেয়েরা। ভারতের ধনী রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রথম সারিতে এই রাজ্য পড়ে না। কিন্তু দেখুন, রাজ্যের প্রতিভা ঠাসা ক্রিকেটারদের তারা কিভাবে এগিয়ে নিয়ে চলেছে। খোঁজ নিয়ে বুঝলাম সেখানে, পাইয়ে দেওয়ার কোন "খেলা"র চল নেই। 


এখনও সময় আছে। এরপর বিজয় হাজারে ট্রফিতে খেলা বাকি। রনজি ট্রফির পার্ট টু আছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেদের জন্য। ঋদ্ধিমান - এর সামনেও এমন কিছু টুর্নামেন্ট আছে। আমার দৃঢ় বিশ্বাস, অনূর্ধ্ব ২৩ মেয়েদের নিয়ে আরও এগুবে পরের টুর্নামেন্টে। কিন্তু এবার ঝুলন গোস্বামী ( মেয়েদের মেন্টর) কে সঙ্গে পেয়ে, সিনিয়র দলে খেলা মেয়েদের পেয়ে -- যে সুযোগ ছিল - তা কিন্তু হাতছাড়া হল। গতবার মেয়েরা দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর রানার আপ হয়েছিল। যা খবর পাচ্ছি, একমাত্র চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব -১৫ দল এমন কোচের হাতে এবার দেওয়া হয়েছে, তাতে দায়িত্বে থাকা কর্তারা টুর্নামেন্ট শুরুর আগেও একে অপরের অভিযোগ শুনতে-শুনতে জেরবার। তারসঙ্গে আছে, "দিদিদের" দরবার! পছন্দের মেয়েদের নিয়ে দল গড়ার অভিযোগ বিস্তর। এই দল, এবার প্রাথমিক পর্ব টপকালে খুশি হব। 

আর সেই সব চ্যাম্পিয়ন মেয়েদের এবার তো অনূর্ধ্ব ১৯ দলে জোট বেঁধে থাকার কথা। শুনলাম, সেখানে প্রাক্তন জাতীয় দলের এক ক্রিকেটার এবার "বিশেষ ডাক পেয়ে" অন্য রাজ্য ( সাফল্য পেয়েছিলেন বলে বোর্ডের রেকর্ড বলছে না) ছেড়ে অনেক আগেই দল নিয়ে কাজ করছেন কোচের ভূমিকায়। মাঝে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে একটি দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হয়ে যুক্ত ছিলেন। ল্যাপটপ আর ফোনে এখন সকলের আসক্তি। তিনিই নাকি ব্যতিক্রমী নন। 

এরসঙ্গে একটি ঘটনা শুনে বিচলিত হয়ে আছি। মেয়েদের দলে ( অনূর্ধ্ব ১৫ ) থাকা এক বিস্ময়কর প্রতিভা এক চায়নাম্যান ক্রিকেটারকে মেন্টর সিনিয়র টিমে নিয়ে যান। সেই টিমের সঙ্গে থেকে নিজের বোলিং ছন্দ খুইয়ে বসেছে জেলার গরীব ঘরের গর্বের মেয়েটি। সে আছে অনূর্ধ্ব ১৯ দলে। সিনিয়র দলে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার ভবিষ্যত? 

এসব জেনে আর শুনে ভাবছিলাম - হয়তো অতিরঞ্জিত। কিন্তু একের পর এক দলের হার, বাধ্য করলো কিছু কথা লিখতে। জনি না, আগামী দিনে সাফল্যের কথা লিখতে পারবো কিনা। এটুকু বুঝে গেছি, খুদেদের ক্রিকেটে এন্ট্রি ফি ১০০ থেকে বেড়ে ১৫,০০০ টাকা হলেও, বাংলার ক্রিকেট - ক্রিকেটার - ক্রিকেট প্রশাসন আছে সেই তিমিরেই....✍️🫵🏻😌। 

#BCCIDomestic #BengalCricket #BengalCricketTeam #cricketupdates #everyonehighlightsfollowers #followerseveryonehighlights #highlightseveryone #everyonefollowers #pinnaclenews #dipankarguha✍️ Bengal Pro T20 League Bengal Cricket Premi #JhulanGoswami #richaghosh #bcciwomen

No comments:

Post a Comment

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...