দীপঙ্কর গুহঃ
ধন্যবাদ বাংলাপক্ষকে। একটা ধাক্কা তো দিতে পেরেছে এই "জয় বাংলা" স্লোগানে বিশ্বাসী একটি কমবয়সের সংস্থা। বুধবার তাই পুলিশকর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারলেন সিএবি কর্তারা। এই দুর্নীতি কীভাবে আটকানো যায়।
নিজের অভিজ্ঞতায় ভরসা রেখে বলতে পারি, সরষেতে ভূত থাকলে-তা তাড়ানোর জন্য সেই সরষে দিয়ে কি কাজ হয়? হয় না।
আমি বিশ্বাস করতেই রাজি নই, সিএবি'র বড় কর্তারা গত চার-পাঁচ বছর ধরে এই সমস্যার কথা জানতেনই না। সরি-মানতে পারলাম না।
কলকাতা ক্লাব ক্রিকেট আজ বড় দুর্নীতির আখড়া। তা গড়ে উঠেছে সিএবি-কর্তাদের মদতে। টুর্নামেন্টের নিয়ম সে সুযোগ করে দিয়েছে। টাকার লোভে দলের দায়িত্ব সাব এজেন্সি দেওয়ার মতো করে ২-৩ হাত বদলে চলে যাচ্ছে অন্যত্র । এই শহর কলকাতাতে ৪-৫ দিনে আধার কার্ড হয়ে যাচ্ছে! প্রকৃত ভালো ক্রিকেটাররা খেলারই সুযোগ পান না- টাকার বিনিময়ে ম্যাচ খেলার সংখ্যা নির্দিষ্ট হয়।
এসবে সিএবি'তে আসা অনেক ক্লাব কর্তা সরাসরি সামনে থাকেন না। দল গড়তে দিয়ে দেন অমুক প্রাক্তন ক্রিকেটারকে, কিংবা কোনও ক্রিকেট কোচিং সেন্টারকে। কিংবা কোনও এজেন্টকে-যিনি আগে ক্লাব কর্তাকে " থৌকা" ধরিয়ে দেন, তারপর তিনি শুরু করেন টাকা তোলার খেলা। ধরা যাক - একটি মরসুমে একটি ক্লাবের কর্তা পেলেন ( এই চেইন সিস্টেমে) ৫-৭ লাখ টাকা। যে এজেন্ট দিল, এবার তার খেলা শুরু। সেই টাকা তুলে নেয় ক্রিকেটারদের খেলিয়ে দেব - এই টোপ দিয়ে। ক্রিকেটাররা টাকা দেয়-খেলেও। ভালো-খারাপের কোনও মাপকাঠি নেই। মাপকাঠি একটাই-কতো দিচ্ছো।
আর আধার কার্ড? এসব এখন জলভাত। খোঁজ নিলে দেখা যাবে প্রচুর ক্রিকেটার আছেন-যাঁদের এখানে আধার আছে। ভোটার লিস্টে এ রাজ্যে নাম নেই। আছে অন্য রাজ্যে। ১৯ বয়সের কম হলে ভোটার লিস্টের ভাবনা নেই। কলকাতা ক্লাব ক্রিকেটারদের মধ্যে এমন অসংখ্য ক্রিকেটার আছেন যাঁদের দুটি বা তিনটি করে আধার কার্ড!! টাকার বিনিময়ে তা হাতে পাওয়া যায়। আর বয়স ভাঁড়ানো? সে তো বাঁয়ে হাত কা খেল।
সিএবি সভাপতি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বোর্ড সভাপতি হলেন সেবারই বাংলার একাধিক ক্রিকেটার বয়স ভাঁড়িয়ে খেলার জন্য ধরা পড়েন। তা আবার জানা যায় বোর্ডের সিস্টেমে। বোর্ডে সেইসময় দেশের এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার কড়াভাবে এটা দেখতেন। তাঁদের সিস্টেমে ধরা পড়ে। জাতীয় জুনিয়র দলের কোচ রাহুল দ্রাবিড় এই বয়স ভাঁড়ানো বন্ধ করতে প্রস্তাব দেন বোর্ডকে। বোর্ড সভাপতি হয়ে সৌরভ আলাদা করে বেঙ্গালুরুতে গিয়ে কথা বলেছিলেন রাহুলের সঙ্গে। বেশ মনে আছে, সৌরভ এসব আটকাটে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছিলেন বোর্ডে। সব রাজ্য সংস্থাকে তা জানিয়ে দেওয়া হয়। জন্মস্থান-বয়স নিয়ে কারচুপি চলবে না। ধরা পড়লে কড়া শাস্তি। কিন্তু তারপর থেকে কিছুই আর শোনা যায় নি। রাজ্য সংস্থাগুলো নিজের মতো করে ব্যবস্থা করে নিচ্ছে!
পূর্বাঞ্চলে এখন অনেক নতুন নতুন রাজ্য রনজি ট্রফিতে খেলা শুরু করেছে। শুনে অবাক হয়েছিলাম, সেইসব রাজ্য সংস্থার রনজি দল গড়াই হয় ভিন রাজ্যের ক্রিকেটারদের নিয়ে। এজেন্ট তো গোটা দেশে সবচেয়ে বেশি মাত্রায় আছে। ফলে ১০-১৫ লাখ দিয়ে এক মরসুমে রনজিতে খেলা জলভাত ব্যাপার । আর একবার খেলতে পারলে মরসুম শেষে ক্রিকেটারটির আমদানি দ্বিগুণ। কারণ বিসিসিআই এখন ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি লাখ টাকা করে দিয়েছে। আর রোখে কে? লুটে লে।
সিএবি'র এক প্রয়াত ক্লাবকর্তার ক্লাবে এই সিস্টেম চালু ছিল যে-- আধার কার্ড বানিয়ে সিএবি'র টুর্নামেন্ট রুলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খেলে যেত ভিন রাজ্যের এক ঝাঁক ক্রিকেটার। এই ভিন রাজ্যের ক্রিকেটারদের কয়েকজন খেলতে থাকে ভিনরাজ্যের কোটায়। সে তো ৩-৪ জন। লোকাল ৮-৭ জন তো প্রথম একাদশে খেলবে। তাঁদের মধ্যেই চলে ' খেলা '। জাল আধার কার্ড দিয়ে সেইসব ক্রিকেটার সহজে হয়ে যায় "লোকাল " ক্রিকেটার।
জানলাম ভিন্নরাজ্যের ক্রিকেটারদের জাল আধার কার্ড , বয়সের জাল প্রমান পত্র এবং ভুয়ো ঠিকানা সংক্রান্ত সমস্ত জালিয়াতি ময়দানে বন্ধ করতে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বুধবার নাকি আলোচনায় বসে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গাঙ্গুলি, যুগ্ম সচিব দেবব্রত দাস, সিএবি'র নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। ছিলেন ক্রিকেট অপারেশন ম্যানেজার জয়দীপ মুখার্জিও।
কলকাতা পুলিশের তরফ থেকে উপস্থিত ছিলেন পুলিশ কর্তা মহাদেব চক্রবর্তী এবং চন্ডীচরন পান্ডা এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে উপস্থিত ছিলেন মুন্সি হাফিজ়ুর রহমান ।
এই আলোচনায় নাকি ঠিক হয়েছে কঠোরভাবে আগামীদিনে এসব দমন করা হবে। আচ্ছা-এই ৩-৪ বছর এমন চেষ্টা হল না কেন?
এরপর নাকি জাল আধার কার্ড, ভোটার কার্ড, এবং বয়সের প্রমান পত্র দেখিয়ে সিএবি টুর্নামেন্টে খেলা যাবে না। এই সংক্রান্ত সমস্ত রকম জালিয়াতি বন্ধ করতে পুলিশের তরফ থেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশের কর্তারা। সিএবি কি সেইসব জানা ক্লাব আর ক্লাব কর্তাদের শাস্তি দেওয়ার জোশ দেখাতে পারবে? পারলে -এতোদিনে তা হতো। পুলিশের সাহায্য নিয়ে ভাবতে হত না।
জানলাম, সিএবি সিদ্ধান্ত নিতে চলেছে- এবার থেকে শুধু আধার কার্ড কে হাতিয়ার করেই আর ঘরোয়া ক্লাব ক্রিকেটে খেলা যাবে না। ডকুমেন্টের স্বচ্ছতার জন্য D.M/SDO পদ মর্যাদার অফিসার অথবা প্রথম শ্রেনীর মাজিস্ট্রেটের "ডোমিসাইল সার্টিফিকেট" অবশ্যই খেলোয়াড়ের সঙ্গে থাকতে হবে । আচ্ছা, যে র্যাকেট এই আধার কার্ড জাল চক্র বিস্তার করেছে-তাদের কাছে এমন সব সার্টিফিকেট আনা তো নস্যি। সমাজে চূড়ান্ত অবক্ষয়ের নমুনা চারধারে। এইসব ভাবনা তো সিএবি নিজেদের বাঁচাতে বানাচ্ছে। বাংলার ক্রিকেটকে বাঁচাবে কবে?
সিএবি "আউটসোর্স" করে রেখেছে একটি সংস্থাকে। যে সংস্থা সফটওয়্যারের মাধ্যমে ক্রিকেটারদের সব তথ্য রাখে। এই সংস্থাকে পর্যাপ্ত সময় দিয়ে বলা হোক- প্রতিটি ক্লাবের ক্রিকেটারদের আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড অনলাইনে খুঁটিয়ে যাচাই করতে। তারপর "নো অবজেকশন" দিলে তা নিয়ে ক্রিকেটারের নাম নথিভুক্ত করুক ক্লাবগুলো । এরপরও কড়া আর্থিক শাস্তির ব্যবস্থা থাকুক ক্লাবের জন্য। সিজিন সাসপেন্ড করার মতো শাস্তি থাকুক ক্রিকেটারের জন্য। ক্লাব বলতেই পারে ক্রিকেটার যে পেপার দিয়েছে তাই সাবমিট করা হয়েছে। শাস্তির বিধান থাকলে ক্লাব আর এটা বলে পার পাবে না। কারণ ক্রিকেটারদের এই খেলায় মদত দেয় ক্লাবেরই কেউ বা কয়েকজন।
ক্রিকেটাররা ক্লাব ম্যাচে ভালো খেলে রাজ্য দলে খেলতে আসে। সেখানে সেই আগের পেপারর্সে কাজ এগুতে থাকে। কাজেই শুরুতেই এ রোগকে বিনাশ করা ভালো।
বোর্ডের ক্রিকেট অপারেশন ম্যানেজার সাবা করিম এই কাজে ইস্তফা দিয়ে চলে গেছেন। সিএবি'র অপারেশন ম্যানেজার এতোদিন ক্লাব ক্রিকেট খেলেছেন। ক্লাবের এমনসব চক্রের খবর রাখেননি! না রাখাটা এই পদের ব্যর্থতা। আর জেনেও বোবা -কালা সেজে বসে থাকা তো আরো বড় অপরাধ। আজ সিএবিতে অনেকে আছেন মোটা টাকার সরকারি চাকরি করেও এখানে নানা দায়িত্বে থেকে মোটা ইনকাম করেন। করুন। কিন্তু কোথায় সেই দায়বদ্ধতা?
আচ্ছা এই যে পুলিশের কর্তাদের সঙ্গে আলোচনা হল-তাতে লাভ কি হবে? সিএবি কি কোনও ক্রিকেটারের বিরুদ্ধে জালিয়াতির জন্য পুলিশকে রিপোর্ট করবে? তাহলে ক্লাব ( সংস্থা) বা ক্লাব প্রতিনিধি ( ব্যক্তি) বাদ যাবে না তো?
শুনলাম, বৃহস্পতিবার কর্তারা আবার বসছেন। সিএবি'র প্রাক্তন সভাপতি তথা এখনকার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও আলোচনায় অংশ নেবেন। বাংলার গৌরব সৌরভকে শুধু একটাই অনুরোধ....যোগ্য প্রতিভাদের জন্য কিছু ভালো প্রস্তাব দিন। এই আলোচনার পর তাঁর আমেদাবাদ যাওয়ার কথা, ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচে মাঠে থাকবেন। জানি আপনি এখন দেশের ক্রিকেটের শেষ কথা। ভেবে দেখবেন-বাংলার জন্য এসবই আপনার পাওয়া। আপনার ক্ষমতায় ভরসা রাখি। স্নেহাশিস আর অভিষেকের সদিচ্ছা আছে। কিন্তু ময়দানের ভোট রঙ্গে না মেতে এই সংকট থেকে ক্লাব ক্রিকেট আর বাংলার ক্রিকেটারদের বাঁচান।



No comments:
Post a Comment