শুরু হচ্ছে ক্ষতে মলম লাগানোর কাজ। ক্ষতটা বিরাট বাহিনী বয়ে চলেছে এক মাসের বেশি সময় ধরে। এই ইংল্যান্ডেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার ক্ষত। প্রথমবারের খেতাব জেতা হয়নি। সেই ইংল্যান্ডেই শুরু হচ্ছে দ্বিতীয়বারের লড়াই। প্রতিপক্ষ ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজের লড়াই। খেলা নটিংহামে। ২০১৮ সালে শেষবার এই দুই দলের টেস্ট সিরিজে যেখানে ভারত একমাত্র টেস্টটি জিতেছিল। সিরিজ হারতে হয়েছিল ১-৪ ম্যাচ। ২০০৭ সাল। মানে ১৪ সাল আগে শেষবার ভারত এই ব্রিটিশদের ঘর থেকে টেস্ট সিরিজ জিতে নিয়ে গিয়েছিল।
যুক্তি তক্কো গপ্পো - সবই বলছে, কোনও সন্দেহ নেই, টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলি। যদিও মাঠে নিজের অনেক কিছু করে দেখানোর তাগিদটা রয়েছে।
২০০৭ সালের নেতা রাহুল দ্রাবিড়ের সঙ্গে এক সারিতে এবার দাঁড়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে যারা ভিকে-কে ট্রল করে, তাদের নেতা ভারতের এবার ইংল্যান্ড বিজয় চাই। তাহলে তিনি হবেন দেশের একমাত্র নেতা - যিনি অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জেতেন। ইংল্যান্ডেও জেতেন।
নেতা দলের সামনে নমুনা হতে পারেন। কিন্তু টিম গেমে একেই সব করতে পারেন না। দলকে একজোট হয়ে করতে হয়। বাড়তি দায়িত্বও নিতে হয়। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় কি হাল হয়, তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা গেছে। বোলারদের নির্দিষ্ট পরিকল্পনায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হয়। সজাগ থাকতে হবে বিপক্ষের লোয়ার অর্ডারে ব্যাট হাতে যারা আসবে, তাদের তাড়াতাড়ি ফেরত পাঠাতে হবে। আমাদের লোয়ার অর্ডার 'আয়ারাম গয়ারামে' অভ্যস্ত। উল্টো শিবির আবার ঠিক উল্টো।
তাই টিম ম্যানেজমেন্টের এই সিরিজে প্রতিটি টেস্টে সেই টেস্টের জন্য দল বাছাই করে নামাটা খুব জরুরী। যেমন প্রথম টেষ্ট। ৪ অগাস্ট থেকে শুরু। ওয়েদার রিপোর্ট বলছে, পাঁচদিনের ম্যাচে বৃষ্টি ঝামেলা করবে। পিচ দেখে ওখানকার ক্রিকেট বিশেষজ্ঞরা বলেই চলেছেন, শক্ত আর বাউন্স পিচ। বেশ গরম ওখানে। অগাস্ট আর সেপ্টেম্বর বেশ গরম থাকে ইদানিং। স্পিনাররা তাতে সুবিধা পায়। তাহলে?
সিরিজ শুরুর আগে চলুন সকলে একবার দেখি ভারত এগিয়ে কোথায়। আর পিছিয়ে কোথায়।
আবারও টেস্ট ওপেন করতে নামতে হবে ভারতের নুতন জুটিকে। রোহিত আছেন। কিন্তু গিল নেই। চোট পেয়ে দেশে ফিরেছেন। এই টেস্টে নেই শ্রীলঙ্কা থেকে অনানো পৃথ্বী শ। ৪৮ আগে নেটে ব্যাট করার সময় পেসার সিরাজের বলে মাথার পিছনে চোট পান ময়াঙ্ক আগরওয়াল। সেই ময়াঙ্ক - যিনি টেস্ট দুটি ডবল সেঞ্চুরি করে ফেলেছেন। তিনিই রোহিতের সঙ্গী হতেন। কিন্তু চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারবেন না। ভাবনায় এখন কে এল রাহুল। কয়েকদিন আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন। আত্মবিশ্বাস জমাট হবে। এই ইনিংসটি তিনি খেলেছিলেন মিডল অর্ডারে। রাহুলকে ঠেলে উপরে না পাঠালে পুজারাকে নুতন বল খেলতে পাঠানো যায়। নতুবা হনুমা বিহারী। মানে, ওপেনার নিয়েই ওপেনিং টেস্ট বেজায় চিন্তায় ভারত।
টপ অর্ডারের রান চাই:
রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি - সঙ্গে অজিঙ্কা রাহানে। হালে এই চার মূর্তির ব্যাট মোটেই দলকে ধারাবাহিক সাফল্য এনে দিতে পারছে না। সেই ২০১১ লর্ডসে , ২০১৪ আর ২০১৮ তে - মাত্র তিনবার ৫০ রানের গণ্ডি টপকাতে পেরেছিল ওপেনিং জুটি।
টেস্ট ক্রিকেটে এমন অনেক নজির আছে, টপ অর্ডারের ব্যাটসম্যানরা মজবুত রানের ভিত গড়ে দিতেই, পরের ব্যাটসম্যানরা গিয়ার বদলে দলের রান বহুদূর টেনে নিয়ে গেছে।
একটা ম্যাচ মনে পড়ে যাচ্ছে। ২০০২ সালে ইংল্যান্ড সফর। লিডস টেস্ট ওপেনার সঞ্জয় বাঙ্গার ২৩৬ বলে ৬৮ রান করেছিলেন। আর তারপর রাহুল দ্রাবিড় ১৪৮ রান করেছিলেন ( ৩০৭ বলে), সচিন তেন্ডুলকর ১৯৩ রান করেন (৩৩০বলে) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ১২৮ রান (১৬৭ বলে) দিয়ে দলের রান ৬২৪ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।
এবার চিন্তা এখানেই। রোহিত ধারাবাহিক সফল নন। পূজারা এখনও পুরনো ছন্দ ফিরে পাননি। অ্যান্ডারসন আর কোহলি লড়াই থাকছেই। রাহানে চোট সরিয়ে কেমন ছন্দে থাকেন, সেটাই দেখার।
তুরূপের তাস মিডল অর্ডার :
সারাক্ষণ প্রচুর প্রথম একাদশ দেখা হয়ে গেছে। অধিকাংশই এক স্পিনার আর ৪ পেসার নিয়ে গড়া। তাতে কিন্তু মিডল বা লোয়ার মিডল অর্ডার আরও মজবুত হবে না। বরঞ্চ, দুই স্পিনার আর তিন পেসার হলে জাদেজা খেলবেন। তিনি আর অশ্বিন কী কী পারেন ব্যাট হাতে - জানা হয়ে গেছে। তাহলে, বিরাট - রাহানে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে এলেই দলের ব্যাটিং ল্যাজ বেড়িয়ে পড়বেনা। সঙ্গে ঋষভ পন্থ আছেন - জানি। কিন্তু পন্থ তো সেই ক্যামিও গোছের ব্যাটিং করবেন। হয় বিপক্ষ বোলিং হামাগুড়ি খাবে, অন্যথায় তিনি হামা দিয়ে ফিরবেন। সঠিক বল বেছে খেলতে হবে এই মিডল অর্ডারের ব্যাটসম্যানদের।
টেস্ট জেতা যায় ব্যাটসম্যানদের দাপটে, আর বোলারদের সাফল্যে। ম্যাচে ২০ টি উইকেট চাই। যে ছবি টেস্টের তিনদিন আগে থেকে দেখছি, তাতে পিচে সবুজ হাল্কা ঘাস আছে। বিপক্ষের নায়ক পেসার অ্যান্ডারসন তো বলেই দিয়েছেন, 'ভারতে গিয়েছিলাম, স্পিনারদের সাহায্য করবে এমন পিচ দাওয়া হয়েছিল। হোম অ্যাডভান্টেজ। আমাদের এখানে সবুজ উইকেট দেখে কোহলিদের কোনও আপত্তি কেন থাকবে! আর ওদের দলের পেস বোলারদের দক্ষতাও কম নয়।'
সবুজ গালিচা হবে না। কারণ ইংল্যান্ড দলের ব্যাটিং যে মোটেই চোস্ত নয়, তা নিউজিল্যান্ড দেখিয়ে দিয়েছে। কাজেই ব্যাটিং সহায়ক কিছু তো থাকবে। শক্ত হবে পিচ। এখানে ভারতের উচিৎ সিরাজকে খেলানো। তিনি তো তিন ভারতীয় ব্যাটসম্যানকে ঘায়েল করে দেশে ( সুন্দর ) ফিরিয়েছেন, নয়তো বিশ্রামে ( আগরওয়াল) পাঠিয়েছেন। ম্যাচে খেলানো উচিৎ। বুমরাহকে বসিয়ে। সামি থাকুক। সঙ্গে ইশান্ত।
দেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, গোটা সিরিজটায় বিশ্ব সেরা দুই ক্রিকেটারের টক্কর দেখতে চান। বিরাট কোহলি বনাম জেমস অ্যান্ডারসনের।
গ্রিম সোয়ান বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবুও ভারতই সিরিজ জিতবে।
এই টিম ইন্ডিয়ার পেসার উমেশ যাদব যখন বলেন, ' ক্যাপ্টেন কোহলি আর কোচ রবি শাস্ত্রী আমাদের বুঝিয়ে দিয়েছেন, কি করতে হবে আমাদের। সকলে তৈরি। শেষ মুহুর্তে বল্লেই, সে সেরাটা দিতে আত্মবিশ্বাসী।'
জোফ্রা আর্চার এই সিরিজ থেকেই সরে দাঁড়িয়েছেন চোট না সারার জন্য। এমনকি তিনি আইপিএলেও খেলতে যাচ্ছেন না।
সুনীল গাভাসকর বলেই দিয়েছেন, কে এল রাহুল শেষবার ইংল্যান্ডে যে টেস্ট খেলেছিলেন, তাতে সেঞ্চুরি ছিল। আর এমন গরম আবহাওয়া চলতে থাকলে ভারত ৪-০ তে সিরিজ জিতবে। অন্যথায় জিতবে ৩-১ টেষ্টে।
ভারতের অ্যাডভান্টেজ থাকছে , উল্টো শিবিরে এবার বেন স্টোকসের মতন অলরাউন্ডার নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি মানসিক স্বাস্থ্য ঠিক করতে চান। কোহলিও বলেছেন, এমন বায়ো বাবলস কালচারে অনেক ক্রিকেটার চাইবেন এমন ব্রেক নিতে।
এবার আবার ' লগন' পর্ব শুরু হচ্ছে।
ছবি: সৌ - টুইটার





বাহ্। ছোটবেলায় সেই আনন্দ মেলা বা শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখার কথা মনে করিয়ে দিলে।
ReplyDelete🙏
Delete