Thursday, June 11, 2020

শ্রীলঙ্কার প্রস্তাবে বিসিসিআইয়ের "না"! নয়া নীতির লড়াই






দীপঙ্কর গুহ 


শ্রীলঙ্কায় গিয়ে আগামী আগস্টেই সিরিজ খেলতে রাজি- একদিন আগেই ফলাও করে প্রকাশ করেছিল দেশের মিডিয়া। কিন্তু একদিন পার হতে না হতেই সেই সিরিজ স্থগিত ঘোষণা করলো ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার একটি পত্রিকায় প্রকাশিত খবর উদ্ধৃতি করে প্রচারমাধ‍্যমে প্রায় সবাই প্রকাশ করেছিল, শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে বিসিসিআই। তবে, এ বিষয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা। অনুমতি পেলেই সফর চূড়ান্ত করবে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড।

কিন্তু একদিন পরই করোনাভাইরাসের কারণে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানানো হল দুই বোর্ডের পক্ষ থেকে। দুই বোর্ডই জানাচ্ছে, পরিস্থিতি এখনও সিরিজ খেলার উপযুক্ত নয়।

সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারত-শ্রীলঙ্কার। নিয়মিত সূচি হিসেবে চলতি মাসেই (জুন) শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সফর স্থগিত করা হলেও হঠাৎ শ্রীলঙ্কার আগ্রহে আবার তা আলোচনায় সামনে চলে আসে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিবেশ-পরিস্থিতি এখনও কোনো সিরিজ আয়োজনের জন্য ইতিবাচক নয়। এ কারণে সিরিজটি স্থগিত ঘোষণা করা হল।’ একই সঙ্গে তারা আরও জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দেশের সরকার এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।
করোনাভাইরাসে শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত মাত্র ১১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ১৮৭৩ জন। দেশটিতে এখন লকডাউন শিথিল করে জনজীবন স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনা হয়েছে।
তাহলে বিসিসিআইয়ের হঠাৎ সমস‍্যা কোথায় হল? বোর্ডের বেশ কয়েকজন কর্তার সঙ্গে কথা বলতেই অবাক হতে হল।  দুটি বড় ইস‍্যুর কথা সামনে চলে আসছে। এক, টিভি স্বত্ব। ভারতে খেলা হলে যে টিভি সংস্থা সম্প্রচার স্বত্বাধিকারী তারা কিন্তু শ্রীলঙ্কায় কোনো ক্রিকেট খেলা দেখানোর সঙ্গে যুক্ত নয়। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে আর  বিসিসিআইয়ের সঙ্গে এই একই টিভি চ‍্যানেল সংস্থার চুক্তি আছে। তাই কী করোনা ভাইরাসে বিপর্যস্ত অস্ট্রেলিয়াতেও খেলার জন‍্য ১৪ দিনের কোয়াররন্টাইনে থাকতেও রাজি কোহলি-রবি বাহিনী! কারণ কী এটাই, যে কোভিড ১৯ পর্বের পর নির্দিষ্ট চ‍্যানেলেই কোহলিদের খেলা দেখানো শুরু হোক এটাই চায় ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তারা ? কারণ কী এটাই যে, সেই স্পোর্টস চ‍্যানেলের সেলস আর মার্কেটিং টিম একটানা নিজেদের চ‍্যানেলের খেলা দেখানোর জন‍্য মোটা অর্থের বিজ্ঞাপন তুলে নিতে চায়? বলা হল, আপাতত এই ছোট্ট সফর বাতিলের কারণ-করোনা ভাইরাসের সংক্রামন। কিন্তু শ্রীলঙ্কায় এই করোনার দাপাদাপি কম।  সেই দেশে গিয়ে বরঞ্চ কোহলিরা এই তিন-চার মাসের  গৃহবন্দী-জড়তা কাটিয়ে আবার মাঠে নামতে পারতো। অস্ট্রেলিয়া সফরের আগে নিজেদের সমান‍্যতম প্রস্তুতি সারা তো হতো? 
আর দ্বিতীয় কারণ হতে পারে, আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের লড়াই। এশিয়ান ক্রিকেট সংস্থার  সভায় এশিয়া কাপ করার টার্ম থাকা পাকিস্তান বোর্ড  করোনা কম্পনে টুর্নামেন্ট বাতিল না করে - শ্রীলঙ্কা বোর্ডকে অনুরোধ করে এবারের টুর্নামেন্ট তাদের দেশে আয়োজন করার। বর্তমান আইসিসি প্রেসিডেন্ট ভারতের প্রাক্তন বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরের কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে জুলাইয়ে। তিনি আবারও এই পদে থাকতে নারাজ। তাঁর সঙ্গে সুসম্পর্ক পাকিস্তান বোর্ডের দায়িত্বে থাকা অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক এহেশান মানি'র। আইসিসির শীর্ষ পদে শশাঙ্ক চান এরপর মানিকে ( পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে পাক বোর্ড চালানোর দায়িত্ব দিয়েছেন)। এই ইস‍্যুতে পাকিস্তান সরকার সবুজ সংকেত দিয়ে রেখেছে এহসান মানিকে। এই অবস্থায় ইংল‍্যান্ডের সম্ভাবনাকে চ‍্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই পরিকল্পনা। আই সি সি এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে আপাতত স্থগিত ঘোষণা করেনি। জুলাই মাসে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। আবার একদিন আগেই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি দেশের সব অনুমোদিত সংস্থাকে মেল পাঠিয়ে জানালেন- এইবছরই আইপিএল হবে। এটা কি সম্ভব, আইসিসি ৪৫ দিনের উইনডো না দিলেও ভারতীয় বোর্ড আইপিএল করে ফেলবে? তাহলে এই সম্ভাবনা প্রবল যে আরব রাজ‍্যের মাঠে অগাস্ট- সেপ্টেম্বরে আইপিএল করে ফেলা? আইপিএল হলে বিসিসিআই মোটা টাকার আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবে। আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ স্পোর্টস চ‍্যানেলটির সুবিধা হবে। কারণ আইপিএলের টিভিতে দেখানোর স্বত্ব তাদের হাতে। বোর্ডের একাংশ এসব সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। সেই অংশের দাবি, সরকারিভাবে বোর্ড সচিব জয় শাহের মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসে। তাই বোর্ড সচিব কোনো মেল বা বোর্ডের হয়ে বক্তব্য রাখতে পারছেন না। সভাপতি সৌরভের এই জুন মাস পর্যন্ত মেয়াদ। তা এখনও বহাল বলে বোর্ডের তরফে তিনিই সামনে আসছেন। আর অনেকক্ষেত্রে প্রচার মাধ্যমে বক্তব্য রাখতে দিতে এগিয়ে দেওয়া হচ্ছে বোর্ড কোষাধ‍্যক্ষকে। বোর্ড সভাপতি আর সচিব- এঁদের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দারস্থ বোর্ড। সুপ্রিম কোর্টে সেই মামলা এখনও "ডেট" পায়নি। করোনা ভাইরাসে জেরবার দেশ। বিশেষত দিল্লি। কোর্ট বন্ধ। জুলাইয়ের আগে তা খোলার সম্ভাবনা খুবই কম। তাহলে সৌরভ - জয়ের ভবিষ্যৎ? তিন বছরের কুলিং পিরিয়ড? এইসব ইস‍্যুর মাঝে আইসিসি'র সঙ্গে আইপিএল আয়োজন করা নিয়ে চলছে বিসিসিআইয়ের স্নায়ু যুদ্ধ। হতাশার বিষয় হল, সৌরভের মতোন দক্ষ ক্রিকেটার আজ বোর্ডের শীর্ষে থাকতেও " ক্রিকেট" আজ প্রাধান্য পাচ্ছে না। পাশ কাটিয়ে প্রাধান্য পাচ্ছে " ক্রিকেট কূটনীতি " আর " অর্থ টানার নীতি"! 


2 comments:

  1. দারুণ। কত কিছু টিভির পর্দায় আসে না। আআসে শুধু তোমাদের লেখায়

    ReplyDelete

মাহি, বিদায় নয়… তুমি তো ক্রিকেটের এক চিরস্থায়ী অধ্যায় ❤️🏏

দীপঙ্কর দে ( সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, কলকাতা)  কখনও কখনও একটা খবর খবর থাকে না—একটা যুগের শেষ হয়ে যায়। MSD - র আই পি এল থেক...