দীপঙ্কর গুহঃ
এই না হলে ভারতীয় ক্রিকেট! এখানেই এমনসব কান্ড ঘটা সম্ভব। চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের লড়াইয়ে বিরাটের ভারতকে প্রথমটিতে হার মানতে হয়েছে তিন দিনেই। শনিবার মেলবোর্নে ভারত অজিদের বিরুদ্ধে শততম টেস্টটি খেলতে নামছে। আর তারজন্য বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার বাদ! ৩৬ রানে ভারতীয় দলের ব্যাটিং মুড়িয়ে গেল! ঋদ্ধিমান সাহা নাকি ব্যাটিংয়ে ভরসা দিতে পারেননি। তাই ব্যাটিং মিডল অর্ডার আরও ঙ্গঙ্গশক্তিশালী করতে এই ভাবনা। ভালো ভাবনা। সাত প্রকৃত ব্যাটসম্যান দলকে লজ্জার "৩৬" থেকে টেনে "৪২" ( এরআগে এটাই ছিল এতদিনের মধ্যে টেস্টে সবচেয়ে কম রানের ইনিংস ) পর্যন্ত টানতে পারেনি। তার দায় একা ঋদ্ধির?
একবার একটু পিছনে তাকানো যাক। বোর্ড সভাপতি হয়ে সৌরভ টেস্টের জনপ্রিয়তা বাড়াতে ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ করিয়েছিলেন। সঙ্গে ছিল সাদা বলের বদলে প্রথমবার পিঙ্ক বল। দিন-রাতে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেবার হেলায় জেতা গিয়েছিল। তখনই মাথাচাড়া দিয়েছিল অস্ট্রেলিয়া সিরিজে পিঙ্ক টেস্ট নিয়ে আলোচনা। শুরুতেই রবি -কোহলিদের আপত্তি ছিল। পরে বোর্ড সভাপতি সৌরভের হস্তক্ষেপে এই অমত সহমতে বদলে যায়। কিন্তু সেইসময় থেকেই অজি শিবির তাল ঠুকেছিল এই পিঙ্ক বল টেস্ট লড়াই নিয়ে। অজি শিবির নাকি এই পিঙ্ক বলের প্রস্তুতি শুরু করেছিল তখন থেকেই। ভারতীয় ব্যাটসম্যানদের জন্য হোম ওয়ার্ক চলেছিল। কোহলির বোলারদের নিয়েও অজি ব্যাটসম্যানরা হোম ওয়ার্ক করেছে বিস্তর। তারই ফলঃ তিনদিনে জয়। দ্বিতীয় ইনিংসে ভারতের টেস্টে সবচেয়ে কম রান। ৩৬ রানে থেমে গিয়ে ম্যাচে ৮ উইকেটে হার। প্রথম ইনিংসে কিন্তু টিম ইন্ডিয়া এগিয়েছিল ৫৩ রানে! এই লজ্জাজনকভাবে হার মানার পর বোর্ড সভাপতি নাকি বিদেশের মাটিতে "পিঙ্ক টেস্ট" খেলা নিয়ে ব্যাকফুটে যাওয়ার কথা ভাবতে শুরু করেছেন। অন্ততঃ সিরিজের প্রথম টেস্ট তো আর খেলবেই না। টিম ম্যানেজমেন্টও চায় না।
পিঙ্ক বল টেস্টের স্কোরকার্ডে নজর রাখা যাক। দেখা যাবে- ম্যাচটিতে অজি উইকেটকিপার ৭ টি ক্যাচ গ্লাভসে বন্দি করেছেন। অর্থাৎ অজি বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের বাধ্য করছেন ওভাবে আত্মসমর্পণ করতে। আর ভারতীয় বোলাররা? উইকেটকিপার সাহা একটিও এমন সুযোগ পাননি ক্যাচ গ্লাভস বন্দি করার। উল্টে ক্ষিপ্র গতিতে ফিটনেসের চূড়ান্ত প্রমাণ দিয়ে দু'ইনিংসে দুটি রান আউট করেন। বোলারদের হোম ওয়ার্ক চোস্ত ছিল না। উল্টো ভারতীয় সাপোর্ট স্টাফরা কি দেখেছিলেন - অজি ব্যাটসম্যানরা ক্রিজে এসে মিডল-অফ স্টাম্পের গার্ড নিয়ে দাঁড়াচ্ছিলেন? শাস্ত্রী হয়তো কমেন্ট্রি বক্সে থাকলে এটা ধরতে পারতেন। টিম সাজঘরে বসে ঢুলুনি ওকে এসব করতে দেয়নি হয়তো। তাই "বিজ্ঞ" রবি বাবু ভরত অরুণকে বলতে পারেননি নিজ দলের বোলারদের লাইন বদলে প্ল্যান 'বি' তে যেতে। থুড়ি- প্ল্যান ' বি' কি আদৌ ছিল?
এবার দেখা যাক ঋদ্ধি কী কী অবস্থার মধ্য দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটার সৌরভ জাতীয় দল থেকে বাদ পড়লে স্বয়ং জগমোহন ডালমিয়াকে দিয়ে সিএবি থেকে প্রতিবাদের সুরে মেল পাঠানো হয়েছে। যা পরবর্তীকালে সিএবি কর্তা হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় করেননি মনোজ তিওয়ারির জন্য। এখন তো তিনি বোর্ড সভাপতি। আরও ক্ষমতাবান। আর জগমোহন ডালমিয়ার একমাত্র ছেলে অভিষেক সিএবি'র সভাপতি। ওঁনার দক্ষ- প্রশাসক বাবা যা করেছিলেন সৌরভের জন্য, ঋদ্ধির জন্য এবার কিছু তো করবেন অভিষেক? নাকি- বোর্ডের সমীকরণে গা ভাসিয়ে রাখবেন? কিন্তু তিনি নিশ্চয়ই তাঁর "মহারাজ"দার লড়াই আর উত্তরবঙ্গের এক জেলার "পাপালি"র লড়াইকে মিশিয়ে ফেলবেন না। পাপালি ঋদ্ধির ডাকনাম। নানান সময় চোট-আঘাত সমলে লড়াইয়ে ফিরেছেন বারবার। কোনও গড ফাদার ছাড়াই। আর ধোনির আড়ালে রয়ে গেছে বছরের পর বছর।
এসব প্রশ্ন-একবগ্গা সমালোচনা ( অনেকেই বলতে পারেন এতোটা পড়ে) সরিয়ে রাখি। সম্ভাবনা আলোচনা করা যাক। কোহলি-শাস্ত্রীর টিম ম্যানেজমেন্টের প্ল্যান হল- জোড়া স্পিনার খেলালে টেস্টে উইকেটের পিছনে গ্লাভসে থাকুক ঋদ্ধি। আর সীমিত ওভারে পন্থ। এখন তো পন্থের চ্যালেঞ্জার কে এল রাহুল। তাই কি পন্থকে গলি থেকে রাজপথে আনতে টার্গেট ঋদ্ধি? টিম ইন্ডিয়ার প্ল্যানমাফিক দ্বিতীয় টেস্ট খেলতে নামলেন পন্থ। বাঁহাতি ব্যাটসম্যানটি সফল্য পেলে ভালো। পরের টেস্টে তা আর হল না। কিংবা অশ্বিন আর জাদেজার বলে কিপিং ঠিক মতো করতে পারলেন না। তাহলে আবার ঋদ্ধিকেই প্রথম একাদশে আনা হবে তো? পন্থদের মতো এমনভাবে সুযোগ কোনও বাংলার ক্রিকেটার শেষ কবে পেয়েছেন? সৌরভ বলতে পারবেন? এইসব পরীক্ষা -নিরীক্ষার পর অজি সিরিজে আরও ব্যর্থতা জুটলে বোর্ড সভাপতি রবি শাস্ত্রীকে কড়া কথা শোনাতে পারবেন তো? নাকি বিজেপি কর্তাদের প্রিয় রবিবাবুকে রেহাই দেবেন।
কেউ কেউ আবার আরেক তত্ব নিয়ে ঘুরছেন। টেস্টে দেশে এক কিপার, আর বিদেশে অন্য কিপার! বিচিত্র। কোহলি ফিরে আসতে রাহানে নেতা। নিজের অফ ফর্ম। রবি শাস্ত্রী যা বলবেন তাই করবেন। একটাই আশা চেতন শর্মা ( শাস্ত্রীর সমসাময়িক ) জাতীয় নির্বাচন কমিটির নয়া চেয়ারম্যান হলেন। একসময় এই বাংলায় খেলে গেছেন। সৌরভ ইচ্ছে করলেই এঁনাকে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়ে দিতে পারেন। বোর্ড সভাপতি তা করবেন কিনা- তা তিনিই জানেন।
জানতে পারলাম দ্বিতীয় টেস্টের আগের দিন নেটে ব্যাটিং অর্ডার বলে দেয় দলে নেই ঋদ্ধি। কোহলির জায়গাটাতে দলে ফিরছেন জাদেজা। শুভমান গিল আসছেন। পৃথ্বী শাহ আপাতত বিশ্রামে। শামি চোটের জন্য খেলতে পারবেন না আর এই সিরিজে। অভিষেক ঘটতে চলেছে মহম্মদ সিরাজের। অর্থাৎ পাঁচ বোলার। আর ছ' ব্যাটসম্যান। ময়াঙ্ক দলে। আর শুভমান। তাহলে বাঁহাতি টেস্ট ওপেনার হয়ে নিশ্চিতরূপে আসবেন না পন্থ। তাঁর জায়গা সেই মিডল অর্ডারে। হ্যাজলউড আর কামিন্সের বোলিং ছন্দকে যদি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়তে পারে ভারতীয় ব্যাটিং-তাহলে সিরিজের রং বদলাতে পারে। কবে যে দলের সঙ্গে যোগ দিতে পারেন রোহিত শর্মা - তাও দেখার।
ভারতীয় দলের ক্রিকেটারদের পিঙ্ক টেস্ট শেষে শাস্ত্রী বাহিনী বলেছিলেন," ভুলে যাও আগের ম্যাচটা। মনে করো তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে। নেটে প্র্যাকটিস দেখে চূড়ান্ত দল গড়া হবে।" তা কি হলো- শাস্ত্রী মশাই? নিজেকে প্রশ্ন করুন।
ঋদ্ধিকে কিছু কথা লিখি। শান্ত স্বভাব। মনের জোর দারুণ। ওঁর কোচ শিলিগুড়ির জয়ন্ত ভৌমিক যেমন বিশ্বাসই করতে পারছেন না ফিট পাপালি টেস্টে কিপিং করবেন না। কারণ জানতে চাইছিলেন বারবার। সৌরভের সাফল্যের একটা পন্থা নিজে দেখেছি দিনের পর দিন। নিজের ব্যাটিং পরিসংখ্যান মুখস্ত থাকতো। সব ভালো পরিসংখ্যানে বারবার চোখ বুলিয়ে রাখতেন। ঋদ্ধি - আপনিও দেখুন। আপনার টেস্ট ব্যাটিং গড়ঃ ২৯.০৯। খেলেছেন ৩৮ টি টেস্ট। আর পন্থ? ১৩ টি টেস্টে তাঁর গড়-৩৮.৭৬। ওঁরা এটাই হাতিয়ার করবে। সুযোগ আপনি আরও পাবেন। হ্যাঁ-এই ৩৬ বছর বয়সেও। পন্থরা ২৩ বছর বয়স নিয়ে আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবেই। জানি ধোনির জন্য আপনাকে শুরু থেকে অপেক্ষায় দিন গুনতে হয়েছে। তবু আপনি চ্যালেঞ্জ নিয়েই মাঠে থাকেন- অস্ট্রেলিয়ার মাঠেই সেটার প্রমাণ রেখে আসবেন। প্লিজ।



খেলে প্রমান করার জায়গা নেই। না, সৌরভ, বিসিসিআই প্রধান হওয়া সত্ত্বেও। এটা ওর নিজের কাছেই লজ্জার। ঋদ্ধির হয়ে একটা কথাও খরচ করলো না, অভিষেক তো আরও এক কাঠি ওপরে। প্রচন্ড মানসিক জোর লাগবে, ঋদ্ধির, সেটা সময়ই বলবে, পারবে কি না। তবে যতক্ষণ রবি ঘুমানো শাস্ত্রী আছে, সে সম্ভাবনা খুবই ক্ষীণ।
ReplyDeleteঅবশ্যই জোরালো লেখা, দীপঙ্কর।
Ei muhurte 'HONOURABLE' Coach ke na shoraaley shudhu Wriddhi noi, puro team tar immediate bhobishyoth ondhokar hoe jabe......
DeleteOpurbo bhabe tule dhorechen Dipankarda......
Deleteপ্রাদেশিকতা কে আস্কারা না দিয়েও বলছি,সর্বভারতীয় ক্ষেত্রে চিরকালই আমাদেরকে পিছিয়ে ঠেলে রাখা হয়।যোগ্যতা থাকা সত্ত্বেও।এখানেও তার প্রকৃত উদাহরণ.... তবে আওয়াজ ওঠা উচিত,এই ঘটনার...
ReplyDeleteসময়োপযোগী লেখা, কিন্তু ভারতীয় ক্রিকেটে প্রাদেশিকতার অভিযোগ নতুন কিছু নয়। কোচ রবি শাস্ত্রীকে নিয়ে অবিলম্বে কিছু না ভাবলে (প্ল্যান-বি 🙂), ভারতীয় ক্রিকেটকেই আইসিইউ-তে পাঠাতে হবে
ReplyDeleteজাস্ট আগের নিউজিল্যান্ড সফরে, ঋদ্ধিকে বসিয়ে, ঋষভ পান্থ সবকটা টেস্ট খেলেছিল। সেখানে ব্যাটিং এ কি করতে পেরেছিল সবাই দেখেছে। টোটাল চারটে ইনিংসের একটাতেও দুই অঙ্কের রানে পৌঁছয়নি। এমনকি যে দুটো ওয়ানডে খেলেছিল তাতেও তার "মারকাটারি ব্যাটিং" কোন "মার মার কাট কাট" করতে পারেনি। বীতশ্রদ্ধ কোহলি তাকে বাকি ওয়ানডে থেকে বাদ দিয়ে দেন।
ReplyDeleteঋদ্ধির ব্যাটিং অ্যাভারেজ তিরিশ। এটাকে খারাপ বলার আগে একটু স্ট্যাটটা জেনে নেওয়া যাক। ভারতের হয়ে কম করে তিরিশটা টেস্ট খেলেছে, এমন উইকেটক কিপারের মধ্যে, একমাত্র মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অ্যাভারেজ ঋদ্ধির চেয়ে বেশি। বাকি নামিদামি উইকেটকিপার, যেমন নয়ন মোঙ্গিয়া, কিরমানি, কিরণ মোরে প্রভৃতির ব্যাটিং অ্যাভারেজ ঋদ্ধির চেয়ে কম।
কিন্তু এইসব বাদ দিয়েও, আমার বক্তব্য হল ঋষভ পন্থ কে যেমন পুরো একটা সিরিজে সুযোগ দেওয়া হয়েছে, ব্যর্থ হয়েছে, তবু দল থেকে বাদ দেওয়া হয়নি। তেমন ঋদ্ধিকে একটা সিরিজে পুরো সুযোগ দেওয়া হোক। অন্তত তিনটে টেস্ট নিশ্চিন্তে খেলতে দেওয়া হোক, যদি না পারে ছেঁটে ফেলুক, পান্থের মত আর সুযোগ দিতে হবে না।
মুশকিল হল বাঙালিদের সঙ্গে এটা বারবার হয়েছে। এর আগের দীপ দাশগুপ্ত বলে একটা কিপার ভারতীয় দলে সুযোগ পেয়েছিল, সেঞ্চুরিও করেছিল, তখন বলা হয়েছিল ব্যাটিংটা ভালো পারে, কিন্তু কিপিং পারেনা। এই বলে বাদ দিয়ে দিয়েছিল। আমি সিওর, পান্থ যদি বাঙালি ক্রিকেটার হত, তখন বলা হত, ক্রস ব্যাটিং করে, আসল সময় ব্যর্থ হয়, চলবে না।