দীপঙ্কর গুহ ঃ
আপনি গায়ক থেকে আজ জন- প্রতিনিধি। সাংসদ। খুব ছেলেবেলা থেকে আপনাকে দেখা আর চেনার সুযোগ আমার হয়েছিল। ব্যান্ডেল ডন বসকো স্কুলে পড়তেন। স্কুল ছুটির পর বড়াল গলির বাড়ি থেকে সর্বজনীন ক্লাবের গঙ্গা পাড়ের মাঠে ফুটবল খেলতে আসতেন। আমাদের কিছু বন্ধু গাবলু-গুবলু চেহারার আপনার সঙ্গে খুনসুটি করতো। ক্রেডিট নিচ্ছি না, সেদিন আমি ছোট্ট আপনাকে তখন আড়াল করে আপনাদের সমবয়সীদের সঙ্গে খেলার জন্য পাঠিয়ে দিতাম। ফুটবলপ্রেমী আপনি। মোহনবাগান সাপোর্টার। মাঝে মধ্যে গায়ক আপনাকে ইডেনে দেখেছি। তিন তলার ঝুলন্ত প্রেস বক্সে কয়েকজন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে হাই-হ্যালো করতে আসতেন। সৌজন্য আদান প্রদান হতো। কতো ছোটো থেকে আপনাকে চিনি। গর্ব বোধ হয়। এরপর রাজনীতিতে যখন পা রাখলেন- একটু অবাকই হয়েছিলাম। মনে হত, হুগলিতে দেবীপার্কের দুর্গোপুজোর সময় মঞ্চে মাইক ধরে গাওয়া বাবুলই তো ভালো। আপনার গানে ফ্যান আজও। যখন সাংসদ হলেন - সত্যি গর্বিত হয়েছিলাম। আপনার অলরাউন্ড এবিলিটি দেখে।
কিন্তু কী দরকার ছিল, ফেসবুকে আর টুইটারে সিডনিতে হনুমা বিহারী ব্যাটিং নিয়ে বোকাবোকা কথা লিখার? আপনি কেন খেয়াল রাখেননা আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। একজন ক্রিকেটার ব্যাট হাতে কী অবিশ্বাস্য লড়াই লড়ালেন দেশের সম্মান বাঁচাতে--আর আপনি কি লিখলেন! দল জিতে যেত, বিহারী যদি এমন খুটখুট করে না খেলতো! আপনি আবার এসব লেখার সঙ্গে আবার ফুট নোটের মতন লিখলেন-ক্রিকেটটা নাকি তেমন বোঝেন না। যখন বোঝেনই না - তখন দেশের সেন্টিমেন্ট নিয়ে এসব লিখলেখি কেন! প্রচারে থাকতেই হবে!
হনুমা বিহারী সিডনি টেস্টের শেষ দিন দেখিয়েছেন জান বাজি রেখে লড়ার মানসিকতা। অথচ গায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয় মশাই মনে করেন একটু মেরে খেললেই নাকি ম্যাচটা ভারত জিততে পারত!
হনুমা বিহারী সিডনি টেস্টের শেষ দিন কী ব্যাটিংটাই না করলেন! নেমেই হ্যামস্ট্রিংয়ে চোট। নতুন নিয়মে রানার পাওয়া যায় না। প্যাভিলিয়নে ফিরলে হাড়ে চিড় ধরা অবস্থায় জাদেজাকে ব্যাট হাতে নামতে হবে। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে তাই ধীরস্থির ব্যাটিং করে ভারতকে বাঁচিয়েছেন নিশ্চত পরাজয় থেকে। এই জুটি ২৫৯ বল মোকাবিলা করে দাঁতে দাঁত চেপে। তিনি অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে হতাশ করেছেন তাঁদের ঠান্ডা মাথায় , মন বসিয়ে ব্যাটিং করে । বিহারী নিজে মাত্র ২৩ রান করেছেন ১৬১ বল খেলে। অশ্বিনও ১২৮ বল খেলে করেছেন ৩৯ রান। পরিস্থিতির চাহিদা অনুযায়ীই ছিল এ জুটির ব্যাটিং, যে ব্যাটিংকে রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছে গোটা ক্রিকেট দুনিয়া।
কিন্তু সংগীতশিল্পী ও ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়রই এমন ব্যাটিং ভালো লাগেনি। না লাগতেই পারে। উনি কি ভোররাত খেলাটা সাত ঘন্টা ধরে দেখছিলেন? হলফ করে বলতে পারি-নাহ, দেখেননি। বিশেষ করে হনুমা বিহারীকে নিয়ে তিনি খুবই বিরক্ত। ভারতের এই তরুণ ব্যাটসম্যান যখন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়ে যাচ্ছেন দলকে হার থেকে বাঁচাতে, ঠিক তখনই বাবুল একটা টুইট করে নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন। টেস্ট ক্রিকেটের এবিসিডি না বুঝে ভারতীয় সংগীতশিল্পী ও কেন্দ্রীয় মন্ত্রীর এমন টুইট জন্ম দিয়েছে ব্যাপক হাস্যরসের। নেট দুনিয়ার ট্রোল হয়েছেন। তাঁকে অনেকেই পরামর্শই দিয়েছেন খেলা না বুঝে এমন ফালতু মন্তব্য না করতে। এ কোন বাবুল? কেন্দ্রীয় মন্ত্রীমশাই। হীরক রাজার দেশের এক ষড়যন্ত্রী মশাই।
বিহারী তখন ১০৯ বলে ৭ রান করে অপরাজিত। ঠিক সেই সময় বাবুলের টুইট, " ৭ রান করতে ১০৯ বল! একে নির্মমতা বললেও কম বলা হয়। হনুমা বিহারী কেবল ভারতের ঐতিহাসিক এক জয়ের সুযোগই নষ্ট করছে না, সে ক্রিকেটকেও খুন করছে। জেতার পথে না হাঁটা, সেটা যতই সংকীর্ণ হোক না কেন, একধরনের অপরাধ।" তিনি অবশ্য টুইটের শেষে যোগ করেন, ‘আমি জানি, আমি ক্রিকেটটা কম বুঝি।’
বাবুলের বিচারে বিহারী খুনী। বা খুনের অপরাধী।
বাবুলের এ টুইট দেখে অনেকেই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, " ক্রিকেট নিয়ে আপনাকে মন্তব্য করতে হবে না। গানবাজনা আর রাজনীতি নিয়েই থাকুন।" কেন্দ্রীয় মন্ত্রী মশাই কেমন লাগলো পাবলিক প্ল্যাটফর্মে এমন জবাব শুনতে?
তাঁর বুদ্ধিমত্তার সংকীর্ণতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। একজনের মন্তব্য, " টুইটার অ্যাকাউন্টে নামের পাশে ওই নীল ছাপলেই তাঁর বুদ্ধিবৃত্তি নিয়ে নিশ্চিন্ত হওয়া উচিত নয়।’
তীব্র ট্রল আর সমালোচনার মুখে বাবুল অবশ্য কিছুক্ষণ পর আরও একটা টুইট করেছেন। তবে তিনি তাতে জানিয়েছেন, আগের টুইটের বক্তব্য থেকে তিনি সরে আসবেন না, " যদি হনুমা একটু উদ্যোগী হতো, কেবল দাঁড়িয়ে না থেকে খারাপ বলগুলোয় মারত, তাহলে ভারত একটা ঐতিহাসিক জয় পেলেও পেতে পারত। ঋষভ পন্ত যা করেছে, সেটা কেউই প্রত্যাশা করেনি। আমি আবারও বলছি, সেট ব্যাটসম্যান হিসেবে হনুমা বাজে বলগুলো মারতে পারত।’ বাবুল হ্যামস্ট্রিরের চোট কি ধরনের জানেন? পারলে আপনার প্রিয় বাবলুদার ( ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ) থেকে জেনে নেবেন। এতক্ষণে জেনেছেন নিশ্চয়, ওভাবে চোট নিয়ে প্রায় ৪৪ ওভার ব্যাট করে শেষ টেস্টটি খেলার সুযোগ হারিয়েছেন।
ভারতীয় মন্ত্রী মশাই যা-ই বলুন না কেন, হনুমা বিহারীর ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকারসহ অনেকেই। ভারত একজন দুর্দান্ত টেস্ট ক্রিকেটার পেয়ে গেল—এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। কিন্তু বাবুল সুপ্রিয় স্রোতের বিপরীতে গিয়েই শুধু নয়, ক্রিকেটীয় ব্যাপার-স্যাপারগুলোকে কেন বুড়ো আঙুল দেখিয়ে এমন মন্তব্য করে ফাঁসলেন, সেটা একটা বড় প্রশ্ন।
আরও একবার প্রমান করলেন সস্তা বাজার গরম করা এখন তাঁর পেশা - নেশা হয়। বাবুলের কথার গুরুত্ব কমছে এই বাজারে- বুঝবেন কবে? যে দলেই থাকুন, বাবুল ভুলে যাবেন আপনি বাংলার গর্ব-গায়ক বলে। জন নায়ক বলে নয়।
ছবিঃ সৌ-টুইটার, ফেসবুক।




সমস্যা হল, কোনও কিছু করলেই রাজনীতি বোদ্ধা হওয়া যায় না। কিন্তু রাজনীতি করলে সবকিছুর বিশারদ হওয়া যায়। সচিনকে একবার ভাল ঠাকরে হুমকি দিয়েছিলেন, ক্রিকেটটাই খেলুন। রাজনীতি নিয়ে কথা বলবেন না। সেদিন এনডিএ জোটে শিবসেনার ছিল। প্রমোদ মহাজন অরুণ জেটলিরা কিন্তু প্রতিবাদ করেননি। এটাই এঁদের চরিত্র। বয়কট, গাভাস্কার বা পরবর্তীতে রবি শাস্ত্রী আর মনোজ প্রভাকরের সেই ইনিংস দেখেনি। কারণ তখন ও রাজনীতি করবে কিনা ভাবছিল।
ReplyDeleteদেরিতে দেখে লিখছি। সরি। তোর অনেক কিছু মনে থাকে। আমার মনে পড়ে না। মনে করালে পড়ে। ধন্যবাদ।
Delete