দীপঙ্কর গুহঃ
যে খবরটা দারুণ স্বস্তি দিল তা হল, নিজের বুকে তিন নম্বর স্টেন্ট বসানোটি নিজের চোখে মনিটারে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়্যাল বেঙ্গল টাইগার।
এখন ঠিক দিনক্ষণ মনে নেই, ইডেনে কোনও একটা টেস্ট ম্যাচ ছিল। তাঁর এই প্রিয় মাঠে তখনও সেঞ্চুরি নেই। সৌরভ নিজেই বরাবর নিজের মোটিভেশনের পন্থা খুঁজে নিতেন। বহুদিন সেভাবে এখন আর যোগাযোগ নেই। এখনও এটা বহাল আছে ধরেই নিচ্ছি। সেবার নিজের সঙ্গে একটি ইংলিশ বই নিয়ে ঘুরছিলেন। রয়্যাল বেঙ্গল টাইগারের সম্পর্কে বই। মলাটে ডাক ছাড়ছে এমন এক বাঘ মশাইয়ের ছবি ছিল। পেপার ব্যাক বই নয়-সেটা মনে আছে । বইটা দেখে অবাক হয়েছিলাম। সৌরভ কাগজ পড়তে যতো ভালোবাসেন, ঠিক ততোটাই অপছন্দ করেন বই পড়তে। আর তাঁরই সঙ্গে বই! - অবাক হওয়ারই কথা। হয়েওছিলাম অবাক।
এটা কেন? - প্রশ্ন করতে তখন মুখে সৌরভোজিত চাপা হাসি। আর মলাটটিকে দেখে বলেছিলেন, " ছবিটায় মেজাজটা দেখো বাঘবাবুর"। তখন বর্তমান কাগজের হয়ে কাজ করতাম। এটা নিয়েই স্টোরি লিখেছিলাম। আজকের মতো তখন মোবাইলের চল ছিল না। তাই বইটির ছবি ছাপা হয়নি সেই প্রতিবেদনের সঙ্গে । আমাদের সম্পাদক বরুণ সেনগুপ্ত রাতে পাতায় কী কী স্টারি যাবে ঠিক করতেন। "ডামি"হত। সেদিন এই স্টোরিটা প্রথম পাতায় উনি দিতে বলেছিলেন।
কিন্তু সেই ম্যাচে সৌরভ সেঞ্চুরি পাননি। কিন্তু সিরিজে সেঞ্চুরি করেছিলেন। ওই বইটির কভার ছবি, নাকি বনের রাজার জীবন যাত্রা-কোনটা সৌরভের মধ্যে আগুন জ্বালিয়েছিল, জানা হয়নি। জানার চেষ্টাও করিনি। এগুলো বড়ই একান্ত আপন।
সেই "বাংলার বাঘ " ( মহারাজ) আজ ক্ষত ( হৃদযন্ত্রের সমস্যা) সারিয়ে নিজেকে ফিরে পাচ্ছেন তা জেনে আর বুঝে- খুব খুশি হচ্ছি। কিন্তু সৌরভ আমাদের দলে চলে এলেন। কোলেস্ট্রলের ওষুধ, সঙ্গে আরও কিছু ওষুধের লিস্ট থাকবে হয়তো এরপর। আমরা অনেকেই যেমন ৪৫-৫০ টপকে নানান "না" তালিকায় অভ্যস্ত হয়েছি, সৌরভকে হয়তো হতে হবে। মশলাদার খাবারে রাশ টানতে হবে হয়তো। বিরিয়ানি? -চলবে না, এটা সৌরভের নামের সঙ্গে বেমানান। কিন্তু দার্জিলিং চা টা চলবে। দুধ মিশিয়ে হয়তো হবে না, লিকার হবে। তা হোক। একমাসে দুবার যে ধাক্কা সামলালেন -তাতে তিনি নিজেই সাবধানে থাকতে চাইবেন।
এরপর? সৌরভকে কাজের চাপ কমাতে হবে আপাতত। ডাক্তাররা নিশ্চতভাবে সেই পরামর্শ দেবেন। নিয়মিত হেলথ্ চেক আপে থাকতে হবে। সূঁচ ফোটানোর ভয় নিশ্চিত এই ক'দিনে কেটে গেছে এবার। আর স্ত্রী-মেয়ে- মা'র কথা শুনতে হবে একটু বেশি।
এসব ক্ষেত্রে চিকিৎসকরা পেসেন্ট আর পেসেন্ট পার্টিকে বলেই দেন যতোটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকতে হবে। আশেপাশের সকলকেও । সানার উচিত মায়ের চেকআপটা করিয়ে লন্ডনে আবার পড়ার জন্য যাওয়া। এখন যদিও করোনার নয়া স্ট্রেনে ইংল্যান্ড মার্চ পর্যন্ত লকডাউনে থাকবে বলে খবর পাচ্ছি। ওখানে থাকা আত্মীয় -বন্ধুরা তাই জানাচ্ছে।
কিন্তু সৌরভের জন্য ভাবনা হানা দেয়। কাজ ছাড়া থাকতে পারবেন না। ক্রিকেট অন্ত প্রাণ। ভারতীয় বোর্ডের সভাপতি। ছ'মাস থাকার কথা ছিল-লোধা কমিটির সংস্কার মতে। কিন্তু বোর্ড মনে করে মহারাজকে সামনে চাই। আদালতের কাছে বোর্ড দরবার করছে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটি হয়। সেই কমিটির দেখানো পথে এখন বিসিসিআই চলছে। সৌরভের নেতৃত্বে করোনার মাঝে আরবে আইপিএল শেষ করে বোর্ড বিরাট আর্থিক ক্ষতি সামাল দিয়েছে। ঘরোয়া ক্রিকেট চালু হয়েছে। রনজি ট্রফি শুরু করার চেষ্টা চলছে। চেন্নাই-আমেদাবাদে ভারত-ইংল্যান্ডের লম্বা সিরিজ শুরু হতে চলেছে। প্রথমবার স্টেন্ট বসিয়ে বাড়ি ফিরে সৌরভ ওয়েবের সাহায্যে বোর্ডের দুটি লম্বা মিটিংও সারেন। ক্রিকেটারের দৃষ্টিভঙ্গিতে সঠিক রাস্তা দেখিয়ে চলেছেন। শুনেছিলাম ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের আবেদন শোনা হবে। সেই দিনক্ষণ এখন পিছনে চলে গেছে। না হয় সৌরভ তিনবছরের কুলিং পিরিয়ডে থাকবেন। এই সময়টা আবার ক্রিকেট কমেন্ট্রি করুন। তা থেকে ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করবেন না-প্লিজ। তিনবছর দেখতে দেখতে কেটে যাবে। আবার বোর্ড সভাপতি হয়ে ফিরবেন। তখন কোনও রাজনীতির কুশিলবকে দরকার হবে না। দেশ চায়। আর নিয়মই তো এখন রাজনীতিতে থাকা মানুষদের বোর্ডে থাকতে দিচ্ছে না। এটাই তো চাই। এমনকি আইসিসি'র চেয়ারম্যান। বাঙালি স্বপ্নবিলাসী। আপনি দেখিয়েছে, স্বপ্নকে বাস্তব কী করে করতে হয়।
আসলে সৌরভ দেশের সেবা করতে ভালোবাসেন। এত বড় মাপের ক্রিকেটার...ক্রিকেটে থেকেই তা ওঁকে করতে দেওয়া ভালো। আসলে আজকাল সবেতেই রাজনীতি। ক্রিকেটে আর ক্রিকেট বোর্ডেও তা ছিল। থাকবেও। কিন্তু ক্রিকেটের তারকাদের "ঘুঁটি" বানিয়ে রাজনীতি না করাই ভালো। মানছি, সৌরভের বোর্ড সভাপতির হওয়ার পিছনে এক " টুইস্ট" ছিল। ছিল। থাকতেই পারে। সৌরভই চেয়ে ছিলেন হয়তো। সেই তাগিদটা তো ভারতীয় ক্রিকেটের জন্য ছিল। সৌরভের এই পদে বসার জন্য যাঁরা নেপথ্যে ছিলেন-তাঁরা বরঞ্চ দেশের কথা অন্যভাবে ভাবুন প্লিজ। "ব্ল্যাকমেল"টা নাই বা করা হল।
আজকে যখন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে দেশে ফেরে-কাদের মাথা উঁচু হয়? ভারতীয়দের।ভারতবাসীর। টুইটারে লড়াই চলে এইসব রাজনৈতিক কুশিলবদের। দেশপ্রেম দেখাতে হয় তো। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা সকলের মাথা উঁচু করেন খেলোয়াররা। এই জায়গাতে সৌরভের মতোই কাউকে চাই। বিচক্ষণ-সফল অধিনায়ককে। এই অধিনায়ক মাঠের। সবুজ মাঠের। কোন মঞ্চের নয়। কোনো মেলার নন। কোনো একটি গোষ্ঠীর নন। সকলের।
এবার সোজা কথাটা সোজা ভাবে সৌরভকেই বলি। আপনার সুস্থ থাকাটা জরুরি। নিজের পরিবারের জন্য। দেশের ক্রিকেট পরিবারের জন্য। আপনি চাপের কাছে আগে কখনও নতিস্বীকার করেছেন? তাহলে এখন কেন করতে হবে? আপনি সৌরভ--দেশের গৌরব। আগে দেশ। পরে বাংলা। এই রাজনীতি আপনার জন্য নয়। আপনাকে মানাবে না। আপনি পারবেন কোনও রাজনৈতিক বক্তব্য রাখতে? ভেবে দেখেছি এটা। মানতে পারছি না। এইসব রাজনৈতিক মঞ্চ মানেই তো, অকথা-কুকথা। তারচেয়ে আপনি রাজ্যসভার সবদলের সম্মতিতে যান। দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হোন। কিন্তু কোন রংয়ের জামা শরীরে না চাপিয়ে এটা হওয়া উচিত। জানি, এটা অবাস্তব ভাবনা। অন্তত আজকের ভারতে।
ওই তো প্রথমবার আপনি অসুস্থ হয়ে পড়লেন। উত্তরপ্রদেশের এখনকার উপ-মুখ্যমন্ত্রী আপনাকে দেখে গেলেন। দ্রুত সুস্থ হতে শুভেচ্ছা জানিয়ে গেলেন। কিন্তু প্রচারমাধ্যমের সামনে তিনি যা করে গিয়েছিলেন তা কাম্য ছিল কি? ট্রেডমার্ক ধ্বনিতে হাসপাতাল চত্বর কাঁপিয়ে বলে গেলেন, " দাদা সুস্থ হোক। বাকি কথা তখন হবে।"
কী সেই বাকি কথা? কিসের কথা? কে বলবে? আর সৌরভকে কী বলতে হবে?
সকলে সব বোঝেন। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমনই কিছু " খেলা"তে মেতেছিলেন কি কেউ? ভুলে গেলে চলবে না "নেতা"ধোনি দেশকে দুটি বিশ্বকাপ দিয়েছেন। দিয়েছেন আরও অনেক জয়। তারজন্য মাঠে তাঁকে বিদায় কুর্নিশ কি জানানো যায়না? নাকি তিনিও কোনও অজানা কারণে শাস্তি ভোগ করছেন। কোনো মানসিক যন্ত্রনাতে কি তিনিও ভুগছেন এখনও?
খোঁজ নিলে অনেককিছু জানা যায়। কাদা ঘাঁটতে কার ভালো লাগে। হাত -পা নোংরা হয়। প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়।
এ রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দুই মহা দলে নানান মানুষ জনকে যোগদান করানো হচ্ছে। আগে হলে লিখতাম - যোগ দিলেন। এখন যোগদান করানোটা দেখানো হয়। আচ্ছা, মানুষ কি এতোই বোকা? কিছুই বোঝে না?
সব বোঝে জনতা। ভোটের ইভিএম বলুন আর সিল মেরে ভোট বলুন---জনতাই জনার্দন। কতো ছাপ্পা আর কৌশলে ভোট লুঠ হবে? তবুও জনতার জয়ই বাঁধা। তাহলে এই জনতার দরবারে যান এই রাজনীতির বেওসায়ীরা। আগাম জানতে চান- ক্রিকেটার সৌরভ চান, নাকি মিনিস্টার সৌরভ চান? গোপন ব্যালটের দরকার হবে না। জনতার দরবারে আওয়াজ উঠবে - ক্রিকেটার সৌরভকে চাই।
সৌরভ কি চান?- উনি কোনও দিন বলেছেন কি ( অন্য অনেকের মতো পোষাক বদলে) - " আমি বাংলার মানুষের জন্য কিছু করতে চাই। যুব সম্প্রদায়ের জন্য কাজ করতে চাই। চাকরির জন্য দরবার করতে রাজনীতির মঞ্চ চাই"। কোথাও বলেননি। কারণ সৌরভ-সচিন-রাহুল-ধোনিরা জানের ওঁদের ক্রিকেট মাঠের উপস্থিতিই কচিকাঁচা কিশোর যুবদের অন্য ধরনের অনুপ্রেরণা দেয়। আজ ক্রিকেটার গৌতম গম্ভীর দেশের নির্বাচন লড়ে সাংসদ। ক'জন তাঁর মুখে রাজনীতির কথা শুনতে চান? বরঞ্চ ওঁর ক্রিকেট নিয়ে বিশ্লেষণ অনেকে আগ্রহ নিয়ে শোনে। যারা শোনে সকলে একটি বিশেষ রাজনৈতিক দলের নন। কেন্দ্রে আরও একজন মন্ত্রী আছেন যিনি দেশকে ওলিম্পিক মেডেল এনে দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক পরিচিতি আজও ফিকে। এতো দূরে নয়, বাংলাতেই দেখুন। লক্ষ্মীরতন শুক্লা। নিজের ইচ্ছাতেই রাজনীতিতে এসেছিলেন। এক মন্ত্রীর সহকারি মন্ত্রী হয়েছিলেন। বাংলাকে খেলার মাঠে যা যা দিয়েছিলেন, তার কতো অংশ রাজনৈতিক নেতা হয়ে দিতে পেরেছেন? পারেননি বলেই, মন্ত্রীত্ব ছেড়েছেন। দল এখনও ছাড়েননি। মাননীয়া দলের নেত্রীকে বলেছেন, তিনি ক্রিকেট মাঠে ফিরতে চান। খাঁচায় বন্দি হয়ে থাকা মনকে গুরুত্ব দিয়েছেন মমতা। মুক্তি দিয়েছেন। লক্ষ্মী কিন্তু হাওড়া ব্রিগেডের সঙ্গে বিশেষ বিমান চেপে আপাতত দিল্লি যাননি। এইখানেই মমতার মুন্সিয়ানা। ইচ্ছুকদের টেনেছেন, অনিচ্ছুক বুঝেই আর জোর করেননি।
সৌরভকে দেখে তো বোঝাই যায়-রাজনীতিতে তিনি অনিচ্ছুক। হ্যাঁ, মুখ ফুটে বলতে পারেননি এখনও। চলুন আমরা সকলে মিলে বলি : উই ওয়ান্ট স্ট্রেস ফ্রি সৌরভ। হোক কলরব। চলুক হ্যাশট্যাগ প্রচার। #wewantstressfreeSOURAV








#wewantstressfreeSOURAV
ReplyDeleteWe have to push this # campaign too hard....plz share this...
DeleteWe also want to see Sourav as a Cricket Administrator not a Politician.
ReplyDeleteNoted....🙋♂️📢🏏🇮🇳
Delete